কাউন্টারের ওপাশে মড়ার নাম—ঠিকানা লেখার মোটা খাতাটার ওপর মাথা রেখে ঝিমোচ্ছিলেন শিবাইকালী শ্মশানের ঘাটবাবু নিতাই নস্কর। ঝিমুনির মধ্যেই হেঁড়ে গলার প্রশ্নটা তার কানে এল। তিনি বিশেষ পাত্তা দিলেন না। মাথা না তুলেই জবাব দিলেন, ”মড়া পোড়ানো বন্ধ। বাইরে নোটিশ দ্যাখেননি? ইলেকট্রিক চুল্লি খারাপ হয়ে গেছে।”