Home
প্রতিজ্ঞা

প্রতিজ্ঞা

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রতিজ্ঞা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Change color


আমি হব না তাপস , হব না , হব না ,


যেমনি বলুন যিনি ।


আমি হব না তাপস নিশ্চয় যদি


না মেলে তপস্বিনী ।


আমি করেছি কঠিন পণ


যদি না মিলে বকুলবন ,


যদি মনের মতন মন


না পাই জিনি ,


তবে হব না তাপস , হব না , যদি না


পাই সে তপস্বিনী ।



আমি ত্যজিব না ঘর , হব না বাহির


উদাসীন সন্ন্যাসী ,


যদি ঘরের বাহিরে না হাসে কেহই


ভুবন - ভুলানো হাসি ।


যদি না উড়ে নীলাঞ্চল


মধুর বাতাসে বিচঞ্চল ,


যদি না বাজে কাঁকন মল


রিনিক - ঝিনি—


আমি হব না তাপস , হব না , যদি না


পাই গো তপস্বিনী ।



আমি হব না তাপস , তোমার শপথ ,


যদি সে তপের বলে


কোনো নূতন ভুবন না পারি গড়িতে


নূতন হৃদয় - তলে ।


যদি জাগায়ে বীণার তার


কারো টুটিয়া মরম - দ্বার ,


কোনো নূতন আঁখির ঠার


না লই চিনি


আমি হব না তাপস , হব না , হব না ,


না পেলে তপস্বিনী ।

**********
No Review
Related Books
Loading books…