সকাল ছয়টা। আকাশটা তেমন পরিষ্কার ছিল না, এজন্য সকালবেলা বাড়ি হইতে বাহির হই নাই। শেখরবাবু তখন রাস্তার দিকের জানালার কাছে ইজিচেয়ারখানি সরাইয়া লইয়া একখানি বই হাতে করিয়া একমনে পড়িতেছিলেন ; আমি তাঁহার সোফাখানি অধিকার করিয়া ছিলাম। তখন সবেমাত্র চায়ের পিয়ালা খালি হইয়াছিল, সেটি আমার সম্মুখের টিপায়ার উপর পড়িয়াছিল।