Home
চণ্ডেশ্বরপুরের রহস্য – মনোরঞ্জন ভট্টাচার্য

চণ্ডেশ্বরপুরের রহস্য – মনোরঞ্...

রঞ্জিত চট্টোপাধ্যায়

চণ্ডেশ্বরপুরের রহস্য – মনোরঞ্জন ভট্টাচার্য

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Change color

মাসিমার সাদর নিমন্ত্রণ উপেক্ষা করিতে না পারিয়া সেবার রণজিৎ দিন সাতেকের জন্য চণ্ডেশ্বরপুর কাটাইয়া আসিবে স্থির করিল । চণ্ডেশ্বরপুর একটি গণ্ডগ্রাম, কলিকাতা হইতে অনেকটা দূরে। বাংলার পল্লী-অঞ্চলের সহিত হুকাকাশির খুব ঘনিষ্ঠ পরিচয় নাই, তাই রণজিতের ইচ্ছা তিনিও তাহার সঙ্গী হন। হুকাকাশি একেবারে অস্বীকার করিলেন না, বলিলেন, ‘আপনি রওনা হয়ে পড়ুন তো, এদিককার ঝঞ্ঝাট যদি মেটাতে পারি, তবে না হয় আপনাদের পল্লীগ্রামের বায়ু খানিকটা ভক্ষণই করে আসা যাবে।’


চণ্ডেশ্বরপুর যিনি গিয়াছেন তিনিই জানেন, সেখানকার সবচেয়ে আকর্ষণের বস্তু হইতেছে প্রসিদ্ধ ‘বাদামতলী’টি । পাড়াগাঁয়ে মানুষের জীবন সাধারণত মন্দাক্রান্তা-তালে চলে। সকালে এক এক করিয়া গ্রামের মাতব্বর গোছের ব্যক্তিরা বাদামতলীতে আসিয়া জোটেন ; দেখিতে দেখিতে মজলিশ পুরু হইয়া উঠে, হাতে হাতে হুঁকা ঘুরিতে থাকে, সেরে সেরে তামাক ভস্ম হয়, আর সেই সঙ্গে নিপাত যান অনেক রাজা, উজির—অর্থাৎ সামাজিক, রাষ্ট্রিক, আধ্যাত্মিক, পারলৌকিক—কোন বিষয়ের আললাচনাই বাদ যায় না। তারপর বেলা অনেকটা গড়াইলে বাদামতলীর সভ্যেরা বাড়ি ফেরেন ; মাধ্যাহ্নিক রুচিকর আহার এবং সুখকর নিদ্রাটি সাঙ্গ করিয়া বিকালে আবার সকলে আসিয়া জোটেন বাদামতলীতে। তারপর সভা ভঙ্গ হয় অনেক রাত্রে । এক কথায় বাদামতলী চণ্ডেশ্বরপুরের সবচেয়ে অ্যারিস্টোক্র্যাটিক ক্লাব । কাজে কাজেই রণজিৎ আসিয়া দু’দিনেই যে এখানে ভিড়িয়া পড়িবে তাহাতে আর আশ্চর্য হইবার কি আছে ?


সেদিন বাদামতলীর আসর বেশ সরগরম হইয়া উঠিয়াছে । হঠাৎ দেখা গেল জীবনলাল নামে গ্রামের একটি যুবক ত্রস্তপদে সেদিকে আসিতেছে। তাহার সঙ্গে তাহারই বয়সী আর এক ছোকরা, তাহারও হাবভাব যেন একটু অস্বাভাবিক রকমের চঞ্চল। অনেকেই যুবকটিকে চিনিতে পারিল । সে জীবনের ভগিনীপতি হৃষীকেশ ; সবে গত বছর তাহার বিবাহ হইয়াছে । এদিকে বিষয়-আশয় সংক্রান্ত কোন কাজে আসিয়াছিল, একদিনের জন্য শ্বশুরবাড়ি ঘুরিয়া যাইবে এই তাহার মতলব।


জীবনলাল নিকটে আসিতেই একজন জিজ্ঞাসা করিল, ‘ব্যাপার কি হে জীবন ! চোখমুখ অমন শুকনো শুকনো কেন ?’


‘এক ভয়ানক কাণ্ড হয়ে গেছে সুধীরদা ! আচ্ছা, মানুষ মরে গেলেও তার প্রেতাত্মা মানুষের শরীর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে—এ আপনারা বিশ্বাস করেন ?’ জীবনলালের নাক হইতে ঘন ঘন নিশ্বাস পড়িতেছিল।


ভারি কঠিন প্রশ্ন, কিন্তু জবাব আসিল অতি চটপট ; কেউ কেউ বলিল, ‘কেন পারবে না ? আলবাৎ পারে!’ কেউ কেউ আবার বলিল, ‘গাঁজা, স্রেফ !’ আমাদের সুধীরদা প্রথম দলভুক্ত।


‘আপনার কি মনে হয় জ্যাঠামশাই ?’


‘জ্যাঠামশাই’ এ আসরের সবচেয়ে মাতব্বর ব্যক্তি, বাদামতলী ক্লাবের তিনিই প্রেসিডেন্ট। গ্রামের ঘটিবাটি চুরির কিনারা করা হইতে আরম্ভ করিয়া ইউনিয়ন বোর্ডের ইলেকশন পর্যন্ত সমস্ত ব্যাপারেই তাঁর মোড়লী অপ্রতিহত ভাবে চলিয়া আসিতেছে। অপর সকলের মত তিনি তো আর হাল্কা হইতে পারেন না, তাই মুরুব্বিয়ানার ভাব দেখাইয়া কহিলেন, ‘ব্যাপারটা কি, খুলেই বল না আগে, তারপর তোমার প্রশ্নের জবাব দেওয়া যাবে।’


‘এই হৃষীকেশকেই জিজ্ঞাসা করুন, সে নিজের চোখে প্রত্যক্ষ করেছে।’


সুধীরদা, জ্যাঠামশাই, ন’খুড়ো, ফুল ঠাকুরদার দল এইবারে সোজা হইয়া বসিলেন। সকলেরই মুখের ভাব, যেন এইবারে একটি আসল সামগ্রীর সন্ধান পাওয়া গিয়াছে। হৃষীকেশ তাঁহাদের দিকে তাকাইয়া তাহার ‘নিজে প্রত্যক্ষ করা’র কাহিনী শুরু করিল :


‘কাল রাত্রে জীবনদার ওখানে যে গানের জলসা বসেছিল, তা আপনারা জানেন নিশ্চয়ই, আপনাদের অনেককেই তো ওখানে দেখতে পেয়েছিলাম। জলসার আসর ভাঙে রাত প্রায় দশটায় । তারও প্রায় ঘণ্টাখানেক বাদে খাওয়াদাওয়া সেরে আমি শুতে গেলাম। দোতলার সব চাইতে কোণের নিরালা ঘরটাতে আমার বিছানা করা হয়েছিল। ঘরের পরে অনেকখানি খোলা ছাদ, তারপর বাকি ঘরগুলি আরম্ভ হয়েছে—’


জীবন বাধা দিয়া বুঝাইয়া বলিল, ‘মানে, ভাঁড়ার ঘরের ঠিক উপরের ঘরটা ; বাবা মারা যাওয়ার বছর তিনেক আগে ওটি তৈরি হয়। নিরিবিলি বলে ঘরখানা তাঁর ভারি পছন্দসই ছিল, তৈরি হওয়া অবধি বরাবর ওইটাতেই তিনি থাকতেন। ওই ঘরের ছাদেই তিনি সাপের কামড়ে দেহরক্ষা করেন। আজকাল অতিথ-বিতিথ না এলে ও ঘরটা আমরা কেউই ব্যবহার করি না।’


হৃষীকেশ আবার বলিতে আরম্ভ করিল, ‘বিছানায় শোয়ার অল্পক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম ; মাঝরাতে হঠাৎ খুট করে একটু শব্দ হওয়ায় ঘুম ভেঙে গেল। সামনে তাকিয়ে যা দেখতে পেলাম, তাতে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। এক ধবধবে সাদা মূর্তি অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। গলা হতে পা অবধি সমস্ত শরীর তার সাদা কাপড়ে মোড়া , শুধু হাত দুটি এবং মুখখানা বাইরে বেরিয়ে আছে। কিন্তু তা স্বাভাবিক মানুষের মুখ-হাত নয়—রক্তের লেশমাত্র তাতে নেই, একেবারে শ্বেতপাথরের মত ধবধবে সাদা। দেখেই তো আমার হাত-পা অসাড় হয়ে এল। কিন্তু এর পরেই যে ঘটনা ঘটল, তাতে মনে হল বুকের ধুকধুকুনিটুকুও বুঝি একদম থেমে যাবে। সেই শ্বেতপাথরের মূর্তি আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে টেনে টেনে, ধীরে ধীরে বলল, ‘এ-টা আ-মা-র ঘ-র, আ-মি-ই থা-ক-ব।’ তারপর আর আমার কিছুই মনে নেই, দাঁত লেগে বিছানার উপরই অজ্ঞান হয়ে পড়ে রইলাম। ভোরবেলা জীবনদারা এসে অনেক ডাকাডাকি-হাঁকাহাঁকির পর আমায় জাগিয়ে তুলেছেন।


ফুল ঠাকুরদার হুঁকার ডাক বন্ধ হইয়া গিয়াছিল, তিনি সভয়ে বলিলেন, ‘বল কি হে, মাখনের প্রেতাত্মা দুপুর রাত্রে এসে উপস্থিত হয় নাকি ? কি রকম চেহারাটা তার বল তো ?’


জবাব দিল জীবনলাল, কহিল, ‘সে সমস্তই আমরা খুঁটে খুঁটে জিজ্ঞাসা করেছি ঠাকুরদা, বাস্তবিকই সে যে বাবারই আত্মা—সে সম্বন্ধে কিছুমাত্র সন্দেহ নেই, সেই ডান গালের উপর মস্ত আঁচিল, সেই ফ্রেঞ্চকাট দাড়ি, মাথার চুলে সেই সোজা সিঁথি—সমস্তই হুবহু মিলে গেছে।’


সুধীরদা সোৎসাহে বলিয়া উঠিলেন, ‘ভূত নেই, নাঃ ? লাও এবার !’ তিনি সদর্পে অবিশ্বাসী দলের দিকে তাকাইলেন।


ফুল ঠাকুরদা বলিলেন, ‘হবে না, অপমৃত্যু যে !’


সকলে উদ্বিগ্নমুখে জ্যাঠামশাইয়ের দিকে তাকাইল, কেননা গ্রামের এই সব বড় দরের ব্যাপারে বাদামতলীর প্রেসিডেন্টের মতই সর্বাগ্রে গ্রাহ্য । জ্যাঠামশাই, ওরফে নীলরতনবাবু, ধীরে ধীরে বার দুই মাথা নাড়িয়া বলিলেন, ‘না হে জীবনলাল, তোমার বাবার চেহারার সঙ্গে এতখানি মিল রয়েছে শুনেও কথাটা আমার বিশ্বাস হল না। মরা মানুষ কখনো ফিরে আসে না; এ নিশ্চয়ই কোন চোরবাটপাড়ের কর্ম, চুরির মতলবে ওভাবে বাড়িতে এসে ঢুকেছিল।’


‘সে সমস্ত নিয়েও আমাদের মধ্যে অনেক আলোচনা হয়ে গেছে, জ্যাঠামশাই, কিন্তু সমস্ত শুনলে আপনিও নিশ্চয় স্বীকার করবেন যে এ কোন ‘চোর-চামারের’ কাজ নয়। বাড়ির অন্যান্য ঘর বাদ দিয়ে যে ঘরে চুরি করবার মত কিছুই নেই, বেছে বেছে সেই ঘরটাতেই চোর এসে ঢুকবে কি জন্যে ? তারপর হৃষীকেশকে সে নিজের চোখেই অজ্ঞান হয়ে পড়তে দেখেছে । সত্যিকারের চোর হলে সে কি ওর সোনার বোতাম আর রিস্টওয়াচটা হাতের সামনে পেয়েও ফেলে রেখে যেত ? কিছুতেই না । ইচ্ছা করলে হৃষীকেশের শোওয়ার ঘরের দরজাটি খুলে বাড়ির এদিক পানেও সে এগিয়ে আসতে পারত । অথচ সেসব কোন কিছুর ধার দিয়েই সে যায়নি। আর তাছাড়া, সে যে মানুষ হতে পারে না, তার সব চাইতে বড় যুক্তি হচ্ছে এই যে, বন্ধ ঘরের মধ্যে সে ঢুকল কি ভাবে ? দেওয়াল অথবা ছাদ ফুঁড়ে তো আর মানুষের পক্ষে আসা সম্ভব নয় !’


নীলরতনবাবু একটু বিজ্ঞভাবে বলিলেন, ‘কিভাবে ঢুকল সেইটাই তো হচ্ছে আসল রহস্য, আর সেই রহস্যই তো আমাদের ভেদ করতে হবে । কিন্তু সে তো আর এই বাদামতলীতে বসে বসে সম্ভব নয়, সমস্ত বাড়ির আনাচ-কানাচ তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখতে হবে কোথাও কোন ‘ক্লু’ আছে কিনা। এ হল একটা দস্তুরমত ডিটেকটিভি ব্যাপার। কাজেই এখানে আর সময় নষ্ট না করে, চল, আমরা সেই দিকেই মনোযোগ দিই গে যাই।’


নীলরতনবাবু সদলবলে উঠিয়া পড়িলেন। রণজিতের ভারি কৌতূহল হইতেছিল। বহুদিন সে হুকাকাশির ডিটেকটিভি দেখিয়াছে, কাজে কাজেই আজ নীলরতনবাবুর ডিটেকটিভি দেখিতে কৌতূহল হওয়াটা তার স্বাভাবিকই।


জীবনলালের বাড়ি পৌঁছিয়া নীলরতনবাবু চারিদিক তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিলেন। ঘরের মেঝে, দেওয়াল, দরজা প্রভৃতি অনেকক্ষণ ধরিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার পর একটু মৃদু হাসিয়া কহিলেন, ‘আমাদের প্রথম রহস্যটা ছিল কি বল তো ?—চোর কিভাবে ঘরে ঢুকল, তাই না ? তা, সে রহস্যভেদ হয়ে গেছে।’


সকলে সমস্বরে প্রশ্ন করিয়া উঠিল, ‘কি করে ? কি করে ?’


নীলরতনবাবু আঙুল দিয়া সেই ঘরের সংলগ্ন বাথরুমটি দেখাইয়া বলিলেন, ‘আশ্চর্য, এটি তোমাদের কারোই খেয়ালে এল না ! একবার নিচের দিকে তাকিয়ে দেখ দেখি, বড় বড় গাছে কেমন জঙ্গল হয়ে রয়েছে। অন্ধকারে গা-ঢাকা দিয়ে নর্দমার পাইপ বেয়ে চোর যদি ওপরে উঠে আসে, আর বাথরুমের জানলা দিয়ে প্রথমে বাথরুমে এবং তারপরে এই ঘরে এসে ঢুকে পড়ে, তবে তাকে কে ঠেকায় বল দেখি ?’


জীবনলাল সাশ্চর্যে বলিয়া উঠিল, ‘তা কি করে হবে জ্যাঠামশাই ? বাথরুমের দরজা যে ভেতর থেকে বন্ধ ! আমরা ভোরে ঘরে ঢুকেও তো ওটাকে ওই রকম বন্ধ অবস্থাতেই দেখেছি !’


নীলরতনবাবু দারুণ থতমত খাইয়া গেলেন। বলিলেন, ‘ওঃ, বন্ধু নাকি ? সেটা তো আমি খেয়াল করিনি! ’


রণজিৎ বহুকষ্টে হাসি দমন করিয়া রাখিল, কিন্তু সুধীর বেচারা তাও পারিল না। মুচকি হাসিয়া ফুল ঠাকুরদার কানে কানে বলিল, ‘উনি বার করবেন ঘেঁচু।’


নীলরতনবাবু রাগতভাবে সুধীরের পানে তাকাইয়া বলিলেন, ‘আমায় কি তুমি উপহাস করছ সুধীর ? জানো, জীবনে আমার অভিজ্ঞতা কম নয়, বয়স পঞ্চাশ পার হতে চলল !’


‘আজ্ঞে তা সত্যি, তবে আজ আর একটা অভিজ্ঞতা বাড়ল। ‘ভূত নেই, ভূত নেই’ বলে এতদিন যে বলে বেড়াতেন, আজ বুঝলেন সেটা একটা ভুল বিশ্বাস।’


নীলরতনবাবু সজোরে মাটিতে পা ঠুকিয়া বলিলেন, ‘ভূত আলবাৎ নেই। আমি বিশ্বাস করি না।’


সুধীরও একটু রগ-চটা লোক, সে কহিল, ‘আপনি আজ একা এ-ঘরে রাত কাটাতে পারেন ?’


‘নিশ্চয়ই পারি। তবে একা নয়, সঙ্গে আমার লাঠিটা থাকবে। আমি একবার দেখব, ভূতের মাথাও লাঠির বাড়িতে ফাটে কিনা, আর সেই ফাটা থেকে রক্ত বেরোয় কিনা!’


‘বেশ, তবে তাই কথা রইল ; সময় কালে পেছুবেন না যেন!’


জবাবে নীলরতনবাবু শুধু একবার রোষকষায়িত নেত্রে সুধীরের দিকে তাকাইলেন মাত্র।


বাড়ি ফিরিয়া রণজিৎ যা দেখিতে পাইল তা সে আদপেই প্রত্যাশা করে নাই—বারান্দায় বসিয়া হুকাকাশি তাহার মেসোমশাইয়ের সঙ্গে গল্প করিতে করিতে চা পান করিতেছেন। সে হঠাৎ উচ্ছ্বসিত হইয়া উঠিল, ‘বড় সুসময়ে এসে পড়েছেন মিস্টার হুকাকাশি, গ্রামে আজ জোর খবর।’ সকালবেলাকার সমস্ত ব্যাপার সে আদ্যোপান্ত হুকাকাশির নিকট খুলিয়া বলিল।


শুনিয়া হুকাকাশি হা হা করিয়া হাসিয়া উঠিলেন, কহিলেন, ‘তাই বটে, সব কাজেই কিছু না কিছু বিদ্যা লাগে, বাদ শুধু ডিটেকটিভগিরিতে। এটা মানুষের একেবারেই বিধিদত্ত সম্পত্তি।’


‘কিন্তু ব্যাপারটাতে আপনার বিদ্যা একটু দেখাতে হচ্ছে তো ! সুধীর ঠিকই বলেছে—নীলরতনবাবু রহস্য ভেদ করবেন ঘেঁচু।’


‘তা কি হয় ? আমি, হাজার হলেও বিদেশী লোক, অযাচিত ভাবে এসব ব্যাপারে আমরাই বা কেন হাত দিতে যাব, আর ওরাই বা কেন তা বরদাস্ত করবে ?’


‘ঠিক অযাচিত ভাবে নয়। ও-বাড়ির জামাই হৃষীকেশ কলকাতার ছেলে, আমায় দেখেই চিনেছে—ফুটবলের মাঠে নাকি অনেক বার দেখেছে ; আপনার পরিচয়ও সে সবিশেষ জানে। আপনার এখানে আসবার সম্ভাবনা আছে শুনে অবধি সে ছটফট করে বেড়াচ্ছে—আপনাকে দিয়ে ব্যাপারটার একটা কিনারা করিয়ে নেবার জন্যে।’


‘তা বেশ তো ; আজকে রাত্রে আবার নতুন কি কাণ্ড ঘটে দেখাই যাক না, এত তাড়াতাড়ি কিসের ?’


পরদিন ভোর হইতে না হইতেই গ্রাম ভাঙিয়া লোক আসিয়া জুট

**********
No Review
Related Books
Loading books…