কলকাতার বাইরে এসেও লোডশেডিং থেকে মুক্তি নেই। দার্জিলিং শহরেও যখন-তখন আলো নিভে যায়। প্রত্যেক সন্ধেবেলা একবার করে তো বিদ্যুৎ পালাবেই।
একটু আগে হোটেলের ডাইনিং রুমে রাত্তিরের খাওয়াদাওয়া সেরে ওপরে নিজেদের ঘরে ফিরে এসেছে সন্তু। কাকাবাবু এবেলা বিশেষ কিছুই খাবেন না আগেই বলেছিলেন, তাঁর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল এক বাটি সুপ। বিকেলে জলাপাহাড়...