Home
শেষ দৃশ্য – প্রণব রায়

শেষ দৃশ্য – প্রণব রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়

শেষ দৃশ্য – প্রণব রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Change color

ভারতী থিয়েটারে ভিড় আজ একটু বেশি। ভিড় অবশ্য বেশি হওয়ারই কথা, কেননা সাফল্যমণ্ডিত ‘নিয়তি’ নাটকের আজ দুশো রাত্রি।

বাংলা থিয়েটারের এই দুর্দিনে গত পাঁচ বছরের মধ্যে আর কোন নাটক পরিপূর্ণ প্রেক্ষাগারে একটানা পঞ্চাশ রাত্রিও চলেনি। একমাত্র ‘নিয়তি’ নাটকখানাই বাংলা থিয়েটারের শুধু যে রূপ পাল্টে দিয়েছে। তা নয়, নাভিশ্বাস-ওঠা ভারতী থিয়েটারকে সতেজে খাড়া করে দিয়েছে। স্টাফের ছ’মাসের মাইনে চুকে গেছে, থিয়েটারবাড়িটি আগাগোড়া রং করা হয়েছে, মায় ছারপোকাওয়ালা সিটগুলো পর্যন্ত বদল করা হয়েছে।


এ হেন ‘নিয়তি’ নাটকের আজ জয়ন্তী উৎসব। আজও শ্রেষ্ঠাংশে বাংলা দেশের সবচেয়ে জনপ্রিয় দুজন শিল্পী নেমেছেন—সুজাতা আর রঞ্জন। আজকের প্রধান অতিথি বাংলার রাজ্যপাল মাননীয় রাজনারায়ণ চক্রবর্তী। সুতরাং ভারতী থিয়েটারে আজ বিরাট ব্যাপার।


আপনাদের মধ্যে অনেকে হয়তো আজ বক্স-অফিস থেকে ফিরে এসেছেন। হাউস ফুল, টিকিট নেই। তা হোক, ইচ্ছে করলে আমার সঙ্গে আসতে পারেন ভেতরে। ‘ফ্রি কমপ্লিমেন্টারি’ পাশ আজ বিশেষভাবে বন্ধ। তবু যেতে আমাদের আটকাবে না। কেননা, আমি ‘রোমাঞ্চ’ পত্রিকার গল্প-লেখক, সর্বশক্তিমান ঈশ্বরের মত সর্বত্রই আমার অবাধ গতিবিধি।


এখন রাত ন’টা বেজে দশ মিনিট। নাটকের বারো আনাই হয়ে গেছে। তা হোক, তবু শেষ দৃশ্যটা দেখবেন চলুন—নাটকের যেটা ‘ক্লাইম্যাক্স’।


তৃতীয় অঙ্কের যবনিকা উঠেছে। তৃতীয় অঙ্কই শেষ অঙ্ক। নায়িকা জয়শ্রীর শয়ন-কক্ষ। জানলা দিয়ে একফালি চাঁদ দেখা যায়। মধুরাত্রি। জয়শ্রীর পরনে বাসকসজ্জা, কবরীতে পুষ্পগুচ্ছ, ললাটে কুমকুম চন্দন।


প্রদীপ জ্বালতে জ্বালতে নায়িকা জয়শ্রী তন্ময় হয়ে গান গাইছে: মধুরাত্রি, তুমি আজ ভোর হয়ো না! প্রতি বৎসর চৈত্রশেষের এই তিথি আসে আমাদের মিলনোৎসবের লগ্ন বহন করে। আজও সেই তিথি, সেই লগ্ন এসেছে। তোমায় মিনতি করি মধুরাত্রি, তুমি ভোর হয়ো না! প্রিয় আমার আসবে, আমি রয়েছি তারই প্রতীক্ষায়।


গাইতে গাইতে জয়শ্রী জানলার ধারে গিয়ে একবার দাঁড়াল। তারপর এসে বসল সযত্ন-রচিত শয্যার ওপর। বিহ্বল কণ্ঠে সে গেয়ে চলেছে:


আকাশে জেগে থাক বাঁকা চন্দ্রলেখা, বাতাসে থাক পুষ্পসুরভি, আর আমার প্রতি নিশ্বাসে থাক মিলনের উষ্ণ মোহ। মধুরাত্রি, আজ তুমি ভোর হয়ো না। দয়িত আজ আমার আসছে, তারই প্রতীক্ষায় আমি প্রহর গুণছি!


জানলা দিয়ে দেখা গেল ধীরে ধীরে একখণ্ড কালো মেঘ চাঁদকে আচ্ছন্ন করে ফেলল। মেঘগহন আকাশে শুরু হল ঘন ঘন বিদ্যুকটাক্ষ!


নায়িকা জয়শ্রী আরো উঁচু পদায় গেয়ে উঠল:


না-না-না, ওগো মধুরাত্রি, অমন করে আঁধারে তুমি মুখ ঢেকো না। বিরূপ হয়ো না আমার ওপর, আমার মধু-যৌবনের সমস্ত আশা-আকাঙ্ক্ষা দুলে উঠেছে প্রদীপ-শিখার মতন। মধুরাত্রি, আমার মিনতি রাখো, আজকের মিলন-তিথি তুমি অন্ধকার করে দিও না! প্রিয় আমার এখনো আসেনি, তারই প্রতীক্ষায় আমার হৃদয় স্পন্দিত হয়ে উঠেছে—


কে?


গানের শেষে জয়শ্রীর উৎসুক প্রশ্ন শোনা গেল, কে তুমি?


দরজার কাছে ছায়ামূর্তি ঈষৎ নড়ে উঠল। ধরা-ধরা ভাঙা গলায় জবাব এল, অতীতের প্রেত।


ভয়ত্ৰস্তা জয়শ্রী সে কথার অস্পষ্ট প্রতিধ্বনি করে উঠল, অতীতের প্রেত!


দরজা পার হয়ে শীর্ণ দীর্ঘ ছায়ামূর্তি ঘরের মধ্যে প্রদীপের সামনে এসে দাঁড়াল। তেমনি ধরা-ধরা ভাঙা গলায় বললে, হ্যাঁ।····চিনতে পারছ?


ভয়ে চিৎকার করে উঠল জয়শ্রী।


আর ঠিক সেই মুহূর্তে সর্বনাশের সঙ্কেতের মত হু হু শব্দে শোনা গেল ঝড়ের বিলাপ।


প্রদীপের আলোয় আগন্তুককে স্পষ্ট দেখা গেল। জীর্ণ মলিন বেশ, রুক্ষ অবিন্যস্ত কেশে জটা পড়েছে, আর মুখ?


সমস্ত প্রেক্ষাগার শিউরে উঠল।


মানুষের যে ওরকম বিকৃতি ঘটতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। না জানি কোন্‌ ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধেক মুখটা পুড়ে একেবারে বীভৎস হয়ে গেছে। মুখের সেদিকটায় শুধু শাদা আর লালচে মাংসপিণ্ড ছাড়া আর কিছুই নেই। বাঁ দিকের চোখের মণিটা গলে বেরিয়ে এসেছে—একেবারে গালের ওপর! মুখের অপর দিকটা রুক্ষ কটা রঙের দাড়ি-গোঁফে আচ্ছন্ন।


দু-হাতে চোখ ঢেকে জয়শ্রী আর্তনাদ করে উঠল, কে তুমি?


শাদা শাদা দাঁত বের করে আগন্তুক নিঃশব্দে হাসল: বলেছি তো অতীতের প্রেত। তবে একদিন একটা নাম ছিল বটে। ধর, রমাপতি। রমাপতি সেন।


বিহ্বলের মত জয়শ্রী একবার চোখ তুলে তাকাল। তারপর আবার চিৎকার করে উঠল, না-না, এ মিথ্যে!


আগন্তুক বললে, আজ হয়তো মিথ্যে, কিন্তু একদিন সত্য ছিল। আজ থেকে সাত বছর আগে ডাক্তার রমাপতি সেনকে অনেকে চিনত। রমাপতির তখন স্বাস্থ্য ছিল, রূপ ছিল, দীপ্তি ছিল। ছিল না শুধু অর্থ। সবে ডাক্তারি পাশ করেছে, তখনও পসার জমেনি! সেই রমাপতি, ধর, একদিন সারপেন্টাইন লেনে এক রুগী দেখতে গিয়ে একটি মেয়েকে দেখতে পায়। তার নাম ধর, কণা।


উইংসের পাশ থেকে প্রম্পটার চাপা গলায় বললে, কি বলছেন রঞ্জনবাবু, নাম যে ভুল হয়ে যাচ্ছে।


স্টেজের ওপর দাঁড়িয়ে শিল্পী সে কথায় কান দিল না।


জয়শ্রী বালিশে মুখ গুঁজে বললে, চুপ কর, ওকথা শুনতে চাই না—তুমি যাও—চলে যাও—


আগন্তুক এবার শব্দ করে হাসল: বললেই কি যাওয়া চলে? গল্প এখনও শেষ হয়নি যে। বাকিটুক শোন। দরিদ্র যুবক রমাপতির সঙ্গে ধনীর মেয়ে কণার হল আলাপ। ডাক্তারি-বিদ্যায় রমাপতির হাত ছিল ভাল, দিনকয়েকের মধ্যেই কণাকে সে সারিয়ে তুললে। রুগী আরাম হল বটে, কিন্তু ডাক্তার পড়ল অসুখে। কণাকে রমাপতি ভালবাসল। এমন ভালবাসা, যা কেউ কখনো বাসেনি। দরিদ্র রমাপতির সমস্ত হৃদয় মন্থন করে উঠেছিল সেই ভালবাসার অমৃত,—আর ধনী-কন্যা কণা সমগ্র চেতনা দিয়ে উপভোগ করতে লাগল সেই অমৃতের স্বাদ।


মিথ্যে—সব মিথ্যে!—জয়শ্রী তীক্ষ্ণ চিৎকার করে উঠল।


গল্প মিথ্যেই হয়, কিন্তু ঘটনা হয় সত্য! নয় কি?


আগন্তুকের কথাগুলো ব্যঙ্গের মত শোনাল।


দুই হাত পিছনে মুঠো করে সে ঘরের এধার থেকে ওধার অবধি হাঁটতে হাঁটতে বললে, তারপর শোন। দিন যেতে লাগল স্বপ্নে ভেসে। কণা রমাপতিকে কথা দিলে, তাকে বিয়ে করবে—যেদিন তার সংসার পাতবার সঙ্গতি হবে। নির্বোধ রমাপতি সরল মনে বিশ্বাস করলে। আর, সেই আশায় তার যথাসর্বস্ব বেচে, দেনা করে সে করলে একটি ল্যাবরেটরি—কিছু দেশী ওষুধ তৈরি করে ব্যবসা করবে বলে। টাকা চাই—চাই নীড় বাঁধার সঙ্গতি, যে নীড় সে বাঁধবে কণাকে নিয়ে। রমাপতি ডুবে গেল ল্যাবরেটরির মধ্যে, আর তার ওষুধ দিনে দিনে ছড়িয়ে পড়তে লাগল বাজারে। এদিকে কিন্তু নাটক বদলাতে শুরু করেছে। সঞ্জয় বলে একটি ব্যারিস্টারের ছেলের আনাগোনা শুরু হয়েছে কণাদের ড্রইংরুমে। রমাপতি যখন জানতে পারল, তখন সঞ্জয়ের সঙ্গে কণার এনগেজমেন্ট পাকা হয়ে গেছে। ছুটে এল সে কণার কাছে। জিজ্ঞাসা করলে, এই যদি তোমার মনে ছিল, তাহলে আমায় কথা দিয়েছিলে কেন? মুখ ফিরিয়ে কণা জবাব দিলে, কালকের কথার দাম আজ আর থাকে না। চলে আসার আগে রমাপতি শুধু বললে, তোমার মায়ের কলঙ্ক-ইতিহাসটা সঞ্জয়ের বাপ বোধ হয় জানেন না, জানিয়ে দেওয়াটা কর্তব্য।


প্রম্পটার আবার বলে উঠল, কি বলছেন রঞ্জনবাবু, এসব কথা তো নাটকে নেই!


আগন্তুক তেমনি বলে যেতে লাগল, কিন্তু সে সুযোগ রমাপতি আর পায়নি। একদিন রাত্রে ল্যাবরেটরি থেকে ফেরবার সময় অন্ধকারে কে যেন তার মুখে অ্যাসিড-ভরা বাল্‌ব ছুঁড়ে মারলে। সে অ্যাসিড সংগ্রহ করা হয়েছিল তারই ল্যাবরেটরি থেকে—কে করেছিল জানো? কণা নিজেই।


উন্মাদিনীর মত জয়শ্রী চিৎকার করে উঠল, তুমি যাও—তুমি যাও বলছি; নইলে পুলিশ ডাকব—


ঝোড়ো হাওয়ার সঙ্গে গলা মিশিয়ে আগন্তুক অট্টহাস্য করে উঠল। তারপর হঠাৎ হাসি থামিয়ে অত্যন্ত সহজ গলায় বললে, উতলা হয়ো না, গল্প আর অল্পই বাকি আছে। হ্যাঁ শোন, ছ’মাস বাদে যখন রমাপতি হাসপাতাল থেকে বেরিয়ে এল, আর্শিতে মুখ দেখে নিজেকেই সে নিজে চিনতে পারেনি। জীবনে প্রথম ভালবাসার নিদারুণ বীভৎস স্মৃতি তার আধখানা মুখে নিষ্ঠুর ভাবে আঁকা!


স্তম্ভিত প্রম্পটার প্রায় চিৎকার করে উঠল, কি সব বলছেন রঞ্জনবাবু? আজ আপনার কি হয়েছে?


হঠাৎ মুখখানা জয়শ্রীর একেবারে কাছে এগিয়ে এনে আগন্তুক বললে, দেখ তো চিনতে পার কিনা?


নীলাভ ফ্ল্যাশ লাইট এসে পড়ল বিকৃত বীভৎস মুখখানার ওপর। দর্শকরা সভয়ে চোখ বুজল। আর, দু-হাতে মুখ ঢেকে জয়শ্রী যেন মৃত্যু-যন্ত্রণায় ককিয়ে উঠল।


আগন্তুক আবার অট্টহাস্য করে বলতে লাগল, হাসপাতাল থেকে বেরোবার পর রমাপতি মনে মনে শুধু অপেক্ষা করে রইল, কবে কণার সঙ্গে দেখা হবে! জীবনের প্রথম ভালবাসা কি ভোলা যায়? সে যে মর্মান্তিক ভালবাসা! অবশেষে দেখা হল একদিন। নিয়তির চক্রান্তে! কত খুঁজে খুঁজে কত চেষ্টার পর রমাপতি দেখা পেল এক রাত্রে। তারপর এল তার বাঞ্ছিত প্রতিহিংসার মুহূর্তটুকু! তারপর—


আগন্তুক এক-পা এক-পা করে এগিয়ে যেতে লাগল জয়শ্রীর কাছে—ক্ষুধিত শ্বাপদ যেমন করে এগিয়ে যায় শিকারের কাছে।


জয়শ্রীর মুখ ছাইয়ের মত বিবর্ণ। আতঙ্ক আর কান্নায় জড়িত স্বরে বলে উঠল, না, না, না—রমাপতি ক্ষমা কর—ক্ষমা কর আমায়—


সমস্ত প্রেক্ষাগার স্তব্ধ। একি অপূর্ব অভিনয়!


নিষ্ঠুর দুই হাতের থাবায় জয়শ্রীর কণ্ঠনালী চেপে ধরে ধরা গলায় আগন্তুক বললে, জীবনে বড় আশায় ছাই পড়লে কেউ কাউকে ক্ষমা করে না কণা—রমাপতিও আজ করবে না—


তীক্ষ্ণ কাতর এক আর্তনাদ করে উঠেই জয়শ্রীর কণ্ঠ হঠাৎ নীরব হয়ে গেল।


আর ঠিক সেই মুহূর্তে স্টেজের ওপরে ধীরে ধীরে নেমে এল কালো ভেলভেটের ভারী যবনিকা।


মিনিট দুয়েক যেন সূঁচ পড়লে শোনা যায়। তারপর বিপুল করতালির ধ্বনিতে ফেটে পড়ল প্রেক্ষাগার। দর্শকদল চিৎকার করে বলতে লাগল, আমরা শিল্পী সুজাতা আর রঞ্জনকে দেখতে চাই—অভিনন্দন জানাতে চাই—


ওদিকে যবনিকার ওপারে ম্যানেজার সত্যকিঙ্করবাবু হাঁকাহাঁকি শুরু করেছেন: ওঠো, ওঠো সুজাতা, তোমাকে আরেকবার অ্যাপিয়ার হতে হবে। সবাই দেখতে চাইছে তোমাকে—অভিনন্দন জানাবে। কই, রঞ্জনবাবু কোথায় গেলেন? কে আছিস রে, রঞ্জনবাবুকে তাড়াতাড়ি মেকআপ তুলে আসতে বল!


স্টেজের ওপর নিয়তি নাটকের শ্রেষ্ঠা অভিনেত্রী সুজাতা তখন চোখ বুজে বিছানায় লুটিয়ে।


সত্যকিঙ্করবাবু অধীর হয়ে উঠলেন: আঃ, দেরি করো না সুজাতা, উঠে এস—গভর্নর বাহাদুর নিজে তোমাদের মালা পরিয়ে দেবেন বলছেন····ওঠো, ওঠো সুজাতা—


সুজাতার কাছ থেকে কোন সাড়া নেই।


সুজাতার গায়ে ধাক্কা দিয়ে সত্যকিঙ্করবাবু বলে উঠলেন, ঘুমিয়ে পড়লে নাকি সুজাতা? কি জ্বালা! দর্শকরা তোমায় দেখবে বলে ক্ষেপে গেছে—উঠে এস সু····


অকস্মাৎ সত্যকিঙ্করবাবুর মুখের কথা হারিয়ে গেল। কপালে পড়ল রেখা, চোখ হল বিস্ফারিত। সুজাতার কপালে হাত রাখলেন তিনি, আবার ডাকলেন। তারপর ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, ডাক্তার, ডাক্তার····


সুজাতার দেহ বরফের মত ঠাণ্ডা!


ভারতী থিয়েটারের দীর্ঘ তিরিশ বছরের জীবনে এত বড় নাটক আর কখনো হয়নি।


মৃত্যুর অভিনয় এই স্টেজের ওপরে বহুবার হয়েছে। কিন্তু আজকের মত এমন মর্মান্তিক ভাবে সত্য হয়ে ওঠেনি কখনো। সত্যকিঙ্করবাবুর হাত-পা ঠকঠক করে কাঁপতে লাগল; কপাল উঠল ঘেমে।


একি হল! সুজাতা কি সত্যিই খুন হল?


পদার বাইরে উৎসাহী দর্শকদের চিৎকার তখন সমানে চলেছে। সত্যকিঙ্করবাবু একবার ভাবলেন, বাইরে গিয়ে এই মারাত্মক দুর্ঘটনার কথা জানিয়ে দেন। কিন্তু না, জানানোটা উচিত হবে না। তাতে থিয়েটারের বদনাম হতে পারে। একজন অভিনেতাকে ডেকে বললেন, পাবলিককে বলে দাও সুজাতা ফিট হয়ে পড়েছে—

**********
No Review
Related Books
Loading books…