স্বর্ণ খনির রহস্য
তখন দুপুর। ফ্রান্সিসরা সবেমাত্র খাওয়া-দাওয়া সেরেছে তখন। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। জাহাজ চলেছে। মেঘ দেখেই পেড্রো বুঝল প্রচণ্ড ঝড় আসছে। পেড্রো মাস্তুলের মাথা থেকে নেমে এল। ফ্রান্সিসের কাছে এল। ফ্রান্সিস শুয়ে ছিল। ফ্রান্সিস বলল–পেড্রো কী হয়েছে?
–প্রচণ্ড ঝড়বৃষ্টি আসছে। তুমি ডেক-এ এসো।
চলো। ফ্রান্সিস উঠে পড়ল। দ্রুতপায়ে ছুটল। ডেকে-এ উঠে এল। ভাইকিং বন্ধুরা এখন ডেক-এ দাঁড়িয়ে আছে। বাতাস পড়ে গেছে। চারদিকের সমুদ্রে প্রায় অন্ধকার নেমে এসেছে। ফ্রান্সিস সমুদ্রের চারদিক দেখে নিল। তারপর গলা চড়িয়ে বলল–ভাইসব ঝড়বৃষ্টি আসছে। পাল নামাও। তারপর ডেক-এ এসে ঝড়ের মোকাবিলা কর।
ফ্রান্সিসের কথা শেষ হতেই ভাইকিং বন্ধুরা কাজে ঝাঁপিয়ে পড়ল। একদল দড়িদড়া খুলে পাল নামাতে লাগল। চারপাঁচজন মাস্তুলে বাঁধা দড়িদড়া খুলতে লাগল। অনেকটা করে দড়ির পাঁচ খুলে এল। সেই মোটা দড়িগুলো ধরে কিছু ভাইকিং তৈরি হয়ে দাঁড়াল।
কয়েকজন দাঁড়ঘরে গেল। দাঁড়গুলো আসনের সঙ্গে বেঁধে রেখে এল। ঝড়ের ধাক্কায় দাঁড়গুলো ভাঙবে না।
আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। যেন কালো আকাশটাকে চিরে ফেলছে।
হঠাৎ প্রচণ্ড শব্দ তুলে ঝড় ঝাঁপিয়ে পড়ল ফ্রান্সিসদের জাহাজের ওপর। ফেনিল জল ডেক-এর ওপর দিয়ে গিয়ে অন্যপাশে পড়তে লাগল। তার সঙ্গেই বড় বড় ফোঁটার বৃষ্টি শুরু হল। একটু পরেই মুষলধারে বৃষ্টি পড়তে লাগল।
ডেক-এর ওপর দিয়ে কোনওরকমে হেঁটে ফ্রান্সিস ফ্লেজারের কাছে এল। ফ্লেজার হুইল এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে ঝড়ের সঙ্গে লড়াই করতে লাগল।
ফ্রান্সিস হুইল ধরে দাঁড়ানো জাহাজ চালক ফ্লেজারকে বলল–সাবধান জাহাজ যেন ডোবে না। কথাটা এই প্রচণ্ড ঝড়ে ফ্লেজার শুনতে পেল না। ফ্রান্সিস বুঝল সেটা। ফ্রান্সিস এবার ফ্লেজারের কানের কাছে মুখ এনে কথাটা আবার বলল। ফ্লেজার হাতটা একটু উঠিয়ে বলল–ঠিক আছে। ফ্রান্সিস কথাটা শুনল না। কিন্তু বুঝতে পারল।
ডেক-এর ওপর দাঁড়িয়ে কয়েকজন ভাইকিং মাস্তুলে বাঁধা মোটা মোটা দড়িদড়া টেনে ধরে রইল। ওরা দৃঢ়প্রতিজ্ঞ–জাহাজ ডুবতে দেবে না।
কিছুক্ষণ পরে বাতাসের বেগ কমল। তারপরেই বৃষ্টি কমল। আকাশ পরিষ্কার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হাওয়ার সেই তেজ আর রইল না।
ভাইকিংরা ডেক-এর ওপর পড়ে আছে। সারা গা ভেজা যেন চান করেছে। একজন দু’জন করে সবাই উঠে দাঁড়াতে লাগল। ফ্রান্সিসও মাস্তুলে টানা কাছিতে হাত লাগিয়েছিল। ওরও অবস্থা বন্ধুদের মতই, ফ্রান্সিস কেবিনঘরের দিকে চলল। জাহাজ একটা দ্বীপের কাছে চলে এসেছে।
সন্ধ্যের পরে হ্যারি ফ্রান্সিসের কাছে এল। ফ্রান্সিস তখন বিছানায় আধশোয়া। মারিয়া কীসব সেলাই করছিল। হ্যারি বলল–ফ্রান্সিস এখন কী করবে?
-কোথায় এলাম এটা সবকিছুর আগে জানা দরকার। নইলে হিসেবে গণ্ডগোল হয়ে যাবে। ফ্রান্সিস বলল।
–তা তো ঠিকই। তাহলে আজকে তো আর তীরে নামছো না। হ্যারি বলল।
–না। আজকের রাতটা কাটুক। ফ্রান্সিস বলল।
–বেশ। তাহলে কালকে খোঁজ নিতে যাবে। হ্যারি বলল।
–হ্যাঁ। অঞ্চলের লোকদের সঙ্গে কথা বলে সব জানতে পারবো। ফ্রান্সিস বলল।
–সেটাই ভাল হবে। চলি। হ্যারি চলে গেল।
পরের দিন সকালের খাবার খেয়ে ফ্রান্সিস ফ্লেজারের কাছে যাচ্ছে তখনই মারিয়া বলল–তুমি কী স্থির করেছো?
–কী স্থির করেছি সেটা বলার সময় এখনো আসে নি। ফ্রান্সিস বলল।
মারিয়া একটু অভিমানভরে বলল–তুমি তো আমাকে আগে থেকে কিছু বলো না।
ফ্রান্সিস হেসে বলল–এ তোমার অনর্থক অনুযোগ, অভিমান। তোমাকে না জানিয়ে কোন কাজ আমি করি?
-হ্যাঁ, মাঝে মাঝে করো। মারিয়া বলল।
–এ তোমার ভুল বোঝা। এসব নিয়ে মিছিমিছি মন খারাপ করো না। আমি যা ঠিক করি তা আমাদের ভালর জন্যেই। ফ্রান্সিস বলল।
তখনই এক ভাইকিং বন্ধু খাবার নিয়ে এল। ফ্রান্সিস দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবার খেয়ে নিল! তারপর বাইরে এল। ডেক-এ শাঙ্কোকে দেখল। ফ্রান্সিস বলল–শাঙ্কো –তোমার সকালের খাবার হয়েছে?
-হ্যাঁ। এখন কী করবে? শাকো বলল।
–সেটাই ভাবছিলাম। যাকগে-চলো তীরে নামি। খোঁজখবর করি। ফ্রান্সিস বলল।
দিনের বেলাই যাবে? শাঙ্কো বলল। –হ্যাঁ। রাতে নামলে বিপদে পড়তে পারি। ফ্রান্সিস বলল।
–আর কাকে নেবে? শাঙ্কো বলল।
–হ্যারি এখনও যথেষ্ট দুর্বল। ভাবছি বিস্কোকে নিয়ে যাবো।
বিস্কোকে একবার ডাকো তো। ফ্রান্সিস বলল।
একটু পরেই বিস্কো এল।
–বিস্কো–শোন–আমরা তীরে নামবো। জানতে হবে আমরা কোথায় এলাম। তুমি আর শাঙ্কো আমার সঙ্গে থাকবে। ফ্রান্সিস বলল।
–বেশ। বিস্কো মাথা কাত করে চলল।
–দু’জনেই তৈরি হয়ে এসো। তরোয়াল তীরধনুক সঙ্গে নিও না।
শাঙ্কো আর বিস্কো চলে গেল।
ফ্রান্সিসও তৈরি হল।
মারিয়া বলল–এখানে কি নামতেই হবে?
–উপায় নেই। সঠিক জানতে চাই আমরা কোথায় এলাম। ফ্রান্সিস বলল।
–বিপদ তো হতে পারে। মারিয়া বলল।
–নিশ্চয়ই বিপদ আছে। কিন্তু জীবনের ঝুঁকিটা নিতেই হবে। নইলে সত্যটা জানবো কী করে? ভয় নেই আমরা সাবধানে থাকবো।
শাঙ্কো আর বিস্কো এল। তিনজন ডেক-এ উঠে এল।
তিনজনে জাহাজের দড়ির সিঁড়ি বেয়ে একটা নৌকোয় নামল। শাঙ্কো নৌকোর দড়ি খুলে জাহাজের গায়ে ধাক্কা দিয়ে নৌকো সরিয়ে আনল। তারপর তীরভূমি লক্ষ্য করে নৌকোর দাঁড় বাইতে লাগল।
তীরে পৌঁছল। আর একটা ছোট জাহাজও নোঙর ফেলে আছে। জাহাজের মাথায় উড়ছে পর্তুগালের পতাকা।
যেখানে নামল সেখানে একটু উঠেই পায়ে চলা পথের মতো দেখল। দুপাশে ঝোঁপ জঙ্গল।
শাঙ্কো নৌকেটা তীরভূমিতে তুলে রাখল। জোয়ার এলে নৌকোটা আর ভেসে যাবে না।
ওরা চলল। পাখির বিচিত্র সব ডাক। রোদও চড়া নয়। হাঁটতে ভালোই লাগছিল।
হঠাৎ ফ্রান্সিস দেখল দুতিনজন লোক জলাজঙ্গল থেকে বেরিয়ে এল। ফ্রান্সিসদের দেখে ওরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। ফ্রান্সিস দেখে বুঝল লোকগুলো এখানে কোন বিদেশিকে দেখবে এটা বোধহয় কল্পনাও করেনি। ওরা থেমে আছে। ফ্রান্সিস বুঝল ওরা ছুটে পালাবার জন্যে তৈরি। ফ্রান্সিস আস্তে বলল–শাঙ্কো– ছোট। অন্তত একটাকে ধর। তখনই তিনজন বাঁ দিকে দৌড় দিল। শাঙ্কো ওদের চেয়েও দ্রুত ছুটে পেছনেরটাকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে গেল। শাঙ্কো লোকটার হাত ধরল। লোকটাকে নিয়ে উঠে দাঁড়াল।
লোকটা হাঁপাচ্ছে তখন। শাঙ্কোও হাঁপাতে লাগল।
ফ্রান্সিস ওদের কাছে এল। লোকটাকে দেখল। ওর গায়ে মোটা সুতোয় তৈরি পোশাক পরে আছে। মুখচোখে ভয়।
ফ্রান্সিস বলল–ভয় নেই। আমরা তোমার কোন ক্ষতি করবো না। থেমে বলল– এই জায়গার নাম কী?
–গ্যালিগস।
–এটা কোন দেশ?
লোকটি মাথা এপাশ ওপাশ করল। ফ্রান্সিস বুঝল লোকটি দেশের নাম বলতে পারবে না। অতটা জ্ঞানবুদ্ধি ওর নেই। এবার শাঙ্কো বলল–তোমাদের রাজার নাম কী?
—-আত্তারিয়া। লোকটি বলল।
-উনি কোথায় থাকেন? ফ্রান্সিস জিজ্ঞেস করল।
–ঐখানে উদিন্না পাহাড়ের নিচে। লোকটি বলল।
ফ্রান্সিসরা কথা বলছে তখনই পেছনের ছোট টিলাটার মাথায় পাঁচ ছ’জন যোদ্ধাকে দেখল। তাদের হাতে বর্শা। ফ্রান্সিস বুঝল বিপদ। গলা চড়িয়ে বলল– শাঙ্কো বিস্কো পালাও।
ফ্রান্সিসরা দ্রুতপায়ে সমুদ্রতীরের দিকে ছুটল। তখনই দেখল সমুদ্রতীরের দিক থেকে কয়েকজন যোদ্ধা উঠে আসছে। দুদিক থেকে ফ্রান্সিসরা আটকে গেল। ফ্রান্সিস গলা চড়িয়ে বলল–ডানদিকে। কিন্তু ওরা ডানদিকে দৌড়োতে যাবে তখনই দেখল ডানদিকের জংলা গাছের জঙ্গল থেকে কয়েকজন যোদ্ধা এগিয়ে আসছে। ফ্রান্সিস গলা চড়িয়ে বলল–আমরা ধরা পড়ে গেছি। পালাবার চেষ্টা করো না। নিজের জায়গায় দাঁড়িয়ে থাক।
যোদ্ধারা আস্তে আস্তে এগিয়ে এসে ফ্রান্সিসদের ঘিরে ফেলল। ফ্রান্সিসরা দাঁড়িয়ে রইল। টিলার দিক থেকে একজন ন্যাড়ামাথা বলিষ্ঠ লোক এগিয়ে এল। ফ্রান্সিস বুঝল এই দলপতি। দলপতির হাতে একটা লোহার বর্শা। দেখেই বোঝা যাচ্ছে বেশ ভারী।
–তোমরা বিদেশী? দলপতি জিজ্ঞেস করল।
–হ্যাঁ। আমরা ভাইকিং। ফ্রান্সিস বলল।
–এই দেশে এসেছো কেন? দলপতি জিজ্ঞেস করল।
বলতে পারেন বেড়াতে। শাঙ্কো বলল।
–তোমরা জানো পাহাড়ের ওপারের রাজ্যের রাজা হুয়াল্পারের সঙ্গে আমাদের লড়াই আর কিছুদিনের মধ্যে শুরু হবে। দলপতি বলল।
–না। এখানে আমাদের জাহাজে চড়ে এসেছি ঘণ্টাখানেক হল। ফ্রান্সিস বলল।
–বিশ্বাস করতে পারলাম না। রাজা হুয়াল্পার গুপ্তচর তোমরা। দলপতি বলল।
এই রাজ্যে আমরা যুদ্ধের জন্যে কী সব ব্যবস্থা নিচ্ছি এটাই তোমরা গোপনে নি জানতে এসেছে। দলপতি বেশ গলা চড়িয়ে বলল।
ফ্রান্সিস গলায় বেশ জোর দিয়ে বলল–আমরা গুপ্তচর নই। আমরা বিদেশি। জাহাজে চড়ে এসেছি। যদি গুপ্ত ধনভাণ্ডারের খবর পাই তাহলে আমরা থাকবো যতদিন না গুপ্তধন উদ্ধার করতে পারছি। গুপ্তধন উদ্ধার করে গুপ্তধন যার বা যাদের পাওনা তাদের হতে দিয়ে চলে যাবো। এছাড়া এখানে আসার অন্য কোন কারণ নেই। ফ্রান্সিস বলল।
–আমরা বিশ্বাস করি না। দলপতি বলল।
–তাহলে আমরা নাচার। আপনি যা ভাববার ভেবে নিন। ফ্রান্সিস বলল।
–সব কটাকে বন্দী কর। দলপতি হুকুম দিল।
একজন যোদ্ধা এগিয়ে এল। হাতে দড়ি। প্রথমে ফ্রান্সিসের হাতে দড়ি বাঁধল। ফ্রান্সিস কোন আপত্তি করল না। বরং বলল–আপত্তি করো না। এর সঙ্গে আমাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। শাঙ্কো বিস্কোর হাতও দড়ি দিয়ে বাঁধা হল।
দলপতির নির্দেশে ছোট পাহাড়টার দিকে চলল সবাই। পাহাড়ের নিচে পৌঁছে ফ্রান্সিসরা দেখল চামড়ার তাবু মত। তাঁবুগুলো অনেকটা জায়গা জুড়ে। ফ্রান্সিসদের দেখতেই বোধহয় তাঁবুগুলো থেকে মেয়েরা শিশুরা বেরিয়ে এল।
একটা তাবুর কাছে এল সবাই। দলপতি ফ্রান্সিসদের বলল–এইখানে তোমরা বন্দী হয়ে থাকবে। যতদিন রাজা বলবেন তত দিন। এবার তাঁবুটায় তোক। ফ্রান্সিসরা তাঁবুতে ঢুকল। মোটামুটি প্রশস্ত। টান হয়ে শুলে তাবুর বাইরে পা চলে যাবে। তবে তিনজন এঁটে যাবে। রান্নার জিনিসপত্র উনুন এসব রাখা নেই। তবে তিনজন এঁটে যাবে। বন্দীদের জন্যেই রাখা হয়েছে। একটা কাঠের পাটা মেঝেয় পাতা। ওটার ওপরেই তিনজনকে বসতে বলা হল।
জল খাবো। বিস্কো বসতে বসতে বলল। একজন আঙ্গুল দিয়ে কোণার দিকে দেখাল। বিস্কো ওখানে গেল। দেখল একটা চামড়ার থলিতে জল রাখা। ও থলিতে মুখ চেপে জল খেল। ফ্রান্সিস শাঙ্কোও জল খেল।
–তোমাদের খাবার আসছে। খেয়ে দেয়ে আমাদের রাজা আত্তারিয়ার কাছে যেতে হবে। তোমাদের কী শাস্তি দেওয়া হবে সেটা রাজাই জানাবেন। দলপতি আর কয়েকজন চলে গেল। দু’জন পাহারায় রইল।
কিছুক্ষণ পরে খাবার এল। দু’জন লোক নিয়ে এল। বড় পাতা পেতে দেওয়া হল। তাতে খাবার দেওয়া হল। ফ্রান্সিস বলল–পেট পুরে খাও। ভালো না লাগলেও খাও। তিনজনে চেয়ে চেয়ে খেল। লোকেরা চলে গেল।
বিকেল হল। দলপতি একাই এল। বলল–চল আমাদের রাজার কাছে যেতে হবে। ফ্রান্সিস বলল-খাওয়ার সময়ও আমাদের হাতের বাঁধন খোলা হল না। বাঁধা দু’হাত নিয়ে খাওয়া যায়? এখনও বাঁধন খোলা হল না।
দলপতি ফ্রান্সিসদের হাতের দড়ি একটা ধারালো ছোট কুঠার দিয়ে কেটে দিল। তাঁবুর বাইরে এল ওরা। দলপতির পেছনে পেছনে চলল।
এলাকার মাঝখানে বেশ বড় একটা তাবু। তাবুর সামনে এল ওরা। দলপতি তাঁবুর ভাঁজকরা চামড়া সরিয়ে ভেতরে তাকাল। বলল–মাননীয় রাজা গুপ্তচরদের এনেছি।
–ভেতরে এসো। রাজার বেশ ভারী গলা। দলপতি ফ্রান্সিসদের তাঁবুতে ঢোকবার জন্যে ইঙ্গিত করল।
ফ্রান্সিসরা তাঁবুতে ঢুকল। বড় তাবু তাই মেঝেও বড়। একপাশে রাজা আত্তারিয়া কাঠের আসনে বসে আছেন। চোখ নাক মুখ সুন্দর। সুগঠিত দেহ। গলায় নানা রঙের ছোট ছোট পাথর। রাজা বসবার ইঙ্গিত করলেন। ফ্রান্সিসরা বসল।
রাজা বললেন–তোমরা বিদেশি। তবে কেন গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে গেলে।
–মান্যবর রাজা–ফ্রান্সিস বলল–এটা আমরা বুঝতে পারছি না কে বা কারা আমাদের গুপ্তচর বলে ধরে নিল। মাত্র একরাত হল আমরা এই গ্যালিগসে এসেছি।
