
যমালয়ের ফেরতা মানুষ – প্রিয়ন...
রঞ্জিত চট্টোপাধ্যায়
যমালয়ের ফেরতা মানুষ – প্রিয়নাথ মুখোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| thriller |
Posted bySmita Biswash05-Aug-2025
Change color
প্রথম পরিচ্ছেদ
সে
খ নসিরুদ্দিন এখন ভবানীপুরের একজন মধ্যবিত্ত প্রজা। গত তিন বৎসর হইতে কন্ট্রাক্টের কর্ম করিয়া, যেমন করিয়া হউক, তিনি দশ টাকার সংস্থান করিয়াছেন। তিনি বিশেষরূপে ক্ষতিগ্রস্ত হইয়া থানায় আসিয়া যেরূপ এজাহার দিতেছেন, তাহার সারমর্ম এই স্থানে পাঠকগণকে অবগত করাইব। নসিরুদ্দিন বলিতেছেন, ‘প্রায় তিন মাস অতীত হইল, আমি একজন পোদ্দারকে প্রায় ছয় সাত শত টাকা মূল্যের কতকগুলি সোনার অলঙ্কার নির্মাণ করিতে দিয়াছিলাম; অনেকবার তাগাদা করিয়াও সেই সকল গহনা আমি আর পাই নাই। কিন্তু অদ্য দিবা ১০টার সময় যখন আমি আফিস-অঞ্চলে যাইতেছিলাম, সেই সময়ে পোদ্দার আমাকে ডাকিল ও তাহার দোকান হইতে সমস্ত গহনাগুলি আমাকে প্রদান করিয়া বলিয়া দিল যে, “বিশেষ কার্যোপলক্ষে অদ্য আমি দেশে যাইতেছি, প্রায় দুই তিন মাস ভিন্ন ফিরিয়া আসিতে পারিব না, এখন আপনি গহনাগুলি লইয়া যান; আমি ফিরিয়া আসিয়া হিসাব-পত্র করিয়া দেনাপাওনা স্থির করিব।” পোদ্দারের এই কথা শুনিয়া আমি গহনাগুলি গ্ৰহণ করিলাম ও কিয়ৎক্ষণ সেই স্থানে দাঁড়াইয়া ভাবিতে লাগিলাম যে, ‘গহনাগুলি সঙ্গে করিয়া আফিস-অঞ্চলে যাই, কি আবার বাটী ফিরিয়া গিয়া উহা রাখিয়া আসি।’ আমি এইরূপ ভাবিতেছি, এমন সময় গোলাম হোসেনের পুত্র কাছেম আলিকে আসিতে দেখিতে পাইলাম। উহাকে অনেক দিবস হইতে ভাল লোক বলিয়া জানিতাম; বিশেষত আমার বাড়ীর নিকটেই উহার বাসস্থান। আমি কাছেম আলিকে ডাকিলাম; সে নিকটে আসিল। আমি গহনাগুলি তাহার হস্তে প্রদান করিয়া বলিয়া দিলাম, “তুমি ইহা লইয়া আমার বাটীতে গিয়া আমার ভ্রাতার নিকটে দিও।” সে সম্মত হইল ও গহনাগুলি লইয়া সেই স্থান হইতে আমাদিগের গৃহাভিমুখে প্রস্থান করিল। আমিও আফিস-অভিমুখে গমন করিলাম। সন্ধ্যার সময় বাটীতে ফিরিয়া আসিয়া গহনার কথা জিজ্ঞাসা করায় জানিতে পারিলাম যে, কাছেম আলি কোন গহনা আনিয়া বাড়িতে দেয় নাই। পরে কাছেম আলির অনুসন্ধান করিলাম এবং তাহার বৃদ্ধ পিতা গোলাম হোসেনের নিকট হইতে অবগত হইলাম যে,সে গুরুদর্শন অভিলাষে কল্য বাটী হইতে গমন করিয়াছে। গহনার কথা জিজ্ঞাসা করায় বৃদ্ধ গোলাম হোসেন তাহার কিছুই বলিতে পারিল না। তাহার গুরুদেব যে কে এবং কোথায় থাকেন, তাহাও আমরা কেহই অবগত নহি। এখন মহাশয়েরা একটু অনুগ্রহ না করিলে আর আমার কোনরূপ উপায় হইবার সম্ভাবনা নাই। যদি আপনারা সন্ধান করিয়া উহাকে না ধরেন, তাহা হইলে আমার ছয় শত টাকা একেবারে লোকসান হইয়া যাইবে এবং দোষী ব্যক্তিরও উপযুক্ত দণ্ড হইবে না। আমি উহার উপর বিশ্বাসঘাতকতা-দোষ আরোপ করিয়া নালিশ করিতেছি, এখন আপনাদিগের যাহা কর্তব্য হয়, করুন।’
দ্বিতীয় পরিচ্ছেদ
পুলিশ-কর্মচারী তদারকে নিযুক্ত হইলেন। ক্রমে কাছেম আলির বাটীতেও গমন করিয়া তাহার বৃদ্ধ পিতা গোলাম হোসেনের সহিত সাক্ষাৎ করিলেন। গোলাম হোসেনকে জিজ্ঞাসা করায় তিনি কোন কথারই পরিষ্কার উত্তর দিতে পারিলেন না; তবে এইমাত্র বলিলেন যে, কাছেম আলির একজন গুরু (ফকির) আছেন, সে তাঁহারই সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত কল্য এই স্থান হইতে গমন করিয়াছে। সে ফকির কে, কোথায় থাকেন বৃদ্ধ তাহার কিছুই বলিতে না পারায় পুলিশ-কর্মচারীর মনে নানারূপ সন্দেহ আসিয়া উপস্থিত হইল। যে ব্যক্তি গুরু-দর্শনাভিলাষে কল্য গমন করিয়াছে, সে অদ্য কিরূপে নসিরুদ্দিনের নিকট হইতে অলঙ্কার-সকল লইয়া গমন করিতে সমর্থ হইল? ইহা নিতান্ত অসম্ভব। সম্ভবত বৃদ্ধও ইহার কিছু না কিছু ব্যাপার অবগত আছে। এই ভাবিয়া তিনি গোলাম হোসেনের গৃহ অনুসন্ধান করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। বৃদ্ধ প্রথমে অসম্মত হইল; কিন্তু তাহার আপত্তি টিকিল না দেখিয়া, কাজেই তাহাকে সম্মত হইতে হইল। পাড়ার দুই তিন জন ভদ্রলোককে ডাকাইয়া পুলিশকর্মচারী তাহার গৃহের ভিতর প্রবেশ করিলেন এবং বৃদ্ধকে কহিলেন, ‘তোমার নিজের ও পরিবারবর্গের যে সকল অলঙ্কারাদি আছে, তাহা প্রথমে আমাদিগের সম্মুখে লইয়া আইস। তাহার পর বিবেচনামত কার্য করা যাইবে।’ এই কথা শুনিয়া বৃদ্ধ তাহার পরিবারবর্গের অলঙ্কারগুলি আনিবার মানসে, যে সিন্দুকের ভিতর উক্ত দ্রব্য সকল রক্ষিত ছিল, তাহার নিকট গমন করিল। সেই স্থানে গিয়া যাহা দেখিল, তাহাতে বৃদ্ধের মস্তক ঘুরিয়া গেল, চতুর্দিক অন্ধকার দেখিয়া সে সেই স্থানেই বসিয়া পড়িল। পুলিশ-কর্মচারী বৃদ্ধের এইরূপ অবস্থা দেখিয়া অতিশয় বিস্মিত হইলেন ও জিজ্ঞাসা করিলেন, ‘হঠাৎ তোমার এরূপ অবস্থা হইল কেন?’ তখন গোলাম হোসেন ধীরে ধীরে কহিতে লাগিল, ‘আর বলিব কি মহাশয়! আমারও সর্বনাশ হইয়া গিয়াছে; দেখুন, আমার এই সিন্দুকের তালা খোলা রহিয়াছে এবং কাছেম আলির বৃদ্ধ মাতা ও তাহার স্ত্রীর গহনার বাক্সও নাই।’ এই বলিয়া বৃদ্ধ অধীর বালকের ন্যায় রোদন করিতে লাগিল; কপালে করাঘাত ও আর্তনাদ করিতে করিতে কহিল, ‘এখন বোধ হইতেছে, কাছেম আলি আমারও সর্বনাশ করিয়াছে। সেই আমার সিন্দুক ভাঙ্গিয়া আমার এত দিবসের সঞ্চিত যাহা কিছু ছিল, তাহা লইয়া প্রস্থান করিয়াছে। এখন বোধ হইতেছে, কাছেম আমার পুত্র নহে। এত দিবস হইতে সে আমার সর্বনাশ-সাধন করিবার মানসেই আমাকে ছলনা করিয়া আমার পুত্র-পরিচয়ে আমার নিকটে অবস্থিতি করিতেছিল। আজ দেখিতেছি যে, সে আমার সর্বনাশ সাধন করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিতে সক্ষম হইয়াছে। আজ বেশ বুঝিতে পারিতেছি যে, আমারই সর্বনাশ-সাধনের নিমিত্ত মায়াজাল বিস্তার করিয়া সে আমাকে মোহজালে আবদ্ধ করিয়া ছিল; তাহার সেই মাতৃভক্তি, পিতৃভক্তি প্রভৃতি এখন দেখিতেছি, ছলনা ভিন্ন আর কিছুই নহে।’
পুলিশ-কর্মচারী ইহা শুনিয়া আরও বিস্মিত হইলেন ও বার বার কহিলেন, ‘কাছেম আলি যে তোমার পুত্র নহে বলিতেছ, ইহার অর্থ কি?’ এই কথায় বৃদ্ধ যাহা বলিল, তাহা শুনিলে চমকিত হইতে হয়; তাহা বড়ই অদ্ভুত কথা। বৃদ্ধ বলিল, ‘এখন আমার বয়ঃক্রম ৬০ বৎসর হইয়াছে। যখন আমার বয়ঃক্রম ৪০ বৎসর, সেই সময়ে অনেক ঈশ্বরাধনার পর আমি একটি মাত্র পুত্র-সন্তান লাভ করিয়াছিলাম, ভাবিয়াছিলাম, এত দিবস পরে ঈশ্বরের কৃপায় আমার যাহা কিছু বিষয়াদি আছে, তাহা উপভোগ করিবার উপযুক্ত পাত্র পাইলাম। কিন্তু আমার সে আশা অতি অল্পদিন মধ্যেই নির্মূল হইল। উহার বয়ঃক্রম ছয়মাস উত্তীর্ণ হইতে না হইতেই আমাদিগের সকল ভরসার স্থল সেই একমাত্র পুত্র শমন-সদনে প্রস্থান করিল। আমরা অতিশয় মর্মাহত হইয়া রোদন করিতে করিতে আমাদিগের ধর্মানুযায়ী উহার সমাধি-কার্য সমাধা করিলাম ও হৃদয়ের স্তরে স্তরে অঙ্কিত দুঃখের প্রতিকৃতি দর্শন করিতে করিতে আরও প্রায় পনের-ষোল বৎসর যাপন করিলাম। প্রায় চারি বৎসর হইল, একদিন আমি সন্ধ্যার সময় আমি আমার ‘দলিজে’ বসিয়া ঈশ্বরের নাম করিতেছি, এমন সময় উক্ত কাছেম আলি, যাহার বয়স তখন ষোল বৎসর, ধীরে ধীরে আমার নিকট আসিল এবং ভক্তিভাবে প্রণামপূর্বক আমাকে পিতৃ-সম্বোধন করিয়া বলিল, ‘পিতঃ! আমি আসিয়াছি।’
আমি উহার কথা শুনিয়া অতিশয় আশ্চর্যান্বিত হইলাম। জিজ্ঞাসা করিলাম, ‘বাপু, তুমি কে, আমাকে পিতৃ-সম্বোধন করিলে?’ তাহাতে কাছেম আলি বলিল, ‘পিতা! আমার নাম কাছেম আলি, আমি আপনার পুত্র। আপনার বোধ হয় মনে আছে যে প্রায় ষোল বৎসর উত্তীর্ণ হইল, আপনার একটি পুত্র-সন্তান জন্মগ্রহণ করে; আমি আপনার সেই সন্তান। আমার মাতাকে জিজ্ঞাসা করিয়া দেখুন, তিনি আমার নাম কাছেম আলি রাখিতে মনে মনে সঙ্কল্প করিয়াছিলেন। এক দিবস তাঁহার ক্রোড় হইতে আমি পড়িয়া যাওয়াতে, আমার কপালের এক স্থান কাটিয়া গিয়াছিল। দেখুন, আমার কপালের সেই দাগ অদ্যাপিও বর্তমান আছে।’ এই কথা শুনিয়া আমি ঈশ্বরের নাম ভুলিয়া গেলাম; তাহার মুখের দিকে চাহিয়া দেখিতে লাগিলাম। সে পুনরায় বলিতে লাগিল, ‘পিতা! যখন আমার বয়ঃক্রম কেবল ছয় মাস মাত্র হইয়াছিল, সেই সময় আমার অতিশয় পীড়া হয়; তাহাতে সকলেই মনে করেন যে, আমি মরিয়া গিয়াছিলাম। কিন্তু বাস্তবিক আমি মরি নাই। মৃত মনে করিয়া আপনারা আমাকে কবরে প্রোথিত করেন। কিন্তু সেই সময় একজন ফকির সেই স্থানে উপস্থিত ছিলেন। তিনি এই, সকল অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করেন। আপনারা সেই স্থান পরিত্যাগ করিলে, তিনি আমাকে কবর হইতে উঠাইয়া লইয়া চলিয়া যান ও বহুযত্নে আমাকে রোগ হইতে মুক্ত করেন। আর ইহাও আপনার বোধ হয় বেশ মনে আছে যে, পরদিবস প্রাতঃকালে আপনি কবর দেখিতে গিয়া পুনঃখনিত অবস্থায় দেখিতে পান। তাহাতে শৃগাল কর্তৃক এইরূপ অবস্থা হইয়াছে বিবেচনা করিয়া, আপনি স্বহস্তে উহা ঠিক করিয়া দেন। গত যোল বৎসর পর্যন্ত সেই ফকিরের যত্নে আমি প্রতিপালিত হইয়া এত বড় হইয়াছি, নানা দেশ-দেশান্তরে তাঁহার সহিত ভ্রমণ করিয়াছি এবং এই সকল গূঢ় রহস্যও তাঁহার নিকট অবগত হইয়াছি। প্রায় একমাস অতীত হইল, ফকির সাহেব এলাহাবাদের নিকট একটি পর্বতে গমন করিয়াছেন। তিনি সেই স্থানে ঈশ্বরের ধ্যানে নিমগ্ন থাকিয়া তাঁহার জীবনের অবশিষ্ট কাল অতিবাহিত করিবেন মনস্থ করিয়াছেন এবং আমাকে আপনার নিকট প্রেরণ করিয়াছেন। আমাকে বলিয়া দিয়াছেন, —তুমি যদিও এখন সংসারে প্রবেশ করিতে চলিলে, কিন্তু একবারে সংসারের মায়ায় অভিভূত হইও না, মধ্যে মধ্যে আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিও। আর তোমার বৃদ্ধ পিতা-মাতাকেও বলিও যে, কোন না কোন সময়ে আমি যাইয়া তাঁহাদের সহিত সাক্ষাৎ করিয়া সকল কথা বলিয়া আসিব।’
এই সকল কথা শুনিয়া আমার চক্ষু দিয়া দরদর বেগে জল পড়িতে লাগিল। আমার অন্তরের সহিত সমস্ত কথা মিলিল দেখিয়া, আমি আমার স্ত্রীকে ডাকিলাম। সেও বাহিরে আসিয়া সকল শুনিয়া তাহার কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করিল এবং কাছেম আলির মুখ-চুম্বন করিয়া যত্নের সহিত তাহাকে বাটীর ভিতর লইয়া গেল। আমিও ঈশ্বরের এই অনুগ্রহে হৃদয়ের সহিত তাঁহাকে ধন্যবাদ দিতে লাগিলাম। ক্ৰমে পাড়ার লোকজন আসিয়া তাহাকে দেখিল ও সকলেই তাহার কথায় একান্ত বিশ্বাস করিল। সেই দিবস হইতেই আমি উহাকে আমার পুত্র জানিয়া অন্তরের সহিত যত্ন ও এত দিবস ভরণপোষণ করিয়া আসিতেছিলাম; সদ্বংশজাত সুপাত্রীর সহিত উহার বিবাহও দিয়াছিলাম। এই তাহার স্ত্রী; এই তাহার দুইটি পুত্র। সে প্রায়ই দুই চারি মাস অন্তর সেই ফকিরকে দর্শন করিবার নিমিত্ত বিশ-পঞ্চাশ টাকা লইয়া এলাহাবাদের নিকট কোন পর্বতে গমন করে এবং দশ পনের দিবস তথায় থাকিয়া পুনরায় প্রত্যাগমন করে। গত কল্য সেইরূপই গিয়াছে, কিন্তু এবার স্ত্রী ও মাতার গহনাগুলি লইয়া গিয়াছে, বোধ হইতেছে।’
তৃতীয় পরিচ্ছেদ
পুলিশ-কর্মচারী এই সকল কথা শুনিয়া অতিশয় আশ্চর্যান্বিত হইলেন। একবার ভাবিলেন, বৃদ্ধ গোলাম হোসেন মিথ্যা কথা বলিতেছে। কিন্তু পরে গোলাম হোসেনের স্ত্রী ও প্রতিবেশীবর্গের নিকট সমস্ত ব্যাপার শুনিয়া তাঁহার সে বিশ্বাস দূর হইল। তিনি আবশ্যক অনুযায়ী অন্যান্য সমস্ত অনুসন্ধান শেষ করিলেন এবং আসামী কাছেম আলির অনুসন্ধান করিতেও চেষ্টা করিলেন। কিন্তু কোন স্থানেই তাহার কোনরূপ সন্ধান প্রাপ্ত হইলেন না।
এই মোকদ্দমার অনুসন্ধান করিতে গিয়া অপর কতকগুলি অভূতপূর্ব বিষয় বাহির হইয়া পড়িল। এক মোকদ্দমার স্থানে দুইটি মোকদ্দমা কাছেম আলির বিরুদ্ধে উপস্থিত করিতে হইল। পুলিশ-কর্মচারী একাদিক্রমে দুই তিন দিন কাছেম আলির অনুসন্ধান করিলেন, কিন্তু কোন সন্ধান না পাইয়া আসামীর গ্রেপ্তারী ওয়ারেন্ট বাহির করাইবার প্রত্যাশায় ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট আবেদন করিলেন; মোকদ্দমার সমস্ত ঘটনা সবিশেষ বিবৃত করা হইল; ম্যাজিস্ট্রেট বাহাদুর সমস্ত শুনিয়া আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী ওয়ারেন্ট বাহির করিতে আদেশ প্রদান করিলেন। ওয়ারেন্ট বাহির হইল। তখন সেই ওয়ারেন্ট ডাক যোগে এলাহাবাদে প্রেরিত হইল; কিন্তু সেই স্থানে কাছেম আলির কোন সন্ধান না হওয়ায় ওয়ারেন্ট ফেরৎ আসিল।
এই সময় একদিবস সাহেব আমাকে ডাকাইলেন। উক্ত মোকদ্দমার সমস্ত অবস্থা আমাকে বলিয়া দিলেন ও সেই আসামীকে ধরিবার নিমিত্ত সেই ওয়ারেন্ট আমাকেই প্রদান করিলেন। আমি ভাবিতে ভাবিতে ওয়ারেন্ট হস্তে সেই স্থান হইতে বহির্গত হইলাম। দুই তিন দিন নানাস্থানে তাহার সন্ধান করিলাম, কিন্তু কেহই তাহার কোন সন্ধান বলিতে পারিল না। ভবানীপুরেও তাহার সন্ধানের ত্রুটি হইল না। যখন দেখিলাম, তাহার কোনরূপ সন্ধান পাওয়া গেল না, তখন তাহার সন্ধান পরিত্যাগ পূর্বক তাহার সমবয়স্ক বন্ধুবর্গের অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইলাম। পরিশেষে আবদুল নামক এক ব্