Home
দশ বছরের ছেলেটি

দশ বছরের ছেলেটি

সুনীল গঙ্গোপাধ্যায়

দশ বছরের ছেলেটি

সুনীল গঙ্গোপাধ্যায়
juvenile literature

Posted byবেলা 22-May-2025

Change color


বাবা-কাকাদের বয়সি একজন মানুষ সেজেগুজে অফিস যাচ্ছেন। বাড়িতে তিনি পাজামা আর গেঞ্জি পরে থাকেন, বাড়িতে খালি-পা আর পাড়ায় বেরুবার সময় চটি। কিন্তু অফিস যাবার সময় মোজা আর ফিতে-বাঁধা জুতো, প্যান্ট আর ফুল শার্ট গুঁজে পরা। এক-একদিন তাঁকে কোট আর টাই পরতেও হয়, বড়ো চাকরি করেন তো! অফিসার হলে আর কেউ পাজামা কিংবা ধুতি পরে অফিস যায় না!


এই মানুষটিকে দেখলে এখন কি বোঝা যাবে, ইনি ছেলেবেলায় কেমন ছিলেন? দুষ্টু না শান্ত? পড়াশুনোয় খুব ভালো, না ফাঁকিবাজ? ভীতু না সাহসী? সত্যি কথা বলতেন, না গুলবাজ? এখন যিনি বড়ো রাস্তার মোড়ে এসে মিনিবাসের জন্য অপেক্ষা করছেন আর ঘন ঘন তাকাচ্ছেন হাতের ঘড়ির দিকে, তাঁকে দেখলে এসব কিছুই বোঝা যাবে না!


এক-একজন মানুষের ছেলেবেলার জীবনটা একেবারে অন্যরকম হয়!


এঁর নাম জীবনময় সেনগুপ্ত। ছেলেবেলায় এঁর নাম ছিল জীবু, কেউ কেউ বলত জীবে, দু-একজন বলত জীবা। এঁর যখন দশ বছর বয়েস, সেই সময়কার গল্প বলি। সে তখন থাকত একটা গ্রামে।



এখন বেশ লম্বা-চওড়া স্বাস্থ্যবান পুরুষ, সেই দশ বছর বয়সে জীবু ছিল ছোট্টখাট্ট একটা ছেলে, মাথায় চুল খোঁচা খোঁচা, দুটো দাঁত পড়ে গেছে, তখনও নতুন দাঁত ওঠেনি। মাথায় বুদ্ধি ছিল, কিন্তু পড়াশুনোয় তেমন মন ছিল না। মাস্টারমশাইরা বলতেন, এ ছেলেটা মন দিয়ে পড়লে ফার্স্ট হতে পারে। কিন্তু জীবু ফার্স্ট-সেকেণ্ড কিছুই হয় না, তবে পাস করে যায়।


জীবুর খুব সাঁতার কাটার নেশা। মাত্র এক বছর আগে সাঁতার শিখেছে, এখন সে যখন-তখন বাড়ি থেকে বেরিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। তাদের বাড়ির কাছাকাছি পুকুর-খাল-বিল-নদীর অভাব নেই। জীবু চিৎ সাঁতার কাটে, ডুব সাঁতার কাটে, এক ডুবে অনেকখানি চলে যায়।


রোজ রোজ এক জায়গায় সাঁতার কাটতে তার ভালো লাগে না। তাই এক পুকুর থেকে চলে যায় অন্য পুকুরে, কোনো দিন নদীতে। একদিন নদীতে সাঁতার কাটতে গিয়ে সে একটা মস্তবড়ো সাপ দেখেছিল, কিন্তু তেমন ভয় পায়নি। সাপ দেখা তার অভ্যেস আছে।


এরকম সাঁতারের নেশার জন্য বাড়িতে খুব বকুনি খেতে হত তাকে। অনেকক্ষণ জলে থাকলে চোখ লাল হয়ে যায়। সেই সময় লাল চোখ নিয়ে বাড়ি ফিরলে মা তো বকুনি দিতেনই, তার দুই দাদা মারধরও করত মাঝে মাঝে।



বাবা অবশ্য মারতেন না বা বকতেন না, শুধু বলতেন আমার এ ছেলেটার লেখাপড়া কিছু হবে না। বড়ো হয়ে তুই কী করবি রে জীবু? নৌকোর মাঝি হবি?


জীবু ভাবে, নৌকোর মাঝি হওয়া তো খুব ভালো কাজ, সারাদিন বেশ জলে জলে থাকা যাবে!


জীবুর ইস্কুলের বন্ধু মিন্টুও সাঁতার জানে, কিন্তু সে বেশিক্ষণ জলে থাকতে ভালোবাসে না।


জীবু একদিন দুপুর বেলা তালপুকুর নামে একটা বড়ো পুকুরে সাঁতার কাটছে। পুকুরটা খুব বড়ো, আর জলের রং কালো। মাঝখানটা খুব গভীর। এই দুপুরে আর কেউ নেই, জীবু পাড়ের কাছেই সাঁতার কাটছে, বেশি দূর যাচ্ছে না। কেন যেন তার মনে হচ্ছে, এই পুকুরে কুমির আছে।


হঠাৎ মিন্টু ছুটতে ছুটতে এসে বলল জীবু, এই জীবু, তোকে কতক্ষণ থেকে খুঁজছি। উঠে আয়। শিগগির বাড়ি চলে যা।


জীবু জিজ্ঞেস করল, কেন? কী হয়েছে?



মিন্টু বলল, তোর বাবাকে মিলিটারি ধরে নিয়ে গেছে।


তা শুনে জীবুর মনে তেমন দাগ কাটল না। জ্ঞান হবার পর থেকেই সে দেখছে, বাবাকে মাঝে-মধ্যেই পুলিশে ধরে নিয়ে যায়। বাবা আবার ফিরেও আসেন ক-দিন বাদে। এ আর এমনকী নতুন ব্যাপার।


পুলিশ আর মিলিটারির তফাত বোঝে না জীবু।


সে জল থেকে উঠতে চাইছিল না, মিন্টু বারবার তাড়া দিতে লাগল, ওঠ, ওঠ! বাড়ি যা, তোর মা কাঁদছে।


তা শুনে জীবুকে উঠতেই হল।


বাড়িতে এসে সে আড়ষ্ট হয়ে গেল।


ওদের বাড়ি একতলা, ইটের দেয়াল, টিনের চাল। সামনের দিকে একটা লম্বা টানা বারান্দা। সেখানে বসে ঠাকুমা কাঁদছেন খুব জোরে জোরে, মা দাঁড়িয়ে আছেন একটা বাঁশের খুঁটি ধরে, দু-চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ হচ্ছে না।



আর তার বড়দাদা সত্যময় রাগে গজগজ করতে করতে বলছে, আমি আগেই বলেছিলাম, এখানে আর টেকা যাবে না, চলো ত্রিপুরায় চলে যাই, বাবা সেকথা কানেই নিলেন না!


জীবু কিছুই বুঝতে পারল না। অন্য দিন সে ভিজে গায়ে ফিরলে বকুনি খায়, আজ কেউ গ্রাহ্য করল না তাকে। সে ঘরে ঢুকে মাথা-টাথা মুছে অন্য প্যান্ট পরে এল।


খানিকবাদে সে বাড়ির লোকের কথা শুনে আন্দাজ করল যে পুলিশ আর মিলিটারি আলাদা। পুলিশ ধরে নিয়ে গেলে কিছুদিন আটকে রেখে তবু ছেড়ে দেয়, মিলিটারি ধরে নিয়ে গেলে কেউ আর ফেরত আসে না।


জীবুর বাবা একজন নেতা। এবারে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। সে জন্যই নাকি তাঁর ওপর মিলিটারির রাগ।


এরই মধ্যে খুব জোর শব্দ করে এই গ্রামের ওপর দিয়ে দুটো প্লেন উড়ে গেল। আগে কখনো প্লেনের শব্দ শোনা যায়নি এই গ্রামে।


মিন্টু বলল, জানিস তো জীবু, যুদ্ধ লেগে গেছে!



জীবু জিজ্ঞেস করল, কার সঙ্গে কার যুদ্ধ রে?


সেটা মিন্টুও ঠিক বলতে পারল না।


খানিকবাদে সত্যময় বলল, আমি যাচ্ছি মিলিটারি ক্যাম্পে, দেখি ওরা কী বলে?


মা সঙ্গেসঙ্গেই বললেন, না, তুই যাবি না।


সত্যময় বলল, বাবার খবর নিতে হবে না? যদি বাবাকে আটকে রাখতে চায়, তাহলে জামাকাপড় পৌঁছে দিয়ে আসতে হবে তো!


ঠাকুমাও বারণ করলেন, দাদা শুনল না। জামা পরে বেরিয়ে গেল।


এক মিনিট পরেই দাদাকে ঠেলতে ঠেলতে ফিরিয়ে আনল একজন বুড়ো লোক। লুঙি আর সাদা ধপধপে পাঞ্জাবি পরা, হাতে একটা ছড়ি। ইনি মিন্টুর বাবা, সবাই একে বলে ফজলচাচা।


ফজলচাচা খুব মজার লোক, সবসময় সবার সঙ্গে হাসিঠাট্টা করে কথা বলেন। আজ তাঁর মুখখানা থমথমে।



তিনি জীবুর মাকে বললেন, বউঠান, আপনি পাগল হয়েছেন নাকি? এ ছেলেটাকে বাঘের মুখে পাঠাচ্ছিলেন? দাদাকে যখন ধরতে এসেছিল, তখন ছেলেরা কেউ বাড়িতে ছিল?


মায়ের বদলে, দাদাই উত্তর দিল, না, আমরা ভাইরা কেউ বাড়িতে ছিলাম না। আমি থাকলে বাবাকে কিছুতেই যেতে দিতাম না।


ফজলচাচা বললেন, তুমি থাকলে তোমাকেই ওরা ধরে নিয়ে যেত। মাথা গরম কোরো না। এখন মাথা ঠাণ্ডা করে চিন্তা করতে হবে।


বারান্দার একধারে বসে তিনি জীবুর দিকে তাকালেন। তারপর জিজ্ঞেস করলেন, কিরণময় কোথায়?


কিরণময় জীবুর মেজদা। তাঁকে অনেকক্ষণ দেখা যাচ্ছে না।


মাথা নাড়তে নাড়তে তিনি বললেন, ভালো নয়, এসময় বাড়ির বাইরে থাকা ভালো নয়। সারাদেশে কী কান্ড হচ্ছে, তোমরা তো কিছুই জান না। আমি কিছু কিছু খবর পেয়েছি।



একটুক্ষণ চুপ করে থেকে ফজলচাচা বললেন, সত্যময়, আমার ছোটোভাই মিলনকে তো তুমি চিনতে? সে আর নেই।


সত্যময় দারুণ চমকে উঠে বললেন, অ্যাঁ? মিলনভাইয়ের কী হয়েছে?


ফজলচাচা বললেন, মিলিটারি তাকে গুলি করে মেরে ফেলেছে। যতদূর যা শুনছি, আমাদের দেশের কোনো জওয়ান পুরুষদেরই ওরা আর বাঁচিয়ে রাখবে না।


তারপর তিনি মাকে বললেন, বউঠান, বেশি সময় নেই। দু-একদিনের মধ্যেই এই গ্রামে আক্রমণ হবে। আমি আমার বাড়ির মেয়েদের নদীর ওপারের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। ওই দিকে আমাদের মুক্তিবাহিনী আছে। সেখানে অনেকটা নিরাপদ। আপনারা খুব দরকারি কিছু জিনিস গুছিয়ে নিন, আপনারাও ওদের সঙ্গে যাবেন। এখানে থাকলে বাঁচবেন না।


মা আর্তগলায় বলে উঠলেন, কিরণ? সে কোথায় গেল? তার খবর না-পেলে কী করে যাব?


ফজলচাচা জোর দিয়ে বললেন, তার খবর পাওয়া যাবে। আমরা আছি। সত্য থাকবে, ছোটো ছেলেটাকে আপনি নিয়ে যান।



জীবু এই প্রথম কথা বললে। সে মাথা নেড়ে বলে উঠল, না আমি যাব না। আমি এখানেই থাকব।


জীবু ভাবছে এখানে একটা যুদ্ধ হবে। সে যুদ্ধ দেখতে চায়। দুম দুম করে গুলি চলবে, বেশ মজা হবে।


মা জোর করেই জীবুকে নিয়ে যেতে চান। জীবু কিছুতেই যাবে না। সত্য বলল, থাক ও আমার সঙ্গেই থাক।


আধঘণ্টার মধ্যে মা, ঠাকুমা আর পাশের বাড়ির দুই পিসিমাকে নিয়ে চলে গেলেন ফজলচাচা।


তারপরই বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল। শুধু দাদা আর জীবু, আর ওদের বাড়ির রাখাল দুখিয়া।


মা না-থাকলে বাড়িটাকে আর বাড়ি মনে হয় না। সন্ধ্যে হয়ে রাতও এসে গেল। তবু কিরণের দেখা নেই। সন্ধ্যের পর সে কখনো বাড়ির বাইরে থাকে না। তিন ভাইয়ের মধ্যে কিরণই সবচেয়ে ডানপিটে। সে তরতরিয়ে গাছে উঠে যেতে পারে। একবার একটা পাগলা শেয়ালকে বর্শা দিয়ে গেঁথে মেরেছিল। নৌকা বাইতে পারে ভালো। সে কোথায় গেল? সত্য একবার বেরিয়ে কিরণের দুই বন্ধু রফিক আর বেলালের বাড়িতে খবর নিতে গেল। তারাও বাড়িতে নেই। তাদের বাড়ির লোকও চিন্তায় গালে হাত দিয়ে বসে আছে।



দিনের বেলা ডাল-ভাত আর একটা তরকারি রান্না করা ছিল, তাই খেয়ে জীবু শুয়ে পড়ল দাদার সঙ্গে। সারাগ্রাম একেবারে নিস্তব্ধ। আজ যেন একটা কুকুরও ডাকছে না।


কখন ঘুমিয়ে পড়েছিল জীবু। জেগে উঠল জোরে ঝাঁকুনি খেয়ে।


সত্য তাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলছে, ওঠ শিগগির ওঠ ; ওরা এসে পড়েছে।


জীবু, জিজ্ঞেস করল, ওরা মানে কারা?


উত্তর না-দিয়ে দাদা ছুটে গেল বাইরে।


ঘরটায় অন্ধকার ছিল, কোথা থেকে আলো আসছে?


দারুণ গোলমাল শোনা যাচ্ছে বাইরে।


জীবু বাইরে এসে দেখল, গ্রামের একদিকের আকাশ লাল হয়ে গেল। মনে হচ্ছে একসঙ্গে আগুন লেগেছে অনেকগুলো বাড়িতে। ডুকরে ডুকরে কাঁদছে অনেক লোক।



তারপর শোনা গেল গুড়ুম গুড়ুম বন্দুকের শব্দ। আরেক রকম কট কট শব্দ। গাড়ির শব্দ। এ গ্রামে গাড়ি প্রায় আসেই না। এখন যেন চার-পাঁচটা গাড়ি এগিয়ে আসছে এদিকে।


একদল লোক ছুটতে ছুটতে চলে গেল বাড়ির পাশ দিয়ে। আর একদল ছুটতে ছুটতে চ্যাঁচাতে লাগল, ‘পালাও, পালাও, ওরা গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। সবাইকে শেষ করে দেবে। পালাও।’


কোথা থেকে দাদা এসে জীবুর হাত ধরে বলল, দৌড়ো। আমার সঙ্গেসঙ্গে থাকবি। কিছু নিতে হবে না। ওরা এসে পড়ল বলে!


দাদা এক হ্যাঁচকা টান দিয়ে লাফিয়ে পড়ল উঠোনে। দৌড়োতে শুরু করল বাড়ির পিছন দিকে। পুকুরের ওপারে জঙ্গল। তারপর ধানের খেত।


আরও অনেক লোক দৌড়োচ্ছে ওদের সঙ্গে। অন্ধকারে কারুকে চেনা যাচ্ছে না। একদল আর একদলকে ঠেলে এগিয়ে যাচ্ছে।


জীবু একবার জিজ্ঞেস করল দাদা, ওরা আমাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে কেন? আমরা কী দোষ করেছি?



দাদা বলল, আমরা যে বাঙালি, সেটাই আমাদের দোষ।


ধানখেতের ওপর দিয়ে খানিকটা দৌড়ে গিয়ে সবাই থমকে দাঁড়ালেন। এদিক দিয়েও গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসছে কয়েকটা গাড়ি। সামনেও মিলিটারি, পেছনেও মিলিটারি।


তখন একটা সাংঘাতিক হুড়োহুড়ি পড়ে গেল। কে যে কোন দিকে ছুটবে তার ঠিক নেই। দাদার হাত ছেড়ে গেছে। দাদা কোন দিকে গেছে জীবু জানে না। কিন্তু থামবার উপায় নেই। পেছন থেকে অনেক লোক তাকে ঠেলছে।


হঠাৎ একটা গুলি লেগে জীবুর পাশের লোকটি ধড়াম করে পড়ে গেল মাটিতে। আর্তনাদ করতে লাগল বুক ফাটিয়ে। তবু কেউ থামল না, আরও গুলি আসছে এদিকে, আরও দু-একজন লোক মাটিতে পড়ে যাচ্ছে।


জীবু ভেবেছিল, যুদ্ধটা একটা মজার খেলার মতন। কিন্তু এ তো খেলা নয়! মানুষ মরে যাচ্ছে। আর এ যুদ্ধ একতরফা। ওরাই শুধু গুলি চালাচ্ছে। গ্রামের মানুষের হাতে তো বন্দুক নেই।


কখন যেন জীবু একা হয়ে গেছে, আর কেউ

**********
No Review
Related Books
Loading books…