
একটি মেয়ে, অনেক পাখি
সুনীল গঙ্গোপাধ্যায়
বিদেশ থেকে একটা চিঠি এসেছে৷ খুব ভালো খবর৷
সাদা লম্বা খাম, তার ওপর ডাকটিকিটটা কী সুন্দর, একটা ডানা মেলা পাখির ছবি, লাল আর নীল রং মেশানো, লম্বা ঠোঁট৷ অচেনা পাখি৷
মিনু বলল, বাবা, আমি এই স্ট্যাম্পটা নেব!
বাবা বললেন, আচ্ছা পরে নিস৷
তারপর বাবা ইংরিজিতে মাকে কী যেন বললেন৷
মিনুর বয়েস সাড়ে চার বছর৷ সে মোটে দু’চারটি ইংরিজি শব্দ জানে, সব বোঝে না৷ সে এটাও বোঝে, মা-বাবা তার সামনে যখনই কোনো গোপন কথা বলতে চান, তখনই ইংরিজিতে কথা বলতে শুরু করেন, বাংলার বদলে৷
সারাদিন ধরে মা-বাবা আড়ালে আড়ালে কী যেন আলোচনা করতে লাগলেন৷ বিদেশের চিঠিতে খুব ভালো খবর এসেছে, প্রথমবার চিঠিটা পড়ে তাঁর মুখে আনন্দের হাসি ফুটে উঠেছিল৷ এখন ওঁরা দু’জনেই চিন্তিত৷
আমেরিকার এক বিশ্ববিদ্যালয় বাবাকে আমন্ত্রণ জানিয়েছে৷ বাবা সেখানে পড়াবেন ছ’মাসের জন্য৷ ওরা যাওয়া-আসার ভাড়া দেবে, থাকার জায়গা দেবে, অনেক টাকা দেবে৷ এটা ভালো খবর নয়?
কিছুদিন আগে বাবার খুব অসুখ করেছিল৷ এখন সেরে উঠেছেন৷ তবে নিয়মিত ওষুধ খেতে হয়৷ ভুলে গেলেই মুশকিল৷ কিন্তু বাবার দারুণ ভুলো মন৷ মা প্রত্যেকদিন দু’বেলা বাবাকে ওষুধের কথা মনে করিয়ে দেন৷
বাবা বিদেশে গেলে মাকেও সঙ্গে যেতে হবে৷
কিন্তু মিনুর কী হবে?
চিঠিতে স্পষ্ট লেখা আছে, বিদেশে বাবাকে যেখানে থাকতে দেওয়া হবে, সেখানে বাচ্চা ছেলেমেয়েদের থাকা নিষেধ! অর্থাৎ মিনুকে নিয়ে যাওয়া চলবে না৷
তা হলে মিনু কোথায় থাকবে? মিনুকে ফেলে মা যাবেন কী করে?
মিনুর আর ভাইবোন নেই, কলকাতাতে ওদের আর কোনো আত্মীয়স্বজনও থাকে না৷
রাত্তিরবেলা খেতে বসে মা জিজ্ঞেস করলেন, মিনু, আমরা যদি কিছুদিনের জন্য বাইরে চলে যাই, তুই মাসির কাছে গিয়ে থাকতে পারবি?
মিনু সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, হ্যাঁ৷
বয়েসে এত ছোটো হলে কী হবে, মিনু ঠিকই বুঝেছে যে তাকে নিয়ে তার মা-বাবার কিসের জন্য যেন মাথাব্যথা হয়েছে৷
মা বললেন, তোর বাবাকে বিদেশ থেকে ডেকেছে৷ সেখানে তাঁর কত সুনাম হবে৷ অনেক টাকাও দেবে বলেছে৷ সেখানে তো তোকে নিয়ে যাবার উপায় নেই৷ তোকে যদি বুলার কাছে রেখে যাই—
মিনু টলটলে দুটো চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, থাকতে পারব!
বাবা বললেন, তোর মন কেমন করবে না? অবশ্য দেখতে দেখতে ছ’মাস কেটে যাবে৷
মা বললেন, তোর জন্য আমাদের মন কেমন করবে৷ তোকে চিঠি লিখব, ফোন করব৷ তোর জন্য সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসব৷
বাবা বললেন, বুলা মাসিদের ওখানে অনেক খোলামেলা জায়গা৷ খেলা করতে পারবি৷ বুলা মাসির মেয়েরা তোকে পড়া দেখিয়ে দেবে৷ ঠিক করে বল, থাকতে পারবি তো?
মা বললেন, তুই রাজি না হলে আমরা যাবই না!
মিনু আবার লক্ষ্মী মেয়ের মতন বলল, থাকব! তোমরা কিন্তু তার বেশি দেরি করবে না!
মা আর বাবা দু’জনেই স্বস্তির নিশ্বাস ফেললেন৷
বুলা মাসিরা থাকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কাছে একটা ছোট্ট জায়গায়৷ শান্তনু মেসো একটা চা-বাগানের ম্যানেজার৷ আগের বছর মিনুরা এখানে বেড়াতে এসেছিল, তখন খুব ভালো লেগেছিল৷
মা আর বাবা বিদেশযাত্রার আগে মিনুকে সঙ্গে নিয়ে গেলেন আলিপুরদুয়ারে, কয়েকটা দিন সেখানে কাটালেন৷ মিনুকে বেশ হাসিখুশি দেখে নিশ্চিন্ত হলেন ওঁরা৷ মিনুকে অনেক আদর করে বিদায় নিলেন একদিন৷
বুলা মাসি মায়ের চেয়ে মাত্র দু’বছরের ছোট৷ কিন্তু তাঁর দুটি মেয়ে আছে, এগারো বছর আর ন’বছরের৷ মিনু জন্মেছে অনেক পরে৷ মিনুর সেই দুই দিদি পমপম আর ঝুমঝুম কিন্তু এবারে এখানে নেই, তারা ভর্তি হয়েছে দার্জিলিং-এর বোর্ডিং স্কুলে৷ মিনু স্কুলে ভর্তি হবে সামনের বছর৷
বুলা মাসি যেন মায়ের চেয়েও বেশি যত্ন করে মিনুকে খাওয়ান, জামা পরিয়ে দেন, গল্প বলেন, ঘুম পাড়ান৷ মাঝে মাঝেই বলেন, এই মেয়ে, কাঁদছিস না তো? দেখি, দেখি, চোখ দেখি!
মিনু একটু একটু কাঁদে ঠিকই, হঠাৎ হঠাৎ এমনি এমনি কান্না পেয়ে যায়, কিন্তু বুলা মাসিকে দেখেই চোখ মুছে ফেলে৷ এখানে যে তার ভালো লাগছে, সে কথাও ঠিক৷
টিলার ওপরে মস্ত বড় বাড়ি৷ চারপাশে বাগান, কত রকম ফুল৷ দূরে দেখা যায় গম্ভীর, উঁচু পাহাড়৷ মিনুর যদিও খেলার সঙ্গী কেউ নেই, তবু সে বাগানে একা একা ঘুরে বেড়ায়৷ আপনমনে কথা বলে৷
মিনুকে সব সময় চোখে চোখে রাখার জন্য ফুলসরিয়া নামে একটি কাজের মেয়ের ওপর ভার দেওয়া হয়েছে৷ সে বারান্দায় বসে থাকে, খাওয়ার সময় মিনুকে ডেকে নিয়ে যায়৷
ফুল ছাড়া পাখিও দেখা যায় অনেকরকম৷ শান্তনু মেসোর খুব পাখি পোষার শখ, কতরকম পাখি জোগাড় করে এনেছেন৷ সে পাখিগুলোকে আলাদা আলাদা খাঁচায় রাখা হয়নি৷ শুধু জাল দিয়ে ঘিরে অনেক বড় একটা বাড়ির মতন বানানো হয়েছে, তার মধ্যেই সব রকম পাখি থাকে৷ সেই জালের বাড়িতে কয়েকটা গাছও রয়েছে, পাখিরা উড়ে উড়ে সেই গাছেও বসে৷ এই বাড়িটার নাম বার্ড হাউজ, মিনু সেটা বানান করে পড়তে শিখেছে৷
আশ্চর্য, এত রকমের পাখি একসঙ্গে থাকে, কিন্তু তারা ঝগড়া করে না একটুও৷ কিংবা কখনো ঝগড়া করে হয়তো, কিচিরমিচির শুনে তো কিছু বোঝা যায় না, কিন্তু মারামারি করে না একেবারেই৷
শান্তনু মেসো নিজে সব পাখির খাবার দেন৷ এক একটা পাখিকে আদর করেন গায়ে হাত বুলিয়ে৷ বুলা মাসির অত পাখির শখ নেই, তিনি ভালোবাসেন বই পড়তে৷ তা ছাড়া তিনি দুপুরে কুলিবস্তির ছেলেমেয়েদের পড়াতে যান৷
শান্তনু মেসো খাবার দিতে যখন বার্ড হাউজে ঢোকেন, তখনই মিনু ওঁর সঙ্গে ভেতরে যায়৷ অন্যসময় তালাবন্ধ থাকে৷ শান্তনু মেসো মিনুর হাতে অনেকগুলো টাটকা ছোলা দিয়ে বলেন, এই গাছটার তলায় দাঁড়িয়ে থাকো, দেখবে ওই সাদা পাখিগুলো তোমার হাত থেকে খাবার তুলে নেবে৷ সত্যিই সেই পাখিগুলো তার হাত থেকে খাবার খায়, দু’একটা তার কাঁধে এসে বসে৷ কী মজাই যে লাগে!
একদিন সকালবেলা শান্তনু মেসোকে কাঁধে বন্দুক নিয়ে বেরুতে দেখে মিনু জিজ্ঞেস করল, তুমি পাখি মারতে যাচ্ছ বুঝি?
শান্তনু মেসো মিনুর মাথার চুলে হাত বুলিয়ে আদর করে বললেন, না মিনু সোনা, আমি জীবনে কখনো পাখি মারিনি৷ আমি যে পাখিদের ভালোবাসি৷
মিনু জিজ্ঞেস করল, তবে বন্দুক নিয়েছ কেন?
শান্তনু মেসো বললেন, একটা লেপার্ড বেরিয়েছে যে৷ বড্ড উৎপাত করছে৷
বুঝতে না পেরে মিনু আবার জিজ্ঞেস করল, লেপার্ড কী?
শান্তনু মেসো বললেন, লেপার্ড হচ্ছে এক রকমের ছোট বাঘ৷ এখানে লোকে বলে চিতাবাঘ, কিন্তু চিতা ঠিক নয়৷ ছোট হলে কী হবে, এক একটা লেপার্ড খুব হিংস্র হয়, মানুষকেও আক্রমণ করে৷
মিনু বলল, তুমি বুঝি সেই বাঘটাকে মারবে?
শান্তনু মেসো বললেন, প্রথমে চেষ্টা করব ভয় দেখিয়ে জঙ্গলের দিকে তাড়িয়ে দিতে৷ চা-বাগানে লুকিয়ে আছে, যদি কুলিদের আক্রমণ করে, তা হলে মারতেই হবে৷ তুমি কিন্তু সাবধানে থাকবে৷ বাগানের বাইরে এক পাও যাবে না৷
বিকেলবেলা বুলা মাসি বললেন, এই দ্যাখ মিনু, তোর মা’র চিঠি এসেছে!
মিনু দেখল, এই সাদা খামের ওপরেও একটা পাখির ছবিওয়ালা স্ট্যাম্প৷ মনে হচ্ছে যেন, এই পাখিটার মতনই দুটো পাখি আছে বার্ড হাউসে৷
বুলা মাসি চিঠিখানা পড়ে শোনালেন৷ মা আর বাবা মিনুর কথা লিখেছেন বারবার৷
বুলা মাসি তারপর বললেন, তোর মা-বাবা কোথায় আছেন বুঝতে পারিস? পৃথিবীটা গোল জানিস তো? আমরা পৃথিবীর যেখানে আছি, ওঁরা আছেন প্রায় উল্টোদিকে৷ এখানে তো এখন বিকেল পাঁচটা, ওখানে এখনও ভোরই হয়নি৷ দু’জনেই এখন ঘুমোচ্ছেন!
বাবা-মা এখনো ঘুমোচ্ছেন শুনে ফিক করে হেসে ফেলল মিনু৷
বুলা মাসি বললেন, দিদি লিখেছে, আমাদের মিনুর চেয়ে সুন্দর মেয়ে এখানে একটিও দেখিনি!
মিনু বলল, আহা, নিজের মেয়েকে সবাই বেশি সুন্দর দেখে!
বুলা মাসি চোখ বড় বড় করে বললেন, বাবাঃ! এর মধ্যেই পাকা বুড়ির মতন কথা বলতে শিখেছিস তো!
৷৷ ২৷৷
চার মাস কেটে গেছে৷ এখন মিনু বেশিরভাগ সময় পাখির বাড়িতে কাটায়৷
এর মধ্যে শান্তনু মেসোকে তিন-চারদিনের জন্য কলকাতায় যেতে হয়েছিল অফিসের কাজে৷ তিনি না থাকলে ফুলসরিয়ার ওপর ভার থাকে পাখিদের খাবার দেওয়ার৷ এবার শান্তনু মেসো সেই ভার দিয়েছিলেন মিনুকে৷ সে সব শিখে গেছে৷ অবশ্য ফুলসরিয়াও সঙ্গে থাকে৷
শান্তনু মেসো বলে দিয়েছেন, মিনু ইচ্ছে করলে যখন খুশি বার্ড হাউসে যেতে পারবে, ফুলসরিয়া তালা খুলে দেবে৷ ফুলসরিয়া আবার বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায় নিজের কাজে৷
সেবারে সেই চিতাবাঘটাকে আর শেষ পর্যন্ত মারতে হয়নি৷ শান্তনু মেসো বন্দুকের ফাঁকা আওয়াজ করতে করতে সেটাকে তাড়িয়ে নিয়ে যান জঙ্গল পর্যন্ত৷
সেই জঙ্গল থেকে তিনি নিয়ে আসেন একটি পাখির ছানা৷
ঝড়ে একটা গাছ ভেঙে পড়েছিল, সেই গাছের ডালে ছিল একটা পাখির বাসা৷ তাতে তিনটে বাচ্চা পাখি ছিল, দুটো মরে গেছে, একটা বেঁচে আছে কোনোক্রমে৷ খুব সাবধানে, খুব যত্ন করে সেই পাখির ছানাটা নিয়ে এসে শান্তনু মেসো বলেছিলেন, দেখ তো মিনু, এটাকে বাঁচিয়ে রাখতে পারো কি না!
পাখিরা ছোলা খায়, ছাতুমাখা খায়, গম খায়৷ ফুলসরিয়া কোথা থেকে কেঁচো আর পোকামাকড়ও নিয়ে আসে৷ টিয়া পাখিদের জন্য কাঁচালঙ্কাও দিতে হয়৷ কিন্তু এতটুকু বাচ্চা পাখি তো ওসব কিছুই খেতে পারবে না৷ মিনু ছেঁড়া কাপড়ের পলতে পাকিয়ে, সেটা দুধে ভিজিয়ে ওর মুখে দিয়েছিল৷ সেই ভাবেই খাইয়েছিল মধু৷ তাই খেয়েই ওর গায়ে জোর হয়েছে, এখন দিব্যি উড়ে বেড়ায়৷ ছোলা খেতেও শিখেছে৷ ডানায় সবুজ রং, গলার কাছে একটু লাল, এটা চন্দনা পাখি৷ মিনু ওর নাম দিয়েছে চন্নু! আরও অন্য অনেক পাখিরও নাম দিয়েছে সে, কোনোটা ভুলু, কোনোটা মিতু, কোনোটা বুকবুকি৷
একদিন বুকবুকি পাখিটা হঠাৎ বলে উঠল, এই মেয়ে, তুমি রোজ আমাদের খাবার দাও, তুমি নিজে কী খাও?
মিনু চমকে উঠে চোখ গোল গোল করে পাখিটার দিকে তাকাল৷
পাখিটা কিন্তু মানুষের ভাষায় কথা বলেনি৷ সে বলেছে, বুক কুক কুক, কুলিং, কুলো কলো৷ মিনু তার মানে বুঝে গেল কী করে?
মিনু একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, কুলু মুঙ মুঙ পিকালো পিকালো৷ তার মানে, আমি ভাত খাই, ডাল খাই!
পাখিটা বলল, আমি একদিন তোমার খাবার খাব!
এবার বাচ্চা চন্দনা পাখিটা বলল, ট্যা-টু-টু-টুটুকু টুকুকু!
মিনু এর মানেও বুঝে গেল৷ এ পাখিটা বলছে, তুমি রোজ আমায় খাবার দাও৷ তুমি কি আমার মা?
মিনু বলল, না, আমি তোমার মা নই৷
চন্দনা বলল, তাহলে আমার মা কে?
মিনু বলল, তোমার মা কোথায় আমি জানি না৷
চন্দনা পাখিটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলল, না, জানি, তুমিই আমার মা!
মিনু হেসে ফেলল৷ সে পাখির মা হবে কী করে?
সে চুপি চুপি রান্নাঘর থেকে এক বাটি ভাত নিয়ে এসে রাখল এই পাখির বাড়ির মাঝখানে৷ অমনি অনেক পাখি উড়ে এসে বসল সেই বাটির কাছে৷ এক মিনিটে শেষ হয়ে গেল সব ভাত৷
মিনু বেশ অবাক হল৷ পাখিরা ভাত খেতে ভালোবাসে?
শুধু দুটো বড়ো বড়ো কাকাতুয়া ভাত খেতে এল না৷ একটা কাকাতুয়া ঘাড় বেঁকিয়ে বলল, ককেটু কাকাটু, কটু কটা, ক্কা ক্কা!
মিনু বুঝতে পারল, সে বলছে, আমরা ভাত খাই না! আমাদের খেজুর দাও!
মিনু খেজুর পাবে কোথায়?