
চিঠিচুরি – পাঁচকড়ি দে
রঞ্জিত চট্টোপাধ্যায়
যখন শ্রীমান অক্ষয়কুমারকে প্রবেশিকার দ্বার-সম্মুখে উপনীত দেখিয়া ক্রুদ্ধা সরস্বতী দুই হস্ত আন্দোলন করিয়া তাহাকে দুই-দুই বার বিতাড়িত করিলেন, তখন শ্রীমানও মা সরস্বতীর প্রতি একেবারে ভক্তিশূন্য হইয়া পড়িলেন। এবং পড়াশুনা বন্ধ করিয়া প্রায় তিন চারিটি বৎসর বাটীতে বসিয়া অতিবাহিত করিলেন।
সংসারের ভার দাদার স্কন্ধে ছিল, সুতরাং সংসারের ভাবনা অক্ষয়কে কিছুমাত্র ভাবিতে হইত না। এই তিন চারিটি বৎসর হাসিয়া খেলিয়া, বেড়াইয়া, গল্প করিয়া তাহার পরম নির্বিঘ্নে কাটিয়া গেল।
বহুদিন পূর্বে পিতার কাল হইয়াছিল, তখন অক্ষয়ের বয়স আট বৎসর মাত্র। অক্ষয়ের জ্যেষ্ঠ ভ্রাতা বিনয়কুমার বয়সে অক্ষয়ের অনেক বড়, তখন তাঁহার বয়ঃক্রম পঞ্চবিংশতি বৎসর; তিনি চিকিৎসাবিদ্যায় কৃতবিদ্য হইয়া কিছু কিছু উপার্জন আরম্ভ করিয়াছিলেন। তাঁহার যত্নে স্নেহে অষ্টমবর্ষীয় শ্ৰীমান অক্ষয়কুমার লালিত পালিত এবং কিঞ্চিৎ শিক্ষিত হইয়া এখন দ্বাবিংশ বৎসরে পদার্পণ করিয়াছে। জ্যেষ্ঠ কনিষ্ঠের শিক্ষার জন্য অনেক চেষ্টা করিলেন, কিন্তু কনিষ্ঠ স্কন্ধে ভারস্থাপন করিয়া নিশ্চিন্ত হইলেন। বলা বাহুল্য জ্যেষ্ঠ সে জন্য যথেষ্ট মনঃক্ষুণ্ণ হইলেন।
যখন বিদ্যাশিক্ষা সম্বন্ধে হস্তপদ ধৌত করিয়া অক্ষয়কুমার উঠিয়া বসিলেন, তখন জ্যেষ্ঠ ভ্রাতা ডাক্তার বিনয়কুমারের পসার এমন অপরিসীম হইয়া উঠিল যে মস্তক কণ্ডূয়নের অবসরও তাঁহার ঘটিয়া উঠিত না। সুতরাং বেকার অক্ষয়কুমারের সম্বন্ধে কোন চিন্তা তাঁহার হৃদয়ে স্থান পাইত না। দিনে দিনে মাস—মাসে মাসে বৎসর অজ্ঞাতবাসে কাটিতে লাগিল।
কিন্তু শেষে বসিয়া বসিয়া অক্ষয়কুমারের দিন আর কাটে না। যখন বিদ্যালয়ে গমনাগমন ছিল তখন দিনগুলো এত শীঘ্র কাটিয়া যাইত যে, খেলা করিবার সময় না পাইয়া অক্ষয় সাতিশয় বিস্মিত হইত। কিন্তু এখন এক-একটা ঘণ্টাকে দিনের মত দীর্ঘ হইতে দেখিয়া ততোধিক বিস্মিত হইল এবং এখন তাহা তাহার পক্ষে অত্যন্ত অসহ্য বোধ হইতে লাগিল। তখন অক্ষয়কুমার স্বয়ং এক নূতন উপায় উদ্ভাবন করিল। প্রথমে রেনল্ড্স্-রচিত ইংরেজি উপন্যাসগুলি কিনিয়া কিনিয়া পাঠ করিতে লাগিল, তখন পুনরপি খঞ্জপায়ে-হাঁটা দিনগুলি অশ্বারোহণে সবেগে ধাবিত হইতে লাগিল। পড়িয়া পড়িয়া যখন রেনল্ড্সে অরুচি ধরিল, তখন চিত্তোত্তেজক ডিটেকটিভ স্টোরি পাঠে মনোনিবেশ করিল। পাঠকালে গল্প-লেখকদিগের অদ্ভুত কল্পনার অসাধ্যসাধক ডিটেকটিভদিগের অসম্ভব কার্যকলাপে অক্ষয়কুমারের মন তন্ময় হইয়া উঠিত; এবং তাহাদিগের অলৌকিক চরিত্র প্রত্যেক পৃষ্ঠায় অক্ষয়ের হৃদয়ে অতুল মহিমাময় ও গৌরবময় বলিয়া অনুভূত হইত। তখন নিজের ভবিষ্যৎ ঠিক করিতে তাহাকে আর বিশেষ চেষ্টা করিতে হইল না। মনে মনে স্থির করিল, যেমন করিয়া হউক, পুলিশ বিভাগে ঢুকিতে হইবে।
যখন মনের এই আগ্রহটা একান্ত অদম্য হইয়া উঠিল, তখন একদিন অক্ষয়কুমার দাদাকে সুযোগমত নিরিবিলি পাইয়া, তাঁহার নিকট অত্যন্ত উৎসাহের সহিত সেই প্রস্তাব করিল; এবং তদ্বিষয়ে তাঁহার মতামত জানিতে চাহিল।
দাদা বিনয়কুমার প্রথমে সাতিশয় বিস্ময়ের সহিত কথাটা শুনিলেন এবং ভ্রাতার মুখের দিকে আকুলভাবে চাহিয়া রহিলেন। এমন কি তখন তাঁহার নিজের চক্ষু কর্ণকে বিশ্বাস করিতে প্রবৃত্তি রহিল না। অনেকক্ষণ পরে কহিলেন, ‘অকু, কি হইয়াছে বল্ দেখি? ডিটেকটিভের কথা কি বলিতেছিস?’
দাদার মুখের ভাব দেখিয়া মনের ভাব বুঝিতে অক্ষয়ের কিছুমাত্র বিলম্ব হইল না। জড়িত কণ্ঠে কহিল, ‘মনে করিতেছি, ডিটেকটিভের কাজ করিব—কত দিন আর বসিয়া বসিয়া কাটাইব।’
এবার দাদা যেন আকাশ হইতে পড়িলেন; চক্ষু কপালে তুলিয়া বলিলেন, ‘ডিটেকটিভের কাজ! আমার ভাই হইয়া তুই পুলিশের কাজ করিবি?’
অক্ষয় মৃদু হাস্যে বলিল, ‘হুঁ, আমার অত্যন্ত ইচ্ছা হইয়াছে, আপনি কি বলেন?’
দাদা কিছুই বলিলেন না, স্তম্ভিতবৎ তাহার মুখের দিকে অবাঙ্মুখে চাহিয়া রহিলেন। দাদাকে সেইরূপ ভাবে নিজের দিকে চাহিতে দেখিয়া অক্ষয়কুমার বলিতে লাগিল, ‘দেখুন, দাদা, আমি যদি বেশ কাজের লোক হইতে পারি, এ কাজে বেশ উপায় আছে! এমন কি, তাহা হইলে পুলিশের কাজ ছাড়া বাহির হইতেও দুই-একটা সন্ধান সুলুকের কাজ মধ্যে মধ্যে সংগ্রহ করিয়া বেশ উপায় করিতে পারিব, এমন মনে হয়। তাহা ছাড়া আর কি করিব? এই তো কত দিন বাড়িতে বসিয়া রহিয়াছি, নিজের তেমন টাকা নাই যে কোন একটা ব্যবসায় করিব, আর আমি যেরূপ কাজের লোক, আপনি তাহা সবিশেষ জানেন, তাহাতে কোন ব্যবসায়ের জন্য যে আপনি আমাকে কিছু টাকা বিশ্বাস করিবেন, সে বিশ্বাস আমার আদৌ নাই। যাহাই হোক, ডিটেকটিভগিরি কাজের জন্য আমার মনে অত্যন্ত আগ্রহ হইয়াছে—যাহার যে কাজে বিশেষ আন্তরিকতা এবং আগ্রহ থাকে, সে অধিকাংশ স্থলেই সেই কাজে যথেষ্ট উন্নতি করিতে পারে। আমারও মনে হয়, একদিন হয়তো আমিও মাথা তুলিয়া উঠিতে পারিব।’
বিনয়কুমার কহিলেন, ‘বাড়িতে বসিয়া বসিয়া তোর মাথাটা যেরূপ বিগড়াইয়া গিয়াছে দেখিতেছি, তাহাতে ও মাথা আর কোন কালে খুলিবে না। নতুবা আমার ভাই হইয়া তোর এমন নীচ প্রবৃত্তি! তোর মনের যে এমন একটা দুর্গতি হইবে, তা আমি স্বপ্নেও একবার ভাবি নাই।’
অক্ষয়কুমার বিষন্নভাবে কহিল, ‘তবে দাদা, আপনি যদি—’
বাধা দিয়া হস্ত ও মস্তক যুগপৎ আন্দোলন করিয়া দাদা বলিলেন, ‘এখন যা, এখন যা—আর কোন কথা শুনিতে চাই না, আর কোন কথা নয়।’
এই বলিয়া ডাক্তার বিনয়কুমার একখানি ইংরেজী সংবাদপত্র টানিয়া লইয়া পড়িতে আরম্ভ করিলেন; আর কোন কথা না কহিয়া অক্ষয়কুমার ধীরে ধীরে নিঃশব্দে ঘরের বাহির হইয়া গেল।
ভাই তাহার দাদার মন জানিত, বুঝিতে পারিল, যখন দাদা একবার ‘না’ বলিয়াছেন, তখন দৈবানুগ্রহ ব্যতিরেকে ‘হ্যাঁ’ হইবার সম্ভাবনা একেবারে নাই।
পরদিন সায়াহ্নে অক্ষয়কুমার বেড়াইতে বাহির হইবার উদ্যোগ করিতেছে, এমন সময়ে পুরাতন ভৃত্য বৃদ্ধ বংশী আসিয়া সংবাদ দিল, ‘বড়বাবু আপনাকে একবার ডাকিতেছেন। তিনি বাহিরের ঘরে আছেন।’
অক্ষয় কহিল, ‘হঠাৎ আমাকে ডাক পড়িল কেন? কি হইয়াছে?’
বংশী কহিল, ‘কি জানি কি হইয়াছে, বাবু; তিনি রাগিয়া একেবারে আগুন হইয়া উঠিয়াছেন।’
অক্ষয়কুমার কহিল, ‘দাদার রাগের কথা আমি বেশ জানি, একটু কিছুতেই বাড়ি মাথায় করিতে থাকেন। আচ্ছা, আমি এখনই যাইতেছি।’
অক্ষয়কুমার তাড়াতাড়ি দাদার সহিত দেখা করিতে চলিল। এবং যেমন সে দ্বিতলের সোপানাবতরণ আরম্ভ করিয়াছে, কোথা হইতে ছুটিয়া আসিয়া ডাক্তার বিনয়কুমারের একমাত্র পুত্র দশম বর্ষীয় সুশীল এক হাতে কাকার জামা টানিয়া ধরিল, তাহার অপর হস্তে একটা প্রকাণ্ড লাটাই ও একখানা তদধিক প্রকাণ্ড ঘুড়ি। ঘুড়িখানার দুই-এক জায়গায় ছিঁড়িয়া গিয়াছে—সংস্কার প্রয়োজন।
নৃত্যভঙ্গি সহকারে সুশীল আবদার করিয়া বলিতে লাগিল, ‘কাকাবাবু, আমার ঘুড়ি উড়িয়ে দেবে, এস না, মা আমার ঘুড়ি ছিঁড়ে দিয়েছে, তুমি চল না, কাকাবাবু, আমার ঘুড়ি উড়িয়ে দেবে।’
অক্ষয়কুমার প্রবোধ দিয়া বলিল, ‘তাই তো, আজ একবার ঘুড়ি উড়াইতে হইবে বৈকি। কিন্তু এখন নয়, এখন ছাদে বড় রোদ।’ বলিতে বলিতে সবেগে অক্ষয়কুমার সিঁড়ি হইতে নামিয়া গেল।
তাড়াতাড়ি দাদার ঘরে গিয়া যাহা দেখিল, তাহাতে অক্ষয়কুমার সহজেই হৃদয়ঙ্গম করিতে পারিল যে, আজ একটা কিছু বেশি রকমের দুর্ঘটনা ঘটিয়াছে। দাদা একবার চেয়ার ঠেলিয়া উঠিতেছেন, একবার টানিয়া বসিতেছেন, উঠিয়া বসিয়া কিছুতেই তিনি চিত্ত স্থির করিতে পারিতেছেন না।
দাদাকে অক্ষয়কুমার যেমন অতিশয় ভক্তি করে, তেমনি আবার তদপেক্ষা ভয়ও করে। দাদার সেইরূপ ভাব দেখিয়া সে প্রথমে কথা কহিতে পারিল না। তাহার পর কিছু সাহস সংগ্রহ করিয়া বলিল, ‘বংশীর মুখে শুনিলাম, আপনি আমাকে ডাকিয়াছেন।’
বিনয়কুমার কহিলেন, ‘হ্যাঁ হ্যাঁ, তাহাই বটে, তা এত দেরি হইল? বড়ই আশ্চর্য ব্যাপার অকু, বড়ই আশ্চর্য ব্যাপার। কেবল আশ্চর্য ব্যাপার নয়, একেবারে সর্বনাশ হইয়া গিয়াছে, এই টেবিলের উপরে একখানা কাগজ—কাগজ কেন? একখানা গোপনীয় চিঠি রখিয়াছিলাম, সেখানা এখন কোথায় গেল, কিছুতেই খুঁজিয়া পাইতেছি না।’
‘কখন রাখিয়াছিলেন?’
‘এইমাত্র।’
‘দাদা, আমি আপনার কথা ভাল বুঝিতে পারিলাম না।’
‘কথাটা আমি বুঝাইয়া বলিতেছি।’ বলিয়া বিনয়কুমার বলিতে লাগিলেন, ‘কাল তুই ডিটেকটিভ্গিরি কাজ শিখিবার জন্য আমার মতামত জানিতে আসিয়াছিলি, আজ থেকে আমার সেই চিঠিখানার ডিটেকটিভগিরি কর দেখি। তোর মনের ধারণা, পুলিশের কাজে তুই মাথা তুলিয়া একজন বেশ পাকা নামজাদা ডিটেকটিভ হইতে পারিবি; আজ আমার চিঠিখানা খুঁজিয়া বাহির করিয়া দিলে তোর সে ধারণা যে কতদূর সত্য, বেশ বুঝিতে পারিব। আর তোর বিদ্যাদুদ্ধির কতদূর দৌড়, জানা যাইবে।’
অক্ষয়কুমার সাভিনিবেশ অনুসদ্ধিৎসু দৃষ্টিতে ক্ষণকাল দাদার মুখের দিকে চাহিয়া বুঝিতে পারিল, তাঁহার তখনকার সে উদ্বেগ ও উৎকণ্ঠা মিথ্যা নহে। বরং তিনি তাহা ঢাকিবার জন্য সবিশেষে চেষ্টা করিতেছেন।
বিনয়কুমার বলিলেন, ‘ঝি ডাকিতে আসিলে, পত্রখানা টেবিলের উপর রাখিয়া একবার বাড়ির ভিতরে উঠিয়া গিয়াছিলাম।’
অ। পত্রখানিতে কি লেখা ছিল?
বি। যাহাই লেখা থাকুক না কেন, সে কথায় দরকার কি? বিশেষ গোপনীয় পত্র, যে লোকের পত্র সে কিম্বা আমি ছাড়া আর কাহারও নজরে যদি সে পত্রখানা পড়ে, তাহা হইলে আমাকে ভয়ানক বিপদে পড়িতে হইবে, এমনকি তাহা হইলে আমার মান সম্ভ্রম আর কিছুতেই থাকিবে না, একেবারে সকল দিকে সর্বনাশ ঘটিবে।
অ। কে আপনাকে সে পত্র লিখিয়াছিলেন?
বি। কেহ লেখেন নাই—আমিই কোন লোককে লিখিতেছিলাম। লিখিয়া প্রায় শেষ করিয়া আনিয়াছিলাম, এমন সময় ঝি আমাকে ডাকিতে আসিয়া এই গোল বাধাইয়া দিল।
অ। কোন ঝি আপনাকে ডাকিতে আসিয়াছিল?
বি। মঙ্গলা, তাহার উপর সন্দেহ করিবার কোন কারণ দেখি না। আমি যখন এখান হইতে উঠিয়া যাই, তখন সে আমার সঙ্গে সঙ্গে উপরে গিয়াছিল। উপরের শোবার ঘরে এখনও সে কাজ করিতেছে—নিচে নামে নাই।
অ। কতক্ষণ আপনি এখানে অনুপস্থিত ছিলেন?
বি। দশ মিনিট? দশ মিনিটও হইবে না। সেই পত্রখানা টেবিলের উপর ফেলিয়া গিয়াছিলাম বলিয়া, আমি আরও তাড়াতাড়ি এই ঘরে ফিরিয়া আসি।
অ। যাইবার সময় কি আপনি দরজা বন্ধ করিয়া গিয়াছিলেন?
বি। হ্যাঁ, ফিরিয়া আসিয়াও আমি সেইরূপ বন্ধ থাকিতে দেখিয়াছিলাম।
অ। পত্রখানি ছাড়া কি আর কোন জিনিস চুরি গিয়াছে?
বি। আর কিছু না, আর কোন জিনিসে কেহ হাত দেয় নাই। এমনকি টেবিলের উপরে যেখানে যে জিনিসপত্র যেমন ভাবে থাকিতে দেখিয়া গিয়াছিলাম, ফিরিয়া আসিয়া ঠিক তেমনই দেখিয়াছি।
অ। টেবিলের উপর ঠিক কোন স্থানে আপনার চিঠিখানি ছিল?
বি। ব্লটিং প্যাডের উপরে ছিল। মঙ্গলা যখন আমাকে ডাকিতে আসে, তখন আমি লিখিতেছিলাম, যাইবার সময় ব্লটিং প্যাডের উপর চিঠিখানা চাপিয়া, উঠিয়া যাই।
অ। আপনি বেশ জানেন যে, উঠিয়া যাইবার সময় চিঠিখানা ব্লটিং প্যাডের উপর চাপিয়া গিয়াছিলেন?
বি। না, সে কথা আমি এখন ঠিক বলিতে পারি না। আমার এখন তাহা ঠিক মনে পড়িতেছে না।
অ। মঙ্গলা কি আপনাকে সেই চিঠি লিখিতে দেখিয়াছিল?
বি। দেখিয়াছিল; সে যখন ঘরের ভিতরে আসিয়াছিল, তখন, সে অবশ্যই দেখিয়াছিল। কিন্তু আমি কি লিখিতেছি, কি না লিখিতেছি, সে কি করিয়া জানিবে? আমি পূর্বেই বলিয়াছি, তাহার উপর সন্দেহ করিবার কোন কারণ নাই।
অ। তাহাকে আমি কোন সন্দেহ করিতেছি না। আপনি এরকম একখানা গোপনীয় চিঠি এ সময়ে লিখিবেন, এ কথা বাড়ির আর কেহ জানেন?
বি। কেহ না—কেহ না—জনপ্রাণীও না।
বল