
অশ্লীল
সমরেশ বসু
পর্ব ১
যতই সন্ধে ঘনিয়ে আসছে, ভদ্রলোকের মুখ ততই যেন শক্ত হয়ে উঠছে। যাকে বলে তেড়িয়া ভাব, সেই রকম। জানি না, এর পরে, আমাকে গলা ধাক্কা দিয়ে, এই কুপে থেকে বের করে দেবেন কি না। দিলেও আমার কিছু করার সাধ্য নেই। আমাকে করিডরেই রাত কাটাতে হবে। এমন না যে, চেয়ার কার কমপার্টমেন্টে গিয়ে, কোনও চেয়ারে বসে, রাতটা কাটিয়ে দিতে পারব। আমার মতো লোকের পক্ষে যতটা জানা সম্ভব, সেই হিসাবে জানি, এই পুরো এয়ারকন্ডিশন্ড এক্সপ্রেস ট্রেনে একটি খালি সিট নেই, একটিও চার বা দুই জনের কুপে খালি নেই। সব একেবারে ভরাভরতি, সেই কী একটা কথা যেন আছে, বর্ষার জলে ভরে ওঠা পুকুরকে বলে কী কথাটা? আহ, মমতা কাকিমার মুখে যে কথাটা প্রায়ই শুনেছি। কী কথাটা? মমতা কাকিমা বাঙাল-মানে পূর্ববাংলার মেয়ে, কিন্তু অনেকের মতে, তিনি বাঙাল’ বললে চটে যান না, যেমন আমাকে কেউ ঘটি বললে আমার বেশ মজা লাগে। ঘটি। আমি একটা ঘটি, কী তার মানে, আমি কিছুই জানি না, কিন্তু আমি যেন একটা ঘটি, পেতলের বা অ্যালুমিনিয়ামের, ভাবলেই হাসি পায়, আর মজা লাগে। অথচ বাঙাল শব্দের একটা বিশেষ অর্থ আছে, কার বইয়ে যেন পড়েছিলাম, বঙ্গ+আল, বঙাল–মানে বাঙাল। অবিশ্যি জানি না, বঙ্গ+আ বঙাল থেকেই বাঙাল কথাটা এসেছে কি না, তবে এটা জানি বাঙালদের শব্দের স্টক আমাদের থেকে অনেক বেশি। সেজন্যই বোধ হয় মমতা কাকিমাকে কেউ বাঙাল বললে, তিনি ঠোঁট বাঁকিয়ে হেসে বলেন, বাঙালরা ছিল, তাই তরে গেলে। খুব সত্যি কথা। বাংলা ভাষার শব্দের স্টক আজকাল অনেক বেশি বেড়ে গিয়েছে, আর সেটা পুব বাংলার মানুষদের জন্যই। কিন্তু সেই কথাটা–মমতা কাকিমা যেটা বলেন–সেই কথাটা–এমন অস্বস্তি হয়, ইচ্ছা করে, মারি এক থাপ্পড় নিজের গালে, অথবা যদি পেতাম ‘মেমারি’ বলে বস্তুটাকে নিজের শরীরের মধ্যে কোথাও, এক রামচিমটি কেটে, উল্লুকটার ঝুঁটি নেড়ে আহ, যাক, এত দূর আর যেতে হল না, মনে পড়ে গিয়েছে, কেন না, মমতা কাকিমার পান খাওয়া সেই সুন্দর লাল ঠোঁট দুটো চোখের সামনে ভেসে উঠল কি না, তাতেই মনে পড়ে গেল, কথাটা টইটুম্বুর। টই-টুমবুর, মানে একেবারে ভরাভরতি, মানে এই গাড়িটা যাত্রীতে ভরা টইটুম্বুর। কোথাও একটু জায়গা পাওয়া যাবে না। কিন্তু ভদ্রলোকের হাবভাব আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। মুখের ভাব যে কেবল তেড়িয়া হয়ে উঠছে, তা না। যত বারই চোখ তুলে তাকাতে গিয়েছি, উনি আমার দিকে কটমট করে তাকিয়ে দেখছেন। চোখে চোখ পড়লেই, দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন ঠিকই, কিন্তু এমনভাবে ঘাড়ে ঝটকা দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আর প্রকাণ্ড শরীরটাকে নড়িয়ে-চড়িয়ে বসবার ভঙ্গি বদল করছেন, আর তার জন্য ওঁর খুব সুন্দর ছাপা সিল্কের লুঙ্গিতে, র সিল্কের জামায় খসখস শব্দ হচ্ছে, গদি মসমঁসিয়ে উঠছে, আমি মোটেই স্বস্তি বোধ করছি না। এমনিতেই ওঁর মুখটা চৌকো আর মোটা তুমবো তুমবো মতো, ফরসা আর লালচে রং, চোখের কোলগুলো ফোলা ফোলা, এবং চোখ দুটোও লাল, রেগে টং হলে যেমন হয়। না, শুধু রাগ-ই বা বলছি কেন, একটা–একটা মানে, একটা ঘৃণা আর আক্রোশের ভাব–অর্থাৎ যাকে বলে অভিব্যক্তি, যেন রয়েছে।
কেন যে তপনকাকা আমাকে এই এসি কোচের, সিঙল কুপে-তে টিকেট কেটে তুলে দিলেন! চেয়ার কারের টিকেট কেটে দিলেই পারতেন, আমি অনেক লোকের সঙ্গে, অনেকের অনেক কথা শুনতে শুনতে, বেশ জার্নি করতে পারতাম। রাত্রে শোয়া? কোনও দরকার ছিল না। একটা রাত না শুলে মরে যাব না। কিন্তু টাকা? আমাদের যে অনেক টাকা, তপনকাকার অনেক টাকা। আমি যত খারাপ আর পাজি আর বদমাইশ আর নোংরা চরিত্রের ছেলে হই, (মাস চারেক আগে সেটা প্রমাণ হয়েছে, আমি খারাপ, আমার একেবারে বারোটা বেজে গিয়েছে। আমাকে তো এ রকম আরামেই ভ্রমণ করতে হবে। প্লেনে আসতে রাজি হইনি, তা-ই এই এসি কোচের সিঙল কুপে-তে আমাকে মরতে আসতে হয়েছে। তা ছাড়া আর কী বলব। এ রকম ঠাণ্ডা একটা খুপরির মধ্যে আমি আর এই ভদ্রলোক, আমার কাছে তো এখন মনে হচ্ছে, একটা গুহার মধ্যে বাঘের পাশে বসে আছি। অথচ মাত্র পাঁচ দিন আগেও, দুমাস আমি কোথায় ছিলাম? যাকে বলে সশ্রম কারাদণ্ড, তাই তো ভোগ করছিলাম, আর আজ আমি ভারতবর্ষের একটা সেরা এয়ারকন্ডিশন্ড গাড়ির সিঙল কুপেতে বসে, কলকাতা যাচ্ছি। বোঝো।
ওহ বাবা, আবার ভদ্রলোকের সঙ্গে চোখাচোখি হয়ে গেল, আর সেই ছোট ঘোট লাল চোখে রাগ, আক্রোশ, ঘৃণা এবং পায়ের ওপর পা বদলাতে গিয়ে সিল্কের লুঙ্গির সেই খসখস এবং গদির সেই মসমস শব্দ, যেন আমাকেই পিষে মারছেন। সন্ধে যতই ঘনিয়ে আসছে, ততই উনি যেন কেমন ‘ভয়ংকর হয়ে উঠছেন, অন্তত আমার সেই রকমই মনে হচ্ছে। অবিশ্যি কারণ একেবারে নেই, তা বলব না, কারণ উনি আমাকে চেনেন, আমিও ওঁকে চিনি, আর আমার সশ্রম কারাদণ্ডের কথাও উনি জানেন, মানে বলতে গেলে, আমাকে অভিযুক্ত করা এবং শাস্তি দেবার পিছনে ওঁরও যথেষ্ট অবদান আছে। অবদানই বলতে হবে, কারণ সবাই জানে, উনি আসলে একটি মহৎ কাজই করেছেন। কিন্তু এখন এ রকম করছেন কেন, আর সন্ধে নেমে আসার সঙ্গে সঙ্গে এ রকম হয়ে উঠছেন কেন। আমি তো শান্তভাবেই বসে আছি, বই পড়ছি, এবং এমনকী আমি আগে এসে জানালার ধারে বসেছিলাম বলে, আমাকে সরে যেতে বলেছেন, আমি সরে গিয়েছি, উনিই জানালার ধারে বসে আছেন, আর চার মাস আগেও সবাই জানত, আমি বরাবরই শান্ত, বাধ্য। এখন হয়তো অনেকে আর ওটা বিশ্বাস করতে চাইবে না। কিন্তু আমি তো জানি, আমি যে আমি, সেই আমিই আছি, সেই আদি ও অকৃত্রিম মদনমোহন। শান্ত বাধ্য বলতে যে আমি গল্পগুজব, হাসিঠাট্টা করতে ভালবাসি না, তা না। এমনকী আমি পড়াশোনায়ও বরাবর ভাল ছিলাম, এখনও বই ছাড়া আমার চলে না, যদিও কিনা, আমাদের বাড়ির লোকেরা, বা আত্মীয়স্বজনরা সকলেই আমাকে কেমন যেন বোকা বোকা ভাবে। নির্বোধ যাকে বলে। অথচ সত্যি আমি তা না, আমি নিজে তা ভালই জানি, এবং এও জানি, এ কথা কারোকে বলা চলে না, বিশ্বাস করো, আমি সত্যি বোকা না। এখন তো অবিশ্যি সবই বদলিয়ে গিয়েছে। এখন আমি বোকা তো বটেই, তার ওপরে দুর্নাম জুটেছে, আমি খারাপ চরিত্রের ছেলে, নোংরা, বদমাইশ। আমাকে দিয়ে এ সংসারে আর কিছুই হবে না। তপনকাকার দাদা সবিতামোহন তো পরিষ্কার আমার মুখের ওপরেই বলে দিয়েছেন, বদমাইশি করতে হলে চালাক হওয়া দরকার। বোকা বদমাইশদের ওষুধ একমাত্র উত্তমমধ্যম। উত্তমমধ্যম মানে মার। তা হবে হয়তো। সত্যি, কী যে হয়ে গেল একটা ব্যপার।
উহ্ মিস্টার জে. বিশওয়াস্ আবার আমার দিকে সে রকম করে তাকিয়ে দেখলেন, এবং সেই শব্দ, ঘাড়ে ঝটকা। ব্যাপারটা এবার যেন একটু ঘন ঘন হচ্ছে। প্রথমে কুপে-তে ঢুকেই মিস্টার জে. বিশওয়াস যেন একটা ঘেয়ো কুকুর দেখে থমকে দাঁড়িয়েছিলেন। দু চোখে রাগ, ঘৃণা, বিরক্তি, কী না ছিল। তখন তিনি ট্রাউজার, টাই, কোট ইত্যাদি পরেছিলেন এবং চোখে চশমা ছিল, আর কপালের সামনে থেকে। কলপ উঠে যাওয়া বাদামি চুল ভালভাবে পাট করা ছিল। কয়েক সেকেন্ড সেই রকম ভাবে তাকিয়ে থেকে, চোখ থেকে চশমাটা যেন হেঁ মারার মতো ছিনিয়ে খুলে নিয়ে, প্রায় ধমকে উঠেছিলেন, তুমি? এখানে?
আমি যে রকম শান্তভাবে বলে থাকি, সেভাবেই বলেছিলাম, কলকাতায় যাচ্ছি।
মিস্টার জে. বিশওয়াস–মানে জগত বিশ্বাস, (উনি নিজে কখনও বিশ্বাস উচ্চারণ করেন না, নিজেকে বিশওয়াস বলেন।) তারপরেও কয়েক সেকেন্ড আমার দিকে সেইভাবেই তাকিয়েছিলেন, এবং কিছু যেন ভেবেছিলেন, এবং শব্দ করেছিলেন, হুম! শব্দের মধ্যে রাগ স্পষ্ট ছিল। পিছনেই দরজার সামনে, কুলি ওঁর সুটকেস নিয়ে দাঁড়িয়েছিল। মিস্টার জে. বিশওয়াস সুটকেসটা কুলিকে রাখতে ইঙ্গিত করে, কোটের পকেট থেকে কিছু খুচরা পয়সা বের করে দিয়েছিলেন। কুলিটা একটু হেসে কপালে হাত ঠেকিয়েছিল, হাসিটা কেমন যেন খোশামোদের হাসির মতো দেখাচ্ছিল, এবং আবার হাত পেতে বলেছিল, হুজোর।
তার মানে, সে আরও বেশি পয়সা চেয়েছিল, উনি জোরে ধমকে উঠেছিলেন, ভাগো।
কুলিটা যে ভয় পেয়েছিল, আমি তার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। সে কেবল মিস্টার জে বিশওয়াস সাহেবের মুখের দিকে এক বার দেখে, মাথা নিচু করে চলে গিয়েছিল। কুলিরা অনেক সময়েই খুব অন্যায় করে, বিরক্ত করে, বলা যায়, পেজোমি করে, কিন্তু তখন কুলিটার জন্য আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। কুলিটা চলে যেতেই তিনি কোট খুলে কুপের দেওয়ালে আয়নার পাশে হুকে ঝুলিয়ে রেখেছিলেন, টাইটার নট আলগা করে দিয়েছিলেন, এবং নিজেকে আয়নায় দেখছিলেন। উনি বেশ চওড়া, শক্ত, মোটাসোটা লোক, তবে বেশ বেঁটে। বেঁটে বললে অনেকে চটে যান, আমি মনে মনে বলেই বলতে সাহস পেয়েছিলাম। মিস্টার জে. বিশওয়াস তার কপালের সামনে চুল দেখতে দেখতে বেশ রাগ রাগ গম্ভীর স্বরেই হঠাৎ জিজ্ঞেস করেছিলেন, ওটা কী বই পড়ছ?
এমন চমকে উঠেছিলাম ওঁর জিজ্ঞাসায়, কারণ আমার খেয়ালই ছিল না যে, আমি বই পড়ছিলাম, আমার কোলের ওপরে একটা বই রয়েছে। আমাকে কেউ তো সেই যাকে বলে সি অফ বা গুডবাই বা বিদায় দিতে আসেনি। তপনকাকার ড্রাইভার আমাকে স্টেশনে পৌঁছে দিয়ে, সুটকেসটা নামিয়ে দিয়েই চলে গিয়েছিল। আমি আমার কুপে দেখে, ঠিক মতো টিকেট দেখিয়ে উঠে, জানালার ধারে বসে বই পড়ছিলাম। আমার দু সেকেন্ড দেরি হয়েছিল জবাব দিতে, বলেছিলাম, এটা গর্কির মামা’
আমার কথা শেষ হবার আগেই, মিস্টার জে. বিশওয়াস বলে উঠেছিলেন, মাদার, গর্কিজ মাদার! গুড, ভেরি গুড, গ্রেট বুক, য়ু শুড রিড দ্যাট বুক।
মালভা! মিস্টার জে. বিশওয়াস যেন আঁতকে উঠেছিলেন। তারপরেই, কী বলব, ঠিক যেন বাঘের মতো গর্জন করে উঠেছিলেন, মালভা? যু আর রিডিং দ্যাট স্টোরি?
আমি বুঝতে পারিনি, কেন মিস্টার জগট বিশওয়াস, (ওঁর নামের উচ্চারণটা উনি এ রকমই করেন, আমি শুনেছি, ‘জগট’) এতটা–মানে যাকে বলে ক্ষেপে ওঠা, তা-ই উঠেছিলেন। কারণ আমার ধারণা ছিল, আমি একটা জগৎ (এক্ষেত্রে ‘জগট’ না।) বিখ্যাত গল্প পড়ছিলাম। তাই আমি ভেবেছিলাম, উনি বোধ হয় কিছু একটা ভুল করেছেন। আমি যে ম্যাকসিম গর্কির বিখ্যাত গল্প মাল পড়ছি, উনি হয়তো সেটা ঠিক ধরতে পারেননি, কিন্তু, তা-ই বা হয় কী করে। উনি তো মালভার নাম উচ্চারণ করলেন, শুনতে ভুল করিনি, অথচ রাগে ওঁর চোখ দুটো যেন ধকধক করছিল, সেই চোখের দিকে চেয়ে থাকা কঠিন, আর ভীষণ রাগেই উনি যেন কথাও বলতে পারছিলেন না। তবু আমি খানিকটা ভুল ভাঙাবার মতো করেই, একটু হেসে বলেছিলাম, আজ্ঞে হ্যাঁ, মানে দ্যাট ফেমাস স্টোরি অব
শাট আপ৷ মিস্টার জে, বিশওয়াস আমাকে এক ধমক দিয়ে উঠেছিলেন। আমি এমন ঘাবড়ে গিয়েছিলাম, আর বুকের মধ্যে এমন করছিল, ভেবেছিলাম, আমাকে হয়তো একটা থাপ্পড় মেরেই দেবেন, কেন না ওঁর শক্ত, মোটা শরীর নিয়ে আমার দিকে এক পা এগিয়ে এসেছিলেন, এবং রেগে ধমকেই বলেছিলেন, য়ু ডোন্ট ট্রাই টু টি মি, হুইচ অ্যান্ড হোয়াট স্টোরি ইজ ফেমাস। আমি জানি, এটাই তোমার কাছে ফেমাস স্টোরি হবে, ইট ফিটস য়ু, দিস অবসিন ফিলদি স্টোরি।
ভীষণ অবাক হলেও যে গায়ের মধ্যে কেঁপে, কী রকম একটা ঘুলিয়ে ওঠার মতো হয়, আমার তা আগে জানা ছিল না। আমি কোনও রকমে উচ্চারণ করতে পেরেছিলাম, অবসিন? ফিলদি?
মিস্টার জে. বিশওয়াস তার স্বরে একটা জোর ধাক্কা দিয়ে বলেছিলেন, অবকোর্স। যেখানে বাবা আর ছেলে একটা মেয়েমানুষের (মেয়েমানুষ! মিস্টার জে. বিশওয়াস উচ্চারণ করতে পারলেন।) জন্য পশুর মতো মারামারি করতে পারে, আর তাই দেখে সেই মেয়েটা লুটিয়ে পড়ে হাসতে পারে, দ্যাট ইজ অবসিন, হান্ড্রেড পার্সেন্ট অবসিন।
আমার মনে হয়েছিল, সমস্ত শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে, আমার জ্ঞান লোপ পেয়ে যাচ্ছে, তবু আমি বুঝতে পারছিলাম, অবাক না, আসলে যাকে বলে অসহায়–্যা, অসহায় প্রতিবাদেই আমার গায়ের মধ্যে কেঁপে উঠেছিল, এবং আমি একটা নিকৃষ্ট উল্লুকের মতো আবার বলেছিলাম, কিন্তু দেখুন, পেটি বুর্জোয়া বাবা আর ছেলের মাঝখানে, আসলে মালভা চরিত্র, আর সেই বেকার আর দু-দু-দুর্জয়।
আমার কথা শেষ হতে পারেনি, তার আগেই মিস্টার জে. বিশওয়াস ঠ্যাং ফাঁক করে দাঁড়িয়ে, কেমন একটা বাঘা চ্যালেঞ্জের ভঙ্গিতে, ঘাড় একটু কাত করে আমার দিকে সোজা তর্জনী তুলে ঠিক বাঘের মতোই নিচু স্বরে যেন গরগর করে উঠেছিলেন, আর য়ু টিচিং মি ইজ ইট?
আমি তাড়াতাড়ি ঘাড় নেড়ে বলেছিলাম, আজ্ঞে না।
তিনি তেমনিভাবেই জি