
লিলি সিম্পসন এর বাঘ
বুদ্ধদেব গুহ
০১.
উরি বাবাঃ। একেবারে কাঁড়িয়া পিরেত মারা শীত।
রুদ বাংলোর বসার ঘরের দরজাটা ফাঁক করে ট্রেতে করে এক থালা গরম পেঁয়াজি বাবুর্চিখানা থেকে এনেই দড়াম করে শালকাঠের পেল্লায় পাল্লাটাকে ভেতর থেকে বন্ধ করে ঘরের মধ্যে ঢুকল ভটকাই। ঢুকে, ট্রেটাকে সেন্টার টেবিলের ওপর রাখল। বলল, যে যে গরম পেঁয়াজি খেতে চাও, খেয়ে নাও। দ্যাখো আনতে আনতেই বোধহয় কুলফি হয়ে গেল। বিলেতেও এত শীত নেই।
তুই কি বিলেতে গেছিস?
যাইনি, যাব কখনও নিশ্চয়ই।
ঋজুদা পাইপটা মুখ থেকে বাঁ হাত দিয়ে নামিয়ে ডান হাত দিয়ে একটা পেঁয়াজি তুলে নিতে নিতে আমাদের বলল, সত্যিই রে। খেলে খা। এখুনি ঠান্ডা হয়ে যাবে।
তারপর ভটকাইয়ের দিকে ফিরে বলল, কাঁড়িয়া পিরেত তো ভূশণ্ডির মাঠের পেতনিই, সে আবার নতুন করে মরবে কী করে!
বাংলার পেনেটির কাছের ভূশণ্ডির মাঠ আর পালামৌয়ের এই রুদ বাংলো৷ কীসের সঙ্গে ইসে। ভূত পেতনিও এই শীতে নির্ঘাত মারা যাবে।
ভটকাই বলল।
আমি বললাম, এখানে তাই বাংলার ডিসপেপটিক, যখন-তখন চা খাওয়া টিংটিঙে এ ভূত বা নেকি পেতনি পাবি না। এখানের ভূতদের ব্যাপারই আলাদা।
তিতির বলল, তুমি কি পালামৌর ভূতদের ওপরে অথরিটি?
আমি নই। রমেনদা। ঋজুদাকে জিজ্ঞেস কর না। রমেনদাকে আমি মাত্র একবারই মিট করেছিলাম বেতলাতে। তাও অনেকদিন আগে। তখন রমেনদা লাঠি নিয়ে চলেন। জিপ অ্যাক্সিডেন্টে একটি পা কেটে বাদ দিয়ে ছোট করে দিতে হয়েছিল। ছিলেনও গড়িয়াহাটের প্রেসিডেন্সি নার্সিংহোমে বহুদিন। তখন ঋজুদার সঙ্গে দেখতেও গেছিলাম ওঁকে একদিন। তাই না ঋজুদা?
হুঁ।
ঋজুদা বলল।
তা তোর রমেনদার সঙ্গে পালামৌর ভূতেদের কী সম্পর্ক?
সে তার নিজের মুখে শুনলে বুঝতি। তবে দুরকমের ভূতের কথা আমার মনে আছে। প্রথম রকম দারহা ভূত। তার সঙ্গে জঙ্গলের পথে একলা তোর যদি কখনও দেখা হয়ে যায় তো সে একবার শালগাছের মতো লম্বা আর একবার পুটুস ঝাড়ের মতো বেঁটে হয়ে যাবে। দেখতে অতি সাধারণ দেহাতি। খাটো ধুতি আর ফতুয়া বা শার্ট পরনে, শীতকাল হলে কাঁধে একটা কম্বল। সে ওমনি ক্রমাগত লম্বা আর বেঁটে হতে থাকবে।
তারপর?
ভটকাই ইন্টারেস্ট পেয়ে, পেঁয়াজিতে কামড় দিয়ে বলল।
তারপর, হয় তোমার জান বাঁচাবার জন্যে তার সঙ্গে কুস্তি লড়ো, নয়তো ফওত হয়ে যাও।
ফওত হয়ে যাও মানে?
ভটকাই প্রশ্ন করল।
মানে, তোর ভাষাতে ফুটে যাওয়া আর কী। তবে সে ওমনি ফোঁটা নয়। পার্মানেন্ট ফোঁটা। মরে তুমি হয় পুটুস ফুল নয় কেলাউন্দা হয়ে জঙ্গলের অঙ্গ হয়ে যাবে। মনুষ্যত্ব গায়েব হয়ে যাবে।
আর অন্যরকম ভূত?
সে ভূতকে দেখা যায় না। তারা কোয়েল নদীর খাত ধরে খাপু খাপু খাপ খাপু করে ডাকতে ডাকতে পাখি হয়ে ওড়ে। চাঁদনি রাতে বেশি ওড়ে অন্ধকার রাতের চেয়েও। সেই সময়ে কেউ যদি নদীর দিকে যায় তবে ঘাড় মটকে দেয় নিপুণ হাতে। ঘাড় মটকাবার শব্দটা পর্যন্ত শোনা যায় না।
যত্ত সব গ্যাঁজা গুল।
ভটকাই বলল।
আমি বললাম, নিজের সাধের ঘাড়টি যখন মটকাবে তখনই জানবে গাঁজা না গুল। গাডু বাংলোতে আমি একবার ঋজুদার সঙ্গে ছিলাম গরমের দিনে। চাঁদনি রাতে নদীর দৃশ্য একটু ভাল করে দেখতে নদীর দিকে নেমেছি কয়েক পা বাংলো ছেড়ে, শুনি খাপু খাপু খাপু ডাক।
তারপর?
তারপর আর কী? এক লাফ মেরে প্রায় দৌড়ে বাংলোর বসার ঘরে যেখানে ঋজুদা, মোহনদা, রমেনদা, বাবলুদা, নিমাইঁদারা সব বসে গল্প করছিল। এক পাটি স্লিপার পড়ে রইল বালিতেই।
ওরা সকলে সমস্বরে বললেন, কী হল? রুদ্র?
আমি বললাম, কিছু না তো।
পরদিন সকালে চটির পাটিটি উদ্ধার করি।
ঋজুদা হাসি হাসি মুখ করে আমার নির্জলা গুল শুনছিল। এমন রাতে, এমন পরিবেশে, এমন ঠান্ডায় ভূত-প্রেত সব কিছুই মানিয়ে নেওয়া যায়।
ঋজুদা বলল, গাড়ুর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এত বড় কংক্রিটের ব্রিজ হয়ে। যখন ব্রিজ ছিল না তখন শীতকালে বাঁশের চাটাই পাতা থাকত, নদীতে যেখানে কম জল সেখানে। মোহনরাই পাতাত। যাদের অনেক ট্রাক বা জিপ ওপারে যেত-আসত, তারা ছাড়া আর কার গরজ? অনেক নির্জন ছিল জায়গাটা। গাড়ু বস্তিটাও এত বড় হয়ে ওঠেনি তখন। বড় বাঘের ডিপো ছিল তখন গাডু। ওপাশে কুটুকু আর ওদিকে মারুমার। মারুমারে অবশ্য নদী ছিল না। নালা ছিল একটা। গাড়ু আর কুটুকু ছিল নদীর ওপরেই।
আর কেচকি? ঔরঙ্গা আর কোয়েলের সঙ্গমে?
তিতির বলল।
হ্যাঁ কেচকি পিকনিক স্পট ছিল, শিকারের জায়গা ছিল না।
তারপর চুপ করে থেকে বলল, মাঝে মাঝে মনে হয় এই সমস্ত জায়গার স্মৃতি ও অভিজ্ঞতার কথা লিখে রেখে যাই। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো এসব স্মৃতি মুছে যাবে। কতদিনের কতরকম স্মৃতি। কত মানুষ, শহরের, গ্রামের, জঙ্গলের। পালামৌতে এখনই আসি না, নইলে প্রায় পঁয়ত্রিশ বছর প্রতি বছর একাধিকবার এসেছি। তা অবশ্য সম্ভব হয়েছিল মোহন বিশ্বাসের বাবা মুকুন্দলাল বিশ্বাস আর প্রিন্স অফ পালামৌ মোহন বিশ্বাসেরই জন্যে। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার।
তুমি না লিখলে কী হবে, তোমার চেলা রুদ্র রায় তো কম লেখেনি তোমার সম্বন্ধে।
তা ঠিক। ওই তো বিখ্যাত করে দিল ঋজু বোসকে। নইলে, কে আর তাকে চিনত। এমনই বেশি বিখ্যাত করল যে মাঝে মাঝে এমব্যারাসিং লাগে।
তুমি কী বলছ ঋজুদা! আজকে বাংলার প্রায় প্রতি ঘরে ঘরে একজন করে ঋজু। হয়ে গেছে তা কি তুমি জান? সকলের ছেলের নামই দেখি ঋজু।
এমনকী বাস ও ট্যাক্সির নামও হয়ে গেছে ঋজু।
তাই? এ সবই রুদ্রর অপকীর্তি।
ঋজুদা বলল।
এই রুদ বাংলো ঘিরে তোমার কী স্মৃতি আছে?
স্মৃতি তো আছে অনেকই। তার মধ্যে রুদের মানুষখেকো বাঘ শিকারের স্মৃতিটাই সবচেয়ে উজ্জ্বল।
মানুষখেকো বাঘ? রুদে? কত বছর আগে?
তা পঁয়ত্রিশ বছর তো হবেই কম করে। তখন আমি একেবারে ছেলেমানুষ। জেঠুমনির মক্কেল ছিলেন মুকুন্দলাল বাবু। সেই সুবাদেই জেঠুমনি পালামৌতে প্রথমবার আসেন পঞ্চাশের দশকে। আমি তখন স্কুলে পড়ি। তারপর আঠারো বছর বয়স হতেই একা একাই আসতাম জেঠুমনি ও মুকুন্দবাবুর প্রশ্রয়ে। মোহন আমার ছোট ভাইয়ের মতো ছিল। অল্প বয়সে মুকুন্দবাবু মারা যাওয়ার পর মোহনই এত বড় ব্যবসাকে আরও অনেক বড় করে। মোহনের সাকরেদরা ছিল রমেনদা, বাবলু, নিমাই, শান্টু এবং আরও অনেকে। সেসব অন্য প্রসঙ্গ। কত আনন্দ যে করেছি ওদের সকলের সঙ্গে বহু বহু বছর, তা বলার নয়। ওদের প্রতি কৃতজ্ঞতার যে ঋণ, তা এ জীবনে শোধবার নয়।
তারপর বলল, এ জন্যেই আজকাল সাঁওতাল পরগনাতেই আর আসতেই ইচ্ছে করে না। হাজারিবাগে গোপাল সেন নেই, সুব্রত চ্যাটার্জি নেই, মহম্মদ নাজিম নেই, ডালটনগঞ্জে মোহন নেই, বাবলু নেই, রমেনদাও কলকাতাতে। যাঁদের কথা বলতে গিয়ে ‘নেই’ বললাম তারা একেবারেই নেই। মোহন আমার চেয়ে অনেক ছোট ছিল, বাবলুও। গোপাল ও সুব্রত সমবয়সি–আমার দীর্ঘদিনের বন্ধু বনজঙ্গলের। নাজিম সাহেব যদিও বয়সে বড় ছিলেন কিন্তু স্পিরিটে নয়। মনমৌজি, জিন্দা-দিল, জবরদস্ত পুরুষমানুষ। তোরা তো জানিস, শহরে আমার কোনও বন্ধু নেই, শত্রু আছে অনেক। বন্ধুরা সব জঙ্গলের বন্ধু ছিল। আজ তারা প্রায় কেউই নেই। অসময়ে চলে গেছে অনেকেই।
তারপরে বলল, হ্যাঁ থাকবার মধ্যে ওড়িশার কটকে আছেন চাদুবাবু, সমরেন্দ্রনাথ দে আর অঙ্গুলে বিমলবাবু, বিমল ঘোষ। কটকের ফুটুদা, পি কে সুরও চলে গেছেন। চাদুবাবু ও বিমলবাবু বয়সে আমার চেয়ে সামান্য বড় হলেও, তারা ভালই আছেন। ওড়িশার জঙ্গলের সেসব দিনের কথাও ভোলার নয়।
তারপর বলল, বয়স তো কারওই বসে থাকে না। মেঘে মেঘে বেলা বাড়েই। চলে যাওয়ার আগে সকলের প্রতি কৃতজ্ঞতা, নমস্কার জানাতে ইচ্ছা করে যদিও জানি না, যাঁদের উদ্দেশে তা জানানো, তা তাদের কাছে পৌঁছবে কি না!
রুদের বাঘের গল্পটা আমাদের শোনাবে না ঋজুকাকা?
তিতির বলল।
শোনাব না কেন? তবে আজকে নয়। আছি তো আরও দুদিন। আজ রাতে, কথা যে হয়েছে, শুধুই গান হবে। আগে তিতির তারপরে ভটকাই তারপরে রুদ্র।
আর তুমি? তিতির বলল।
আমি আবার গায়ক নাকি?
আমরা যদি গায়ক হই তো তুমি বড় গায়ক।
সে হবে। আর্টিস্ট বেশি হয়ে গেছে। দেখা যাবে।
.
০২.
পরদিন আমরা মিরচাইয়া ফলস-এ পিকনিকে গেলাম। কিছুটা এগিয়ে গ্লিয়ে ঋজুদা আমাদের সুগা বাঁধ আর মারুমারের বনবাংলো দেখিয়ে আনল। মিরচাইয়াতে লছমন আর ইকবালকে নামিয়ে দিয়ে যাওয়া হয়েছিল রসদপত্র দিয়ে। মিরচাইয়াতে এখন জল কম। বিরাট কালো চ্যাটালো পাথরগুলো, যাদের ওপর দিয়ে প্রপাতের জল নামে ওপর থেকে, এখন ন্যাড়া। ওই একটা পাথরের ওপরে রান্নাবান্নার বন্দোবস্ত করছে লছমনেরা। মুগের ডালের খিচুড়ি, বেগুনি, কষা মাংস আর টোম্যাটোর চাটনি। লছমন আবার টোম্যাটোকে বলে টোমাটম।
মারুমারের পুরনো বাংলোর পাশেই, ঠিক পাশে নয়, সামনের দিকে হুলুক পাহাড়ের দিকে মুখ করে দাঁড়ানো একটি বড় কুসুমগাছের ওপরে একটি কটেজ বানিয়েছেন পালামৌর বনবিভাগ। সেই কটেজের নাম দিয়েছেন বুদ্ধদেব গুহ। মি। এটা মারুমার বাংলোর চৌকিদারের কাছ থেকেই জানতে পেলাম আমরা।
ঋজুদা বলল, কুসুম গাছে যে লাক্ষা হয় তাকে বলে কুমি। লেখক হয়তো লাক্ষার কোনও কারখানাতে গিয়ে থাকবেন নইলে নামের এই মিলটা কাকতালীয় বলতে হবে। গাছে যে লাক্ষা হয় তাকে বলে সিড ল্যাক আর সিড ল্যাক থেকে তৈরি হয় স্টিক ল্যাক।
তিতির বলল, ওই লেখকের ‘সাসানডিরি’ নামের একটি বইয়েতে আছে মুরহুর একটি লাক্ষা কারখানার কথা। ‘মাধুকরী’র হাটচান্দ্রাতেও আছে লাক্ষা কারখানার কথা।
সাসানডিরি মানে কী?
আমি বললাম।
‘সাসানডিরি’ হচ্ছে মুন্ডাদের কবরখানা। তিতির বলল। ঋজুদা বলল, দেখলি। আমি কী আর এমনি এমনি বলি যে তিতির তোদের মধ্যে সবচেয়ে ওয়েল-ইনফর্মড।
ভটকাই বলল, তিতিরের যে খুব জ্ঞান তা আমরা জানি বলেই তো আমি ওকে মিস উইসডম বলে ডাকছি।
কবে থেকে ডাকছিস?
দু মাস হল।
বাজে কথা।
তিতির বলল।
তারপর বলল, তোমার যে কখন কী মতি হয়, তা তুমিই জান। তোমারও নাম আমি দিয়েছি একটা। এবার থেকে সকলেই সেই নামেই ডাকব তোমাকে।
কী?
মিস্টার গুলেরু।
গুল সকলে ইচ্ছে করলেই মারতে পারে না। গুল মারা একটা উঁচুদরের আর্ট।
তিতির বলল, কাল রুদ্র ভূতের গল্প বলছিলে তুমি। ঋজুকাকা, তুমি যে সারা পৃথিবীর বনে-জঙ্গলে এত ঘুরেছ, তোমার কোনও ভৌতিক অভিজ্ঞতা হয়নি।
ঠিক ভৌতিক বলব না, আধিভৌতিক বলতে পারিস।
আধিভৌতিক মানে কি আর্ধেক ভৌতিক?
ভটকাই বলল।
আমরা সকলে ভটকাইয়ের কথাতে হেসে উঠলাম।
জিপ তিতিরই চালাচ্ছিল। সামনে ঋজুদা বসেছিল। পেছনে আমি আর ভটকাই।
ঋজুদা বলল, হাসছিস কেন? ভটকাই বাংলাটা ভালই জানে। তা ছাড়া ওই স্ট্রং কমনসেন্স দিয়ে মানের প্রায় কাছাকাছি তো এসেছে।
বাংলা ও জানবে না কেন? আমাদের মধ্যে ওই তো একমাত্র যে বাংলা মাধ্যম স্কুলে পড়েছে এবং পড়ছে।
বাংলা জানব না কেন? তবে ওইসব ভূত-টুত সুপারস্টিশাস ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই। তোরা ইংরেজি-মিডিয