
মুরারিবাবুর টেবিলঘড়ি
সৈয়দ মুস্তাফা সিরাজ
ক্রিরিং ক্রিরিং....রিং.
মুরারিবাবু তড়াক করে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে। তারপর আলো জ্বেলে দিলেন। ভোর চারটেয় অ্যালার্ম দিয়ে রেখেছিলেন টেবিলঘড়িতে। ঠিক ছটায় হাওড়া স্টেশনে ট্রেন। প্ল্যাটফর্ম নম্বরও মুখস্থ করে রেখেছেন। রাস্তার মোড়ে ট্যাক্সি পেতে অসুবিধে হবে না। সাড়ে পাঁচটায় বেরুলেই চলবে।
রাঁধুনি-কাম-ভৃত্য জটিলকে এবার ঘুম থেকে ওঠাতে হবে। অন্তত এককাপ চা না খেলে ঘুমের আড়ষ্টতা কাটবে না। তবে জটিলের ঘুমটা পাতলা। সমস্যা হবে ভাগ্নে বীরুকে নিয়ে। সে একটি কুম্ভকর্ণ। হাতের এই দেড়ঘণ্টা সময়ের আধঘণ্টা তাকে ঘুম থেকে ওঠানোর কাজে বরাদ্দ করে রেখেছেন মুরারিমোহন। জিনিসপত্র রাতে শুতে যাওয়ার আগে গোছানো হয়েছে। কাজেই ব্যস্ততার দরকার ছিল না।
কিন্তু মুরারিবাবুর স্বভাব হচ্ছে এই। সব ব্যাপারেই হিসেব করে চলেন, যাতে পরে পস্তাতে না হয়। তাই একটু ব্যস্তবাগীশ হয়ে পড়েন।
অ্যালার্ম থামতে-থামতে তার বাথরুমে ঢোকা হয়ে গেছে। প্রাতঃকৃত্য সেরে সোজা চলে গেলেন কিচেনের সামনেকার খোলা বারান্দায়। খাঁটিয়া পেতে জটিলেশ্বর ঘুমোচ্ছে। ঘড়র-ঘড়র নাক ডাকছে। মুরারিবাবু ডাকলেন,–জটে! জটিল রে। ওঠ, ওঠ।
জটিলের নাক ডাকা থামল। মুরারিবাবু ফের সস্নেহে ডাকলে সে চোখ বুজে থেকেই জড়ানো গলায় বলল,–দেরি আছে।
মুরারিবাবু বললেন,–দেরি নেই। চারটের অ্যালার্ম বেজে গেছে। উঠে পড় বাবা!
জটিল একইভাবে চোখ বুজে এবং পাশ ফিরে বলল,–দেরি আছে।
মুরারিবাবু রেগে গেলেন। তার গায়ে হাত রেখে একটু ঠেলে বললেন, কী দেরি আছে বলছিস! ওঠ, ওঠ। চায়ের জল চাপা। আমি বীরুকে ওঠাই।
জটিল শুধু বলল, ঠিক আছে।
তখন আশ্বস্ত হয়ে মুরারিবাবু পাশের ঘরে গিয়ে সুইচ টিপে আলো জ্বাললেন। বীরু বালিশে মুখ গুঁজে ঘুমোচ্ছ। এইবার আধঘণ্টা সময় তার পিছনে জোঁকের মতো লাগতে হবে। আজ তো না লেগেও উপায় নেই। যার ঘুম আটটার আগে ভাঙে না, তাকে ভোর চারটেয় ওঠানো সহজ নয়।
মুরারিবাবু ভাগ্নেকে প্রথমে গুতোগুতি, পরে ঠেলাঠেলি, শেষে তার কানে সুড়সুড়ি দিতে শুরু করলেন। তাতেও বীরুর কোনও অসুবিধে হচ্ছিল না। তখন মুরারিবাবু তার লম্বা চুল টানাটানি করতে থাকলেন। এবার বীরু বলল, কী করিস মাইরি! ভাল্লাগে না!
মুরারিবাবু হাসতে-হাসতে বললেন, আমি রে, আমি। ওঠ বাবা। ট্রেন ফেল হয়ে যাবো। উঠে পড়।
বীরুর আর সাড়া নেই।
তখন মুরারিবাবু বিরক্ত হয়ে ওর দুকাঁধ ধরে টেনে ওঠালেন এবং বিছানায় বসিয়ে দিলেন। চোখ বন্ধ আছে বীরুর। সে বসে এদিক-ওদিক টলতে থাকল। তারপর গড়িয়ে পড়ল ফের।
মুরারি ভাগ্নেকে আবার অমনি করে ওঠালেন। আবার বসে থেকে চোখ বুজে টলতে টলতে বীরু বিছানায় গড়াল।
আর সহ্য করতে পারলেন না মুরারিবাবু। মেঘের মতো গর্জে ডাকতে শুরু করলেন, বীরু, অ্যাই বীরে! অ্যাই হতচ্ছাড়া। অ্যাই পাজি! ওরে কুম্ভকর্ণ! ওরে ভূত!
কিন্তু কাঁহাতক ডাকা যায়! আর কী বলেই বা ডাকা যায়? ডাকাডাকির সঙ্গে ঠেলাঠেলি, গুঁতোগুতি, সুড়সুড়ি, কাতুকুতু সমানে চালিয়ে যাচ্ছেন। আধঘণ্টা সময় বরাদ্দ করা আছে। কাজেই মুরারিবাবু নিজের কর্মসূচিই রূপায়িত করছেন বলা যায়।
কতক্ষণ পরে শ্রীমান বীরুর সাড়া পাওয়া গেল। চোখ খুলে পাতা পিটপিট করে বলল,-কী হয়েছে?
–ওঠ। উঠে পড়। কখন চারটে বেজে গেছে। তোর দেখছি সবদিনই সমান ঘুম!
দিন না রাত? –বলে বীরু উঠে বসল। বিরক্তমুখে বলল ফের, আমি কি দিনে ঘুমোই?
মুরারিবাবু হাসতে-হাসতে কিচেনের অবস্থা দেখতে গেলেন। গিয়েই অবাক হলেন। জটিল তেমনি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে।
খাপ্পা হয়ে মুরারিবাবু তার কান ধরে গর্জালেন, জটে! তুলে ফেলে দেব রাস্তায়। হতচ্ছাড়াকে চায়ের জল চাপাতে বললাম। আর কিনাফের নাক ডাকাতে
শুরু করেছে? আই বাঁদর! ওঠ!
জটিল আগের মতো জড়ানোগলায় বলল,–দেরি আছে।
তখন মুরারিবাবুর রাগ চড়ে গেল মাথায়। ওর খাঁটিয়াটা খটাখট নাড়া দিয়ে এবং চ্যাঁচিমেচি করে হুলুস্থুল বাধিয়ে ফেললেন। ওপরতলায় এবং পাশের ফ্ল্যাটে নড়াচড়া ও কথাবার্তার শব্দ শোনা যাচ্ছিল।
একটু পরে ওপরতলার ব্যালকনিতে ঝুঁকে প্রতিবেশী হারাধনবাবু ডাকলেন, মুরারিয়া! ও মুরারি! হল কী? এত চ্যাঁচামেচি কীসের?
কলিং বেল বাজল। অগত্যা মুরারিবাবু গিয়ে দরজা খুললেন। দেখলেন ওপরতলার হারাধনবাবু, পাশের দুটো ফ্ল্যাটের গোবিন্দবাবু মানিকবাবু আর মানিকবাবুর স্ত্রী ঘুমভাঙাচোখে হাজির হয়েছেন। দরজা খুলতেই একসঙ্গে বলে উঠলেন, কী হয়েছে? এত হইচই হচ্ছে কেন?
এক কথায় মুরারিবাবু বললেন, রাঁচি যাব।
–রাঁচি। –হ্যারাধনবাবু খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। হাসবারই কথা।
রাঁচিতে পাগলাগারদ আছে। কাজেই রাঁচি যাওয়া মানেই পাগল হয়ে যাওয়া।
গোবিন্দবাবু বললেন,-রাতদুপুরে রাঁচি যাবে মানে? মাথার গোলমাল হল নাকি? সর্বনাশ! অ্যাদ্দিন বলেনি কেন? আমার পিসেমশায়ের ছেলের ছোট খুড় শ্বশুরের জামাই তার ভাগ্নের কাকা বড় ডাক্তার!
মুরারিবাবু বিরক্ত হয়েছেন প্রতিবেশীদের এমন অবাঞ্ছিত কৌতূহলে। বললেন, বড়দার মেয়ের বিয়ে। বুঝলে? তাই ছটার ট্রেনে রাঁচি যাব।
তাই বলো! হারাধন হাসতে-হাসতে বললেন, কিন্তু তার জন্যে এই রাতদুপরে এমন ভূমিকম্প সৃষ্টি করছ কেন ভায়া? সবে শুয়ে ঘুমোব-ঘুমোব করছি, আর তোমার এই ডাকাতপড়া হুলুস্থুল!
–কোনও মানে হয়? গোবিন্দবাবু বললেন। আমরা ভাবলুম, আবার একটা ভুতুড়ে আলমারি এনেছ বুঝি! রাতদুপুরে আবার গণ্ডগোল বাধিয়েছ। হয়তো আবার দেখব, ভিরমি খেয়ে পড়ে আছে। তাই দৌড়ে এলাম।
হ্যাঁ–একবার চীনে পাড়ার দোকান থেকে একটা আলমারি কিনে এনে সে এক হাঙ্গামা হয়েছিল বটে। কিন্তু এঁরা রাতদুপুর-রাতদুপুর করছেন, এতেই মুরারিবাবুর রাগ হয়েছে। বললেন,-রাতদুপুর মানে কী? প্রায় এক ঘণ্টা আগে চারটে বেজে গেছে। এখন প্রায় পাঁচটা বেজে এল!
পাঁচটা! হারাধনবাবু খুব সময়সচেতন মানুষ। সবসময় হাতে ঘড়িটি বাঁধা থাকে। বিদেশি সওদাগরি আপিসের কেরানি। সায়েবদের সংসর্গে থেকে ঘড়ির কাটা ধরে চলেন সব কিছুতে। হাতের ঘড়িটি দেখে নিয়ে বললেন, তোমার মাথা খারাপ? মোটে বারোটা পঁয়ত্রিশ বাজছে।
মুরারিবাবু বললেন–অসম্ভব! আমার টেবিলঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল কাঁটায়-কাঁটায় চারটেয়। অ্যালার্ম শুনেই তো ঘুম ভেঙেছে। তারপর ঘণ্টাটাক ওদের ডাকাডাকি করছি।
ইতিমধ্যে অন্যান্য ফ্ল্যাটের কর্তগিন্নিরাও এসে ভিড় জমিয়েছেন। ব্যাপার জেনে কেউ-কেউ বিরক্ত হয়ে চলে যাচ্ছেন। কেউ কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছেন। গজপতিবাবু একটু হেসে বললেন,–মুরারি, টেবিলঘড়ি কিনেছ বুঝি? হুঁ, বুঝেছি।
মুরারিবাবু বললেন, কী বুঝেছ শুনি?
ভায়া, টেবিলঘড়ির কথা আর বোলো না। বিশেষ করে অ্যালার্ম ঘড়িগুলো বড় গোলমেলে জিনিস, গজপতি বললেন,–অ্যালার্ম দেবে নটায়, বাজবে এগারোটায়। আজ অবধি একটাও অ্যালার্ম ঘড়ি দেখলাম না, যে সঠিক সময়ে বাজে।
সুরসিক হারাধনবাবু বললেন, বরং নিজে রাঁচি না গিয়ে তোমার ঘড়িটাকেই পাঠিয়ে দাও।
প্রতিবেশীরা হো-হো হি-হি খাক-খ্যাক করে হাসতে থাকলেন।
এই শুনে মুরারিবাবুর এত রাগ হল যে সবার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। তারপর সটান নিজের ঘরে চলে এলেন।
এসে টেবিলঘড়িটার দিকে তাকিয়ে অবাক। যখন অ্যালার্ম বেজেছিল, তখন ঘড়ির দিকে তাকাননি। কে-ই বা তাকায়?
ঘড়িতে বাজছে–সত্যি বাজছে বারোটা ছত্রিশ!
অথচ অ্যালার্মের কাঁটা দেওয়া আছে চারটেয়। তাহলে ঘড়ির অ্যালার্মে গণ্ডগোল আছে। মুরারিবাবু হতাশ হয়ে বসে পড়লেন। এই ঘড়িটা গতকাল বিকেলে কিনে এনেছেন পার্ক স্ট্রিটের একটা দোকান থেকে। বেশ বড় দোকান। হালফ্যাশানি জিনিস মুরারিবাবুর চক্ষুশূল। আজকাল সবকিছুতেই তো ভেজাল। তাই যে যুগে ভেজাল কেউ দিত না এবং ভেজাল দেওয়া পাপ মনে করত, সেই যুগের তৈরি জিনিস কিনতে মুরারিবাবুর আগ্রহ বেশি।
এই টেবিলঘড়িটা একশো বছর আগের তৈরি বিলিতি জিনিস। শো-কেসে সাজানো ছিল। দোকানদার কিছুতেই বেচবে না। জেদ করে অনেক চড়া দামে কিনে এনেছেন মুরারিবাবু। রাঁচি যাওয়ার জন্য ভোরে ওঠার দরকার ছিল।
কিন্তু বিলিতি অ্যালার্ম ঘড়ি যে এমন অদ্ভুত কাণ্ড করবে ভাবতেও পারেননি।
অবশ্য মুনিনাঞ্চ মতিভ্রম বলে শাস্ত্রবাক্য আছে। মুনিদেরই ভুল হয়। তো, এ একটা ঘড়ি। অতএব মুরারিবাবু অ্যালার্মের কাটা চারটেতে রেখেই অ্যালার্মের চাবি ঘুরিয়ে ভালোমতো দম দিলেন। তারপর শুয়ে পড়লেন।
পাশের ঘরে বীরু আবার বালিশের দিকে ঠ্যাং করে শুয়ে পড়েছে কখন। অকাতরে ঘুমোচ্ছে। দেরি ছিল মুরারিবাবুর।
সেই ভোরে অ্যালার্ম কিন্তু আর বাজেইনি। মুরারিবাবুর রাঁচি যাওয়া হয়নি ছটার ট্রেনে। গিয়েছিলেন পরের ট্রেনে বিকেলবেলা।
ফিরে এলেন দিন তিনেক পরে। হাওড়া পৌঁছতে রাত নটা বেজে গিয়েছিল। বাড়ি ফিরতে দশটা হল। ট্রেন জার্নিতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন এগারোটা নাগাদ। সবে ঘুমের আমেজ এসেছে, আচমকা অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের দম তো দেওয়া ছিল না।
ঘড়িতে তখন ঠিক এগারোটা বেজে পঁয়ত্রিশ।
বিরক্ত হলেন মুরারিবাবু। কিন্তু কী আর করবেন তখন? ঘড়ির দোকানে দেখাতে হবে। সকাল হোক।
পরদিন ঘড়ি মেরামতের দোকানে গিয়ে পরীক্ষা করিয়ে আনলেন। কিন্তু কোনও ত্রুটি ধরা পড়ল না। যন্তর ঠিক আছে। এতটুকু গণ্ডগোল নেই। বরং ঘড়িটার খুব তারিফই শুনে এলেন মিস্ত্রি ভদ্রলোকের কাছে।
অথচ সেদিনও অ্যালার্মের দম না দেওয়া সত্ত্বেও আবার ঠিক রাত এগারোটা পঁয়ত্রিশে অ্যালার্ম বাজল।
এবার একটু অস্বস্তিতে পড়ে গেলেন মুরারিবাবু। ঠিক ঘুম আসার সময় এ কী জ্বালাতন!
পরের রাতেও ঠিক একই ব্যাপার হল এবং তার পরের রাতেও সময় ওই এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট।
নিশ্চয় কোনও রহস্য আছে এর মধ্যে। মুরারিবাবু ভেবে কূল পেলেন না কিছু। সেই পার্ক স্ট্রিটের দোকানে গিয়ে মালিককে ব্যাপারটা খুলে বললেন। মালিক ভদ্রলোক অ্যাংলো ইন্ডিয়ান। সব শুনে বললেন,–এক কাজ করুন স্যার। অ্যালার্মটা নষ্ট করে দিন। ইচ্ছে করলে আমাদের এখানেও দিতে পারেন। আমরা অ্যালার্ম যন্ত্রটা খুলে দেব। তাহলেই আর ঝামেলা হবে না।
তাই করা হল। মহানন্দে ঘড়ি নিয়ে এলেন মুরারিবাবু। নিশ্চিন্তে শুয়ে পড়লেন আজ। প্রথম ঘুমটা ভেঙে গেলে ফের ঘুম আসতে চায় না। এবার আর ব্যাঘাত ঘটবে না।
কিন্তু ও হরি, এ কী কাণ্ড! সবে চোখ বুজে এসেছে, অমনি ক্রিররররং–
লাফিয়ে উঠে বসলেন মুরারিবাবু। অ্যালার্ম কাটা নেই, অ্যালার্ম যন্ত্র অর্থাৎ ভেতরের ঘণ্টা নেই–বড় কাটা ছোট কাটার সঙ্গে কোনও যোগাযোগ নেই, অথচ ঠিক অ্যালার্ম বাজছে সেই এগারোটা পঁয়ত্রিশে।
খুব ভয়ের চোখে ঘড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মুরারিবাবু। আবার কি তাহলে সেই চীনে আলমারির মতো কোনও ভুতুড়ে ঘড়ি কিনে ফেলেছেন?
যাকগে, কিনেছেন তো আর কী করবেন? ঘড়িটাকে রেখে এলেন কিচেনের পাশে স্টোররুমে।
পরদিন রাতে জটিল এল দৌড়ে, বাবু, বাবু! অ্যালারাম বাজছে কেন?
মুরারিবাবু খিকখিক করে হেসে বললেন, বাজুক না, তোর কী? তুই ঘুমো নাক ডাকিয়ে।
ব্যাজার মুখে জটিল বলল,–প্রথমে ঘুমটা চটে গেলে আর কি সহজে ঘুম আসবে বাবু?
তারপর রোজ রাতে এগারোটা পঁয়ত্রিশে অ