Home
অসহ্য ভালবাসা

অসহ্য ভালবাসা

রবীন্দ্রনাথ ঠাকুর

অসহ্য ভালবাসা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


বুঝেছি গো বুঝেছি সজনি ,

কী ভাব তোমার মনে জাগে ,

বুক - ফাটা প্রাণ - ফাটা মোর ভালোবাসা

এত বুঝি ভালো নাহি লাগে ।

এত ভালোবাসা বুঝি পার না সহিতে ,

এত বুঝি পার না বহিতে ।


যখনি গো নেহারি তোমায় --

মুখ দিয়া আঁখি দিয়া বাহিরিতে চায় হিয়া ,

শিরার শৃঙ্খলগুলি ছিঁড়িয়া ফেলিতে চায় ,

ওই মুখ বুকে ঢাকে , ওই হাতে হাত রাখে ,

কী করিবে ভাবিয়া না পায় ,

যেন তুমি কোথা আছ খুঁজিয়া না পায় ।

মন মোর পাগলের হেন প্রাণপণে শুধায় সে যেন ,

“ প্রাণের প্রাণের মাঝে কী করিলে তোমারে গো পাই ,

যে ঠাঁই রয়েছে শূন্য , কী করিলে সে শূন্য পুরাই । ”

এইরূপে দেহের দুয়ারে

মন যবে থাকে যুঝিবারে ,

তুমি চেয়ে দেখ মুখ - বাগে --

এত বুঝি ভালো নাহি লাগে ।

তুমি চাও যবে মাঝে মাঝে

অবসর পাবে তুমি কাজে

আমারে ডাকিবে একবার --

কাছে গিয়া বসিব তোমার ,

মৃদু মৃদু সুমধুর বাণী

কব তব কানে কানে রানী ।

তুমিও কহিবে মৃদু ভাষ ,

তুমিও হাসিবে মৃদু হাস ,

হৃদয়ের মৃদু খেলাখেলি –

ফুলেতে ফুলেতে হেলাহেলি ।


চাও তুমি দুঃখহীন প্রেম

ছুটে যেথা ফুলের সুবাস ,

উঠে যেথা জোছনালহরী ,

বহে যেথা বসন্তবাতাস ।

নাহি চাও আত্মহারা প্রেম

আছে যেথা অনন্ত পিয়াস ,

বহে যেথা চোখের সলিল ,

উঠে যেথা দুখের নিশ্বাস ।

প্রাণ যেথা কথা ভুলে যায় ,

আপনারে ভুলে যায় হিয়া ,

অচেতন চেতনা যেথায় ,

চরাচর , ফেলে হারাইয়া ।


এমন কি কেহ নাই , বল্ মোরে বল্ আশা ,

মার্জনা করিবে মোর অতি -- অতি ভালোবাসা !


**********
No Review
Related Books
Loading books…