
লোহার কোট
অদ্রীশ বর্ধন
আমি ভালোবাসি দেশে-দেশে ঘুরতে, ভালোবাসি দেশ-বিদেশের বই পড়তে। আমি ভালোবাসি নানান দেশের সাহিত্যের মালঞ্চ থেকে ফুল সংগ্রহ করে মনের সুতো দিয়ে মালা গাঁথতে। আমি ভালোবাসি জীবনের ঘটনায় কল্পনার পাল তুলে দিয়ে মন-পবনের নাওয়ে ভাসতে এবং পাঠককে ভাসাতে। আমি ভালোবাসি প্রিয় বন্ধু ইন্দ্রনাথকে চাঞ্চল্যকর কাহিনির নায়ক সাজিয়ে রোমাঞ্চ-দরিয়ায় অবগাহন করতে। আমি ভালোবাসি এমনই অনেক কিছু কিন্তু ভালোবাসি না কোনও কিছুরই প্রভাবকে অস্বীকার করতে। ঋণী আমি স্রষ্টার কাছে, জীবনের কাছে, মানুষের কাছে।
লোমহর্ষক এই কাহিনি এই সব কিছুরই ফলশ্রুতি। শিহরন এর লতায়-পাতায়, উৎকণ্ঠা আনাচে-কানাচে, রহস্য অলিতে-গলিতে! বয়স যাদের অপরিণত, সাহস যাদের অপ্রতুল, স্নায়ু যাদের দুর্বল, বিভীষিকা যাদের হৃৎকম্পের কারণ–এ কাহিনি তাদের কাছে নিষিদ্ধ।)
ইন্দ্রনাথ রুদ্র ব্যাঙ্গালোর গিয়েছিল অভ্র কেলেঙ্কারির গোপন ঘাঁটির সন্ধানে। সে কেস মিটতে না মিটতেই জড়িয়ে পড়ল একটা অত্যন্ত নৃশংস হত্যারহস্যে।
রাত তখন নটা।
প্রেমাংশুর গান্ধীনগরের ফ্ল্যাটে বসে জিনিসপত্র গুছোচ্ছি আমি, কবিতা আর ইন্দ্রনাথ। পরের দিন সকালের বাসে মাইশোর যাব। সেখান থেকে উটি।
এমন সময়ে থানা থেকে ফোন করল প্রেমাংশু।
এখুনি চলে আয়। সেক্স মার্ডার! বীভৎস!
প্রেমাংশু আমার আর ইন্দ্রনাথের সতীর্থ। ভীষণ কালো, ভীষণ লম্বা, থ্যাবড়া নাক, পুরু ঠোঁট। মাথায় এবং কানে কুঁচকোনো চুল। সব মিলিয়ে নিগ্রো-নিগ্রো চেহারা। আমরা ওকে নিগ্রো বলেই ডাকতাম। ওর রাগ ছিল না। প্রেমাংশুর জন্ম এই ব্যাঙ্গালোরেই। শৈশব থেকেই কানাড়া ভাষায় চোস্ত। তাই প্রাদেশিকতার প্রাচীর ডিঙিয়ে চাকরি জুটিয়ে নিয়েছে এখানকার পুলিশ মহলে।
এখন ও মাইশোর পুলিশের বড় অফিসার। ব্যাচেলর। খুনে-গুন্ডারা ওর চেহারা দেখে আঁতকে ওঠে, ওপরতলা ভয় পায় ওর বচনকে। মেডিক্যাল জুরিসপ্রুডেন্স আর ফরেনসিক সায়ান্স ওর কণ্ঠস্থ। প্রেমাংশু দিলখোলা। সেই কারণেই বড় দুর্মুখ।
অভ্র কেলেঙ্কারির জট ছাড়াতে প্রেমাংশুই আমন্ত্রণ জানিয়েছিল ইন্দ্রনাথকে। সে কেস সাঙ্গ হতে না হতেই ফের ডাক পড়ল লোহার কোট মামলায়।
পুলিশ ফাঁড়ি। অধিকারী থানাদারের ঘর। রেকসিন-ছেঁড়া টেবিলের পাশে ঘটোৎকচ চেহারা নিয়ে দাঁড়িয়ে প্রেমাংশু। হাঁড়িমুখের ভাঁটা-চোখ দিয়ে যেন দগ্ধ করছে সামনে উপবিষ্ট যুগলমূর্তিকে।
মেয়েটির মুখে আড়ষ্ট ভয়ার্তি। চাহনির মধ্যে শূন্যতা। প্রেমাংশুর আখাম্বা চেহারা, জাঁদরেল ধড়াচূড়া আর রক্তচক্ষু দেখেই বোধ হয় সিঁটিয়ে রয়েছে।
বয়স বড়জোর পনেরো কি ষোলো। পানের মতো মুখের গড়ন। কিন্তু বেশ গোলগাল। ফরসা। মুখশ্রী মার্জিত। চোখ দুটি কাজল ছাড়াই কালো এবং বুদ্ধি উজ্জ্বল। শ্যাম্পু করা চুল ঘাড় পর্যন্ত ছাঁটা। চুলের মধ্যে ঘাস লেগে রয়েছে। শাড়িতে রক্ত।
মেয়েটির শাড়ি ব্লাউজের মধ্যেও আধুনিকতার ছাপ। গোলাপি শাড়ি, গোলাপি ব্লাউজ। হাতা নেই। মসৃণ পেলব কাঁধে শুধু ফিতে। ঠোঁটে অরেঞ্জ লিপস্টিক।
ছেলেটির বয়স কুড়ির নীচে। গোঁফ-দাড়ি কামানো। ফরসা। চোখ দুটি বড় বড় এবং প্রাণবন্ত। সরু ধারালো নাক। দীর্ঘ কেশের অগ্রভাগ ঘাড়ের ওপর ঈষৎ বক্র। গালে আর ঘাড়ে শুকনো রক্ত।
পরনে গাঢ় নীল রঙের বুশসার্ট এবং স্টিল-গ্রে ট্রাউজার্স। স্মার্ট ফিগার। ঋজুদেহে সটান চেয়েছিল প্রেমাংশুর পানে। চাহনির মধ্যে বিদ্রোহ।
কোঁচার খুঁট-টা মুগার পাঞ্জাবির পকেটে সযত্নে রেখে পরিষ্কার বাংলায় বললে ইন্দ্রনাথ বৎস প্রেম, রোষ সম্বরণ কর। ভস্ম হয়ে যেতে পারে।
যুগল মূর্তি চমকে উঠল। কবিতার পরনে লালপেড়ে শাড়ি, কপালে লাল টিপ আর সীমান্তে সিঁদুর দেখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল মেয়েটির চোখে।
গলা খাঁকারি দিয়ে বললে প্রেমাংশু–বাংলা রসিকতাও এরা বোঝে। কারণ এরা বাঙালি।
তাই নাকি? পর্যায়ক্রমে যুগল-মূর্তির ওপর চোখ বুলিয়ে নিয়ে বলল ইন্দ্রনাথ। নাম কী?
ঋতেশ রায়, বনলক্ষ্মী বক্সী, জবাব দিল প্রেমাংশু।
নমস্কার বিনিময় করার পর আমরা সকলেই বসে পড়লাম।
প্রেমাংশু বললে–এরাই লাশ আবিষ্কার করেছে।
সকৌতুকে বন্ধুবরের ভাটা-চক্ষুর পানে তাকিয়ে ইন্দ্রনাথ বলল-সেটা কি খুব অপরাধ?
সমস্ত ঘটনাটা শুনলে বুঝবি কেন রেগে আছি। বলল প্রেমাংশু। ঋতেশ রায় কলকাতার ছেলে। জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন। বেঙ্গল টিমের সঙ্গে এসেছে ব্যাঙ্গালোর টিমের সঙ্গে খেলবে বলে। উঠেছে ব্যাঙ্গালোর ক্লাবে। কালকে ওদের খেলা।
বনলক্ষ্মী বক্সী এখানকার মেয়ে। রিচার্ড টাউনে থাকে। মহারানী কলেজে পড়ে। ঋতেশ রায় ওর পত্ৰবন্ধু। তাই ওকে নিয়ে বেরিয়েছিল শহর দেখাতে।
মার্করার দিকে যে রাস্তাটা গেছে, ব্যাঙ্গালোর ক্লাব সেই দিকেই। ওই পথেই চন্দন খেতও আছে কয়েকটা। চন্দনগাছ আকারে ছোট। তাই ঝুপসি অঞ্চল চন্দন খেতে থাকে না। কিন্তু চামুণ্ডা এস্টেটের খেতে চন্দন ছাড়াও অন্যান্য গাছও আছে। জায়গাটা বড় রাস্তা থেকে দূরে। ঝোপে ঘেরা।
এইখানে একটা চন্দন গাছের গায়ে একটা লাশকে দাঁড়িয়ে থাকতে দেখেছে বনলক্ষ্মী আর ঋতেশ। গাছের দুটো শাখার জয়েন্টে চিবুক আটকে দুহাত দু-পাশে ছড়িয়ে দাঁড়িয়েছিল। একটা উলঙ্গ দেহ। বছর চোদ্দ পনেরো বয়স। সারা গায়ে ছুরির কোপ। ফালাফালা করে চেরা। জ্যাক দি রিপারের আধুনিক সংস্করণ।
ঋতেশ রায় ছেলেটির কাধ ধরেছিল। ফলে লাশটা ওদের ওপর এসে পড়ে। জামা কাপড়ে রক্ত লেগেছে সেই কারণেই।
এই দেখেই দুজনে দৌড়োতে-দৌড়োতে থানায় এসে খবর দিয়েছে আমাকে। কিন্তু বলে থামল প্রেমাংশু।
এই সময়ে আমার চোখ পড়ল ইন্দ্রনাথের পানে। কবি কবি চোখে ওমর খৈয়ামের স্বপ্ন ভাসিয়ে ও অপলকে চেয়ে আছে বনলক্ষ্মীর প্রায় অনাবৃত পিঠের দিকে।
দুই চোখে নীরব ভৎর্সনা নিয়ে কবিতাও দেখছিল ইন্দ্রনাথের কাণ্ড। আমার সঙ্গে চোখাচোখি হতেই যেন নির্ভাষ টেলিপ্যাথি দিয়ে বললে?
এই জন্যেই বলেছিলাম ঠাকুরপোর বিয়ে দাও।
প্রেমাংশু কিন্তু বলে থামতেই সম্বিৎ ফিরল ইন্দ্রনাথের।
স্বপ্ন-সুন্দর চোখে তাকিয়ে বললে–কিন্তু কী?
জায়গাটা শহরের বাইরে। সব চন্দন খেতই শহরের বাইরে। কিন্তু শহর দেখানোর জন্যে ওখানে যাওয়া হয়েছিল কেন?
ঘর নিস্তব্ধ। ঋতেশ রায়ের বড় বড় চোখে শুধু বিদ্রোহ নয়, এবার খানিকটা ভয়ও জাগ্রত হল।
আরও আড়ষ্ট হল বনলক্ষ্মী।
খুব মৃদু মসৃণ কণ্ঠে বললে ইন্দ্রনাথ–প্রশ্ন আরও আছে।
কী?
ঋতেশবাবু–
উচ্চৈঃশ্রবার মতো ঘাড় বেঁকিয়ে তাকাল ঋতেশ। তেজি ছেলে। বেকায়দায় পড়ে বোবা হয়ে রয়েছে। নইলে
ইন্দ্রনাথ স্মিতমুখে বললে–আপনারা চন্দন খেত দেখতে গিয়েছিলেন, তাই না?
ঢোঁক গিলে বললে ঋতেশ–হ্যাঁ।
বনলক্ষ্মী? তুমিও?
জবুথবু বনলক্ষ্মী চমকে উঠল প্রশ্ন শুনে। ত্ৰাসকম্পিত চোখে শুধু ঘাড় নাড়ল।
চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল ইন্দ্রনাথ। বনলক্ষ্মীর পেছনে দাঁড়িয়ে বললে–মিথ্যে কথা।
বিবর্ণ হয়ে গেল বনলক্ষ্মী।
তর্জনী দিয়ে বনলক্ষ্মীর পিঠ দেখিয়ে বলল ইন্দ্র : প্রেম, দাগটা তোর আগেই দেখা উচিত ছিল।
দাগ? উঠে এল প্রেমাংশু। তাই বল। রক্তের দাগ। লাগবেই তো। লাশটা যে ঘাড়ের ওপর পড়েছিল।
কিন্তু আমি বুঝলাম, কেন এতক্ষণ নির্লজ্জভাবে বনলক্ষ্মীর পিঠ দেখছিল ইন্দ্রনাথ।
দাগটা রক্তের সন্দেহ নেই। কিন্তু তার আধখানা জেগে রয়েছে ফর্সা চামড়ার ওপর, বাকি আধখানা ঢাক পড়েছে গোলাপি ব্লাউজের তলায়।
মানেটা অতি সুস্পষ্ট।
প্রেমাংশু থানাদার হলেও চিরকুমার। তাই বোধহয় একটু বুঝতে সময় লাগল। সত্যটা হৃদয়ঙ্গম হতেই হুংকার ছাড়ল বাজখাই গলায়? তাই ত বলি, সন্ধের সময়ে ঝুপসি জায়গায় যাওয়া কেন– হাতের ইঙ্গিতে থামিয়ে দিল ইন্দ্রনাথ।
বলল রেশমকোমল কণ্ঠে–বনলক্ষ্মী।
মুখ তুলে চাইল বনলক্ষ্মী। গোল ফর্সা মুখটা ভয়েলজ্জায় শুকিয়ে গেছে।
আমি পুলিশ নই। আমার নাম ইন্দ্রনাথ রুদ্র।
কেঁপে উঠল বনলক্ষ্মীর চক্ষুপল্লব। ঈষৎ বিস্ফারিত হল চক্ষুতারকা।
চিনতে পেরেছ? একটু-আধটু গোয়েন্দাগিরি করি। এই আমার জীবনীকার মৃগাঙ্ক রায়। আর এই হল মৃগাঙ্কর গৃহলক্ষ্মী–তোমাদের কবিতা বউদি।
একটু থেমে ফের বললে ইন্দ্রনাথ–এ ঘরের পাশে একটা ঘর আছে। সে ঘরে জানলা নেই। কেউ আড়ি পাতবে না। কবিতা বউদির সঙ্গে ওই ঘরে যাও সব কথা বলো। গোপন করবে না, কেমন?
বনলক্ষ্মী– চেয়ার ছেড়ে উঠতে গেল ঋতেশ।
ইন্দ্রনাথ কাধ ধরে ফের তাকে বসিয়ে দিলে চেয়ারে।
বলল–আপনার জামা খুলুন। কোথায় কোথায় রক্ত লেগেছে দেখান।বউদি?
কবিতাকে আর কিছু বলতে হল না। উঠে দাঁড়িয়ে সস্নেহে বনলক্ষ্মীর বাহু ধরে নিয়ে গেল পাশের ঘরে।
বেরিয়ে এল দশ মিনিট পরে। যা বলল, তা এই ও
.
তখন গোধূলি। রক্তসন্ধ্যার মুহূর্ত।
গাছে-গাছে পাখির কলরব থেমে আসছে। কিন্তু অন্ধকারের যবনিকা নামতে এখনও অনেক দেরি।
নিঝুম বনতলে মুখ হেঁট করে বসে বনলক্ষ্মী। পাশে ঋতেশ।
বাঁ-হাতের তর্জনী দিয়ে ঘাসের ওপর আলপনা আঁকছে বনলক্ষ্মী।
লজ্জায় আয়ত চোখ তুলে তাকাতেও পারছে না।
কানের কাছে ভ্রমর গুঞ্জনের মতো গুনগুনিয়ে চলেছে ঋতেশ।
বনলক্ষ্মী–
তোমার বাবা রাজি হবে?
ধেৎ।
বলব?
জানি না।
আজ কিন্তু আমাদের শুভদৃষ্টি।
অসভ্য।
শুনছ না পাখিরা মন্ত্র পড়ছে? বিয়ের মন্ত্র। চন্দনবনে আজ আমাদের বিয়ে।
তারপর? অপাঙ্গে তাকাল বনলক্ষ্মী।
বাসরঘর। বলে, আলতো করে ঠেলে বনলক্ষ্মীকে শুইয়ে দিল ঋতেশ। নিজেও শুয়ে পড়ল পাশে।
.
বনলক্ষ্মীর কপালে চিবুক রেখে সামনে দৃষ্টি প্রসারিত করল ঋতেশ। শরীরের প্রতিটি অণুপরমাণুতে তখন অসীম অবসাদ, নিঃসীম আবেশ আর অননুভূত আনন্দ।
ঠিক এই সময়ে তৃণভূমির কিনারায় চন্দন শাখার সন্ধিস্থলে একটি মুণ্ড দেখা গেল। দাঁত বের করে হাসছে একটি ছেলে।
চক্ষের পলকে শরীরের সমস্ত রক্ত যেন ধেয়ে গেল মস্তিষ্কের কোষে কোষে। রাগে অন্ধ হয়ে সামনে ছিটকে গেল ঋতেশ। বাঁ-হাতে ছেলেটার মুঠি ধরে ডান হাত তুলল শূন্যে।
ভয়ংকর দৃশ্যটা চোখে পড়ল তখনই। শিথিল মুষ্টি থেকে খসে গেল মুণ্ড–উলঙ্গ লাশটা লুটিয়ে পড়ল ঘাসের ওপর।
বনলক্ষ্মী শঙ্কিত হয়েছিল ঋতেশের অকস্মাৎ লাফিয়ে ওঠা দেখে। তনু-মনের অণুপরামাণুতে যখন ভূপালি রাগিণীর উচ্ছ্বাস, ঠিক তখনি শ্লথ বাহুপাশ থেকে জ্যামুক্ত তীরের মতো ছিটকে বেরিয়ে যাওয়াটা–আচম্বিতে একটা ঝপ শব্দ ভেসে এল কানে। তারপর সব নিস্তব্ধ।
ঋতেশ?
কোনও সাড়া নেই।
ঘাসের কার্পেটে গড়িয়ে গিয়ে কনুইয়ে ভর দিয়ে উধ্বাঙ্গ তুলে শব্দের উৎস অন্বেষণ করল বনলক্ষ্মী।
দেখল, একটা নরদেহ ঘাড় মুচড়ে ভূমিশয্যায় শয়ান। ভঙ্গিমাটা অস্বাভাবিক। আকাশের আলো তখন ক্ষীণ। এর বেশি দেখা গেল না।
ঋতেশ?
ধড়মড়িয়ে উঠে ছিটকে গেল বনলক্ষ্মী। নগ্নপদে প্যাট করে বিঁধে গেল একটা নিষ্ঠুর কাটা। ডুকরে উঠে আছড়ে প