Home
বাঁশি

বাঁশি

রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশি

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


ওই তোমার ওই বাঁশিখানি

শুধু ক্ষণেক - তরে

দাও গো আমার করে ।

শরৎ - প্রভাত গেল ব ' য়ে ,

দিন যে এল ক্লান্ত হয়ে ,

বাঁশি - বাজা সাঙ্গ যদি

কর আলস - ভরে

তবে তোমার বাঁশিখানি

শুধু ক্ষণেক - তরে

দাও গো আমার করে ।

আর কিছু নয় , আমি কেবল

করব নিয়ে খেলা

শুধু একটি বেলা ।

তুলে নেব কোলের'পরে ,

অধরেতে রাখব ধরে ,

তারে নিয়ে যেমন খুশি

যেথা - সেথায় ফেলা—

এমনি করে আপন মনে

করব আমি খেলা

শুধু একটি বেলা ।

তার পরে যেই সন্ধে হবে

এনে ফুলের ডালা

গেঁথে তুলব মালা ।

সাজাব তায় যূথীর হারে ,

গন্ধে ভরে দেব তারে ,

করব আমি আরতি তার

নিয়ে দীপের থালা ।

সন্ধে হলে সাজাব তায়

ভরে ফুলের ডালা

গেঁথে যূথীর মালা ।

রাতে উঠবে আধেক শশী

তারার মধ্যখানে ,

চাবে তোমার পানে ।

তখন আমি কাছে আসি

ফিরিয়ে দেব তোমার বাঁশি ,

তুমি তখন বাজাবে সুর

গভীর রাতের তানে—

রাতে যখন আধেক শশী

তারার মধ্যখানে

চাবে তোমার পানে ।


**********
No Review
Related Books
Loading books…