
গলিত সুখ – মতি নন্দী
রঞ্জিত চট্টোপাধ্যায়
‘আমি এখন করব কি তুই বল।’
কথাটা দ্বিতীয়বার সে বলল, পূর্ণিমা মুখ নিচু করে ফুটন্ত দুধে হাতা নেড়ে যাচ্ছে মন দিয়ে। জবাব না দিয়ে শুধু ভ্রূ কোঁচকাল। এতক্ষণ আড়ষ্ট হয়ে সে জ্যোতির দাম্পত্য বিপর্যয়ের কথা শুনে যাচ্ছিল।
‘তুই আমার শোবার ঘরে গিয়ে একটুখানি বোস, আমি এই দুধটা…ছেলে পায়েস খেতে চেয়েছে, এই হয়ে এল।’
‘তুই বোধ হয় বিরক্ত হচ্ছিস। ফোনে অবিরত ঘ্যানঘ্যান করি, আবার বাড়িতে এসেও সেই একই কথা বলে জ্বালাচ্ছি। কিন্তু তুই ছাড়া আর আমার কে আছে যাকে এসব কথা বলতে পারি! বল কাকে বলব, কাকে শোনাব, কাকে এভাবে জ্বালাতন করব?’ জ্যোতির স্বর অনুতপ্তের মত, কান্নাভেজা এবং গভীর দুঃখ ও অসহায়তা প্রসূত।
‘হয়েছে, তোকে আর ফরম্যাল হতে হবে না। একশ বার জ্বালাতন করবি।’ পূর্ণিমা হালকা ধমক দিল। ‘যা, ঘরে যা।’
ওরা স্কুলজীবন থেকেই বন্ধু। প্রায় বাইশ বছরের বন্ধুত্ব। একসঙ্গে কলেজেও পড়েছে। বুদ্ধি বিবেচনায় পূর্ণিমার থেকে জ্যোতি কিছুটা দুর্বল। এটা সে জানে বলেই পূর্ণিমার যুক্তি পরামর্শ মেনে সে চলে। শুধু একবার ছাড়া সে আর কোন ব্যাপারে পূর্ণিমার কথা অগ্রাহ্য করেনি এবং সেই ব্যাপারটিতেই সে ঠকে গেছে। প্রসাদকে বিয়ে করেছিল পূর্ণিমার বারণ সত্ত্বেও।
ওরা দুজনই একসঙ্গে গান শিখতে যায় ‘সঙ্গীতা নামে এক গানবাজনা শেখাবার স্কুলে। সেখানে আধুনিক গান শেখাত প্রসাদ ঘোষ। তখন সে জনপ্রিয়তার প্রথম ধাপে, এখনকার শীর্ষস্থানীয়দের একজন হিসেবে গণ্য হত না। চারখানি রেকর্ড বেরিয়েছে, একটি ফিল্মে একখানি মাত্র গান গেয়েছে এবং সেটি হিট করেছে। প্রসাদ গৌরবর্ণ, হৃষ্টপুষ্ট, হ্রস্বাকৃতি, দেখতে পুরুষালি নয়, নারীসুলভ কোমল লাবণ্য তার মুখে এবং দেহের গড়নেও। কথায় ও ব্যবহারে বিনীত, মৃদুভাষী। মেয়েদের সঙ্গে কথা বলার সময় দৃষ্টি বেশিক্ষণ মুখে নিবদ্ধ রাখতে পারে না।
জ্যোতি একটি গানের অনুষ্ঠানে প্রসাদকে দেখে এবং দেখামাত্র ভাল লেগে যায়। গান তো আগেই ভাল লেগেছিল। খোঁজ করে জানল প্রসাদ গান শেখায় ‘সঙ্গীতা’য়। বাড়ি থেকে হেঁটে দশ মিনিট। পূর্ণিমার সঙ্গে গিয়ে সে ভর্তি হল আধুনিক গানের ক্লাসে। জ্যোতির গানের গলা ভাল তবে প্রথাবদ্ধভাবে শেখেনি। রেকর্ড বা রেডিও থেকে শুনে গলায় তুলে নিত। জ্যোতিকে দেখতেও ভাল। হালকা তসরের মত ত্বক, চোখা নাক, পানের মত আকৃতির মুখ এবং সুঠাম দেহ। প্রথমদিন ক্লাস করেই সে মুগ্ধ হল এবং প্রসাদকে আরাধ্য করল। যেসব ফ্যাংশনে প্রসাদ গান গাইতে যেত জ্যোতি টিকিট কেটে সেখানে গিয়ে বাইরে এমনভাবে অপেক্ষা করত যাতে গাড়ি থেকে নেমেই প্রসাদ তাকে দেখতে পায়।
একবার প্রসাদ তাকে দেখতে পেল। ‘কি ব্যাপার।’ জ্যোতি লাজুক স্বরে বলল, ‘আপনার গান শুনব বলে এসেছি।’ প্রসাদ বলল, ‘আমার গান না মান্নাদার গান?’ জ্যোতি ব্যস্ত হয়ে প্রতিবাদ করেছিল, ‘না না, শুধু আপনার গানই। দেখবেন আপনার গান শেষ হলেই হল থেকে বেরিয়ে যাব, আর কারুর শুনব না।’ কিছু লোক প্রসাদকে ঘিরে তখন দাঁড়িয়ে। তারা হেসে উঠল। লজ্জায় রাঙা হয়ে প্রসাদ বলে, ‘চল, ভেতরে চল।’ জ্যোতি মাথা নেড়ে বলে, ‘টিকিট কেটেছি অডিয়েন্সের মধ্যে বসে আপনার গান শুনব বলে। ওদের রিয়্যাকশনও আমার ভাল লাগে।’
প্রসাদ গান গেয়ে বেরিয়ে এসে দেখে জ্যোতি দাঁড়িয়ে। তাকে মোটরে বাড়ি পৌঁছে দেবার সময় প্রসাদ বলেছিল, ‘তোমার গলা তো ভাল, ফাংশানে গাইতে চাও যদি তাহলে হপ্তায় একদিন নয়, রোজ বসতে হবে, এটা সাধনার ব্যাপার।’ কুণ্ঠিতভাবে জ্যোতি বলে, ‘একা একা রেওয়াজ করতে ভয় করে, ভুলভাল হলে শুধরে দেবে কে?’ প্রসাদ কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, ‘সকালে আমি বাড়িতে আলাদা করে শেখাই।’ তার কথা শেষ হওয়া মাত্র জ্যোতি বলেছিল, ‘জানি। আমাকে শেখাবেন?’ ঘাড় নেড়েছিল প্রসাদ।
ব্যাপারটা পূর্ণিমাকে জানিয়েছিল। শুনে সে বলেছিল, ‘একা একজনকেই শেখায় না আরও অনেকে থাকে?’ জ্যোতি চোখ সরু করে তীব্র স্বরে বলে, ‘তোর সন্দেহ করার একটা বাতিক আছে। যদি একা শুধু আমাকেই শেখায় তাতে হয়েছে কি?’ পূর্ণিমা শান্ত স্বরে বলেছিল, ‘কিছুই হবে না। পরে কপাল চাপড়াবি।’
এরপর ওদের বন্ধুত্বে চিড় ধরেনি। তবে প্রসাদ এবং গান নিয়ে পূর্ণিমার সঙ্গে সে আর কথা বলত না। একদিন পূর্ণিমা বলল, ‘সালকিয়া সেজদিদের পাড়ার ফাংশানে তুই গান গেয়েছিস? কই, আমাকে তো বলিসনি?’ জ্যোতি অপ্রতিভ হয়ে বলে, ‘প্রসাদদার কাণ্ড! ভয়ে তোকে বলিনি, কি জানি বাবা প্যাঁক দিয়ে যদি তুলে দেয়! চেনাশোনা, বন্ধুবান্ধবদের সামনে হলে লজ্জাটা বেশি করবে বলে তোকে আর বলিনি। এবার কোথাও গেলে তোকে বলব, যাবি তো?’ প্রশ্নটা এড়িয়ে পূর্ণিমা বলেছিল, ‘প্রসাদ ঘোষ তাহলে তোকে চান্স করিয়ে দিচ্ছে?’ জ্যোতি অবাক হয়ে বলে, ‘বাহ্, আমার নিজের কি কোন নামডাক আছে নাকি যে যেচে ফাংশানে ডাকবে!’
জ্যোতি কলকাতার মধ্যে এবং কাছাকাছি অনেক জায়গায় প্রসাদের সঙ্গে গিয়ে গান করেছে কিন্তু পূর্ণিমাকে একবারও বলেনি। কিন্তু পূর্ণিমার কানে খবর ঠিকই এসেছে। সে আবার একদিন বলল, ‘আমার কাছে লুকোচ্ছিস কেন, আমি তো সবসময় তোর ভালটাই চাই। তুই প্রসাদ ঘোষের সঙ্গে এখানে ওখানে গেয়ে বেড়াচ্ছিস, তোর নামটাম হলে আমার তো আনন্দই হবে। কিন্তু আমাকে কিছু আর কেন বলিস না…প্রেম করছিস?’ জ্যোতি উদ্ধত ভঙ্গিতে জবাব দিয়েছিল, ‘আমি। ওর সঙ্গে প্রেম আমি করছি না, প্রসাদ করছে আমার সঙ্গে।’ পূর্ণিমার বিস্ফারিত চোখ দুটি তখন জ্যোতিকে গর্ব এবং অহঙ্কারের চোরাবালির দিকে ঠেলে দিয়েছিল। কথাটা বলে সে যে তৃপ্তি পেয়েছে সেটা আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য জ্যোতি তারপর বলেছিল, ‘আমার শরীরে কটা তিল আছে আমি জানতুম না, প্রসাদ গুনে বলে দিয়েছে।’ মর্মাহত পূর্ণিমা বিড়বিড় করে বলেছিল, ‘এটা বাড়াবাড়ি। এতটা ভাল নয়, তোকে কপাল চাপড়াতে হবে।’ জ্যোতি একগাল হেসে জবাব দেয়, ‘তাহলে তোর কাছে এসেই চাপড়াব।’
এর দশ বছর পর পূর্ণিমার নতুন বাড়িতে একদিন দুপুরে হাজির হয়ে জ্যোতি বলে, ‘তোর কথাই সত্যি হল পুনি, আমি কপাল চাপড়াতেই এসেছি রে।’
জ্যোতির বিয়ে হয়েছিল রেজেস্ট্রি করে। সাক্ষী হবার জন্য সে পূর্ণিমাকে অনুরোধ করেছিল কিন্তু সে রাজী হয়নি। বরং জিজ্ঞাসা করেছিল, ‘লোকটাকে ভাল করে চিনেছিস, বুঝেছিস তো?’ জ্যোতি বলেছিল, ‘চেনা বোঝার কি আছে, ও সব হবে বিয়ের পর। একসঙ্গে বসবাস না করলে কি চেনা বোঝা হয়?’
সেই কথা তুলে জ্যোতি দশ বছর পর বলেছিল, ‘আমি বরাবরই বোকা রে। তোর কথা আমার শোনা উচিত ছিল। তখন পাগলের মত হয়ে গেলাম। ওর গান, ওর খ্যাতি, ওর চেহারা সব আমি দখল করব, সব আমার তাঁবে থাকবে, লোকেরা এসে আমায় খোশামোদ করবে, এই সব ভেবে মাথা ঘুরে গেছল। এখন ও অন্যরকম হয়ে গেছে। দু’হাতে টাকা কামায়, বম্বেতে প্লেব্যাক করতে তো যাচ্ছেই, ইংল্যাণ্ড আমেরিকা কানাডাও ঘুরে এল। আমিও ওর সঙ্গে গেছি।’
‘তাহলে তো সুখেই আছিস।’
‘না।’
‘তাহলে…আর তোকে ভালবাসে না?
‘না।’
‘অন্য আর কেউ?’
‘হ্যাঁ। ওর এক ছাত্রী।’ ইতস্তত করে জ্যোতি বলেছিল, ‘ওর সঙ্গে সঙ্গেই সব জায়গায় যায়, বম্বেতেও গেছল।’
‘কেন, প্রসাদ ঘোষের কটা তিল আছে গোনার জন্য?’
জ্যোতি ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে থেকেছিল। বিদ্রূপটা হঠাৎই মুখ থেকে বেরিয়ে আসায় অনুতপ্ত পূর্ণিমা সঙ্গে সঙ্গে জ্যোতিকে বুকে টেনে নিয়েছিল। ফুঁপিয়ে উঠে জ্যোতি বলে ‘এখন আমি কি করব রে পুনি। আমি তো বৌয়ের যা-যা করার সবই করি, তবে এমন কেন হল? ও বলল, গান করা ছাড়ো তোমার দ্বারা হবে না, আমি গান ছেড়ে দিলুম। বলল মন দিয়ে ছেলে মেয়েদের মানুষ কর, তাই করছি, এখন এইটেই আমার কাজ। কিন্তু—।’
‘কিন্তু আবার কি, তোকে কি ডিভোর্স করবে বলেছে?’
‘না। কিন্তু করলেই মনে হচ্ছে বেঁচে যাই।’
পূর্ণিমা উঠে গেল চা করার জন্য। জ্যোতি একা বসে ঘরের সর্বত্র চোখ বোলাল। মেঝেয়, বিছানায়, দেয়ালে, সিলিংয়ে যেখানেই দৃষ্টি রাখল কেমন যেন একটা শান্তির আর নিরাপত্তার, যত্নের আর মমতার বাঁধন নড়েচড়ে উঠল। পূর্ণিমার স্বামী জনপ্রিয়, নামকরা কেউ নয়। খুব বেশি লেখাপড়া করেনি। কিন্তু মনের সুখ আছে এই সংসারে। বিষণ্ণ বোধ করে সে রাস্তার দিকের বারান্দায় বেরিয়ে আসে।
পূর্ণিমাদের বাড়িটার বয়স ছয় মাসও নয়। তার স্বামী কাঠের ব্যবসায়ী। জ্যোতির একবছর পর বিয়ে হয়ে পূর্ণিমা আসামে স্বামীর সঙ্গে চলে যায়। দুজনের মধ্যে যোগাযোগটা পত্র মারফত ক্ষীণভাবে ছিল। দশ বছর পর কলকাতায় ফিরে এসে পূর্ণিমাই টেলিফোন ডিরেক্টরি থেকে নম্বর বার করে ফোন করেছিল জ্যোতিকে।
কলকাতার উপকণ্ঠে ইস্টার্ন বাইপাসের কাছাকাছি সদ্য গড়ে ওঠা এই বসতিটায় বাড়ির সংখ্যা বেশি নয়। কিছু বাড়ির নির্মাণকাজ চলছে। বহু প্লটেই শুধু ঝোপ জঙ্গল। রাস্তার অপর দিকে পুরোন বসত অঞ্চল। পল্লীগ্রামের মত দুটো কলোনি আর প্রচুর ঝুপড়ির মাঝ দিয়ে একটা পাকা রাস্তা ভিতর দিকে গেছে। সেখানে ‘ইন্দ্রনগর’ নামে একটি ক্ষুদ্র উপনিবেশ। প্রধান রাস্তাটি থেকে মাছের শিরদাঁড়ার কাঁটার মত দুধারে সরু সরু রাস্তা বেরিয়ে গেছে। নানান আকারের ও গড়নের বাড়িগুলোর প্রায় সবই একতলা। কিন্তু ইন্দ্রনগরের বাসিন্দাদের শিক্ষা, রুচি, পেশা এবং আর্থিক সঙ্গতি এক স্তরের নয়। মোটরগাড়ি, স্কুটার ও সাইকেলের সহাবস্থান এখানে মামুলি দৃশ্য, চোখে পড়ার মত নয়।
বারান্দায় দাঁড়িয়ে জ্যোতি ইন্দ্রনগরের প্রবেশ রাস্তার দিকে আনমনা তাকিয়েছিল। সেখানে রাস্তার মোড়ে চাক বেঁধে রয়েছে ছোটবড় কিছু দোকান আর আরোহীর অপেক্ষায় গুটিকয় সাইকেল রিকশা। চায়ের কাপ হাতে পূর্ণিমা বারান্দায় নিঃশব্দে এসে দাঁড়াল। জ্যোতিকে পিছন থেকে কিছুক্ষণ লক্ষ্য করে সে বলল, ‘অত ভাবছিস কেন, ভগবান আছেন তিনিই তোকে দেখবেন।’
‘হ্যাঁ, এখন ভগবানই আমার ভরসা, আর তুই। আমার দিনরাত যে কি করে কাটে তোকে বোঝাতে পারব না।’ জ্যোতি চায়ের কাপ হাতে নিয়ে বিষাদমাখা চোখে তাকিয়ে থাকে। পূর্ণিমার মনে হল, তাদের এতকালের বন্ধুত্ব, যা মাঝের দশটা বছরে ঝাপসা হয়ে গেছিল, আবার যেন তা ঝলমলিয়ে ফিরে আসছে। জ্যোতির চোখদুটো কোটরে ঢুকে নাকটা আরও খাড়া দেখাচ্ছে। চোখের কোলের ছোপটা ঢাকতে কিছু একটা মেখেছিল যার রঙ এখন ফিকে হয়ে গেছে, হাতের গড়নে সেই নরম ভাবটা আর নেই। দুটো কাঁধ আড়ষ্ট লাগছে। চল্লিশে পৌঁছতে এখনও অনেকটা বাকী, বুড়ী-বুড়ী দেখাচ্ছে না ঠিকই তবে তারুণ্যের কোন প্রমাণ চলাফেরা, চাহনি বা স্বরে আর নেই। পূর্ণিমার কষ্ট হল। কিন্তু বন্ধুর দুঃখ কি করে যে লাঘব করবে তার হদিশ সে খুঁজে পাচ্ছে না !
‘ওর নাম কি? কতদিনের ছাত্রী? দেখেছিস ওকে?’
‘ছায়া চ্যাটার্জি। হ্যাঁ দেখেছি। কতদিনের তা বলতে পারব না, তবে আমার বিয়ের আগে থেকে নয়। সব থেকে আমার অবাক লাগে কেন জানিস, মেয়েটাকে কুচ্ছিত দেখতে। দাঁত বার করা, চ্যাপ্টা গোল মুখ, কয়লার মত রঙ, রুগণ্, এইটুকু খোঁপা, মোটেই মিষ্টি নয় চলনসই গলা, দেখলে ঝি ছাড়া আর কিছু মনে হবে না। প্রসাদের টেস্ট যে এত নিচু হবে তা আমি কল্পনা করতে পারি না।’
‘তুই এই নিয়ে আর ভাবিসনি। দুদিন পরেই দেখবি প্রসাদের নেশা ছুটে গেছে।’
‘এত বছরেও যা ছুটল না আর তুই বলছিস কিনা দুদিনেই সেটা হয়ে যাবে!’জ্যোতি অবিশ্বাসভরে মাথা নাড়ল। ‘ব্যাপারটা তুই ঠিক ধরতে পারছিস না। পুরোপুরি ভগবানের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। রাক্ষুসিটা ক্যান্সারট্যান্সার বা অন্য কিছুতে যদি মরে যায় তবেই আমি শান্তি পাব।’ ঠাণ্ডা চা একচুমুকে শেষ করে জ্যোতি বলল, ‘এবার আমি যাব। বড়ছেলের স্কুল থেকে ফেরার সময় হয়েছে। এখান থেকে ভবানীপুর কম দূর তো নয়!’
ছোট্ট দুধসাদা রঙের মরিস মাইনরের দরজা খুলে জ্যোতি ড্রাইভারের পাশে বসল। পূর্ণিমা ঝুঁকে বলল, ‘এত নামকরা লোকের এইটুকু গাড়ি কি রে! প্রসাদকে বড় একটা কিনতে বল।’
‘এটা তো ছ’ বছর আগে সেকেন্ড হ্যান্ড কিনেছিল।