
সম্পূর্ণ অকারণে – প্রবীরগোপাল রায়
রঞ্জিত চট্টোপাধ্যায়
সম্পূর্ণ অকারণে – প্রবীরগোপাল রায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| thriller |
Posted byসাহিত্য কুঞ্জ05-Aug-2025
Change color
ব্যারিস্টার এডোয়ার্ড টুডু ছোটনাগপুরের একটি কেন্দ্র থেকে ভারতের লোকসভার সদস্য।
তাঁর রাঁচির বাড়িতে সেদিন তখন সকাল দশটা। তাঁর স্ত্রী নির্মলা শয়নকক্ষের একটি আলমারিতে চাবি ঘুরিয়ে ড্রয়ার খুলল, স্বামীর রিভলবারটি বেরুল। তাতে গুলি পুরে নল রগের ওপর চেপে ধরে সে ঘোড়া টিপল।
আওয়াজ কানে গেল সেক্রেটারি অমিয় সাহার। সে অদূরের ঘর থেকে ছুটে এল কি ব্যাপার দেখতে। দেখল, নির্মলার নিস্পন্দ শরীর মেঝেয় পড়ে। রক্তে কার্পেটের খানিকটা ভিজে গেছে।
সেই ঘরেই টেলিফোন। অমিয় প্রথমে পারিবারিক চিকিৎসক মিস্টার বোসকে, তারপর পুলিশকে ফোন করল। তারপর ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে মিস্টার টুডুকে খবর দিতে গেল। তিনি তখন তাঁর বৈঠকখানায় কয়েকজন আদিবাসীর সঙ্গে কথা বলছিলেন। অমিয় গিয়ে বলল, ‘খুব জরুরী ব্যাপার, আপনি যদি একটু ভেতরে আসেন।’
কয়েক মিনিটের ব্যবধানেই ডাক্তার ও পুলিশ পৌঁছল। মিস্টার টুডু মৃতদেহের অদূরে একটি চেয়ারে বিস্ফারিত চোখে বসেছিলেন। মধ্যে বিড়বিড় করে কিছু বলছিলেন। পুলিশকে বললেন, ‘নির্মলা আত্মহত্যা করে নি। করবার কোনই কারণ ছিল না। কেউ তাকে খুন করেছে। না, খুনের মোটিভ আপাতত স্পষ্ট নয়। হয়তো কোন হোমিসাইডাল ম্যানিয়াকের কাজ।’
সত্যই, আত্মহত্যা অচিন্ত্যনীয়। টুডুরা ছিলেন অতি সুখী দম্পতি। দুর্ঘটনার সময়ে নির্মলার গর্ভে পাঁচ মাসের বাচ্ছা স্বামী-স্ত্রী দুজনেই সাগ্রহে সন্তানের জন্য দিন গুণছিলেন। ঘটনার আড়াই ঘন্টা আগে টুডুরা একত্রে প্রাতরাশ সেরেছেন। তখনও নির্মলা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। দুজনে প্ল্যান করেছিলেন। বিকেলে ওরা মোটরে হাওয়া খেতে বেরুবেন।
প্রাতরাশের পরও নির্মলাকে সুস্থ ও স্বাভাবিক দেখেহে অন্তত চারজন। সাড়ে নয়টায় অমিয়। দশটায় বাড়ির একজন বেয়ারা জগদেও এবং সে যাকে সঙ্গে করে কর্ত্রীর কাছে নিয়ে গিয়েছিল―এক ফার্নিচার কোম্পানীর ট্র্যাভেলিং সেলসম্যান। দশটা কুড়িতে একান্ত পরিচারিকা আশা।
নির্মলাকে শেষ জীবিত দেখেছিল আশাই। কর্ত্রীর জন্য গরম দুধের গ্লাস নিয়ে সে গিয়েছিল। নির্মল তাকে ক্যাটালগ দেখিয়ে বলেছিল যে ফার্নিচার কোম্পানীর কাছ থেকে দুটি বড় মাপের গার্ডেন-চেয়ার সে পছন্দ করেছে। বিকেলে যে ওঁরা স্বামী-স্ত্রী মোটরে হাওয়া খেতে বেরুবে সে কথাও বলেছিল। ও প্রফুল্ল মুখে দুধে চুমুক দিচ্ছে, সেই দেখে আশা চলে এসেছিল।
অমিয়কে পুলিশ খুঁটিয়ে জেরা করল। মৃতদেহ তারই আবিষ্কার। বৈঠকখানায় ভিড় থাকে বলে সে টুডুদের শয়নকক্ষের অদূরে একটি ঘরে বসে কাজ করে। সেই ঘরের সামনের বারান্দা দিয়ে টুডুদের ঘরে যেতে হয়। অমিয় স্পষ্ট বলল, দশটা কুড়ি মিনিট থেকে সাড়ে দশটার মধ্যে সে কোনরকম সন্দেহজনক আওয়াজ বা চিৎকার শোনে নি, কাউকে বারান্দা দিয়ে যেতে-আসতেও দেখে নি। পুলিশ অমিয়র টেসটিমোনিয়ালস দেখল। মিস্টার টুডুকে শুধোল যে ওরঁ এবং নির্মলার মধ্যে অপ্রকাশ্য ও অনুচিত কোনরকম সম্পর্ক ছিল বলে তাঁর সন্দেহ আছে কিনা। না, সন্দেহের কিছু নেই।
অচিন্ত্যনীয়, তথাপি সকল তথ্য সঙ্কেত করছিল আত্মহত্যারই দিকে। সে চাবি-লাগানো আলমারির ড্রয়ার থেকে রিভলবার বার করে তাতে গুলি পুরে ফায়ার করেছে। ট্রিগারে তার আঙুলের ছাপ। ডাক্তার অভিমত দিলেন, ক্ষত স্বকৃত। মৃতদেহের অবস্থান দেখেও বোঝা যায় এটি মার্ডার কেস নয়। সর্বোপরি একটি চিরকুট। তাতে বাঙলায় লেখা—‘ওগো, আমায় ক্ষমা কর।’ নির্মলা ছিল বাঙালী কন্যা।
সম্পূর্ণ অকারণে আত্মহত্যা। কেউ অনুমানেও কোন ব্যাখ্যা দিতে পারল না। পুলিশ ফাইলে অনুসন্ধানের এই ফল লিপিবদ্ধ করা হল―আত্মহত্যা, দুর্ঘটনার সময়ে মৃতার প্রকৃতিস্থতা সম্পর্কে কোন স্পষ্ট প্রমাণ পাওয়া যায় নি।
শোকের প্রথম আঘাতে মিস্টার টুডু ভেঙে পড়েছিলেন। কিন্তু তিনি ব্যস্ত ব্যারিস্টার, আদিবাসীদের নেতা এবং দায়িত্বশীল এম. পি। দু-চার দিন কাটল এবং ক্রমশ তাঁর জীবনে পুরোন রুটিন ফিরে এল। তাঁর মনে কি হচ্ছিল কে জানে। তবে কাল তো সর্বসস্তাপহর। প্রত্যাশিত যে তিনি তাঁর শোক কিছুকাল পরে ভুলবেন।
শান্তি ছিল না অমিয়র মনে। মাত্র গত বছর মিস্টার টুডু এম. পি. হয়েছেন। হবার পর তিনি একজন সর্বক্ষণের সেক্রেটারির প্রয়োজন বোধ করলেন। পদপ্রার্থীদের মধ্য থেকে অমিয়কেই নেওয়া হল। নির্মলার ইচ্ছায়। বিয়ের পর থেকে স্বামীর সর্বক্ষণের সেক্রেটারির কিছু কিছু কাজ সেই করছিল। অমিয়কে তার পছন্দ হয়েছিল, তার কারণ হয়তো―প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের মধ্যে অমিয়ই ছিল একমাত্র বাঙালী। নিয়োগ সন্তোষজনকই হয়েছিল। এদিকে অমিয়র সৌভাগ্যগণ যে নির্মলা তার প্রতি ঠিক কর্ত্রীসুলভ নয়, বরং সস্নেহ ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারই করত।
দুর্ঘটনার দিন সাড়ে ন’টার সময়ে অমিয় মেল-ব্যাগ থেকে নির্মলার নামাঙ্কিত একটি পুরু এনভেলাপ নিয়ে ওকে দিতে গিয়েছিল। ওটির প্রেরক কলকাতার কোন ইংরাজী দৈনিক। বক্স-নম্বরে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, প্রাপ্ত জবাবগুলি রি-ডাইরেকটেড হয়েছে। অমিয়র হাত থেকে এনভেলাপ নিয়ে মুচকি হেসে নির্মলা শুধিয়েছিল, কি বিজ্ঞাপন দিয়েছি জান?’
‘না।’
‘আমার একজন কমপ্যানিয়ন নার্সের প্রয়োজন। আমার সঙ্গে দিল্লীতে যাবে। পরের মাসে লোকসভার অধিবেশন বসছে।’
’ভালই তো।’
‘পুরো ভাল নয়। আমরা তখন আশাকে ছাড়িয়ে দেব।’
আশা অশিক্ষিত, কিন্তু বুদ্ধিমতী ও যৌবনবতী। বাঙালী অমিয় তার সঙ্গে সমীহ করে কথা বলে। এই নিয়ে নির্মলা মাঝে মাঝে ঠাট্টা করে।
‘আপনারা যা ভাল বুঝবেন, করবেন।’
নির্মলা হাসতে লাগল। অমিয় বিদায় নিয়ে চলে এল।
নির্মলার সেই মূর্তি চিন্তা করে অবশেষে অমিয়র দৃঢ় বিশ্বাস হল সেদিন সেই দশ মিনিটের মধ্যে এমন কিছু ঘটেছিল যা অভাবিত ও ক্রূর, কালো ও তীক্ষ্ণ। সঙ্কল্প করল সেই কারণটিকে সে খুঁজে বার করবে। সঙ্কল্পের কথা মিঃ টুডুর কাছে ব্যক্ত করার আগেই একটি ঘটনা ঘটল।
সে নোটিশ পেল যে এই মাস শেষ হলে তার চাকরিও শেষ। বরখাস্তের কারণ অনুল্লেখিত। কিন্তু অমিয় কারণটি অনুমান করতে পারল। মিঃ টুডুর মনে মাঝে মাঝে এই সন্দেহ উঁকি দেয় যে হয়তো তাঁর স্ত্রীর আত্মহত্যার সঙ্গে অমিয় কোনভাবে জড়িত। তাঁর সে-সন্দেহের ছায়া অমিয় লক্ষ্য করেছে ওর প্রতি তাঁর আচরণে।
নোটিশটি হাতে নিয়ে তখনি অমিয় মিঃ টুডুর সঙ্গে দেখা করল। সে জানত, প্রমাণাভাবে এখন নিজের নির্দোষিতা ঘোষণা করা মিথ্যা বাক্যব্যয়। সে বলল, ‘আপনার নোটিশ শিরোধার্য। কিন্তু আমার ইচ্ছে, মিসেস টুডুর আত্মহত্যার কারণ অনুসন্ধান করি। তাতে আপনার অনুমতি, শুভেচ্ছা ও সহযোগিতা চাই।’
‘পুলিশকে পূর্ণ সহযোগিতাই দিয়েছিলুম আমি।’
‘দিয়েছিলেন। অনুসন্ধান-কার্যে আমার যোগ্যতা পুলিশের চেয়ে যে বেশি তার কোন প্রমাণ নেই। তথাপি…’
‘প্রশ্ন তোমার যোগ্যতার নয়। প্রশ্ন—অনুসন্ধানের দ্বারা কি আবিষ্কার করবে তুমি?’
‘এখনও জানি না। তবে, সম্পূর্ণ অকারণ আত্মহত্যার সিদ্ধান্ত আমি মানতে পারছি না।’
‘তোমার থিয়োরিটা শুনি।’
‘কেউ সূক্ষ্ম কৌশলে আত্মহত্যার দিকে তাঁকে ঠেলেছিল। কিংবা তিনি নিজেই দৈবক্রমে এমন কিছু দেখেছিলেন বা শুনেছিলেন বা এমন কিছু তাঁর মনে পড়ে গিয়েছিল যে জন্যে দুঃখে, হতাশায়, অনুতাপে তিনি আত্মহত্যা করলেন।’
মিঃ টুডু কিছুক্ষণ চিন্তা করলেন। শেষে বললেন, ‘আমিও অনেকটা সেই রকমই ভেবেছিলুম। কিন্তু আরো একটু ভেবেছিলুম আমি। তোমাকে স্পষ্ট বলছি। সে তোমাকে সরল মনে স্নেহ করত। তুমি কোনভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কর নি তো?’
‘আপনি আমাকে বিশ্বাস করুন।’ আবেগে অমিয়র গলা কেঁপে গেল।
তোমাকে সন্দেহ করার পর অনেক ভেবে বুঝলুম কিছুই প্রমাণ করা যাবে না। তখন তোমার নামে নোটিশটি লিখলুম এবং স্থির করলুম অতঃপর এই কথাই জানব যে নির্মলার আত্মহত্যা সম্পূর্ণ অকারণে।’
‘অনুসন্ধানের জন্য আমি আপনার কাছে অনুমতি ভিক্ষা করছি।’
‘বেশ, কর অনুসন্ধান। আমি সর্বান্তঃকরণে সহযোগিতা করব। কিন্তু তুমি ব্যর্থ হলেও বিন্দুমাত্র দুঃখিত হব না।’
পুলিশী অনুসন্ধানের সময়ে কিছু কিছু তথ্য প্রতিষ্ঠিত হয়েছিল। অমিয় সেগুলির বিষয়ে মি: টুডুর মুখে শুনল। যেমন, জানলা টপকে বা অ্যাটাচড বাথরুম দিয়ে কেউ টুডুদের শয়নকক্ষে প্রবেশ করে নি। যেমন, সেদিন সকালে নির্মলা কারো টেলিফোন পায় নি বা কাউকে টেলিফোন করে নি। যেমন, ডাকে সে কোন আতঙ্ককর চিঠি পায় নি (প্রাপ্ত চিঠিগুলির সব কটিই তো বিজ্ঞাপনের জবাব) ইত্যাদি।
টুডুদের শয়নকক্ষের তিনটি জানলার মধ্যে একটি বাইরের, মানে বাগানের দিকে খোলে। সেই জানলার পর্দা সরিয়ে অমিয় কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল। ওই পথে কারো ইশারা বা চিঠি এসেছিল কি? আত্মহত্যার প্রেরণা দেয় এমন কিছু দেখেছিল কি নির্মলা? এসব জিজ্ঞাসা শুধু নিরঙ্কুশ কল্পনাকে প্রশ্রয় দেবে, তাই অমিয় ওই পথে অধিক চিন্তা করল না।
নির্মলা ডায়েরি লিখত না। একটি অ্যাপয়েন্টমেন্ট-বুক ছিল, অমিয় তার ইদানীন্তন এনট্রিগুলি পড়ে দেখল। নির্মলার চিঠিপত্রের ফাইল ও ব্যক্তিগত খরচের খাতা দেখল। সন্দেহজনক কিছু কোথাও নেই। অত্যন্ত স্বচ্ছ ও সরল জীবন ছিল নির্মলার। কোনরকম অপ্রকাশ্য ও অনুচিত আকর্ষণ ছিল না তার।
তারপর অমিয় মাথা ঘামাল টুডুদের যুগল জীবন নিয়ে। না, ওঁদের তিন বছরের দাম্পত্যে কখনো কোন ভুল বোঝাবুঝির বা একের বিরুদ্ধে অন্যের অভিযোগের কারণ ঘটেনি। দুজনের বয়সের পার্থক্য ছিল। মিঃ টুডুর প্রথমা স্ত্রী ছিল ইংরাজ, সে মারা যাবার দু’ বছর পর উনি নির্মলাকে বিয়ে করেন। তাঁর বয়স তখন চল্লিশ, নির্মলার আটাশ। দেরাদুনে একটি কিন্ডারগার্টেন স্কুলে সে তখন শিক্ষয়িত্রী। আত্মীয়স্বজন বলতে শুধু এক বিধবা পিসীমা। তাঁর সঙ্গেই থাকত। এক ছুটিতে মিঃ টুডু দেরাদুন-মুসৌরিতে বেড়াতে গেছিলেন। সেখানেই স্কুলের এক্সকার্সন পার্টিতে তিনি নির্মলাকে দেখেন। প্রায় প্রথম দর্শনেই প্রেম। মিঃ টুডু দুটির সীমা বাড়ালেন, নির্মলার সঙ্গে এনগেজমেন্ট ঘোষণা করে তবে তিনি রাঁচি ফিরেছিলেন।
যে প্রশ্ন দিন দুয়েক আগে অমিয়কে মিঃ টুডু করেছিলেন, সেই একই প্রশ্ন এবার অমিয় ওঁকে করল। একটু অন্য ভাষায়—‘আপনাদের সংক্ষিপ্ত কোর্টশিপে আপনি হয়তো আপনার জীবনের সব কথা ওঁকে বলতে পারেন নি। সেই রকম কোন কথা হয়তো সম্প্রতি জানতে পেরে উনি আহত হয়েছিলেন।’
‘সংক্ষিপ্ত কোর্টশিপ? অবশ্যই। কিন্তু ছোকরা, সে-সময়টা আমরা ফুলবাগানে দৌড়-ঝাঁপ করে এবং পরস্পরের কানে রোমান্টিক সংলাপ আউড়ে কাটাই নি। উই ডিকাসড আওয়ার লাইভস। আমার জীবনের উত্থান-সংঘর্ষ, পতন-ভ্রান্তি ও জটিলতা ব্যস্ততার কথা মোটামুটি তাকে তখনই জানিয়েছিলুম। সবই নয় এবং সবিস্তারে নয়। কিন্তু বিয়ের পর নির্মলা আমার সব পুরোন চিঠি, দলিল ও এলবাম দেখেছে। এখন হঠাৎ নতুন কিছু আবিষ্কার করে ও ক্ষিপ্ত হবে তার সম্ভাবনা ছিল না। দ্বিতীয়ত, আমার অতীতে কিংবা বর্তমানে সত্যই এমন কোন স্ক্যান্ডাল নেই যা জানতে পেরে ও আত্মহত্যা করবে। তুমি শোন, আমার কোন আচরণে বা বাক্যে আহত হয়ে সে আত্মহত্যা করে নি।’
‘ধৃষ্টতা মার্জনীয়, আমার শেষ প্রশ্ন—তাঁর জীবনের কোন অজানিত পূর্ব তথ্য কি আপনি সম্প্রতি জানতে পেরেছিলেন বা জানবেন এমন সম্ভাবনা দেখা দিয়েছিল যে জন্য তিনি…’
অমিয়কে কথা শেষ করতে না দিয়ে মাথা এবং হাত নেড়ে মিঃ টুডু বললেন,‘না, না।’
অমিয় আশাকে জেরা করল। নতুন কোন তথ্যই পাওয়া গেল না। পুলিশকে সে আগেই জানিয়েছে যে সেদিন সকালে কর্ত্রীর মধ্যে কোনরকম ভাববৈলক্ষণ্য সে দেখে নি—অন্যমনস্কতা বা দুশ্চিন্তা। কোনরকম ব্যস্ততা লক্ষ্য করেছিল কি―আশার হাতের দুধটুকু শেষ করতে বা তাকে ঘর থেকে তাড়াতে? মোটেই না। তাঁর কোন কথায় কি মনে হয়েছিল যে তিনি কিছুর বা কারো প্রতীক্ষা করছেন? না তো।
অমিয় ট্রাভ