
হত্যাকারী কে? – হরিসাধন মুখোপাধ্যায়
রঞ্জিত চট্টোপাধ্যায়
হত্যাকারী কে? – হরিসাধন মুখোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| uncategorized |
Posted byবিথি শর্মা18-Aug-2025
Change color
পাঁচ ছয় বৎসর পূর্বে যে সময় আমি পশ্চিমে ছিলাম একটি লোমহর্ষণ ঘটনা আমার চক্ষের উপর ঘটিয়াছিল। আজও তাহা স্মৃতিপথে জাগরূক হইলে শরীরের আমূল কম্পিত হয়, তাহার প্রত্যেক ঘটনা, প্রত্যেক কার্য—অতীতে কুক্ষিগত হইলেও আজও তাহা আমার নিকট জাগ্রত প্রত্যক্ষ বলিয়া বোধ হয়। সেই ভীষণ নিশীথে, সেই বন্ধুবান্ধবহীন বিদেশে; যে ভয়ানক ঘটনা আমার চক্ষের সম্মুখে অভিনীত হইয়াছিল তাহাই অদ্য বিবৃত করিব।
কোন কার্যোপলক্ষে ওই সময়ে আমরা পশ্চিমে বেড়াইতে গিয়াছিলাম, যে সময়ের কথা বলিতেছি সেই সময়ে আমরা এলাহাবাদে ছিলাম। এলাহাবাদে কীৰ্তিবাস চট্টোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাটীতে আমাদের বাসা হইয়াছিল। কীর্তিবাসের বাটী এই সময়ে এলাহাবাদে বিদেশী বাঙালীর নিকট বিশেষ পরিচিত ছিল। যাহাদের থাকিবার অন্য কোন আড্ডা নাই তাহারা স্বল্প মুদ্রা ব্যয় করিলে কীর্তিবাসের আশ্রমে সুখে কাটাইতে পারিত। কীর্তিবাস বিদেশে আশ্রয়হীন বাঙালীর জন্য এই আশ্রম স্থাপন করিয়া বিশেষ যশোপার্জন করিয়াছিলেন।
চট্টোপাধ্যায় মহাশয় প্রকৃতপক্ষে হোটেল-কিপার নহেন। তাঁহার একটু বিশেষ পরিচয় আবশ্যক। তিনি দেখিতে স্থূলকায়, শ্যামবর্ণ; মুখমণ্ডল বসন্ত চিহ্নে চিহ্নিত,ললাটটি ক্ষুদ্র—তাহার উপর ঝাঁকড়া ঝাঁকড়া চুল আসিয়া পড়িয়াছে। সেই ক্ষুদ্র ললাটের নিম্নে রক্তবর্ণ দুইটি চক্ষু সর্বদাই চঞ্চল ভাবে ঘুরিতেছে,—লোমরাজিপূর্ণ, বহ্বায়ত বক্ষের উপর শুভ্র পৈতার গোছা ও কটিদেশে একতাড়া চাবি সর্বদাই বিরাজমান। কিন্তু এই বাহ্য সৌন্দর্য দেখিয়া ইনি কি প্রকারের লোক ঠিক করা বড়ই দুরুহ। সহসা ইহাকে ভীমাকৃতি দুষ্ট লোক বলিয়া বোধ হইলেও, আলাপে সেই ভ্রম ঘুচিয়া যায়। কথায় ইনি মিষ্টভাষী, ব্যবহার ভারি সামাজিক—লোক বশীকরণ ক্ষমতায় অদ্বিতীয়। অনেকবার লোকের বাহ্য সৌন্দর্য দেখিয়া চরিত্র নির্ধারণ করিতে গিয়া আমি ঠকিয়াছি, এবারও তাহাই হইয়াছে।
চট্টোপাধ্যায় মহাশয় রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, বিষ্ণুঠাকুরের সন্তান—সংসারে আর কেহ নাই—বাসস্থান হুগলী জেলা। বিষয় কর্মোপলক্ষে এলাহাবাদে অনেক দিন ধরিয়া বাস করিয়া আসিতেছেন। প্রায় দুই বৎসর ধরিয়া সরকারি চাকরিতে ইস্তফা দিয়া সঞ্চিত বিত্তের উপর নির্ভর করিয়া জীবিকা নির্বাহ করিতেছেন। তাঁহার বাটীতে তাঁহার একমাত্র প্রাপ্তবয়স্ক ভ্রাতুষ্পুত্র ভিন্ন আর কেহই ছিল না। এলাহাবাদে অনেক দিন থাকিয়া স্থানটার উপর তাঁহার বড়ই মায়া বসিয়াছিল। অন্য কোন উপজীবিকা নাই বলিয়া বিশেষ লাভকর না হইলেও তিনি বর্তমান উপজীবিকাকে লক্ষ্যভুক্ত করিয়াছিলেন। আগন্তুক বাঙালী ভদ্রলোক আসিলেই তাঁহার বাটীতে বাসা পাইত। বাঙালী ভিন্ন আর কোন আগন্তুক হইলে স্থান পাইত না। আর একটি কথা বলিয়া রাখি—চট্টোপাধ্যায় মহাশয় অতি নিষ্ঠাবৃত্তি-সম্পন্ন। প্রতিদিন সন্ধ্যাবন্দনাদি না করিয়া জল গ্রহণ করিতেন না।
এলাহাবাদে আমাদের চারি পাঁচ দিন কাটিয়া গেল। গ্রীষ্মকাল, কার সাধ্য রৌদ্রের উত্তাপে গৃহের বাহির হয়? সন্ধ্যার প্রাক্কালে (আন্দাজ ঘণ্টাদেড়েক বেলা আছে) আমরা দুইজনে বাহিরের বারান্দায় পায়চারি করিতেছি এমন সময়ে একখানি গাড়ি আসিয়া দরজার কাছে থামিল। গাড়ির ভিতর হইতে মুখ বাড়াইয়া একটি বাঙালী ভদ্রলোক আমাকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, ‘মহাশয়! এই কি কীর্তিবাস চট্টোপাধ্যায় মহাশয়ের বাসাবাড়ি—গৃহস্বামী কি বাড়িতে আছেন?’ আমি উপর হইতে চট্টোপাধ্যায় মহাশয়কে ডাকিয়া দিলাম। তিনি সেই বাবুটিকে সঙ্গে করিয়া বাটীর মধ্যে আনিলেন।
বাবুর সঙ্গে যে চাকর ছিল সে জিনিসপত্র সমস্ত নামাইয়া লইয়া গাড়োয়ানকে বিদায় করিয়া দিয়া বাটীর মধ্যে ঢুকিল; দুইজন আগন্তুক দেখিয়া আমরাও নিচে নামিয়া আসিলাম। বাবুটি চট্টোপাধ্যায় মহাশয়কে বলিতেছেন, ‘এখানে দুই একদিন থাকিবার উপযুক্ত বাসা পাইতে পারি? আমার নিজের জন্য একটি নির্জন কক্ষ চাই, তাহার নিকটে আর একটি গৃহে আমার এই চাকরটি থাকিবে।’
চট্টোপাধ্যায় মহাশয় বলিলেন, ‘এখানে আপনার সকল সুবিধাই হইবে, একদিন দুইদিন কেন, ছয় মাস ধরিয়া থাকুন না। অনেক স্বদেশীয় লোক আমার বাটীতে বাসা লইয়া থাকেন—এই দুইটি বাবু আজ পাঁচ ছয় দিন আসিয়াছেন। চলুন আপনাকে উপরে ঘর দেখাইয়া আনি।’
এই কথা বলিয়া কীর্তিবাস চট্টোপাধ্যায় মহাশয় নবাগত বাবুকে সঙ্গে করিয়া লইয়া গেলেন এবং তাঁহার গৃহাদি সমস্ত ঠিক করিয়া দিলেন।
সন্ধ্যা হইয়াছে। সন্ধ্যার ছায়ার সঙ্গে সঙ্গে একটু শীতল হাওয়া বহিতে আরম্ভ করিয়াছে। আমরা দুইজনে ছাদের উপর বসিয়া নানাবিধ গল্প করিতেছিলাম, কিন্তু সহসা শৈত্যানুভব হওয়ায় নিচে নামিয়া আসিলাম। দেখিলাম, করালীবাবু একখানি সতরঞ্চের উপর বালিশ ঠেস দিয়াই আড় হইয়া তামাক টানিতেছেন; ভৃত্য গৃহমধ্যে জিনিসপত্র সাজাইয়া রাখিতেছে। করালীবাবু আমাদের আসিতে দেখিয়া—অতি সহৃদয়তার সহিত সম্ভাষণ করিলেন।
আমাদের পরস্পরের আলাপ পরিচয় হইল। তাঁহার পরিচয়ে জানিলাম, তিনি আমার অগ্রজের সহপাঠী ও বিশেষ বন্ধু। ভ্রাতৃবন্ধুর সহিত পরিচিত হইয়া বড়ই আপ্যায়িত বোধ করিয়াছিলাম; বিশেষত করালীবাবু অতি ভদ্র সামাজিক ও অতি মধুর প্রকৃতির লোক। আরও জানিলাম, তিনি সেই সময়ে কলিকাতার কোন আদালতে ওকালতি করেন—পশারও বিলক্ষণ, পশ্চিম বেড়াইতে সখ হইয়াছে—তাই এলাহাবাদে আসিয়াছেন—ইহার পূর্বে আর কখনো এখানে আসেন নাই। পঞ্জাব পর্যন্ত যাইবার ইচ্ছা আছে।
করালীবাবু দেখিতে অতি সুশ্রী পুরুষ; রূপ যেন ফাটিয়া পড়িতেছে—মুখে সরলতা বিরাজ করিতেছে—ওষ্ঠাধরে সর্বদাই মৃদুহাস্য বিরাজমান, উন্নত ললাট ও নেত্রদ্বয়ের তেজস্বিতা দেখিলে বিশেষ বুদ্ধিমান বলিয়াই বোধ হয়। মুখমণ্ডলে, মনের ভাব সকল স্ফূর্তি পায় শুনিয়াছি। একথা যদি সত্য হয়, তবে করালীবাবু অতি সরল প্রকৃতির লোক।
সেই রাত্রে আমরা তিনজনে একত্রে আহারাদি করিলাম। আহারান্তে আমরা দুইজনে করালীবাবুর নিকট বিদায় লইয়া শয়ন করিতে গেলাম।
বিছানায় শুইয়াই সহসা নিদ্রা সিল না। আমাদের ঘরের সম্মুখের দালানের পরই করালীবাবুর ঘর। বোধ হইল কে যেন দ্বার ঠেলিয়া তাঁহার গৃহে প্রবেশ করিল। তাহার কথার আওয়াজে বুঝিলাম—সে পরাণ, করালীবাবুর চাকর। পরাণ গৃহে প্রবেশ করিয়াই বলিল, ‘ব্রাহ্মণ ঠাকুর একটি টাকা চাহিতেছেন, এই রাত্রে তাঁহার বিশেষ দরকার, আমায় দিয়া বলিয়া পাঠাইলেন।’
করালীবাবু বলিলেন,‘ক্যাশ বাক্সের চাবি নাও—সঙ্গে খুচরা টাকা নাই—ক্যাশ বাক্স হইতে একটি টাকা বাহির করিয়া নাও।’ বাবু ঝনাৎ করিয়া চাবি ফেলিয়া দিলেন—শব্দে টের পাইলাম।
এই সময়ে সিঁড়িতে পদশব্দ হইতে লাগিল। কথার আওয়াজে বোধ হইল—কীর্তিবাস। কীর্তিবাস আসিয়া বাবুর গৃহে প্রবেশ করিলেন। কেননা আমি দ্বার ঠেলার শব্দ পাইলাম।
চট্টোপাধ্যায় মহাশয় বলিলেন, ‘এত রাত্রে আপনাকে ত্যক্ত করিতেছি, অপরাধ মার্জনা করিবেন। বিশেষ প্রয়োজন, নচেৎ—’
করালীবাবু বাধা দিয়া বলিলেন, ‘অত সঙ্কুচিত হইতেছেন কেন?—পরাণ, টাকাটি ঠাকুর মশায়কে দে?’ কিছু পরে আবার পদশব্দ হইল। বুঝিলাম তিনি টাকা লইয়া নিচে নামিয়া গেলেন।
পরাণ তখন বাবুকে সম্বোধন করিয়া বলিল, ‘বাবু! আজ রাত্রে ব্রাহ্মণকে টাকা না দিলেই হইত—একে বিদেশ বিভূঁই, তাহাতে রাত্রিকাল—এই অপরিচিত ব্রাহ্মণকে টাকাকড়ি সব দেখাইলেন—আর এত রাত্রে ইহারই বা এক টাকার এত কি প্রয়োজন হইয়া পড়িল—ইচ্ছা করিলে অপর কাহারও নিকট তো লইতে পারিত।’
করালীবাবু মৃদুস্বরে বলিলেন—‘চুপ, চুপ, পরাণ, ও কথা মুখে আনিস না। ব্রাহ্মণ এখনও বোধ হয় নিচে যায় নাই—আর বিশেষ প্রয়োজন না হইলেই বা আমার কাছে আসিবে কেন? তোর যদি এতই ভয় হইয়া থাকে—তবে টাকার বাক্সটা পোর্টমান্টো হইতে বাহির করিয়া আমার বালিসের নিচে রাখিয়া যা। আমার সজাগ ঘুম—এতে তো তোর ভয় ঘুচিবে।’
ইহার পর কড়াৎ করিয়া চাবি খোলার শব্দ হইল। অনুভবে বুঝিলাম পরাণ প্রভুর আদেশ মতে বাক্স বাহির করিল। নানা বিষয় ভাবিতে ভাবিতে ইহার পর আমার তন্দ্রা আসিল, আমি ঘুমাইয়া পড়িলাম।
কতক্ষণ ঘুমাইয়াছিলাম বলিতে পারি না, কিন্তু নিদ্রা যে বড় ভাল হয় নাই এরূপ বোধ হইল। ঘরের জানালা খোলা ছিল, অনুভবে বুঝিলাম রাত্রি এক প্রহর হইয়াছে। এমন সময়ে আমার ঘরের পাশে, পূর্ব কথিত দালানে যেন কাহার ধীর বিক্ষিপ্ত পদশব্দ পাইলাম। এত রাত্রে পা টিপিয়া, এ প্রকার সর্ন্তপণে কে দালানে বেড়াইতেছে ভাবিয়া বড় সন্দেহ হইল। কিয়ৎকালের জন্য শব্দটা থামিল—মনে করিলাম আমার ভ্রম। এবার একটু অবশভাব আসিয়া আমার নেত্রদ্বয়কে বুজাইয়া দিল—আমি সুশুপ্তি ও সজাগভাব দুইয়ের মধ্যবর্তী হইয়া রহিলাম। কিয়ৎকাল পরে সহসা এক ঘোর যাতনাব্যঞ্জক, কঠোর গোঁয়ানী শব্দ আমার কানে লাগিল। সেই কাতর শব্দে আমার অন্তরাত্মা যেন কাঁপিয়া উঠিল—আমি তড়িৎবেগে বিছানায় উঠিয়া বসিলাম, আবার ভাল করিয়া কান পাতিয়া শুনিলাম, আবার সেই হৃদয়ভেদী, যাতনাব্যঞ্জক কঠোর গোঁয়ানি! কি সর্বনাশ! গতিক বড় ভাল বোধ হইল না। করালীবাবুর ঘর হইতে বোধ হইল যেন শব্দটা আসিতেছে। আমি তাড়াতাড়ি আমার সহচরকে জাগাইলাম। বালিশের নিচে দেশলাই ছিল—আলো জ্বালিয়া লইলাম, গৃহ মধ্যে একগাছি বৃহৎ যষ্ঠি ছিল—আবশ্যক বোধে তাহাও সঙ্গে লইলাম। দুইজনে ধীরে ধীরে পা টিপিয়া ঘরের বাহির হইলাম। দালান পার হইয়াই দেখি করালীবাবুর ঘরের দ্বার ঈষৎ খোলা রহিয়াছে, গৃহমধ্যে একটি ক্ষীণ বর্তিকা হস্তে তাঁহার শয্যার পার্শ্বে দাঁড়াইয়া এক ভীষণ যমদূতাকৃতি মূর্তি! আমি আমার সঙ্গীকে পশ্চাতে করিয়া দ্বারের দিকে পা বাড়াইলাম। যাহা দেখিলাম, তাহাতে আমার ব্রহ্মরন্ধ্র কাঁপিয়া উঠিল—শরীর রোমাঞ্চ হইল—কি ভয়ানক ব্যাপার! কি সর্বনাশ!
করালীবাবুর মশারির দ্বার সম্পূর্ণ রূপে খোলা—সেই দুগ্ধফেননিভ শয্যা প্লাবিত করিয়া প্রস্রবণ ধারার ন্যায় রক্তোচ্ছ্বাস মাটিতে পড়িতেছে, আর কাছে দাঁড়াইয়া এক যমদূতাকৃতি নরপিশাচ। তাহার এক হস্তে ক্ষীণ বর্তিকা, অন্য হস্তে সুশানিত তীক্ষ্ণাগ্রভাগ-বিশিষ্ট সুদীর্ঘ ছোরা। তাহার হাতের আলোতেই তাহার মুখ দেখিয়া চিনিতে পারিলাম—সেই নৃশংস নরঘাতী আর কেহই নহে স্বয়ং কীর্তিবাস চট্টোপাধ্যায়। সে পিশাচ সেই অর্ধোন্মোচিত মশারির ধারে দাঁড়াইয়া—ঈষৎ অবনত হইয়া শয্যাতলস্থ শোণিতোচ্ছ্বাস দেখিতেছে।
আমি করালীবাবুর এই শোচনীয় পরিণামে যৎপরোনাস্তি মর্মপীড়া পাইলাম। তাঁহার এই লোমহর্ষক পরিণামে আমার হৃদয়তন্ত্রী বড়ই আলোড়িত হইল। কিন্তু মুহূর্তমধ্যে আত্মসংযম করিয়া আমার সঙ্গীর হাত হইতে লাঠি কাড়িয়া লইলাম। উন্মত্ত ব্যাঘ্রবৎ বিদ্যুদ্বেগে এক লম্ফে সেই গৃহমধ্যাগত হইয়া সেই দুরাত্মার পৃষ্ঠে সজোরে আঘাত করিলাম। সেই আঘাতেই সে একবারে ভূপতিত হইল। তাহার হাত হইতে ছোরাখানা ঝনাৎ করিয়া ঠিক্রিয়া পড়িল—দুরাত্মা উঠিবার চেষ্টা করিতেছে এমন সময়ে আমার বন্ধু আসিয়া তাহার বুকের উপর চাপিয়া বসিলেন। তাঁহার ভয়ে সেই নরহন্তা বিকট শব্দ করিয়া সেই রক্তাক্ত মেঝের উপর পড়িয়া গেল। আমি আলনা হইতে একখানি চাদর লইয়া ত্বরিতে তাহার হাত-পা বাঁধিয়া ফেলিলাম। আমার হাত-পা থরথর করিয়া কাঁপিতেছিল, মাথা ঘুরিতেছিল, চারিদিক হরিৎবর্ণ দেখিতেছিলাম। সেই রাক্ষস বলধারী দুরাত্মাকে যে এত শীঘ্র এত অনায়াসে আয়ত্বাধীন করিব ইহা আদৌ ভাবি নাই।
বন্ধু সেই দুরাত্মার নিকট রহিলেন, আমি ‘পরাণ! পরাণ!’ করিয়া চেঁচাইতে লাগিলাম। হায়! হতভাগ্য পরাণ অকাতরে ঘুমাইতেছিল, সে জানে না দুরাত্মা কীর্তিবাস চট্টোপাধ্যায় তাহার কি সর্বনাশ করিয়াছে। আমার হাঁকাহাঁকিতে পরাণ চোক্ রগড়াইতে রগড়াইতে উঠিয়া আসিল—গৃহে প্রবেশ করিয়া সে যাহা দেখিল—তাহাতে তাহার মূর্ছা হইবার মত হইল—আমি তাহাকে সহসা ধরিয়া ফেলিলাম।
পরাণকে বলিলাম, ‘তোরা দুজনে এই দুরাত্মা ব্রাহ্মণকে চাপিয়া ধরিয়া রাখ্—আমি পুলিশে সংবাদ দিই।’
পরাণ এ সংবাদে মৃতের ন্য