Home
ঋজুদার সঙ্গে অচানকমার এ

ঋজুদার সঙ্গে অচানকমার এ

বুদ্ধদেব গুহ

ঋজুদার সঙ্গে অচানকমার এ

বুদ্ধদেব গুহ
thriller

Posted byমেঘ বালিকা03-May-2025

Change color

০১.

বেলা যদিও হয়েছে, কিন্তু যেখানে দাঁড়িয়েছিলাম তার পুবে একটি পাহাড় ছিল। সেটি ডিঙিয়ে আসতে সূর্যের সময় লাগল প্রায় ঘণ্টাখানেক। আমরা বাংলা থেকে অনেকক্ষণ হলই বেরিয়েছি। সূর্যটা সবে উঠছে পাহাড়ের ওপাশে। এখনও এই অচানমারে শীত শীত ভাব আছে এই মার্চ মাসের মাঝামাঝিতেও।

কলকাতার মানুষ মাত্রই শীতকাতুরে। শীত বলতেও সেখানে মাত্র দেড়-দুমাস। তাও তাকে শীত বললে উত্তর ও মধ্যভারতের এমনকী বিহার, ওড়িশা, আসামের মানুষেরাও হাসেন।

কাল সন্ধেবেলাতেই আমরা এখানে এসে পৌঁছেছি।

আমরা মানে, ঋজুদা, আমি আর ভটকাই। তিনজনে দাঁড়িয়েছিলাম একটা টিলার উপরে, অচানকার বনবাংলো থেকে মাইল দুয়েক উত্তরে। সামনে দিয়ে দুধলি সাপের মতন এঁকেবেঁকে চলে গেছে একটা পাহাড়ি নদী। তার বুকের নুড়িময় সাদা বুকে অতি ধীরে ধীরে পাহাড়-টপকানো সূর্যর কমলারঙা আভা লাগছে, যেমন করে স্থলপদ্মর পাপড়িতে সকালে লালের ছোপ লাগে। এমন ধীরে, যে বোঝা পর্যন্ত যায় না।


রোদ আরও জোর হলে সেই কমলাভাবটি কেটে যাবে। দুধলি অস্পষ্টতা মুছে গিয়ে নদীর জল সাদা হবে, বালির রং গেরুয়া, পাথরের কালো। তখনও রাতের শিশিরে বনজঙ্গল, দূরের ঝিকারপানির পাহাড় সব ভিজে আছে। এই বসন্তের ভোরের বন পাহাড় নদীর এক আশ্চর্য গন্ধ ও মোহ আছে। মুগ্ধতাও।


তিতির, বটের ও ছাতারে ডাকছে চারধার থেকে। টিয়া আর চন্দনার ঝাঁক শন শন করে উড়ে যাচ্ছে ঝাঁক ঝাঁক সবুজ তীরের মতন। মাথার উপর দিয়ে। এমনই ব্যস্তসমস্ত হয়ে, যেন কোনও খুবই জরুরি খবর তাদের পৌঁছে দিতে হবে এখুনি কারও কাছে।


রাতের সব পাখিরা এখন চুপ। একেবারেই চুপ। ধীরে ধীরে পাহাড়শ্রেণীর পেছনে পুবের আকাশ লাল হচ্ছে। আলো ফোঁটার সঙ্গে সঙ্গে কতকিছু ঘটবার সম্ভাবনাও যেন স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে। অন্ধকার রাত পোয়ালে, সবকিছু স্পষ্ট, আলোকময় করে, রাতের সব ভয় ও অনিশ্চিতি দূর করে একটি দিন আসছে অনেক আশার বাণী নিয়ে।


আমরা দাঁড়িয়েছিলাম কতকগুলো কালো পাথরের স্কুপের পাশে। এই রকম স্তূপকেই পুব-আফ্রিকার ঘাসের দিগন্তলীন সমুদ্র, সেরেঙ্গেটিতে বলে কোপী। বানান অবশ্য Kopje।


আফ্রিকার সোয়াহিলি ভাষার ব্যাপারই আলাদা। ডাক্তারি শাস্ত্রে যেমন অনেক শব্দেরই আগে একটি করে ‘p’ যোগ করে দিতে হয়, যেমন নিউমোনিয়া এবং থাইসিসের (টি.বি.) বানান আরম্ভ হয় ‘p’ দিয়ে, তেমনই সেখানেও অনেক শব্দের আগে ‘N’ বসে। অদ্ভুতভাবে উচ্চারণ করে তারা শব্দগুলো। যেমন NGORONGORO, NDUTU, অথচ উচ্চারণ গোরোংগোরো, এবং ডুটু।


এসব কথা আমি ঋজুদা আর তিতির জানি। ভটকাই চন্দ্র তো মাত্র সেদিন ঢুকেছে আমাদের দলে। তাও আমারই লাগাতার সুপারিশে। আফ্রিকাতে তো ও যায়নি। গুগুনোম্বারের দেশে-তে অবশ্য শুধুই আমি আর ঋজুদাই গেছিলাম। তারপর ভুযুণ্ডার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে, পরে আবারও যখন রুআহাতে গেছিলাম তখন তিতির গেছিল আমাদের সঙ্গে। তাই ভাবছিলাম, ভটকাইকে আফ্রিকার কথা বলে লাভ নেই। এমনিতেই তো ওর আগবাড়ানো মাতব্বরি আর ভেঁপোমিতে আমি একেবারেই বিরক্ত। ঋজুদা যে ওকে শাসন কেন করে না জানি না। তিতির এখন দিল্লিতে পড়াশোনা করছে তাই কিছুদিন হল আমাদের সঙ্গ দিতে পারবে না।


–এটা কী নদী? ঋজুদা?


–মানে?


–মানে, নদীর নামটা কী? তুমি তো এর আগে অনেকই বার এসেছ।


ফাটা শুরু হল সাতসকালেই। ভটকাই-এর লাগাতার কথার ধানি-পটকা।


একটু চুপ করে দাঁড়িয়ে আমরা মধ্যপ্রদেশের এই অচানমার-এর আশ্চর্য সুন্দর এক চৈত্ৰসকালের শান্তিতে যে ঝুঁদ হয়ে ছিলাম সেই শান্তি ছিঁড়েখুঁড়ে গেল।


ঋজুদার পাইপের ইংলিশ ‘গোল্ডব্লক’ তামাকের গন্ধে এই মিশ্রগন্ধী সকাল আরও সুগন্ধী হয়ে উঠেছিল।


পাইপটা মুখ থেকে নামিয়ে ঋজুদা বলল, মনিয়ারী কৈরাহা।


বাঃ।


আমি বললাম অজানিতেই। কী সুন্দর নাম। নদীর নাম মনিয়ারী কৈরাহা?


হ্যাঁ।


আর সামনে ওই যে পাহাড়টা দেখছিস ওটার নাম ঝিকারপানি।


তুমি না বললে বিন্ধ্যপর্বতমালা। ভটকাই ফুট কাটল।


তাই তো। পর্বতমালা’ মানেইতো অনেক পর্বতের সমষ্টি। পর্বতের মধ্যে কত শত পাহাড় থাকে। তাদের নামও থাকে। এই ঝিকারপানিরই মতো অসংখ্য নামও দেয় স্থানীয় মানুষেরা তাদের। আর শুধু বিন্ধ্যই তো নয়! মাইকাল পর্বতমালাও আছে ডানদিকে।


তারপর পাইপে একটা টান লাগিয়ে বলল, অমরকণ্টকের নাম শুনেছিস?


হ্যাঁ।


ভটকাই বলল।


তারপর বলল, জ্যাঠাইমা পটলাদাদাদের সঙ্গে সেখানে তীর্থ করতে গেছিলেন একবার। আমি যখন ছোট ছিলাম।


তুই এখনও ছোটই আছিস।


ঋজুদা বলল।


যদিও পেকে ঝুনো হয়ে গেছিস।


আমি বললাম।


ঋজুদা বলল, তুই ভুল বললি রুদ্র। বল, এঁচড়ে পেকে গেছে।


ঠিক তাই।


ফুঃ! সব এঁচড়ই আজকাল পাকা। কলকাতার কোনও বাজারে জেনুইন এঁচড় কি আর পাওয়া যায়? কারবাইডে পাকানো কাঁঠালই চলে এঁচড় হিসেবে।


তাও ভাল। আমারতো মাঝেমাঝে ইচ্ছে হয় যে তোকে ‘কিলিয়ে কাঁঠাল পাকাই।


তার মানে?


ভটকাই তার খরগোশের মতন বড় বড় কানদুটি তুলে আমাকে আক্রমণাত্মক প্রশ্ন করল।


মানে আবার কী? কারবাইডে না পাকিয়ে কিল মেরেমেরেও যে এঁচড়কে কাঁঠাল করা যায়, তা কি জানিস?


ভটকাই আমার দিকে একটি জ্বলন্ত চাউনি ছুঁড়ে দিয়ে বলল, ঋজুদা, সকালেই আরম্ভ করেছে কিন্তু তোমার ওরিজিনাল চেলা।


বলেই বলল, আসল ব্যাপারটা কী জানো তো?


কী?


সেই নিনিকুমারীর মানুষখেকো বাঘ মারতে যাওয়ার সময়ে আমার সাহস এবং এলেম দেখার পর থেকেই ও ‘জে।


‘জে’ মানে?


আমি জিজ্ঞেস করলাম।


‘জে’ মানে জানো না? ‘জে ফর জেলাসি। ঈর্ষা। পিওর অ্যান্ড সিম্পল ঈষা। আরে ঈর্ষা করেই তো বাঙালি জাতটা গোল্লায় গেল। আমাকে ঈর্ষা না করে, কী করে আমার মতো ঈর্ষণীয় হতে পারিস তার চেষ্টা কর, ভাল কাজে সময় ব্যয় কর, উন্নতি হবে।


ঋজুদা বলল, চল। এদিকটা মোটামুটি দেখা হল তবে ব্রেকফাস্ট-এর পরেই সারাদিনের মতো বেরোতে হবে চারধার ভাল করে দেখার জন্যে।


ভটকাই বলল, একেই তো বলে scouting। তাই নয়?


ঋজুদা কথা না বলে, মাথা নাড়ল।


আমরা অচানকমার বনবাংলোর দিকে ফিরে চললাম।


এতক্ষণে হয়তো শিকারি দুখু গোঁন্দ এসে বসে আছে।


আমি বললাম।


হুঁ। ঋজুদা বলল।


তারপর বলল, ডিভিশনাল ফরেস্ট অফিসার ওসমানসাহেব ব্রেকফাস্ট করবেন আমাদের সঙ্গে। অচানমারের ম্যান-ইটিং টাইগার সম্বন্ধে পুরো ব্রিফিং করে যাবেন আমাদের। যদিও গত মাসে যখন কলিয়ারির কাজে এখানে এসেছিলাম, কনসার্ভেটর সাহেব মোটামুটি জানিয়েছেন যা জানানোর। মাত্র তিনমাসে পনেরোটি মানুষ খেয়েছে বাঘটা। অনেক মানুষখেকো বাঘ ও লেপার্ড দেখেছি। মেরেওছি কম নয়। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত মানুষ আর কোনও মানুষখেকো মেরেছে বলে জানি না। আমার অভিজ্ঞতাতে অন্তত নেই।


বাঘটার কোনো Wound আছে নিশ্চয়ই। যে কারণে মানুষের মতন প্রতিরোধহীন প্রাণী ছাড়া অন্য কোনও প্রাণী শিকার করারই ক্ষমতা তার নেই।


আমি বললাম।


ঋজুদা পাইপটা মুখ থেকে নামিয়ে বলল, could be!


আমরা টিলা থেকে নেমে আস্তে আস্তে অচানমার বাংলোর দিকে ফিরে যেতে লাগলাম। আমরা নিরস্ত্র। শুধু ভটকাই-এর কাঁধে বারোবোরের দোনলা বন্দুক। ঋজুদার পারমিশানে আমাদের খাওয়ার জন্যে একটা মাত্র মুরগি অথবা খরগোস মারার অলিখিত পারমিট সঙ্গে নিয়ে এসেছে সে।


বন্দুকটা কিন্তু দারুণ। ইটালিয়ান বন্দুক। ব্যারেটা। ওভার-আন্ডার। মানে বন্দুকের নল দুটি পাশাপাশি নয়। উপরে নীচে। ইটালির ব্যারেটা কোম্পানিতে নিজের হাতের ও কনুইয়ের দৈর্ঘ্য, কব্জি থেকে তর্জনীর দূরত্ব, নিজের মুখের মাপ সব পাঠিয়ে Custom-built করিয়েছিল ঋজুদা এটিকে বহুদিন আগে। পয়সা অবশ্য ঋজুদা দেয়নি। আমরা হাজারীবাগের মুলিমালোঁয়ার ‘অ্যালবিনো’ রহস্য ভেদ করার পরে বিষেনদেওবাবুই ঋজুদাকে জোর করে প্রেজেন্ট করেছিলেন। তখনকার দিনেই আমাদের দেশের টাকাতে লাখখানেক টাকা দাম পড়েছিল। ওঁদের অভ্র রপ্তানির পয়সা ছিল অঢেল। বিদেশি মুদ্রাতে দিতেও কোনও অসুবিধেও হয়নি।


সকালে এক কাপ চা না খেয়ে কোনও ভদ্রলোকের পক্ষে কোথাওই যাওয়া সম্ভব নয়। ঘুম পাচ্ছে এখনও আমার।


ভটকাই বলল, ব্যাজার মুখে।


আমি হাসলাম।


হাসির কী হল এতে? তুমিও কি সকালে চা খাও না? নাকি রবীন্দ্রনাথের মতন নিমপাতার রস খাও?


ভটকাই বলল।


না। সেজন্যে নয়। নিজেকে ভদ্রলোক বললি তো! তাই। তা ছাড়া, সারাটা জীবনই তো তুই ঘুমোলিই। ঘুম থেকে উঠলি আর কখন? কুম্ভকর্ণ Incarnated। তোকে মাধব স্যার বলতেন না স্কুলে? মনে নেই? এই যে বৎস ভটকাই, ঘুম কি ভাঙল?


তারপরই মাধব স্যার আমাদের বলতেন, ওরে, তোরা ওকে একটু চটকে দিয়ে দেখত মটকা মেরে আছে, না সত্যিই ঘুমোচ্ছে? মাধব স্যারের সেই কথা থেকেই ‘ওরে ওরে ভটকাই, আয় তোরে চটকাই এই শ্লোগানের জন্ম।


ঋজুদা বলল, তাই? শ্লোগানটা শুনেছিলাম কিন্তু প্রেক্ষাপট জানতাম না।


তারপর বলল, চল ফিরে বাংলোতে। গরম গরম পরোটা, ডিম-এর ভুজিয়া, বেগুন ভাজা লাল করে, সঙ্গে শেওতারাই এর কালা জামুন।


ভটকাই বলল, আর বিলাসপুরের বেঙ্গল সুইটস-এর সন্দেশের কথাটাই ভুলে গেলে! এস. ই. সি. এল-এর সুভাষ চৌধুরী সাহেব আনিয়ে দিলেন না?


ঋজুদা বলল, ঠিক।


আমি বললাম, ভারী গুণী মানুষ কিন্তু ভদ্রলোক। কী দারুণ ওড়িয়া এবং হিন্দী বলেন।


ঋজুদা বলল, চৌধুরী সাহেব আবার মামুলি হিন্দি নয়, একেবারে দূরদর্শনের আগমাকা হিন্দি বলেন।


কী রকম?


গতবারে আমাকে স্টেশানে তুলে দিতে এসে একজন চেকারকে বিলাসপুর স্টেশানে শুধিয়েছিলেন, বম্বে-হাওড়া মেইলকি স্থিতি ক্যা হ্যায়?


মানে?


ভটকাই বলল।


মানে, ট্রেনটার অবস্থিতি আর কি! কত লেট আছে? আদৌ লেট আছে কি না এবং দুর্গ থেকে ছেড়ে এসেছে কি না!


দুর্গ। কোথাকার দুর্গ?


ভটকাই বলল।


সকাল সকাল বাগে পেয়েই একটু কড়কে দিলাম ওকে। যাকে বলে ‘Nipped in the bud’। বললাম, ওরে মূর্খ। সাহিত্য বা বিজ্ঞান এসব তো কিছু পড়িসইনি, ভূগোলটাও কি পড়িসনি? মধ্যপ্রদেশে যে দুর্গ (দুরগ) বলে একটি বড় জায়গা আছে তাও জানিস না? জায়গাটার নাম দুর্গ, পালামৌর বেতলার দুর্গ নয়। মুর্গ-মুসল্লম্-এর মুর্গ’-এর মতো উচ্চারণ। বুঝেছিস ভোঁদাই রাম।


ভটকাই চুপ করে গেল।


.


০২.


আমরা বাংলোটির বাঁপাশ দিয়ে আসছিলাম, অচানমার বাংলোর কাছাকাছি আসতেই, দেখা গেল একটি জলপাই-সবুজ জিপ দাঁড়িয়ে আছে বাংলোর সামনে।


ঋজুদা বলল, কী হল! ডি. এফ. ও. ওসমান সাহেবের তো আসার কথা সাড়ে আটটাতে। বিলাসপুর থেকে আসবেন। এত আগে এলেন যে!


ভটকাই বলল, নিশ্চয়ই কোনও গড়বড়-সড়বর, কোনও গুবলেট হয়েছে।


ভটকাই এর বাগবাজারি ভাষাই ওরকম।


যখন আমরা বাংলোতে গিয়ে পৌঁছলাম, তখন কিন্তু দেখা গেল ভটকাই ঠিকই ধরেছিল।


দূর থেকে আমাদের দেখেই ডি. এফ. ও. ওসমান সাহেব এগিয়ে এসে বললেন, ওয়্যারলেস-এ খবর পেয়ে আসছি। লমনির পেছনে গণিয়া বস্তীর একটি যুবতাঁকে বাঘে নিয়েছে আজই খুব ভোরে। মেয়েদের চার পাঁচজনের একটি দল মহুয়া কুড়োতে গেছিল। তার মধ্যে থেকে একজনকে নিয়েছে।

**********
No Review
Related Books
Loading books…