
আকাশের আড়ালে আকাশ
সমরেশ মজুমদার
মাঠঘাট পেরিয়ে ছুটতে-ছুটতে ট্রেনটা বিকেল শেষ করে দিল। জানালায় বসে রোদ মরে যেতে দেখেছিল সে, ছায়া গাঢ় হতে-হতে ঘোলা পৃথিবী। ছুটন্ত ট্রেন থেকে অনীক সূর্য-হারানো পৃথিবীর শরীর চুঁইয়ে বেরনো অন্ধকারকে অনুভব করতে পারল এক সময়। পর-পর এইসব পরিবর্তন দেখতে-দেখতে অদ্ভুত বিষণ্ণ আরামে আক্রান্ত হয়ে গেল সে। অনীক জানালায় মাথা রেখে চাঁদ উঠতে দেখল।
আর তখনই পৃথিবীটা অন্যরকম হয়ে গেল। গাছগাছালি, মাঠ আর অপূর্ব নীল আকাশকে স্নান করাতে সোনার থালার মতো চাঁদ পৃথিবীর সামান্য ওপরে গুঁড়ি মেরে উঠে এসেছে। একদম নিটোল নারীর মতো চাঁদ। এই মুহূর্তে নিজের শরীরের আলোয় সে আলোকিত। এমন উদাসীনা নারীর খবর একমাত্র শুক্লপক্ষই দিতে পারে। ক্রমশ সেই তিরতিরে জ্যোৎস্নায়ভেজা অলৌকিক প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে-থাকতে একটা তীব্র আকর্ষণ অনীকের বুকে পৌঁছে গেল। এমন এক মায়াময় ভুবন পৃথিবীতে তার জন্যে অপেক্ষা করছে অথচ সে ট্রেনের কামরায় নেহাতই প্রয়োজনের তাগিদে বসে–এ হতে পারে না। মানুষ শত চেষ্টা করলেও এক জীবনের বেশি বাঁচতে পারে না। যা কিছু প্রয়োজন তা যত জরুরিই হোক, সেই জীবন শেষ হওয়ার সঙ্গে-সঙ্গেই ফুরিয়ে যায়। অতএব নিয়ম ভাঙতে যে ক্ষতি তার জন্যে তোয়াক্কা করে কী লাভ। ট্রেনের গতি। কমতে-কমতে এক নাম-না-জানা স্টেশনে ক্ষণিকের জন্যে জিরোতেই অনীক নেমে পড়ল। প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম না বলে ইটবাঁধানো চত্বর বলাই সঙ্গত।
নামামাত্রই ট্রেনটা নড়ে উঠল। তারপর যেতে হয় তাই যাচ্ছি এমন ভঙ্গিতে আলোকিত কামরাগুলো একে-একে চোখের সামনে থেকে সরে গেল। আর কেউ কি নেমেছেন এই স্টেশনে। অথবা এখান থেকে ওই ট্রেনে কেউ কি চলে গেল? বোঝা গেল না এই মুহূর্তে, কারণ শূন্য রেললাইনের পাশে বাঁধানো চত্বর ফাঁকা। সন্ধের অন্ধকারের সঙ্গে জ্যোৎস্নার মিশেল এখানে তেমন জমেনি স্টেশনবাড়ির পিছনে গাছগাছালি থাকায়। অনীক এগিয়ে গেল। স্টেশন বলতে দু খানা ঘর। তার বারান্দায় দাঁড়িয়ে অবাক চোখে তাকে দেখছিল এক প্রৌঢ়। বললেন, তিনিই স্টেশনমাস্টার। দ্বিতীয় কর্মচারীটির শরীর খারাপ বলে আসেনি। এরপর আর কোনও ট্রেন এই স্টেশনে থামবে না। অতএব ঝাঁপি বন্ধ করে চলে যাবেন তিনি রেলের দেওয়া বাসায়।
ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, মহাশয়ের গন্তব্য কোথায়?
অনীক মাথা নাড়ল। তার কী অর্থ তা সে নিজেই জানে না। স্টেশনমাস্টার যেন অদ্ভুত কিছু দেখলেন। অনীক উলটে জিজ্ঞাসা করল, এখানে চায়ের দোকান আছে?
দোকান? খেপেছেন? কিনবে কে? আমার সংসারের যা কিছু দরকার তা সুরজগঞ্জ থেকে নিয়ে আসি। পাক্কা দশ মাইল। কিন্তু এখানে কি উদ্দেশ্যে আসা বুঝলাম না।
উদ্দেশ্যবিহীন। যেতে-যেতে ভালো লেগে গেল তাই নেমে পড়লাম। আপনি আপনার কাজ শেষ করে ঘরে ফিরে যান, আমি একটু চারপাশ ঘুরেফিরে দেখি।অনীক এগোতে চাইল।
স্টেশনমাস্টার পাশে এলেন, চারপাশে ঘুরবেন মানে? কিস্যু দেখার নেই এখানে। আমরা কি নিঃসঙ্গ, তা আপনি বুঝতে পারবেন না। স্টেশনের পাশে বাসা বলতে আমার দুটো ঘর, রামবিলাস থাকে এখানেই, এই অফিসঘরে। তারপর আর কোথাও মাথা গোঁজার ঠাঁই পাবেন না আপনি। এই রাতেরবেলায় মানুষজনের মুখ দেখতে পাবেন না!
আমি তো সেইরকম আশা করেই ট্রেন থেকে নেমেছি।
উন্মাদ-দর্শনের সুখ থেকে ভদ্রলোককে বঞ্চিত করে অনীক অফিসঘরের পাশ দিয়ে বাইরে বেরিয়ে এল। ডান হাতেই স্টেশনমাস্টারের দু-ঘরের বাসা। চারপাশে লম্বা-লম্বা গাছ থাকায়। ফালি-ফালি জ্যোৎস্না তার গায়ে নকশা এঁকেছে। এত চুপচাপ চারধার যে দু-কান পরিষ্কার হয়ে যায়। অনীক দেখল একটানা বাঁধানো পথ চলে গেছে মাঠের মধ্যে দিয়ে। ওই পথেই তাকে যেতে হবে। স্টেশনমাস্টারের বাসায়হ্যারিকেনের আলো জ্বলছে। এই সময় হলুদ শাড়িপরা একজনকে বারান্দায় বেরিয়ে আসতে দেখল সে। মুখচোখ দেখা যাচ্ছে না দূরত্বের কারণে যতটা তার চেয়ে ছায়ায় দাঁড়িয়ে থাকার জন্যে।
চায়ের দোকানের খবর নিচ্ছিলেন, এক কাপ চা না হয় আমার এখানেই খেয়ে যান। কথা বলার লোক তো এসময় পাই না, একটু গপ্পো করা যাবে। কথা শেষ করেই সম্মতির অপেক্ষা না করে হাঁকলেন, ওগো, এই ভদ্রলোককে চা খাওয়াতে হবে।
বারান্দা থেকে প্রশ্ন ভেসে এল, কেন?
একটাই শব্দ কিন্তু অদ্ভুত উচ্চারণে কীরকম অর্থবহ হয়ে উঠল। অনীক কৌতূহলে মহিলাকে দেখতে চাইল। এইরকম একটা প্রশ্ন শুনতে পাবে তা কল্পনায় ছিল না। স্টেশনমাস্টার যে বেশ বিব্রত তা তাঁর গলার স্বরে স্পষ্ট, না, মানে এখানে তো কোনও চায়ের দোকান নেই।
এখানে তো কোনওকিছুই নেই। চটজলদি কথাগুলো ভেসে এল।
তুমি অমন করে বলছ কেন? ভদ্রলোক আমাদের এই জায়গা দেখতে ট্রেন থেকে নেমে এসেছেন। এখানে থাকার জায়গা নেই। চায়ের কথা বলছিলেন—তাই–
আমাদের জায়গা মানে? তুমি এখানে থাকতে চাও না, আমি চাই, আমার জায়গা।
বেশ, তাই হল। আসুন ভাই। স্টেশনমাস্টার এগিয়ে গেলেন।
এতক্ষণ অনীক ঠিক করেছিল সে এখানে চা খাবে না। হয়তো স্টেশনমাস্টার প্রায়ই লোক ধরে আনেন চা খাওয়াবার জন্যে আর সেই কারণে ভদ্রমহিলা বিরক্ত। অতএব একজন উটকো মানুষকে তিনি চা না খাওয়াতেই পারেন। কিন্তু ওই যে কথাটা, আমার জায়গা, অনীককে আকর্ষণ করল। একজন প্রৌঢ় স্টেশনমাস্টারের স্ত্রী ওই জ্যোৎস্নাক্রান্ত চরাচরকে নিজের জায়গা বলে মনে। করছে শোনার পর তাকে কাছে গিয়ে দেখার লোভ হল ওর।
মহিলা একই ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। অনীক কাছাকাছি হতেই বুঝল তিনি সুশ্রী আর বয়স কখনওই পঁচিশের বেশি নয়। অসমসাহসী স্বামী-স্ত্রী সে অনেক দেখেছে কিন্তু এদের স্বামী-স্ত্রী বলে ভাবতে ইচ্ছে করছিল না এই মুহূর্তে। মহিলার গৌরবর্ণের সঙ্গে হলুদ শাড়ি চমক্কার সঙ্গত করছে। প্রায় মুখোমুখি দাঁড়িয়ে ভদ্রমহিলা বললেন, এখানে চায়ের দোকান নেই বলে উনি। আপনাকে চা খেতে ডেকেছেন। আপনার আর যা-যা প্রয়োজন তা এখানে মেটানোর ব্যবস্থা নেই। বলে উনি কী আমাকে তার আয়োজন করতে বলবেন?
স্টেশনমাস্টার চাপাগলায় বলে উঠলেন, ছি: রাণু, এসব কী বলছ?
অনীক মাথা নাড়ল, আপনাকে চা করতে হবে না।
কেন হবে না?
আপনার ইচ্ছে নেই বলে।
বাঃ, আপনি খুব ভালো। ভালো লোককে চা খাওয়াতে আমার আপত্তি নেই। বসুন।
রাণু নামের মহিলা পাখির মতো পা ফেলে ভেতরে চলে গেলেন।
স্টেশনমাস্টার হাসলেন, যাক, নরম হয়েছে। এমন সব বেখাপ্পা প্রশ্ন করে যে–।
ওঁর কথা শেষ হল না, রাণু ফিরে এলেন, আপনি মতলববাজও হতে পারেন।
কি বলছ তুমি? স্টেশনমাস্টার প্রতিবাদ করলেন।
থামো! কতক্ষণ চেনো তুমি ওঁকে? এই যে আমার ইচ্ছে নেই বলে চা করতে নিষেধ করলেন, এটাও তো প্ল্যান করে বলতে পারেন। ওটা বললে আমি গলে গিয়ে চা বানিয়ে আনব। রাণু যেন শিউরে উঠলেন, ঠিক ওই ভুলটাই করতে যাচ্ছিলাম।
আপনাকে একটুও বিব্রত হতে হবে না। আমার চায়ের দরকার নেই। আচ্ছা, আসি।
অনীক চলে যাওয়ার জন্যে ফিরতেই রাণু এগিয়ে এলেন, দাঁড়ান। আমি বিব্রত হচ্ছি কে আপনাকে বলল? আমি বলেছি আপনাকে?
না, আপনার কথা শুনে মনে হল।
বাঃ। আপনার দেখছি অন্য কোনও বোধ বেশ কাজ করে। চমৎকার।
অনীক চমকে উঠল। এই লাইনটি যে মেয়ে ওইভাবে উচ্চারণ করতে পারে সে নিপাট সাধারণ নয়। এখন চাঁদের তেজ বাড়ছে। রাণুর মুখচোখ অনেকটা স্পষ্ট।
ওঁর গলা বেশ লম্বা, কাঁধ চওড়া। বাঙালি মেয়েদের তুলনায় যথেষ্ট দীর্ঘ। প্রচলিত সুন্দরী নয় কিন্তু ভালো লাগা তৈরি হয় কিছুক্ষণ থাকলেই।
যাকগে! আপনি এখানে এসেছেন কেন?
প্ল্যান করে আসিনি। ট্রেনের জানালা থেকে জায়গাটা দেখে ভালো লেগে গেল।
লাগবেই। এটা আমার জায়গা। কিন্তু আপনি নিশ্চয়ই ওই ভৈরবীর কথা শুনেছেন?
ভৈরবী। কে?
অভিনয় করছেন না তো?
বিশ্বাস করুন। আমি জ্যোৎস্নায় ডোবা গাছগাছালি আর নির্জনতা দেখে নেমে পড়েছি।
তাহলে ভালো। আপনি গাছ চেনেন?
কিছু-কিছু?
আপনার সঙ্গে আমার এর আগে দেখা হয়েছিল। রাণু এক পা এগিয়ে এলেন।
আমার সঙ্গে? অনীক এবার বিব্রত। এমন কথা-বলা-মহিলাকে সে কোথাও দেখেছে কিনা মনে। করতে পারছে না। অথচ ভদ্রমহিলা তাঁর স্বামীর সামনেই স্বাভাবিক গলায় ঘোষণা করলেন, দেখা হয়েছিল। স্টেশনমাস্টার সমাধানের চেষ্টায় বললেন, উনি কোথায় থাকেন জানলে তুমি বুঝতে পারবে সেখানে কখনও গিয়েছিলে কিনা।
আমি আগে গিয়েছিলাম কিনা, তা উনি কী করে জানবেন? সেটা আমি বলতে পারি। হ্যাঁ, এখন মনে হচ্ছে, আপনাকে আমি এর আগে দেখেছি। বসুন। রাণু চলে গেলেন ভেতরে। স্টেশনমাস্টার বারান্দাতেই বসার ব্যবস্থা করলেন।
অনীক খুব ফাঁপরে পড়েছিল। ভদ্রমহিলাকে সে কিছুতেই মনে করতে পারছেনা। মানুষের শরীর সময়ের সঙ্গে-সঙ্গে বদলায়। কিন্তু কতটা পরিবর্তন হলে এত অচেনা মনে হবে?
বেশ চকমকে জ্যোৎস্না, কি বলেন? কাঁধের ঝোলা নামিয়ে রাখল অনীক।
আমি জানি। ভদ্রলোক নিচুগলায় বললেন।
জানেন?
বুঝতেই পারছেন, কথাবার্তায় একটু আসলে নির্জনে একা থাকতে-থাকতে–।
স্টেশনমাস্টার কোনও কথাই পুরোটা বলেন না।
আপনি কী অ্যাবনর্মালিটির কথা বলছেন?
ঠিক তা নয়, আবার অনেকটাই।
তাহলে তো ডাক্তার দেখানো উচিত।
কোথায় যাব? ছুটি চাইলে পাওয়া যায় না যে, শহরে গিয়ে দেখাব। আবার দিনেরবেলায় ও খুব নৰ্মাল। কথাবার্তা কম বলে কিন্তু কোনও ক্রটি পাবেন না।
বিয়ের পর থেকেই এইরকম?
এইরকম মানে এমন সব প্রশ্ন করে যা সাধারণ মানুষ করে না। এই তো, গতকাল আমাকে বলল ওর সঙ্গে যেন রাত্রে কথা না বলি কারণ গাছেরা ওর সঙ্গে আলাপ করবে সারারাত ধরে, আর। আমাকে নাকি ঠাকুরদা বলে মনে হচ্ছে ওর। বলেই সামান্য হাসলেন ভদ্রলোক, বয়সের ব্যবধান তো আছেই। লেট ম্যারেজ। গরিবঘরের মেয়ে বলে ওকে স্ত্রী হিসেবে পেয়েছি। নইলে কত ভালো বিয়ে হত ওর।
বিয়ে কতদিন হয়েছে?
বছর সাতেক। একেবারেই বালিকা ছিল। মামারা রাজি হয়ে গেল। বাপ-মা নেই।
সন্তান?
নো। আর এখন তো নো চান্স! অদ্ভুত উদাস গলায় বললেন স্টেশনমাস্টার।
নিন। খেয়ে দেখুন। একেবারে গ্রাম্য চা। এক কাপ চা হাতে রাণু ফিরে এলেন। কাপটা এগিয়ে ধরলেন অনীকের সামনে।
এর দরকার ছিল না।
সেটা আমি বুঝব। নেবেন না ফেলে দেব?
অগত্যা নিতে হল অনীককে। স্টেশনমাস্টারের দিকে তাকিয়ে বলল, আপনি?
স্টেশনমাস্টার হাতজোড় করলেন, না-না। আমি চা পান করি না।
অনীক তাকাল। পৃথিবীতে এখনও কিছু মানুষ আছেন যাঁরা চা, কফি, পান, ধূমপান, অথবা মদ্যপান করেন না। ডাল-ভাত-তরকারি খেয়ে বেশ বেঁচে যান যে কদিন পারেন। কোনওকিছু হারাচ্ছেন বলে তাঁদের ধারণাও নেই। স্টেশনমাস্টারের মুখে তেমন সারল্য আছে।
চা শেষ করতে হল তাড়াতাড়ি। ওঁরা চুপচাপ দেখছিলেন যেন পতাকা উত্তোলন করা হচ্ছে। কাপ ফিরিয়ে দিয়ে অনীক বলল, অনেক ধন্যবাদ। এবার আমি চলি।
শব্দ করে হেসে উঠলেন রাণু, কোথায়?
একটু ঘুরে বেড়াই।
দাঁড়ান, আমরাও যাব। আপনি তো এখানকার কিছুই চেনেন না। নতুন জায়গায় কেউ চিনিয়ে না দিলে অনেক কিছু অজানা থেকে যায়। এক মিনিট। কাপ হাতে রাণু দ্রুত ভেতরে চলে গেলেন।
স্টেশনমাস্টার বললেন, হয়ে গেল।
তার