Home
সব পেয়েছি’র দেশ

সব পেয়েছি’র দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর

সব পেয়েছি’র দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


সব - পেয়েছি ' র দেশে কারো

নাই রে কোঠাবাড়ি—

দুয়ার খোলা পড়ে আছে ,

কোথায় গেল দ্বারী ।

অশ্বশালায় অশ্ব কোথায় ,

হস্তীশালায় হাতি ,

স্ফটিকদীপে গন্ধতৈলে

জ্বালায় না কেউ বাতি ।

রমণীরা মোতির সিঁথি

পরে না কেউ কেশে ,

দেউলে নেই সোনার চূড়া

সব - পেয়েছি ' র দেশে ।

পথের ধারে ঘাস উঠেছে

গাছের ছায়াতলে ,

স্বচ্ছতরল স্রোতের ধারা

পাশ দিয়ে তার চলে ।

কুটিরেতে বেড়ার'পরে

দোলে ঝুমকা - লতা ,

সকাল হতে মৌমাছিদের

ব্যস্ত ব্যাকুলতা ।

ভোরের বেলা পথিকেরা

কী কাজে যায় হেসে ,

সাঁজে ফেরে বিনা - বেতন

সব - পেয়েছি ' র দেশে ।

আঙিনাতে দুপুরবেলা

মৃদুকরুণ গেয়ে

বকুলতলার ছায়ায় বসে

চরকা কাটে মেয়ে ।

মাঠে মাঠে ঢেউ দিয়েছে

নতুন কচি ধানে—

কিসের গন্ধ , কাহার বাঁশি

হঠাৎ আসে প্রাণে ।

নীল আকাশের হৃদয়খানি

সবুজ বনে মেশে ,

যে চলে সেই গান গেয়ে যায়

সব - পেয়েছি ' র দেশে ।

সদাগরের নৌকা যত

চলে নদীর'পরে—

হেথায় ঘাটে বাঁধে না কেউ

কেনাবেচার তরে ।

সৈন্যদলে উড়িয়ে ধ্বজা

কাঁপিয়ে চলে পথ—

হেথায় কভু নহি থামে

মহারাজের রথ ।

এক রজনীর তরে হেথা

দূরের পান্থ এসে

দেখতে না পায় কী আছে এই

সব - পেয়েছি ' র দেশে ।

নাইকো পথে ঠেলাঠেলি ,

নাইকো হাটে গোল—

ওরে কবি , এইখানে তোর

কুটিরখানি তোল্‌ ।

ধুয়ে ফেল্‌ রে পথের ধুলো

নামিয়ে দে রে বোঝা—

বেঁধে নে তোর সেতারখানা ,

রেখে দে তোর খোঁজা ।

পা ছড়িয়ে বোস্‌ রে হেথায়

সারা দিনের শেষে

তারায় - ভরা আকাশ - তলে

সব - পেয়েছি ' র দেশে ।


**********
No Review
Related Books
Loading books…