Home
যৌবন

যৌবন

কাজী নজরুল ইসলাম

যৌবন

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

ওরে ও শীর্ণা নদী,

দু-তীরে নিরাশা বালুচর লয়ে জাগিবি কি নিরবধি?

নব-যৌবনজলতরঙ্গ জোয়ারে কি দুলিবি না?

নাচিবে জোয়ারে পদ্মা গঙ্গা, তুই রবি চির-ক্ষীণা?

ভরা-ভাদরের বরিষন এসে বারে বারে তোর কূলে

জানাবে রে তোরে সজল মিনতি, তুই চাহিবি না ভুলে?

দুই কূলে বাঁধি প্রস্তর-বাঁধ কূল ভাঙিবার ভয়ে

আকাশের পানে চেয়ে রবি তুই শুধু আপনারে লয়ে?

ভেঙে ফেল বাঁধ, আশেপাশে তোর বহে যে জীবন-ঢল

তারে বুকে লয়ে দুলে ওঠ তুই যৌবন-টলমল।

প্রস্তর-ভরা দুই কূল তোর ভেসে যাক বন্যায়,

হোক উর্বর, হাসিয়া উঠুক ফুলে ফলে সুষমায়।

একবার পথ ভোল,

দূর সিন্ধুর লাগি তোর বুকে জাগুক মরণ-দোল!

ভাঙ ভাঙ কারা, ফুলিয়া ফাঁপিয়া ওঠ নব যৌবনে!

বাঁচিতে চাহিয়া মরুপথে তুই মরিলি হীন মরণে।

সকল দুয়ার খুলে দে রে তোর, ভাসা এ মরু-সাহারা,

দু-কুল প্লাবিয়া আয় আয় ছুটে ভাঙ এ মৃত্যু-কারা।


**********
No Review
Related Books
Loading books…