
দোলনা
আশাপূর্ণা দেবী
১. কুমারী মেয়ে
কুমারী মেয়ের পক্ষে এহেন কাজ শুধু যে অস্বাভাবিকই তা নয়, রীতিমত গর্হিতও। অথচ সুমনা সেই গর্হিত আর অস্বাভাবিক কাজটাই করে বসেছে। আর তার জের চালিয়ে যাবার জন্যে মরণপণ করেছে।
মাথায় হাত দিয়ে পড়েছে বাড়ির সবাই। ভেবে পাচ্ছে না কী উপায়ে ওকে এই বিপজ্জনক খেয়াল থেকে মুক্ত করা যাবে। শুধু খেয়াল বললেও বোধহয় ঠিক হয় না। এ তো একেবারে পাগলামি। পাগলামি ছাড়া কিছুই নয়।
আয়ুর্বেদ শাস্ত্রে নাকি আছে একথা, সাময়িকভাবে কখনও কখনও কাউকে উন্মাদরোগ আশ্রয় করে, কিন্তু সুমনাদের সংসার কখনও স্বপ্নেও ভাবেনি তাদের সবচেয়ে দামি মেয়েটাই তেমন একটা আশ্রয়স্থল হবে।
সুমনার মা সুজাতা প্রথমটা তো সুমনার এই অসম সাহসিক কীর্তিতে হইচই, রইরই করে উঠেছিল, আর সুমনার বাবা কান্তিকুমার ভ্রূকুটি করে বলেছিলেন, পাগল নাকি?
কিন্তু অতঃপর যখন দেখা গেল পাগলের আচরণই করছে সুমনা, তখন কান্তিকুমার ধরলেন ধমক, আর সুজাতা সদুপদেশ।
প্রথমে রঙ্গমঞ্চে ছিল মাত্র ওই দুটি কুশীলব। কারণ এখানে সাঁওতাল পরগনার এই স্বাস্থ্যের জন্যে বিখ্যাত গ্রামটিতে মাত্র তিনজনই এসেছিলেন ওঁরা। মা বাপ আর মেয়ে।
কলকাতায় একান্নবর্তী বড় পরিবার, সেখানে বাকি ছেলেমেয়েদের রেখে আসতে অসুবিধে হয়নি। সুমনার জন্যে আসা। কিছুদিন যাবৎ লিভার-দোষে ভুগছিল সুমনা। তাই বি. এ. পরীক্ষাটা শেষ হতেই মেয়ে নিয়ে স্বাস্থ্যোদ্বারে এসেছিলেন কান্তিকুমার। কে জানত শারীরিক স্বাস্থ্য-অর্জন করে ফেরার মুখে সে হঠাৎ এমন মানসিক ব্যাধিগ্রস্ত হয়ে পড়বে।
ব্যাধিগ্রস্ত ছাড়া আর কী!
হিতাহিতজ্ঞান হারানো মানেই ব্যাধি।
সুজাতা বলে, সুমি, একবার খোলা বুদ্ধি আর ঠাণ্ডা মাথায় ভেবে দেখ, তুই যা করতে চাইছিস, সেটা সঙ্গত কিনা। আমি কিছু বলছি না, তুই নিজেই ভেবে দেখ। ওই জীবটার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে, সেন্টিমেন্টকে সরিয়ে রেখে চিন্তা কর। কলকাতার বাড়িটা আর সেখানের সকলের মুখ মনে কর, তারপর ভাব তুই কী করতে চাইছিস।
সুমনা নিচু করে রাখা মাথাটা উঁচু করে বলে, ভেবেছি, অনেক ভেবেছি।
ভেবেছিস! ভেবে তুই এই সিদ্ধান্তে পৌঁছেছিস!সুজাতা ক্ষোভ আর হতাশাজড়িত কণ্ঠে বলে, তা হলে তোর বাপ যা বলেছে, তাই ঠিক। তুই পাগলই হয়ে গেছিস।
সুমনা উত্তর দেয় না, জানলার পথে আকাশের দিকে তাকিয়ে থাকে।
কান্তিকুমার গম্ভীরমুখে বলেন,তুমি কি চাও সমাজে আর আমাদের মুখ তুলে দাঁড়াবার উপায় না থাকে?
সুমনার চোখটা ছলছল করে আসে।
বাবার কাছে এমন বকুনি খাওয়াটা বোধহয় তার এই প্রথম। নিষ্ঠুর কঠিন বকুনি। বাবার কাছে বকুনি খাওয়ার বিষয়বস্তুটা প্রায়শই থাকে স্বাস্থ্য-বিধি মেনে না চলা।
সুমি, ওষুধ খাসনি?…সুমি, এই জোলো হাওয়ায় ওই পাতলা জামা পরে বেড়াচ্ছিস?… সুমি, তোমার মার কাছে শুনলাম তুমি নাকি ফলের রস খেতে চাও না! সাধারণত এই হচ্ছে বাবার বকুনির ভাষা।
কিন্তু সুমনার এই দুঃসহ জেদের নির্লজ্জতায় কান্তিকুমারের সেই স্নেহপ্রবাহ শুকিয়ে গেছে। আজ তিনি মেয়ের মুখ শুকনোর কথা ভাবছেন না, সমাজে নিজের মুখ না থাকার কথা ভাবছেন।
বাবার কথায় সুমনার চোখে জল এলেও কষ্টে সে জল চোখে আটকে রেখে বলে সুমনা, এতে আর তোমাদের দোষ কী? তোমাদের কেন–
কান্তিকুমার ভুরু কুঁচকে বলেন,তুমি শিশু নও সুমনা! আমাদের কেন, সেটুকু বোঝবার ক্ষমতা তোমার আছে। তোমার অসুস্থতা নিয়ে আমরা দুমাসের জন্যে চেঞ্জে এসেছি, এটাই সকলের জানা, হঠাৎ যদি এরকম একটা ব্যাপার নিয়ে ফেরা হয়, তা হলে
চুপ করে যান কান্তিকুমার।
আর বেশি বলা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই চুপ করে যান, কিন্তু আর বেশি বলার কি দরকারই ছিল? যথেষ্ট কি বলা হয়নি?
সুমনার গলা বুজে আসে।
যে তর্ক মায়ের সঙ্গে করেছে, সে তর্ক বাবার সঙ্গে চালাতে পারে না। বাষ্পভরা কণ্ঠে বলে, বেশ, আমার জন্যে যদি তোমাদের মুখ নিচু হয়, তোকসমাজে অপমানিত হতে হয়, আমাকে তোমরা ত্যাগ করো।
কান্তিকুমার স্তব্ধ।
কান্তিকুমার বিমূঢ়।
অনেকক্ষণ পরে নিশ্বাস ফেলে বলেন, আমরা তোমায় ত্যাগ করব!
তা ছাড়া যখন উপায় নেই
সুমনা গলাটা পরিষ্কার করে নেয়।
তা ছাড়া উপায় নেই? চমৎকার!কান্তিকুমার ক্ষুব্ধ বেদনার্ত কণ্ঠে বলেন, এ ছাড়া সমাধানের আর কোনও পথ তোমার মাথায় এল না, কেমন? আশ্চর্য!
সুমনা কথা বলে না। সুমনা আকাশের দিকে তাকিয়ে থাকে।
সুমনা কি ওই আকাশের কাছে আশ্রয় খোঁজে? সুমনা কি আকাশের কাছে শক্তি খোঁজে?
কান্তিকুমার উত্তর সম্পর্কে একটু অপেক্ষা করে তারপর আবার বলেন, তোমার পক্ষে ওটাকে ত্যাগ করা সম্ভব নয় তা হলে। তার বদলে বরং আমাদেরও ত্যাগ করতে প্রস্তুত? সুমনা, আমি কি তা হলে সত্যিই বিশ্বাস করব, তুমি পাগল হয়ে গেছ?
সুমনা মাথা নিচু করে বলে, বাবা! বুঝতে পারছি তোমাদের খুব একটা বিপদে আমি ফেলছি। তাই ওকথা বলতে পেরেছি। কিন্তু সত্যি এও ভাবছি, এটা মেনে নেওয়া কি এতই অসম্ভব তোমাদের পক্ষে? ইচ্ছে করলে কি
হয় না সুমি, হয় না,কান্তিকুমার আবেগভরে বলেন, তা যদি সম্ভব হত, তোমাকে এত করে বলতে হত না। তোমার বোধশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে বলেই বুঝতে পারছ না এটা কতখানি অসম্ভব।
কিন্তু বাবা
বলতে গিয়ে থেমে যায় সুমনা।
যা বলতে যায়, পারে না।
কান্তিকুমার মেয়ের ওই রুদ্ধ অভিমানে ভরা যন্ত্রণাকাতর মুখের দিকে তাকিয়ে দেখেন, মনটা পীড়িত হয়, বিগলিত হয় না। না, কেউ যদি আপন দুর্মতিতে কষ্ট পায়, সে যতই স্নেহভাজন হোক, তার জন্যে মন গলে না। তাই স্থির স্বরে বলেন, বলো, কী বলতে চাও। থামবার দরকার নেই।
বাবা!
জলভরা দু চোখ বাবার মুখের দিকে তুলে সুমনাও স্থির স্বরে বলে, আমায় তোমরা ক্ষমা করো। আমাকে নিজের ব্যবস্থা নিজে করে নিতে দাও। মাঝে মাঝে তোমাদের আদর করে উপহার দেওয়া টাকা তো অনেকগুলো জমেছে আমার, আর কতগুলো গয়নাও রয়েছে–
ধৈর্যের বাঁধ আর থাকে না।
কান্তিকুমার সংযত সভ্য মার্জিত। কান্তিকুমার পরিজনের কাউকে কখনও উঁচু কথাটি বলেন না। তবু কান্তিকুমার রক্তমাংসের মানুষ। তাই মেয়েকে কথা শেষ করতে দেন না। প্রচণ্ড একটা ধমকে থামিয়ে দেন তাকে। সেই ধমকের চেহারাটা এই, সুমনা, ধৃষ্টতারও একটা সীমা থাকে। আমি তোমার এই বিদঘুটে খেয়ালকে কিছুতেই প্রশ্রয় দেব না। ভেবেছিলাম, বুঝিয়ে সুঝিয়ে তোমার স্বাভাবিক বুদ্ধি ফিরিয়ে আনতে পারব। দেখছি তা হচ্ছে না। ঠিক আছে, জোরই খাটাতে হবে। কালই তুমি যাবে আমাদের সঙ্গে। আর একলাই যাবে।
সুমনা বোধ করি ধমক খেয়েই কঠিন হয়ে যায়। সেই জলভরা চোখ শুকিয়ে ওঠে মুহূর্তে। বলে, আর ও?
ওর যা উপযুক্ত ব্যবস্থা, আমি যে করে পারি করব।
সুমনা বাপকে আঘাত করবে বলেই কি আঘাত করে? না, এ তার অসতর্কতা? কিন্তু চোখের কোণে তার আগুন ঝলসে ওঠে, ওর পক্ষে যা সবচেয়ে উপযুক্ত সেটাই তো সব চেয়ে সোজা বাবা! তীক্ষ্ণ ব্যঙ্গের একটা ছুরি সুমনার অমন নরম গড়নের ঠোঁটের রেখায় উঁকি মারে, সেটাই বোধ করি ভেবে ঠিক করে রেখেছ?
কান্তিকুমার স্তব্ধ হয়ে যান।
ওই আগুন ছিটকানো চোখ, আর ওই ব্যঙ্গের ছুরি উঁচনো ঠোঁট, এ কি বুদ্ধিভ্রংশের? সুমনা পাগল হয়ে গেছে, এই ভেবে মনকে সান্ত্বনা দেবার পথ আছে?
না।
মনকে সান্ত্বনা দেবার নেই।
তাই মনকে স্থির করে ফেলেন কান্তিকুমার। স্তব্ধতা ভঙ্গ করে বলেন,ঠিক আছে। একথা যখন বলতে পারলে তখন তোমার স্বেচ্ছাচারিতায় আর বাধা দেব না। যা কিছু ঘটতে থাকবে, অবশ্যম্ভাবী বলেই মেনে নেবার জন্যে মনকে প্রস্তুত করে নেব। একটু আগে পর্যন্তও মনে হচ্ছিল, তুমি আমাদের সম্পত্তি, তুমি আমাদের সেই ছোট্ট সুমনা। বুঝতে না পেরে একটা ভুল করতে চাইছ, তাই চেষ্টা করছিলাম বোঝাতে। নিজেই বুঝতে পারছিলাম না তুমি আস্ত একটা মানুষ। বুঝতে পেরেছি। আর ভুল হবে না।
স্ত্রীর কাছে এসে বলেন, ও যা করতে চাইছে করতে দাও। তারপর দেখা যাবে ভাগ্য কী বলে।
ও যা করতে চাচ্ছে তাই করতে দেব? সুজাতা ঝংকার দিয়ে ওঠে, জীবনভর মেয়ের যথেচ্ছাচার আর যাবতীয় আবদারকে প্রশ্রয় দিয়ে এইটি করে তুলেছ। আরও তিনটে ছেলেমেয়ে আছে তোমার, কই, তাদের তো এত আদর দাও না!
কান্তিকুমার এত দুঃখেও একটু হাসেন।
বলেন,ঠিক এই কথাটা আমিও তোমাকে বলতে পারতাম, কিন্তু বলব না। পুরুষ জাতটা যতই অত্যাচারী হোক, নিষ্ঠুর নয়। সুমনা আমাদের প্রথম সন্তান, আর অনেকদিন পর্যন্ত একটিমাত্রই সন্তান ছিল, সেই থাকার সুযোগ ও শুধু আমার কাছ থেকেই নয়, বাড়িসুষ্ঠু সকলের কাছ থেকেই পেয়েছে। সেই অতিরিক্ত পাওয়াটা যদি ওকে বিকৃত করে থাকে, জেদি করে তুলে থাকে, সকলকেই তার ফল ভোগ করতে হবে। কাল যাবার ব্যবস্থা করো।
ওই আঁস্তাকুড়টাকে নিয়েই?
হ্যাঁ!
কান্তিকুমারের ফেরবার কথা ছিল আরও কিছুদিন পরে। কিন্তু পরিস্থিতিটা এমন অদ্ভুত ঘোরালো হয়ে উঠেছে যে, আর এক মুহূর্তও এখানে থাকতে ইচ্ছে করছে না। কিন্তু যা ভাবছিলেন তা হল না।
ভেবেছিলেন, এখান থেকে পালাতে পারলেই সুমনার মনকে ঠিক করে ফেলতে পারবেন। সহসা যাতে বিভ্রান্তি এসেছে সুমনার, সেটা থেকে সরে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সুমনা সব ভেস্তে দিচ্ছে।
অতএব
কান্তিকুমার বলেন, আমার এই পঞ্চাশ বছরের জীবনে চলার পথে কোনওদিন তো ঠেক খাইনি, সুমসৃণ বাঁধা রাস্তায় জীবনের রথ চালিয়ে নিয়ে চলেছি, কোনওদিন পথ আড়াল করে দাঁড়ায়নি ভাগ্যের প্রতিকূলতা, দুঃখ দুশ্চিন্তার ঝড়। এখন যদি আসেই সে সব, সইতে হবে। রাগ করলে চলবে কেন? অসহিষ্ণু হলে চলবে কেন? জীবনের প্রাপ্য পাওনা বলে মেনে নিতে হবে।
অতএব
চলুক সুমনার সঙ্গে তার সাধের শৃঙ্খল।
অতএব কলকাতায় ছোট ভাইকে টেলিগ্রাম করে দিলেন কান্তিকুমার, আমাদের মেয়াদের আগেই ফিরে যাচ্ছি। হয়তো একরকম বাধ্য হয়েই। আমাদের সঙ্গে আরও একটি প্রাণী যাচ্ছে। তার জন্যে হয়তো সংসারে কিছু সংঘর্ষ উঠবে, কিন্তু উপায় নেই।
সুজাতা তবু হাল ছাড়ে না।
আবার আসে মেয়ের কাছে।
তার দুর্বলতার জায়গাটা নাড়া দেয়। বলে, তুই যে এম. এ. পড়বার জন্যে এত উৎসাহ করছিলি, জলাঞ্জলি দিবি তাতে?
সুমনা ফিকে হাসি হেসে বলে, বি, এর রেজাল্টই বেরোক আগে।
এটা অবশ্য উত্তর নয়, উত্তর এড়ানো। সুজাতা বলেন, রেজাল্ট বেরোবেই না, না পাস করবি না, কোনটা ভাবছিস?
কোনও কিছুই এখন ভাবছি না মা আমি। ভাবতে পারছি না।
তা পারবি কী করে?সুজাতা তীব্র স্বরে বলে, ভূতে আশ্রয় করলে কি আর চিন্তাশক্তি থাকে? ভূত যে সেইখানেই আশ্রয় করে। কিন্তু সুমি, আমি তোর মা, আমার কথা শোনা উচিত, এই ভেবেই শোন। বুদ্ধি একটু ঠিক করে, দৃষ্টিশক্তি একটু পরিষ্কার করে ভেবে দেখ, মেয়েমানুষ তুই, অকারণ যেচে একটা নিন্দে কলঙ্ক মাথায় তুলে নিবি কেন?
সুমনা মায়ের মুখের দিকে তাকায়, মার প্রত্যাশাপূর্ণ কাতর মুখের দিকে। দেখে মায়াও হয়। বুঝতে পারে, তার অল্পবুদ্ধি ভালমানুষ মা মনে করছে, এই অস্ত্রে মেয়েকে কাবু করে ফেলতে পেরেছে, তাই মুখে ওই প্রত্যাশার ছাপ।
কিন্তু সে প্রত্যাশা পূরণের উপায় সুমনার হাতে নেই। তাই সুমনা মার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কিন্তু আমি শুধু মেয়েমানুষইনই মা, মানুষও। মানুষের ধর্মে মানুষের নীতিতে যদি মেয়েমানুষের নীতি-ধর্মে সংঘর্ষ হয়, মানুষ