Home
আকাশ দস্যু

আকাশ দস্যু

সুনীল গঙ্গোপাধ্যায়

আকাশ দস্যু

সুনীল গঙ্গোপাধ্যায়
novel

Posted byমেঘ বালিকা23-Apr-2025

Change color

চরে একটুকরো গাঢ় নীল রঙের মেঘ দেখে নী আনন্দে চেঁচিয়ে উঠল। হাততালি দিয়ে বলতে লাগল, ওই দ্যাখো, ওই দ্যাখো, সত্যিকারের মেঘ! আমি কিন্তু আগে

দেখেছি! ওই মেঘটা আমার!

রা বসে আছে কপিটে। মেঘটা সেও দেখেছে। রা সেদিকেই তাকিয়ে ছিল। গত চার-পাঁচ দিন কোনও মেঘের চিহ্নই দেখা যায়নি। এই নীল রঙের মেঘটা কোথা থেকে এল কে জানে।

নী জিগ্যেস করল, রা-দি, আমি কি এই মেঘটায় স্নান করতে পারি? বড্ড ইচ্ছে করছে!


রা বলল, আচ্ছা করো। কিন্তু সেদিনকার মতন আমাদের সঙ্গে লুকোচুরি খেলতে পারবে না। আমরা পাঁচ পরা-মুহূর্তের বেশি খরচ করতে পারব না।


রা রকেটের মুখ ঘোরাল।


রা-এর পুরো নাম রাভী। সবাই রা বলে ডাকে। যেমন নী-এর নাম নীলাঞ্জনা। তার কলেজের বন্ধুরা বলে নীলা, বাড়িতে ডাকনাম শুধু নী। নী-এর বয়েস চোদ্দ, এখন স্কুল শেষ হয়ে যায় দশ বছর বয়েসে, কলেজেও নী-র আর মাত্র একবছর বাকি।


নী সাঁতারের পোশাক পরে তৈরি হয়ে দরজার কাছে দাঁড়াল। রা বলল, দাঁড়াও, আগে ভালো করে দেখে নিই।


রা রকেটটা নিয়ে মেঘটার চারপাশ একবার ঘুরে এল। সে দেখে নিতে চায়, এটা সত্যিই মেঘ না অলিকা। মহাশূন্যে দিনের পর দিন কোথাও এক ছিটে মেঘ দেখা যায় না। কিন্তু মানুষের চোখ আকাশে মেঘ খোঁজে। তাই এক-এক সময় চোখের ভুল হয়। ঠিক মরুভূমিতে মরীচিকা দেখার মতন আকাশেও নকল মেঘ দেখা যায়। এরই নাম দেওয়া হয়েছে অভ্রলিকা।


রা দেখে নিশ্চিন্ত হল। গাঢ় নীল রঙের বেশ ঘন মেঘ। এই রকম মেঘে স্নান করার খুব সুবিধে। রা-রও খুব স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু দু জনের মধ্যে একজনকে থাকতেই হবে। নিয়ম হচ্ছে, যে আগে মেঘটা দেখবে, সেটা তার হবে। রা যদিও আগে দেখেছিল, কিন্তু সে-নিজের জন্য মেঘটা দাবি করলো না। নীটা ছেলেমানুষ, ও-ই করুক।


নী বলল, যদি ঝিলমদা জেগে থাকত, খুব হিংসে করত আমায়।


রা বলল, নে, বেশি দেরি করিস না কিন্তু। ট্যাবলেট খেয়েছিস তো?


নী বলল, হ্যাঁ।


রা দরজা খুলে দিতেই ঝাঁপিয়ে পড়ল নী। দুহাত ছড়িয়ে পাখির মতন উড়তে উড়তে ঢুকে গেল মেঘের মধ্যে। তারপর তাকে আর দেখতে পাওয়া গেল না।


এই মেঘের মধ্যে মান ভারী মজার। হালকা তুলো-তুলো মেঘগুলো গায়ে লাগলেই জলকণা হয়ে যায়। সাঁতার কাটলে সুড়ঙ্গ হয়ে যায় মেঘের মধ্যে, একটু পরেই বুজে যায় আবার।


রকেটের তলার দিকের ঘরে ঘুমোচ্ছে রাভীর স্বামী ঝিলম। ওদের দুজনেরই বয়েস তেইশ বছর। মাত্র সাত মাস আগে বিয়ে হয়েছে ওদের, অর্থাৎ পৃথিবীর হিসেবে সাত মাস। এখানকার হিসেবে অন্যরকম। বিয়ের পরই ওরা এই রকেট নিয়ে বেড়াতে বেরিয়ে পড়েছে। অবশ্য শুধু বেড়ানো নয়, একটা জিনিস আবিষ্কার করতে পারলে বিরাট পুরস্কার পাবার সম্ভাবনা আছে। পৃথিবী থেকে অনেকেই এখন মহাশূন্যে রকেট নিয়ে খোঁজাখুঁজি করছে।


অনেক বৈজ্ঞানিক একসঙ্গে ঘোষণা করেছেন যে, সূর্য-মণ্ডলের বাইরে কোথাও ঠিক পৃথিবীর মতন একটা গ্রহ আছে নিশ্চয়ই। সেখানে মানুষ আছে, আর তারা পৃথিবীর মানুষের মতনই হুবহু। সেই গ্রহটা এখনও খুঁজে পাওয়া যায়নি। যে প্রথম সেই গ্রহের সন্ধান পাবে, রাষ্ট্রসঙঘ তাকে বিরাট পুরস্কার দেবে। এখন পরমাণু রকেট বেরিয়ে যাবার ফলে সূর্যমন্ডলের বাইরে ঘোরাঘুরি জলভাতের মতন সহজ।


রাভীর স্বামী ঝিলমের পাশে শুয়ে ঘুমোচ্ছে ওদের এক বন্ধু ইউনুস। এই ইউনুস আগেও অনেক অভিযানে ঝিলমের সঙ্গে এসেছে। আর নীলাঞ্জনার এখন কলেজ ছুটি বলে ওকেও আনা হয়েছে সঙ্গে। ও খুব বেড়াতে ভালোবাসে। নীলাঞ্জনার আর একটা বড় পরিচয়, ও কবি।


মাঝখানে কবি খুব কমে গিয়েছিল। আজ থেকে সতেরো বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় আর আধুনিক শহর নাইরোবিতে বৈজ্ঞানিকরা এক সম্মেলনে বলেছিলেন, পৃথিবীতে যে হঠাৎ পাগলের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে তার কারণ এখন আর কেউ কবিতা লিখছে না। কোনও পত্রপত্রিকাতে আজ কাল কবিতা ছাপা হয় না, দশ-বারো বছরের মধ্যে সারা পৃথিবীতে কোথাও একটাও কবিতার বই বেরোয়নি, এটা খুব খারাপ লক্ষণ। এক্ষুনি অল্পবয়েসি ছেলেমেয়েদের কবিতা লেখার জন্য উৎসাহ দেওয়া উচিত। কবিতা লিখতে লিখতে অনেকে আধ-পাগল হয়ে থাকবে, পুরো পাগল হবে না, সে বরং ভালো।


এখন আবার দু-চারজন কবিতা লিখতে শুরু করেছে। নীলাঞ্জনার একটা কবিতা রা-র খুব ভালো লাগে। সেটা হচ্ছে এই :


চাঁদের ও-পিঠে রাঙামাসিমার

মস্ত বাগানবাড়ি,

লাল খরগোশ ঘাস ভেবে খায়,

মেসোমশাইয়ের দাড়ি!


কবিতাটি মনে পড়লেই হাসি পায় রা-র। নীলাঞ্জনার মাসি আর মেসো সত্যিই চাদে এই কিছুদিন আগে বেশ বড় বাগানওয়ালা একটা বাড়ি বানিয়েছেন। নীলাঞ্জনার মেসোমশাই নতুন-নতুন জন্তু-জানোয়ার বানাম। আসার পথে রা দেখে এসেছে তার বাগানে বেগুনি রঙের হরিণ, সবুজ ছাগল আর ঠিক বেড়ালের মতন ছোট-ছোট সাদা ধপধপে হাতি। সেগুলো সত্যিকারের, জ্যান্ত।


আজ নীলাঞ্জনা মেঘে সাঁতার কাটতে গেছে। আজ নিশ্চয়ই ফিরে এসে মেঘ নিয়ে কোনও কবিতা লিখবে।


রকেটের ইঞ্জিনটা বন্ধ করে রা মাথা থেকে হেলমেটটা খুলে ফেলল। গুচ্ছ-গুচ্ছ চুল ছড়িয়ে পড়ল পিঠে। একটা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগল। কতদিন রা স্নান করেনি। নী যদি একটু রকেট চালানো জানত, তা হলে নী ফিরে এলে ওকে কন্ট্রোল রুমে বসিয়ে রা এর পর সাঁতার কেটে আসত। ঝিলম আর ইউনুস ঘুমোচ্ছ, ওদের জাগাবার কোনও উপায় নেই। আফ্রিকার সিয়েরা লিয়ন এখন মহাকাশচর্চার সবচেয়ে বড় জায়গা। সেখান থেকে রা রকেটবিজ্ঞান শিখে এসেছে বলেই ওর হাতে রকেটের ভার দিয়ে ঝিলম আর ইউনুস নিশ্চিন্তে ঘুমোত পারছে।


দূরের আকাশে একটা কালো বিন্দু দেখে রা সেইদিকে চোখ রাখল। কোনও উল্কা হলে একটু ভয়ের কথা আছে। এদিককার মহাকাশের যে মানচিত্র আছে তাতে কিছুদিন আগে দু-একটা ভুল ধরা পড়েছে। সন্ধান মিলেছে অনেকগুলো উল্কা আর ভাঙা তারকার। রা একটা জুম টেলিস্কোপ তুলে নিয়ে দেখল। না উল্কা নয়, আর-একটা রকেট। খুব সম্ভবত আমেরিকান রকেট। ওরা কি এই মেঘটাকে দেখতে পেয়েই আসছে? পরের মুহূর্তেই রা বুঝতে পারল, না তা তো হতে পারে না। ওদের রকেটগুলো বড্ড পুরোনো ধরনের, মহাশূন্যের মাঝখানে কোথাও স্থির হয়ে থেমে থাকার ক্ষমতা ওদের নেই।


রা মনে-মনে বলল, আহা বেচারিরা!


রা ইতিহাসে পড়েছে যে, অনেকদিন আগে আমেরিকান আর রাশিয়ানরা মহাকাশ দৌড়ে খুব উন্নতি করেছিল। তারপর তাদের ছাড়িয়ে যায় চিন, তারপর ভারত। এখন তো আফ্রিকানদের জয়-জয়কার। ওই কালো লোকদের যা বুদ্ধি, ওদের সঙ্গে কেউ পারে না। টাকাও ওদের বেশি। ঝিলমের গায়ের রং কুচকুচে কালো, ঠিক আফ্রিকানদের মতন, সেইজন্য পৃথিবীর কত মেয়ে ওকে বিয়ে করতে চেয়েছিল!


আমেরিকান রকেটটা শাঁ করে উড়ে বেরিয়ে গেল। নিশ্চয়ই ওই রকেটের লোকরা মেঘের পাশে থেমে থাকা রা-এর রকেট দেখে খুব হিংসে করছে।


কিছুই করবার নেই বলে রা একটা বই খুলে বসল। সুনীল গঙ্গোপাধ্যায় নামে কোনও এক লেখকের লেখা একটা উপন্যাস। এই লেখকের নাম এখনকার কেউ জানে না, এসব বইও আজকাল কেউ পড়তে চায় না। পাওয়া ও যায় না এ-ধরনের বই। এখনকার লেখকদের বই পাওয়া যায় ছোট্ট-ছোট্ট ক্যাসেটে, পড়তেও হয় না। যখন ইচ্ছে রেকর্ডার চালিয়ে দিলেই শুনে নেওয়া যায়।


রা ইতিহাস পড়তে ভালোবাসে বলেই এরকম দু-চারখানা বই যোগাড় করেছে। এক পুরনো জিনিসপত্রের দোকানে। বেশ মজা লাগে তার আগেকার যুগের এই সব গল্প পড়তে। মাত্র একশো বছর আগেকার কথা, তখন নাকি হিন্দু-মুসলমান-খ্রিস্টান-ইহুদি এই সব নানান ধর্ম আর জাত ছিল, তারা নিজেদের মধ্যে ঝগড়াও করত। এদেশে ওদেশে যুদ্ধ লাগতো! সত্যি, মজার ব্যাপার, না? এ যুগের অনেক ছেলেমেয়ে এসব শুনলে বিশ্বাসই করতে পারবে না?


এখন কারুর নামে কোনও পদবি নেই, তাই কোনও জাতও নেই। সবাই মানুষ, এই শুধু পরিচয়। স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের শিখতে হয় মাত্র দুটো ভাষা। নিজের মাতৃভাষা আর এসপারান্টো। পৃথিবীর যে-কোনও লোক অন্য দেশে গিয়ে এসপারান্টো ভাষায় কথা বলতে পারে, সবাই বুঝবে। এই ভাষা শেখাও খুব সহজ। অবশ্য এই ভাষায় ইংরেজি শব্দ একটু বেশি, কিন্তু পৃথিবীর সব ভাষার শব্দই এর মধ্যে আছে। যেমন, আমি কবিতা লিখি, এর এসপারান্টো হচ্ছে, জ্য রাইট কবিতা!


যে-বইটা রা পড়ছে, তাতে এক জায়গায় আছে যে, একটা গরিবের ছেলের ওপর একজন বড়লোক খুব অত্যাচার করছে। পড়তে-পড়তে রা খুকখুক করে হাসতে লাগল। কী অদ্ভুত ছিল আগের যুগের মানুষগুলো! ওদের কি মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু ছিল না? শুধু ঝগড়া, মারামারি আর অত্যাচার আর দুঃখ! গরিব-বড়লোক আবার কী জিনিস? এখন তো ওসব কিছুই নেই। সব মানুষ সমান, যার যেমন গুণ, সে সেইরকম কাজ করে। কেউ বড় নয়, কেউ ছোট নয়।


ডান দিকে এক জায়গায় দুবার লাল আলো জ্বলে উঠতেই রা বইটা নামিয়ে একটা রিসিভার তুলে নিল। সঙ্গে সঙ্গে একটা গলা ভেসে এল, রকেট সংখ্যা আলফা বিটা সাত দুই নয় শূন্য?


রা বলল, হ্যাঁ।


ওদিক থেকে একজন জিজ্ঞেস করল, জীবন কী রকম?


রা বলল, চমৎকার!


স্পেস স্টেশন সাতাশ থেকে বলছি…দশ নম্বর স্টেশন থেকে আপনাকে চাইছে.. ধরে থাকুন, লাইন জুড়ে দিচ্ছি।


একটুক্ষণ ধরে থাকার পর আবার একজন জিগ্যেস করল, আলফা বিটা সাত দুই নয় শূন্য?


হ্যাঁ বলছি।


জীবন কী রকম?


অপূর্ব সুন্দর। এখন বলুন তো, কী ব্যাপার?


পৃথিবী থেকে কেউ একজন কথা বলবে আপনার সঙ্গে। ধরে থাকুন সাবমেরিন স্টেশনের সঙ্গে লাইন জুড়ে দিচ্ছি। আপনার প্রত্যেকদিন আনন্দে কাটুক!


ধন্যবাদ! আপনারও প্রতিটি দিন আনন্দময় হোক।


সাবমেরিন স্টেশন শুনেই রা বুঝতে পেরেছে কার টেলিফোন। এই কিছুদিন হল তার মায়ের স্বাস্থ্য ভালো যাচ্ছে না। তার একটু হাঁপানির অসুখ আছে বলে পৃথিবীর জল-হাওয়া সহ্য হয় না। অথচ অন্য কোনও গ্রহেও তিনি যাবেন না। সেই জন্য গত বছরে ভারত মহাসাগরে দু-মাইল জলের তলার কলোনিতে যে সস্তায় জমি বিক্রি হচ্ছিল, সেখানে রা-র বাবা জমি কিনে একটা ছোট বাড়ি করেছেন। রা অবশ্য বাড়িটা এখনও দেখেনি, তবে শুনেছে বেশ ভালো জায়গা। ওখানে মাছ খুব সস্তা।


হ্যালো, হ্যালো, কে ঝিলম? শুনতে পাচ্ছ আমার কথা?


না, মা। আমি রা বলছি। হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি তোমার কথা!


ও, রা? বাপরে বাপ! আজকাল যা হয়েছে টেলিফোনের অবস্থা, কিছুতেই লাইন পাওয়া যায় না। সেই কখন থেকে তোকে ধরার চেষ্টা করছি। শোন, তোকে একটা ভালো খবর দিচ্ছি। শুনতে পাচ্ছিস?


হ্যাঁ, মা খুব পরিষ্কার শুনতে পাচ্ছি। বলো।


তবে কি আমারই কানের দোষ হল? তোর গলাটা যেন চিনতে পারছি না। শোন রা, আমাদের বাগানে যে কাঁচালঙ্কা-গাছ পুঁতেছিলাম, তাতে কাল ফুল ধরেছে, এবার লঙ্কা হবে! বুঝলি?


উঃ মা! তোমাকে নিয়ে আর পারি না! এই তোমার ভালো খবর? এর জন্য টেলিফোন করলে? কত খরচ জানো?


ও-মা, ভালো খবর নয়? আমাদের এই অতল নগরী চারশো দুই-তে আর কারও বাড়িতে কাঁচালঙ্কা গাছ আছে? এখানে লঙ্কাই পাওয়া যায় না। তুই তো জানিস, আমি একটু’ ঝাল ছাড়া একদম খেতে পারি না। এত ভালো-ভালো চিংড়ি মাছ পাওয়া যায় এখানে, ইচ্ছে করে যে জিরে-পাঁচফোড়ন দিয়ে পাতলা ঝোল রাঁধব, কিন্তু তুই বল, কাঁচালঙ্কা ছাড়া জিরে-পাঁচফোড়নের ঝোল হয়?


বুঝেছি, বুঝেছি, খুব ভালো খবর। আমরা ফিরলে তোমার গাছের কাঁচালঙ্কা দিয়ে ঝোল বেঁধে খাইয়ো। তোমরা সব কেমন আছ?


ভালো আছি। তোরা ভালো আছিস তো? খুব বেশি দূরে যাসনি যেন! জামাই কোথায়? তাকে একটু দে না, কথা বলি!


সে তো ঘুমোচ্ছে। কথা বলার উপায় নেই তো।


ও, ঘুমোচ্ছে? বুঝেছি। তা কতদিন হল ঘুমোচ্ছে?


আটদিন।


আর কতদিন ঘুমোবে?


দাঁড়াও, হিসেব করে বলছি, হ্যাঁ আরও কুড়িদিন।

**********
No Review
Related Books
Loading books…