Home
ভার

ভার

রবীন্দ্রনাথ ঠাকুর

ভার

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


তুমি যত ভার দিয়েছ সে ভার

করিয়া দিয়েছ সোজা ,

আমি যত ভার জমিয়ে তুলেছি

সকলি হয়েছে বোঝা ।

এ বোঝা আমার নামাও বন্ধু ,

নামাও—

ভারের বেগেতে চলেছি , আমার

এ যাত্রা তুমি থামাও ।

যে তোমার ভার বহে কভু তার

সে ভারে ঢাকে না আঁখি ,

পথে বাহিরিলে জগৎ তারে তো

দেয় না কিছুই ফাঁকি ।

অবারিত আলো ধরে আসি তার

হাতে—

বনে পাখি গায় , নদীধারা ধায় ,

চলে সে সবার সাথে ।

তুমি কাজ দিলে কাজেরই সঙ্গে

দাও যে অসীম ছুটি ,

তোমার আদেশ আবরণ হয়ে

আকাশ লয় না লুটি ।

বাসনায় মোরা বিশ্বজগৎ

ঢাকি—

তোমা - পানে চেয়ে যত করি ভোগ

তত আরো থাকে বাকি ।

আপনি যে দুখ ডেকে আনি সে যে

জ্বালায় বজ্রানলে—

অঙ্গার করে রেখে যায় , সেথা

কোনো ফল নাহি ফলে ।

তুমি যাহা দাও সে যে দুঃখের

দান ,

শ্রাবণধারায় বেদনার রসে

সার্থক করে প্রাণ ।

যেখানে যা - কিছু পেয়েছি কেবলি

সকলি করেছি জমা—

যে দেখে সে আজ মাগে যে হিসাব ,

কেহ নাহি করে ক্ষমা ।

এ বোঝা আমার নামাও বন্ধু ,

নামাও ।

ভারের বেগেতে ঠেলিয়া চলেছে ,

এ যাত্রা মোর থামাও ।


**********
No Review
Related Books
Loading books…