Home
ঋজুদার সঙ্গে স্যেশেলসে

ঋজুদার সঙ্গে স্যেশেলসে

বুদ্ধদেব গুহ

ঋজুদার সঙ্গে স্যেশেলসে

বুদ্ধদেব গুহ
thriller

Posted byমেঘ বালিকা03-May-2025

Change color

স্কুল থেকে ফিরতেই মা বললেন, ঋজু ফোন করেছিল। তোদের সকলকে যেতে বলেছে আগামীকাল সন্ধেবেলা। রাতে ওখানেই খেয়ে আসতে বলেছে।

সন্ধেবেলা?

হ্যাঁ। সিক্স-ও-ক্লক শার্প।

সেটা না বললেও হত।

মনে মনে বললাম।


ঋজুদার সঙ্গে এতদিন ঘুরছি আর সময়জ্ঞান হয়নি কি আর! পারলে, পাঁচ মিনিট আগেই পৌঁছব। পরে যাইনি কখনই। কিন্তু সকলকে মানে?


জিজ্ঞেস করলাম মা-কে। জুতো খুলতে খুলতেই জিজ্ঞেস করলাম।


তার মানে আমি কী করে জানব? তোদের পুরো দলই হবে।


মানে, তিতির কি ফিরেছে নাকি?


আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম।


আশ্চর্য তো! তা আমি কী করে জানব? সে গেছে কোথায়?


মা বিরক্তির গলাতে বললেন।


বাঃ, সে তো কবেই দিল্লি চলে গেছে। জে এন ইউ-তে পড়ে তো এখন।


তা কেন পড়বে না? পড়াশুনোতে তো সে তোমাদের মতো নয়। ভাল মেয়ে, ভাল করছে। আর তোমরা তো বনে-বাদাড়ে ঘুরে ঘুরেই দিন কাটাচ্ছ। তোমাদের ঋজুদাই তো তোমাদের তার সব সম্পত্তি দিয়ে যাবে। তাই ভাঙিয়েই চলবে। আর চিন্তা কী? ভাবছ তাই।


আমি বললাম। হাঃ! ঋজুদা বলে, লেখাপড়া করে যে, গাড়ি চাপা পড়ে সে। তা ছাড়া, জীবনে স্কোয়ার হতে হয়। শুধু বুক-ওয়ার্ম হলেই হয় না। তুমিই না বলো যে, আমাকে পূর্ণ মানুষ হতে হবে। রবীন্দ্রনাথ যেমন মানুষ হওয়ার কথা বলতেন।


হ্যাঁ। তা তো বলিই। কিন্তু এমন করে ঋজুর সঙ্গে বনে বনে ঘুরে বেড়ালে আর পূর্ণ মানুষ হতে হবে না। বনমানুষ হবে। পূর্ণ বনমানুষ!


মা বললেন।


তারপরই বললেন, এবারে দয়া করে খেয়ে নিয়ে আমাকে ধন্য করো। বড়মামা দুপুরে আম পাঠিয়েছেন নবীনকে দিয়ে, বহরমপুর থেকে। আর মাখনদি পাটিসাপটাও দিয়ে গেছেন।


আমি বললাম, বাঃ। ফারস্ট ক্লাস। কিন্তু নোনতা কিছুই নেই?


সত্যি! ঋজু বোসের যোগ্য চেলা হয়েছিস বটে। খাদ্যরসিক!


তারপরেই বললেন, আছে। ডালপুরি।


ডালপুরি খাব কী দিয়ে? আলুরদম?


তারপর স্বগতোক্তি করলাম, আমার একটাই চিন্তা। ঋজুদা আবার না ভটকাইকে সঙ্গে নেয় এবারেও। নিনিকুমারীর বাঘ মারতে গিয়ে কী কেলোটাই না করেছিল! ঋজুদার লাই পেয়ে পেয়ে ও দিনে দিনে একেবারে আনম্যানেজেবল হয়ে উঠছে। নাগাল্যান্ডের কাঙ্গপোকপি’-তে গিয়েও কি কম ঝামেলা করেছিল?


সে সব তুমি আর তোমার ঋজুদাই বুঝে। এখন মুখ হাত পা ধুয়ে দয়া করে খেয়ে নাও। আলুরদমটা মাখোমাখোই করেছি, তুই যেমন ভালবাসিস।


আমি আমার মাকে জড়িয়ে ধরে বললাম, এই নইলে আমার মা। ইউ আর গ্রেট। মা-আ-আ।


.


যা ভেবেছিলাম ঠিক তাই। বিশপ লেফ্রয় রোডে পৌঁছে দেখি, তিনি আমার আগেই গিয়ে পৌঁছে গেছেন। আর ঋজুদা, যথারীতি বাড়ি নেই। তবে ঘড়ির দিকে চেয়ে দেখলাম দশ মিনিট দেরি আছে। আর ঋজুদা ঠিক সময়েই এসে যাবে। কারণ, ঋজু বোস কথা দিলে বা সময় দিলে, তার ‘ডেড বডিও কথা এবং সময় রাখবে।


গদাধরদা বলল, তিনি এই এইলেন বইলে। তোমরা কী খাবেন তাই বল। এটু লেমন স্কোয়াশ কইরে দেব কি? আর চারটে কইরে কে. সি. দাসের রসগোল্লা?


সে প্রশ্নের জবাব না দিয়েই বললাম, রাতে কি না-খাওয়াবার মতলব করেছ। নাকি? তোমার বাবু কি এতই গরিব হয়ে গেলেন?


আরে না না। সে কী কতা গো! আমার বাবু কোন শত্তুরের অভিশাপে গরিব হবেন! তুমি নোক মোটেই ভাল লয় গো রোদদুর দাদা। আজ অবধি একদিনও কি এমন হইয়েচে যে ঋজু বোসের বাড়ি এইয়ে পেটপুরে না খেইয়ে গেছ তোমরা কেউ?


আমি রোদদুর বাবু নই। আমার নাম রুদ্র। তোমার কি ভীমরতি ধরেছে?


ওই হল। আমি তোমাকে আজ থেকে রোদদুর বলেই ডাকব।


সে আবার কী কথা?


হ্যাঁ। আমার ওই নামটাই একনে পছন্দ।


ভটকাই বলল, রোদদুর না বলে ওকে বরং অন্ধকার বলো।


তারপরই বলল, তোমার বয়স ক’কুড়ি হল গো গদাধর দাদা?


তা তিন-চার কুড়ি হবে বইকী!


তবু বুদ্ধি পাকল না? তোমার রোদদুরবাবু যে লোক খারাপ তা বুঝতে তোমার এত বছর লাগল?


এমন সময়ে ডোর-বেলটা বাজল।


সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে ভটকাই মালিককে তেল-মারা ডোবারম্যান কুকুরের মতো লেজ নাড়াতে-নাড়াতে দৌড়ে গিয়ে দরজা খুলল। খুলেই, সঙ্গে সঙ্গে অ্যাবাউটটার্ন করেই ঘরের ভেতরে সেঁধিয়ে গিয়ে আমার দিকে ফিরে প্রায়। কাঁদো কাঁদো মুখে বলল, এক সায়েব এয়েচে।


সাহেব দেখলেই ভটকাইয়ের অবস্থা মুখে নুন-পড়া জোঁকের মতো হয়ে যায়।


বাইরে না দেখালেও, মনে মনে খুবই খুশি হলাম আমি।


এগিয়ে গিয়ে দেখি, এক সাহেব দরজায় দাঁড়িয়ে। চেহারা দেখে মনে হল না ইংরেজ বলে। তবে কোথাকার মানুষ আমি ঠিক বুঝলামও না। আমি অবশ্য কতটুকুই বা বুঝি।


সাহেব তাঁর হাতের পাতেক ফিলিপ’ ঘড়িটার দিকে এক ঝলক চেয়ে বললেন, অ্যাম আই আর্লি? ইজ নট মিস্টার বোস ইন?


বললাম, প্লিজ কাম অন ইন। হি উইল বি হিয়ার এনি মোমেন্ট। প্লিজ বি সিটেড।


তারপরে সাহেবকে আমার আর ভটকাইয়ের পরিচয় দিয়ে, আমরাও বসলাম। সাহেব কিন্তু নিজের পরিচয় দিলেন না আমাদের।


আগন্তুক সাহেব মাঝবয়সী, ছিপছিপে। পরনে একটি নীল জিনসের ট্রাউজার, এবং ওপরে লালরঙা গেঞ্জি। ব্যাঙ্গলনের। চোখে রিমলেস চশমা। প্লাস্টিক লেন্সের। তার রং, হালকা হলুদ। পায়ে নীল মোজা এবং হালকা খয়েরি-রঙা মোকাসিন। চেহারাটা ধূর্ত-ধূর্ত। সাহেব তিনি বিলক্ষণ। কিন্তু ইংরেজ নন। কোন দেশি তা বুঝলাম না। তবু বুঝলাম যে, আমাদের চেহারা-ছবি সাহেবের বিশেষ পছন্দ হল না। আমাদের দুজনের দিকেই সন্দিগ্ধ চোখে তাকাতে লাগলেন উনি বারবার।


ভাবলাম, বয়েই গেল! আমরা ওর জামাই থোড়াই হতে যাচ্ছি।


ভটকাই আবার আজকে ডান পায়ে লাল আর বাঁ পায়ে নীল মোজা পরে। এসেছিল ভুল করেই। সম্ভবত আমার চেয়ে আগে ঋজুদার বাড়িতে পৌঁছনোর তাগিদেই এমন ভুলটা করেছিল। আমার অ্যাডিডাসের হলুদ গেঞ্জির ডান কাঁধের কাছে ঘেঁড়া ছিল কিছুটা। সাহেব সবই লক্ষ করলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। সাহেব মাঝে মাঝেই বুনো শুয়োরের মতো একটা ঘোঁৎ-ঘোঁৎ আওয়াজ করছিলেন নাক দিয়ে। তবে খুবই আস্তে। আর তারই সঙ্গে নিকার-বোকারের লাল-রঙা ইলাস্টিকটাকে টেনে টেনে বারবার ওপরে তুলছিলেন।


আমি ভাবলাম, সাহেব বাতিকগ্রস্ত। ভটকাইয়ের দিকে তাকালাম। ভটকাই তার বেগুনচেরা চোখের নীরব দৃষ্টি দিয়ে আমার ভাবনাকে সমর্থন করল।


এমন সময়ে ডোর-বেলটা আবারও বাজল। ভটকাই-ই গিয়ে খুলল আবার।


ঋজুদা ঘরে ঢুকেই বলল, হাই! মঁসিয়ে পঁপাদু। আই অ্যাম অ-ফুলি সরি।


তারপরেই বলল, হাউ লং?


ওনলি আ কাপল অফ মিনিটস।


মঁসিয়ে পঁপাদু বললেন। ঋজুদা মঁসিয়ে পঁপাদুর চোখমুখ দেখেই বুঝেছিল যে, আমাদের তাঁর বিশেষ পছন্দ হয়নি। তাই হুড়হুড়িয়ে আমাদের গুণপনার কথা সবিস্তারে বলতে লাগল মঁসিয়ে পঁপাদুকে।


লজ্জাই করতে লাগল আমার। এমনকী নির্লজ্জ ভটকাইয়ের মুখ দেখে মনে হল, তারও লজ্জা করছে। ঋজুদাই যেন আমাদের ভিজিটিং কার্ড। এমন সব ভাল ভাল কথা বলছে আমাদের সম্বন্ধে ওই বুনো শুয়োর-মার্কা পাদুকে যে, কাছাকাছি কোনও মেয়ের বাবা থাকলে আমাদের দুজনের একজনকে জামাই না করেই ছাড়তেন না।


পঁপাদু সাহেব বড় ঘন ঘন ঘড়ি দেখেন। এও যেন নাক ঘোঁৎ-ঘোঁৎ করারই মতন আরেক বাতিক।


এবারে মঁসিয়ে পঁপাদু তাঁর হাতের ব্রিফকেসটি খুলে একগোছা প্লেনের টিকিট বের করলেন। তারপর একটি প্লাস্টিকের ফোল্ডার। বললেন, এতে পাঁচ হাজার ডলার আছে। আমার সঙ্গে আপনার সেখানে দেখা না হওয়াই ভাল। আমি সেখানে থাকবও না। থাকব মরিশাসে। হয়তো। অথবা পারিতেই। ফোনেই যোগাযোগ রাখব। আমার মোবাইল ফোনের নাম্বারটা রেখেছেন তো ঠিক করে? সেখানে পৌঁছানোমাত্র ওখানের কনটাক্টের নাম ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে দেবে যে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করবে। আমারই লোক। সে কিন্তু নিয়ে যাবে না আপনাকে সঙ্গে করে। একটা ক্যাব নিয়ে নেবেন। গতবার আপনি যে বাড়িতে উঠেছিলেন মাহে এয়ারপোর্টের একেবারে গায়েই, সেই বাড়িতে নেমে ক্যাব ছেড়ে দেবেন। ক্যাব চলে গেলেই একটি কালো টয়োটা গাড়ি এসে আপনাদের তুলে নেবে। এয়ারপোর্টের দিক থেকেই আসবে। আপনারা ওখানে পৌঁছালে আপনাদের যা কিছুর দরকার, আর্মস-অ্যামুনিশানসুন্ধু, আমার কনটাক্টই জুগিয়ে যাবে। মানে, যদি দরকার হয়। আর ডলারের দরকার হলে তাও সে দেবে।


মঁসিয়ে পঁপাদু হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, এবার আমি উঠব। একজনের সঙ্গে দেখা করার আছে। তারপর বললেন, কতদিনের মধ্যে কাজটা শেষ করতে পারবেন বলে মনে হয়?


ঋজুদা বলল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, নো আইডিয়া। তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে আসার চেষ্টাই করব।


মঁসিয়ে পঁপাদু বললেন, আমার কাজটা কিন্তু হওয়া চাই মিস্টার বোস।


ঋজুদা উঠে দাঁড়িয়ে বলল, হবে।


তারপর বলল, কাল যাওয়ার আগে একটা ফোন করলে আপনার কনটাক্ট সম্বন্ধে আর একটু বিস্তারিত কথা বলে নেব।


ঠিক আছে।


আমি একটু অবাকই হলাম। কোথায় যাবে, কোন বিদেশে তাও অজানা, কী কাজ তাও জানা নেই, আর্মস-অ্যামুনিশানের প্রশ্ন যখন উঠছে, তখন কাজটা যে। বিপজ্জনক তাতেও সন্দেহ নেই, কিন্তু কাজটা যে হবেই এমন গ্যারান্টি ঋজুদা যে কলকাতার বিশপ লেফ্রয় রোডে বসেই দেয় কী করে তা একটুও বুঝলাম না। তা ছাড়া, ঋজুদা ভদ্রলোককে আর একটু বসতে বলল না, চা-কফি কিছু খেতেও বলল না। অবাক হওয়ারই কথা।


ভটকাই আমার চেয়ে বেশি অবাক হয়ে হাঁ করে চেয়ে রইল ঋজুদার মুখে।


ঋজুদা মঁসিয়ে পঁপাদুকে ল্যান্ডিং অবধি এগিয়ে দিল। সঙ্গে চামচে ভটকাইও গেল। ফিরে এসে ড্রইংরুমে ঢুকেই বলল, গদাধরদা, এই সৈন্যদের কিছু খাইয়েছ।


এই ভাবতে চিনু কী খাওয়াই।


সে কী! তোমার ভাবনা শেষ হতে হতে ওরা যে আমার ঘর-বাড়ি জ্বালিয়ে দেবে। তুমি কি চেনে না ওদের?


রাতের জন্যে কী রান্না হচ্ছে এখনও তো বললে না গদাধরদা।


ভটকাই বলল, মাঝে পড়ে।


সেই কথাই তো শুরু করেছিলাম কিন্তু শেষ করার সুযোগ আর পেলাম কোতা? কে একটা হলুদ ব্যাঙের মতো দেখতে উটকো লোক এইসে হাজির হল যে। তা আজ রাতে রাঁধতিচি হলুদ পোলাউ…


মিষ্টি তো?


আমি বললাম।


হ্যাঁ গো হ্যাঁ, মিষ্টিই। আমি কি এই পরথম হলুদ…


আর কী? ভটকাই ইন্টারাপ্ট করল।


আর ভাপা-ইলিশ, চিংড়ি মাছের কাটলেট, দই-রুই, রুই মাছের মাথা-দেওয়া মুগের ডাল, আর আর মুড়িঘণ্ট।


ভটকাই বলল, তুমি কি গো গদাধরদা। বলছ যে চার কুড়ি বয়স হল আর এটাও জানো না যে, পোলাউ দিয়ে মুড়িঘণ্ট খাওয়া যায় না?


আঃ। তাও কি জানিনি নাকি। ভাতও করতেছি, গোবিন্দভোগ চালের। জুইফুলের মতন, মুড়িঘণ্ট আর ডাল দিয়ে খাবে বলে।


আর টক? ইলিশ মাছের মাথা দিয়ে টক করবে না?


করব তালে।


গুড। আর কী? মধুরেণ সমাপয়েৎ নেই? ভটকাই আবার বলল।


সেটা আবার কী মিষ্টি? কখনও তো নামও শুনিনি বাপের জন্মে।


গদাধরদা বলল।


তারপর বলল, না মধুরেণ-টেন নেই। তবে আচে কে সি দাসের রসগোল্লা। রবিদাদা নিজে পাইট্যে দেচেন।


রবিদাদাটা আবার কে?


ঋজুদা বলল, আরে কে সি দাসের রবি দাস। আমাদের নরেনের দাদা রে। আমাদের সকলেরই রবিদাদা।


ও বুঝেছি।


আর নেপালচন্দ্রের রাবড়িও। শর্মার রাবড়িতে তো আবার তোমার পোড়া পোড়া গন্দ লাগে।


গদাধরদা বলল।


এবারে

**********
No Review
Related Books
Loading books…