Home
লাজ আবরণ – কৃশানু বন্দ্যোপাধ্যায়

লাজ আবরণ – কৃশানু বন্দ্যোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়

লাজ আবরণ – কৃশানু বন্দ্যোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Change color

ঘুরে দাঁড়াল সুলগ্না। হাসল একটু।

হাসলে যে? প্রণয় প্রশ্ন করল।

হাসলাম তোমার অবস্থা দেখে। তুমি ভয় পেয়ে গেছ। হয়তো পিছিয়েও যাবে।

ভয় আমি পেয়ে গেছি ঠিকই, তবে পিছিয়ে যাব না। বাড়ি থেকে শেষ পর্যন্ত মত আদায় করতে পারব বলেই মনে হয়।


আর যদি মত না পাওয়া যায়?


তবে····


অনুনয়ে ভেঙে পড়ল সুলগ্না ; কোন ‘তবে’ নয়। একটু শক্ত হও প্রণয়। আপ্রাণ ভাবে আমার পাশে এসে দাঁড়াবার চেষ্টা কর। নইলে আমি কোথায় ভেসে যাব একবার ভেবে দেখ।


প্রণয় দু’বার কেশে নিয়ে বলল, এখন থেকে কেন তুমি এত উতলা হয়ে পড়ছো লগ্না। হয়তো অশুভ কোন কিছু ঘটবে না। হয়তো·····।


ওই ‘হয়তো ’ কথাটাতেই আমার আপত্তি। সমাধান তো তোমার হাতে রয়েছে। তুমি ভাল চাকরি করছ—তুমি স্বাবলম্বী, কেন পরের কথার ওপর নির্ভর করে থাকবে?


প্রণয় সুলগ্নার কাঁধে হাত রেখে বলল, কেন তুমি মিথ্যে চিন্তা করছ? বলছি তো সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা হয়ে এল। চল, এখন ফিরি।


বার্চ স্ট্রীটের একটা ফ্ল্যাট বাড়িতে সুলগ্না থাকে। ওকে সেখানে পৌঁছে দিয়ে সেদিনকার মত বিদায় নিল প্রণয়। বিমর্ষ ভাবে করিডর অতিক্রম করল সুলগ্না। ওধারের বারান্দায় পা দিতেই আনন্দবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। সুলগ্নার নেক্সট্ ডোর নেবার। তিনি ব্যস্ত ভাবে কোথায় যাচ্ছিলেন। ওকে দেখে বললেন, তোমার বাবা অনেকক্ষণ থেকে তোমার জন্যে অপেক্ষা করছেন।


সুলগ্না দ্রুত পায়ে নিজের ঘরে এল। উমানাথ ডেকচেয়ারে বসে পত্রিকার পাতা ওল্টাচ্ছিলেন। বিজয় দাঁড়িয়ে ছিল জানলার একপাশে। মেয়েকে দেখে উমানাথ বললেন, ঘণ্টাখানেক হল আমি এসেছি।


অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল বাবা। সুলগ্না বলল, চা খাবে তো?


না । ভেবেছিলাম শনিবার দিন তুমি বাড়ি যাবে। গেলে না যখন, অগত্যা আমাকেই আসতে হল। তোমার ঘরের ডুপ্লিকেট চাবি আমার কাছে ছিল, তাই—নইলে ঘণ্টাখানেক বারান্দাতেই দাঁড়িয়ে থাকতে হত। যাক, যা বলতে আসা, তাই এখন আরম্ভ করা যাক। আটটা সাতাশের ট্রেনে আবার আমায় ফিরে যেতে হবে। বিজয়—


ভাইপোর দিকে তাকালেন উমানাথ।


বিজয় বলল, দত্তরা আর অপেক্ষা করতে চাইছে না। সামনের ফাল্গুনেই শুভকাজটা শেষ করে ফেলতে চায়।


আর,—উমানাথ বললেন, তুমি এই সপ্তাহের মধ্যে চাকরিতে ইস্তফা দেবে।


কিন্তু····


যুগের সঙ্গে পা মিলিয়ে চলতে গেলে স্ত্রী-স্বাধীনতাকে সমর্থন করতেই হবে। আমি তাই করেছি। তোমাকে চাকরি করবার স্বাধীনতা আমি দিয়েছি। এবার বিয়ে-থা করে সংসারী হও—এই আমার ইচ্ছে। অমিয় ছেলেটি ভাল, তাকে তুমি দেখেছ। তার ইচ্ছে নয় বিয়ের পর তুমি চাকরি কর। ইস্তফার কথা তাই বললাম।


সুলগ্নার মনের মধ্যেটা গুলিয়ে উঠল। অসংখ্য কথা ভিড় করে এল ঠোঁটের আগায়। কিন্তু রাশভারী উমানাথের মুখের ওপর একটা কথাও বলতে পারল না। মাথা নত করে দাঁড়িয়ে রইল।


আরো দু-চার কথা বলবার পর খুড়ো-ভাইপো বিদায় নিলেন।


দুশ্চিন্তা, দুর্ভাবনায় সুলগ্নার মন আগে থেকেই ভারাক্রান্ত ছিল। এখন যেন একেবারে নুয়ে পড়তে চাইছে। ওর প্রতি একি অবিচার? এখন সমস্ত কিছু নির্ভর করছে প্রণয়ের ওপর। সেই একমাত্র পারে এই জটিল পরিস্থিতির ওপর সুন্দর ভাবে যবনিকা টেনে দিতে।


ভেতরে আসতে পারি?


উমানাথ চলে যাবার পর তাঁরই পরিত্যক্ত ডেকচেয়ারে বসে চিন্তার অতলান্ত সমুদ্রে সাঁতরে বেড়াচ্ছিল সুলগ্না। চমকে মুখ তুলল সে। অমিয় দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। অমিয় দত্ত—সুলগ্নাদের সোনারপুরের প্রতিবেশী। ন্যাশনাল রেফ্রিজারেটার কোম্পানিতে ভাল চাকরি করে। সেই সুলগ্নাকে ওখানে কাজ সংগ্রহ করে দিয়েছে। অবশ্য সুলগ্না তাকে কোনদিনই আমল দেয়নি। অফিসে যোগ দেবার পরই প্রণয়ের সঙ্গে ওর পরিচয় হয়। এবং সেই পরিচয় ধীরে ধীরে অন্তরঙ্গতায় পরিণত হয়েছে। একথা যে অমিয়র অজানা, তা নয়। তবু সুলগ্নাকে সে বিয়ে করতে চায়। উমানাথ প্রণয়ের সম্পর্কে কিছু জানেন না। অমিয়কে তাঁর পছন্দ। তার কৈশোর থেকেই তাকে তিনি দেখছেন। বেশ ছেলে। খাসা জামাই হবে।


অমিয়কে দেখেই সুলগ্না জ্বলে উঠল। ওকে পরিষ্কার ভাবে নিজের মনের ভাব বুঝিয়ে দেবে এখুনি।


কি চান?


তোমার সঙ্গে একটা কথা ছিল।


বাজে নষ্ট করবার মত সময় আমার নেই। বাবা এসেছিলেন একটু আগে। তাঁর মুখের ওপর যে কথাটা বলতে পারিনি, আপনি যখন এসে পড়েছেন, তখন শুনে যান—আপনার সঙ্গে কোন রকম সম্পর্ক গড়ে তোলা আমার পক্ষে সম্ভব নয়।


অমিয়র চোয়াল শক্ত হয়ে উঠল।—ভুলে যেও না, তোমার আজকের স্বচ্ছলতার জন্যে দায়ী বোধ হয় আমিই। আমি চাকরির ব্যবস্থা করে না দিলে·····


তাকে কথা শেষ করতে না দিয়ে সুলগ্না বলল, আপনি আমার উপকার করেছিলেন, সেকথা আমি অস্বীকার করছি না; কিন্তু সেজন্যে আপনাকে বিয়ে করতে হবে—এমন কোন বাধ্যবাধকতা নিশ্চয়ই নেই।


কথাটা শেষ করেই সশব্দে দরজা বন্ধ করে দিলে। আবার এসে বসল ডেকচেয়ারে। ভালই হল, অমিয়কে পরিষ্কার করে বলে দেওয়া গেছে। এখন মাকে জানাবে নিজের অবস্থার কথা। লজ্জার মাথা খেযেই জানাবে। ডেকচেয়ার ছেড়ে উঠে দাঁড়াল সুলগ্না। ঘরখানা ওর মাঝারি সাইজের। আসবাবপত্র যে খুব বেশি আছে তা নয়। একখানা স্প্রীং দেওয়া লোহার খাট, ছোট একটা ট্রাঙ্ক, স্যুটকেশ, টেবিল-চেয়ার, ডেকচেয়ারখানা ও রেফ্রিজারেটার। দামী রেফ্রিজারেটারটা ও কোম্পানি থেকেই সংগ্রহ করেছে। সুলগ্না টেবিলের সামনে গিয়ে বসল। প্যাড টেনে নিয়ে মাকে চিঠি লিখতে আরম্ভ করল।


সোনার চামচ মুখে নিয়ে উমানাথ জন্মেছিলেন উত্তর কলকাতার এক অভিজাত পরিবারে। কিন্তু সেই সোনার চামচ জার্মান সিলভারে রূপ নিতে খুব বেশি সময় নেয়নি। কিছু বয়স বাড়ার পরই উমানাথ দেখলেন তাঁদের বিরাট বাড়ির খিলেনে খিলেনে ফাটল ধরেছে। সব ঘরের ঝাড়লণ্ঠনগুলো আর জ্বলে না। ঘরে ঘরে পাতা দামী জাজিমের ছোট ছোট খোঁচ বিরাট বিরাট হাঁ-এর আকার নিয়েছে।


এই সব ব্যতিক্রম কেন?


‘কেন’র উত্তর যে উমানাথের অজানা, তা নয়। প্রথম যেদিন তিনি তাঁর বাবা দিবানাথকে অনেক রাত্রে টলতে টলতে বাড়ি ফিরতে দেখেন, সেই দিন থেকেই তিনি জানেন, তাঁদের সমস্ত ঐশ্বর্য ওই মদের স্রোতেই ভেসে যাচ্ছে। বাড়ির ইঁটটিও বোধ হয় বিক্রি হয়ে যেত, যদি না দিবানাথ মারা যেতেন। মারা যাবার সময় তিনি ছেলের জন্যে রেখে গিয়েছিলেন শুধু বিরাট আধভাঙা বাড়িখানা—আর কিছু নয়।


এরপর উমানাথের জীবন-সংগ্রামের পালা।


বহু বাধা-বিঘ্নকে অতিক্রম করে····কঠিন পরিশ্রমে নিজেকে বিলিয়ে অবশেষে জয়লাভ করেছেন তিনি। প্রচণ্ড বড়লোক অবশ্য হতে পারেননি, তবে স্ত্রী-পুত্রকে নিয়ে সংসার-সমুদ্রে ডুবে না গিয়ে, কুটো অবলম্বন করে ভাসতে পেরেছেন। তাঁর চাকরি জীবন শুরু হয়েছিল এ-এস-এম’য়ের পদে নিয়োগ পেয়ে। উত্তর কলকাতার ঘিঞ্জি পরিবেশ থেকে উঠে এসেছিলেন সোনারপুরের নিরালা আওতায়।


তারপর কত বছর কেটে গেছে। অশোক ও সুলগ্না বড় হয়েছে। মাতৃ-পিতৃহীন বিজয়—সে অশোকের বয়সী। সেও আছে সংসারে। খরচ ক্রমেই বেড়ে চলেছে, অথচ সেই অনুপাতে আয় বাড়েনি। রেলের অ্যাসিস্টেন্ট স্টেশন মাস্টারের কতই বা মাইনে! কিছু উপরি পাওনা আছে, এই যা রক্ষে। বাড়িতে সমর্থ দু-দুটো ছেলে—চাকরির জন্যে হিমসিম খেয়ে যাচ্ছে তারা। কিন্তু কোথায় চাকরি?


উমানাথের পাশের বাড়িতেই থাকেন দত্তরা। দত্তদের বড় ছেলে অমিয় কলকাতার এক বিখ্যাত রেফ্রিজারেটার কোম্পানিতে কাজ করে। সে সংবাদ দিল একদিন, তাদের অফিসে সুলগ্নার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। রিসেপশান কাউন্টারে একজন মহিলার প্রয়োজন। ব্রাঞ্চ-ম্যানেজারের সঙ্গে খাতির আছে অমিয়র। অনুরোধ করলে সুলগ্নাকে ওই পদে তিনি মনোনীত করতে পারেন। সুলগ্না ইন্টারমিডিয়েট পাশ করে বসেছিল। এই প্রস্তাবে উমানাথ রাজী হতে পারলেন না। তিনি প্রাচীনপন্থী, স্ত্রী-স্বাধীনতাকে খুব ভাল চোখে দেখেন না। বাড়ির লোকেদের চাপে পড়ে মেয়েকে পড়িয়েছেন, আবার চাকরি!


কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মত দিতে হল।


অশোকও বিজয় অনেক বোঝাল। সংসারের অবস্থা কতটা স্বচ্ছল হয়ে উঠবে, সে সম্পর্কে ইঙ্গিত দিল। সবশেষে জানাল, ওদের দুজনের মধ্যে একজনের চাকরি হয়ে গেলেই সুলগ্নাকে কাজ থেকে ছাড়িয়ে আনা হবে। কাজে যোগ দিল সুলগ্না। কিন্তু ছ’মাসের মধ্যে ওকে বাড়ি ছাড়তে হল—অর্থাৎ কাজে যোগ দেবার সময় এমন ভাবে নির্দিষ্ট হল, যাতে নিয়মিত সোনারপুর থেকে গিয়ে অফিস করা যায় না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও মেয়ের কলকাতায় বাসা ঠিক করে দিলেন উমানাথ। তাঁর বন্ধু আনন্দ বার্চ স্ট্রীটের এক বাড়িতে তিনখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন। তিনখানা ঘর তাঁর প্রয়োজন হত না । একখানা সাবলেট করবেন ঠিক করেছিলেন।


কথায় কথায় উমানাথকে একদিন বলেছিলেন, একজন ভদ্রলোক পেলে ঘরটা তাকে দিই


মৃদু হেসে উমানাথ বলেছিলেন, আজকাল ভদ্রলোক আর তুমি পাচ্ছ কোথায়?


শেষ পর্যন্ত ওই ঘরখানাই সুলগ্নার কাজে লেগে গেল। খাওয়া-দাওয়া অবশ্য আনন্দবাবুর ওখানেই সারে পেয়িং গেস্ট হিসেবে। ইতিমধ্যে অবশ্য অশোক আর বিজয়ের চাকরি হয়েছিল।


অমিয়কে সরাসরি প্রত্যাখ্যান করার পর দিন সাতেক কেটে গেছে। গোধূলি লগ্ন তখন। আনন্দবাবু অফিস থেকে ফিরে এলেন। করিডর অতিক্রম করে নিজের ফ্ল্যাটে ঢুকতে যাবেন, দেখলেন একজন অপরিচিত লোক সুলগ্নার দরজা ঠেলাঠেলি করছেন। সুলগ্না ফিরে এসেছে নাকি? তাঁদের না বলে-কয়েই কোথায় ডুব মেরেছিল ও কাল থেকে?


দরজার কাছে গিয়ে আনন্দবাবু দেখলেন, কড়ায় তালা লাগানো নেই। হঠাৎ তাঁর মনে হল, অফিসে যাবার সময়ও যেন দরজার কড়ায় তালা দেখেননি। সকালেই সুলগ্না নিশ্চয় ফিরে এসেছে। তাঁর সঙ্গে দেখা করেনি কেন?


লোকটার দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, কাকে চাই?


সুলগ্না দেবীর সঙ্গে দেখা করব। তাঁর নামে চিঠি আছে।


ও। সাড়া দিয়েছেন?


না । প্রায় দশ মিনিট ধরে ধাক্কাধাক্কি করছি দরজা।


বিস্মিত হয়ে ভ্রূ কুঁচকোলেন আনন্দবাবু। দশ মিনিট ধরে দরজা ধাক্কা দেবার পরও সুলগ্না দরজা খুলল না—এরকম তো হবার নয়। ওর শরীর খারাপ হল নাকি? তিনিও বার কয়েক ধাক্কা দিলেন। নাম ধরে ডাকলেন। কোন সাড়া নেই। এই সময় পাশের ফ্ল্যাটের শৈলেনবাবু এলেন ঘটনাস্থলে। তিনি সব শুনে যা বললেন তা আরো চিন্তার কথা। গত সন্ধ্যা থেকেই তিনি দরজার কড়ায় তালা দেখছেন না। আনন্দবাবুর বিস্ময় আরো বর্ধিত হল, কারণ সুলগ্না তাঁর ওখানেই খাওয়া-দাওয়া করে—কাল থেকে আজ অবধি তাঁদের কাছে যায়নি। দরজা বন্ধ করেই বা এতক্ষণ করছে কি? সন্দেহের আর অবকাশ নেই, নিশ্চয়ই মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়েছে সে।


অন্যান্য ফ্ল্যাটেরও কয়েকজন উপস্থিত হলেন। পরিস্থিতি নিয়ে বাক্য বিনিময় হল। দরজা ভেঙে ফেলা হবে কিনা এই প্রশ্নে, দরজা ভেঙে ফেলার পক্ষেই সকলে রায় দিলেন। কিন্তু তবু দরজা ভাঙা হল না। সকলে ইতি-উতি করতে লাগলেন। চাপা গুঞ্জনে জল্পনার জাল বোনা আরম্ভ হল।


অশোক ও বিজয়কে সঙ্গে নিয়ে উমানাথ উপস্থিত হলেন ঘটনাস্থলে। সুলগ্নার ঘরের সামনে এত লোকজন দেখে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে আনন্দ?


কিছুই বুঝতে পারছি না ভাই। কাল থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছে সুলগ্না।


সেকি! কাল তো সোনারপুর যাবে বলে চিঠি দিয়েছিল। তাকে আজকেও ওখানে যেতে না দেখে আমরাই চলে এলাম ব্যাপার কি জানতে।


সকলের মুখ থেকে বৃত্তান্ত শোনার পর অশোক বলল, আর আমাদের অপেক্ষা করা উচিত নয়। দরজাটা এবার ভেঙে ফেলাই ভাল।


একটা শাবল সংগ্রহ করা হল তখুনি। শাবলের চাড় দিয়ে ভেঙে ফেলা হল দরজা। ফাঁকা ঘর। সুলগ্নার সন্ধান পাওয়া গেল না ঘরের মধ্যে। অথচ দরজা ভেতর থেকেই খিল তুলে বন্ধ করা ছিল। একি রহস্য।

**********
No Review
Related Books
Loading books…