Home
আলেকজান্ডার রহস্য

আলেকজান্ডার রহস্য

সৈয়দ মুস্তাফা সিরাজ

আলেকজান্ডার রহস্য

সৈয়দ মুস্তাফা সিরাজ
thriller

Posted byশেষ নগরী11-Jun-2025

Change color

ক্যাপ্টেন রামশরণ সিংহ আমার সামরিক জীবনের বন্ধু। থাকেন ছোটনাগপুর অঞ্চলের ভৈরবগড়ে। জায়গাটা কালক্রমে সমৃদ্ধ জনপদের রূপ নিয়েছে। স্থানীয় লোকেরা অবশ্য টাউন-ই বলে। গত মার্চে ক্যাপ্টেন সিংহ কী একটা কাজে কলকাতা এসেছিলেন এবং আমার সঙ্গে দেখা করে গিয়েছিলেন। যদিও প্রায় বছর পাঁচেক পরে দেখা, তার চেহারায় বিশেষ পরিবর্তন লক্ষ করিনি। আমার মতো দাড়ি না রাখলেও তার গোঁফের রং এবং গড়ন আগের মতোই দেখনসই। কথায় কথায় তিনি বলেছিলেন, আমি আপনার মতো লেপিডস্টারিস্ট নই। তবে আমার ফার্ম হাউসে বিশেষ করে বসন্তকালে যত রকমের প্রজাপ্রতি আসে, দেখতে দেখতে তাদের প্রায় প্রত্যেকটা প্রজাতিকেই চিনে ফেলেছি। আপনার জন্য একটা সুসংবাদ আছে।


কথাটা বলে তিনি সকৌতুকে হেসে উঠলেন। আমি বললুম, আপনার ফার্ম হাউসের স্মৃতি আমার মনে এখনও স্পষ্ট। সেবার দশটা প্রজাতির প্রজাপ্রতি আমি ওখান থেকে সংগ্রহ করে এনেছিলুম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিশ্চয় কোনো আশ্চর্য নতুন প্রজাপতির খবর আমাকে দিতে চাইছেন।


ক্যাপ্টেন সিংহ মুখে সেই হাসি রেখেই বললেন, ব্যাপারটা খুব আশ্চর্য। আপনার কাছেই শুনেছিলুম কোনো কোনো প্রজাপতি বিষাক্ত হয়। তাই পাখিরা তাদের এড়িয়ে চলে। আমি যে প্রজাপতিটার কথা বলছি সেটার দুই ডানার দৈর্ঘ্য ইঞ্চি ছয়েকের কম নয়। আর সেই দুই ডানায় গোলাকার চোখের মতো চিহ্ন আছে। যেদিন প্রথম ওটাকে লক্ষ করি, সেদিন একটা শালিখ পাখি বারবার তার দিকে উড়ে যাচ্ছিল আর যেন ঐ রাক্ষুসে চোখ দেখেই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। প্রজাপতিটা কিন্তু একটুও নড়েনি। আমার মনে হচ্ছিল পাখিটা বুঝি ভেবেছিল ওটা একটা প্যাঁচা।



ক্যাপ্টেন সিংহ আবার হেসে উঠেছিলেন।


আমি বলেছিলুম, ক্যাপ্টেন সিংহ, আমার মনে হচ্ছে ওটা নিমফ্যালইডি গোত্রের প্রজাপতি। আপনি যে বর্ণনা দিলেন তাতে স্পষ্টই বোঝা যায় লেপিডক্টারিস্ট অর্থাৎ প্রজাপতি-বিশারদরা ওদের আউল বাটারফ্লাই বলেন। এই প্রজাতির নাম ক্যারেগি অ্যাট্রেউস। এবার একটা প্রশ্ন, ওটার গায়ের রং কি ফিকে খয়েরি অথচ খুবই উজ্জ্বল?


ক্যাপ্টেন সিংহ বলেছিলেন, ভীষণ উজ্জ্বল। অনেকটা দূর থেকেও চোখে পড়ে, যদিও ওটা গাঁদাফুলের ঝাড়ের উপর বসেছিল।


এরপর ক্যাপ্টেন সিংহ শেষ অবধি যে কথাটা বলেছিলেন, আমি বুঝতে পেরেছিলুম তাঁর আসল বলার কথা সেটিই ছিল। ঐ প্রজাপতিটিকে শেষ পর্যন্ত সেই শালিখটা খেয়ে ফেলে এবং কয়েক ঘন্টা পরে ক্যাপ্টেন সিংহ পাখিটাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।


এর পরের ঘটনা আরও মারাত্মক। তাঁর প্রিয় টেরিয়ার কুকুর জনি তাঁর অজ্ঞাতসারে মরা শালিখ পাখিটাকে খেয়ে ফেলে এবং সেদিনই রাত্রে জনিও মারা যায়।



আমি জানতুম, ক্যাপ্টেন রামশরণ সিংহের স্বভাবই এরকম। সামরিক জীবনে কাছাকাছি থাকার সময়ে লক্ষ করতুম, যে কথাটি তিনি বলতে চান তা আগে না বলে লম্বা-চওড়া ভূমিকার অবতারণা করেন।


আউল বাটারফ্লাই এমনিতে বিষাক্ত নয়। তবে কোনো একটা পর্যায়ে বিশেষ করে পুরুষ প্রজাতির মধ্যে ওদের পাকস্থলীতে যেটুকু বিষ জমে তা অন্তত দুতিনটে বেড়ালকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট।


প্রিয় কুকুর জনির মৃত্যুতে ক্যাপ্টেন সিংহ অবশ্যই শোকার্ত হয়েছিলেন। কিন্তু তার কলকাতা আসার আগের দিন বিকেলে ফার্মের ফুলবাগিচায় আবার একটা একই প্রজাতির প্রজাপতি দেখেছিলেন। সেটাকে তিনি ধরার চেষ্টা করেও ধরতে পারেননি। এদিকে তার ফার্ম হাউস পাহারা দেবার জন্য একটা অ্যালসেশিয়ান আছে। তার লোকেদের তিনি প্রজাপতিটা সম্পর্কে সতর্ক করে দিয়ে এসেছেন।


দু রাউন্ড কফি খাওয়ার মধ্যে এইসব কথা বলার পর তিনি উঠে দাঁড়িয়েছিলেন। আমি যখন তাঁকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছি, তখন তিনি হঠাৎ চাপা স্বরে বলেছিলেন, জনির মৃত্যুর পর থেকে তার একটা অদ্ভুত ধরনের অস্বস্তি হচ্ছে। তার স্ত্রী মিসেস অপালা সিংহের ইচ্ছে অনুসারে ফার্মে তার বাংলো বাড়িতে একটা পুকুরের পাশে মন্দির বানিয়েছেন। ভৈরবগড়ে পৈতৃক বাড়ি বিক্রি করে দেওয়ার পর সেখান থেকে মিসেস সিংহের উপাস্য বিষ্ণুমূর্তিটি এনে প্রতিষ্ঠা করেছেন।



এই কথাগুলো বলার পর তিনি আমার হাত ধরে আস্তে বলেছিলেন, আমি খুব অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছি। আপনি শিগগির একবার গেলে স্বস্তি পাব।


.


ক্যাপ্টেন রামশরণ সিংহ চলে যাওয়ার পর আমি প্রজাপতি সংক্রান্ত দুর্লভ এনসাইক্লোপিডিয়া নিয়ে বসেছিলুম। আউল বাটারফ্লাই দক্ষিণ আমেরিকার ব্রাজিলে আমাজন অববাহিকায় বাস করে। কিন্তু পাখিদের মতো তাদেরও। মাইগ্রেশনের স্বভাব আছে। এরা একটানা প্রায় দশ মাইল উড়ে যেতে পারে। তারপর জাহাজের মাস্তুলে নিরাপদ জায়গা খুঁজে নিয়ে সঙ্গিনীসহ এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। এক-দেড় হাজার মাইল দূরের কোনো দেশে পৌঁছতে পারে তারা। তারপর সেই দেশে কয়েক প্রজন্ম কাটিয়ে আবার একই ভাবে অন্য কোনো দেশে চলে যায়।


এই কোষগ্রন্থটি পড়তে পড়তে আমার মনে পড়ে গিয়েছিল আউল বাটারফ্লাই আমি একবার সিকিমের পাহাড়ি এলাকায় দেখছিলুম। কিন্তু জালবন্দি করতে। পারিনি, ক্যামেরাবন্দি করেছিলুম। এরা খুব ধূর্ত এবং ওড়ার গতিও বিস্ময়কর। হঠাৎ যেন ছোট্ট ঘুড়ি বোঁও করে আকাশে উড়ে গেল।



সেই রাত্রে ক্যাপ্টেন সিংহের শেষ কথাগুলো আমাকে ঘুমোতে দিচ্ছিল না। এই প্রজাতির প্রজাপতি দর্শন, তারপর একটি শালিখ পাখির মৃত্যু এবং শেষে তাঁর টেরিয়ার কুকুর জনির মৃত্যু, এসবের সঙ্গে তাঁর স্ত্রীর আরাধ্য বিষ্ণুমূর্তির কী সম্পর্ক আছে যাতে তিনি অদ্ভুত একটা অস্বস্তিতে ভুগছেন? তিনি কি আশঙ্কা করছেন এরপর তার অ্যালসেশিয়ান টমিও একই ভাবে মারা পড়বে এবং মন্দিরের বিষ্ণুমূর্তি…


নাঃ ক্যাপ্টেন সিংহের কলকাতা আগমনের একান্ত উদ্দেশ্য হয়তো আমিই। রাত একটায় ঠিক করে ফেললুম পরদিনই ভৈরবগড় রওনা হব।


সকালে আমার ছাদের বাগান পরিচর্যা করে ড্রয়িং রুমে এসেই জয়ন্তকে টেলিফোন করলুম। রিং হতে থাকল, কেউ ধরল না। তখন দৈনিক সত্যসেবক পত্রিকার নিউজ ব্যুরোর চিফ সত্যবাবুকে টেলিফোন করলুম। তার কাছেই শুনলুম জয়ন্ত পত্রিকার পক্ষ থেকে আমেরিকার বোস্টনে ট্রেনিং ট্যুরে গেছে।


ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল। কফি খেতে খেতে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশায়ের কথা ভাবলুম। কিন্তু তারপরই মনে হল যখন কোনো ঘটনাই ঘটেনি তখন তার মতো হঠকারী প্রাক্তন পুলিশ অফিসারকে সঙ্গী করা ঠিক হবে না।



ক্যাপ্টেন সিংহ আমাকে বলে না গেলেও জানতুম ভৈরবগড় যেতে হলে রাত সাড়ে নটার ট্রেনই ভালো। আরামে ঘুমিয়ে সকাল নটার মধ্যে পৌঁছনো যাবে। স্টেশন থেকে ক্যাপ্টেন সিংহের ফার্ম হাউস প্রায় পাঁচ কিলোমিটার দূরে।


সেদিনই দুপুরে সঙ্গে যা নেবার, সব গুছিয়ে নিলুম। তারপর পূর্ব রেলের অফিসে আমার স্নেহভাজন অমিত রুদ্রকে আমার ভৈরবগড় যাত্রার কথা জানিয়ে দিলুম। প্রাক্তন সামরিক অফিসার হিসেবে এবং বিশেষ করে সরকারের অনেক কাজকর্ম করে সুনাম অর্জনের ফলে ট্রেনে বা প্লেনে উৎকৃষ্ট আসনে বিনি পয়সায় যাবার সুবিধে আমার আছে।


সন্ধ্যা আটটায় ষষ্ঠীচরণকে ট্যাক্সি ডাকতে পাঠিয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে সাড়া দিতেই কানে এলো ক্যাপ্টেন রামশরণ সিংহের কণ্ঠস্বর। –কর্নেল সরকার, আমি আজ সকালে পৌঁছেছি। তারপর একবার ভৈরবগড়ে এক ডাক্তারের কাছে আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলুম, ওঁর হঠাৎ কী একটা অসুখ হয়েছিল। অসুখটা কী ডাক্তার তা খুলে বলেননি। এদিকে এক ঝামেলা। গতরাত্রে আমি যখন ট্রেনে, তখন আমার ফার্মের ম্যানেজার রতনলাল তার ঘর থেকে অ্যালসেশিয়ান টমির গর্জন শুনতে পায়। টমিকে ছেড়ে দেওয়া ছিল। তারপর পাহারাদার নাথুলাল আর বিন্ধ্যেশ্বরের চিৎকার শুনতে পেয়ে রতনলাল বন্দুক হাতে নেমে যায়। একটা খালের ধার টমি রক্তবমি করে পড়ে ছিল।



আমি দ্রুত বললুম, দ্যাটস এনাফ ক্যাপ্টেন সিংহ। আমি এখনই বেরিয়ে পড়ছি। ট্যাক্সি ডাকতে পাঠিয়েছি।


ক্যাপ্টেন সিংহ শুধু বললেন, আমার অস্বস্তিটা ঠিকই ছিল।


তারপর ফোনের লাইন কেটে গেল।


.


মার্চ-এপ্রিলে ভৈরবগড়ে ট্যুরিস্টদের খুব ভিড় হয়। আশেপাশে ওখানে প্রচুর। দেখার জায়গা আছে। পাতাল-ভৈরবের মূর্তি দর্শন এবং মেলা ছাড়াও ভৈরব নদের জলপ্রপাত এবং প্রাচীন যুগের রাজপ্রাসাদ ও গড় ঘিরে যে দুর্গম জঙ্গল, তার আকর্ষণও কম নয়। পাঁচ বছর আগে আমি যখন এসেছিলুম তখন কলকাতার একটি ফিল্মের কোম্পানিকেও জলপ্রপাতের কাছাকাছি জায়গায় শুটিং করতে দেখেছি।


ফাস্টক্লাসেও ভিড় ছিল। তবে আমি অমিত রুদ্রের চেষ্টায় সুন্দর লোয়ার বার্থ পেয়েছি। ক্যাপ্টেন সিংহের কথাগুলো আমার মাথার ভিতরে মাছির মতো ভনভন। করছিল। তার অ্যালসেশিয়ানের মৃত্যুর কারণ সেই অদ্ভুত প্রজাপতিটা কি না সে। বিষয়ে নিঃসংশয় না হলেও মিসেস সিংহকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথাটা আমাকে ভাবিয়ে তুলেছিল। মিসেস সিংহের উপাস্য বিষ্ণুমূর্তিটা…



ট্রেনটা ঠিক সময়ে ভৈরবগড়ে পৌঁছল। এক হাতে আমার ব্যাগেজ ঝুলিয়ে স্টেশনের গেট দিয়ে বেরুতেই কেউ সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। তারপরই দেখলুম ক্যাপ্টেন সিংহ একটু তফাতে দাঁড়িয়ে আছেন এবং ব্যাগেজ ছিনতাইকারী লোকটি আমার চেনা। তার নাম রঘুবীর। সে ক্যাপ্টেন সিংহের ড্রাইভার শুধু নয়, বাড়তি অনেক কাজও করে থাকে। সেবার গড়ের জঙ্গলে এই। রঘুবীরই ছিল আমার সঙ্গী।


ক্যাপ্টেন সিংহ চাপা স্বরে মর্নিং বলে করমর্দন করলেন তারপর আমার কাঁধে হাত রেখে চুপচাপ তার গাড়ির দিকে এগিয়ে গেলেন। তাঁর মুখে গাম্ভীর্য ঘন হয়ে ছিল।


হেঁটে যেতে যেতে আস্তে বললুম-মন্দিরের বিষ্ণুমূর্তি–


ক্যাপ্টেন সিংহ আমাকে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, সেটা অদৃশ্য।


ড্রাইভার রঘুবীর ভৈরবগড়ের ভিতরের রাস্তা না ধরে ডানদিকে একটা সংকীর্ণ পিচ রাস্তায় গাড়ি নিয়ে চলল। বুঝলুম গত পাঁচ বছরে ভৈরবগড়ের রাস্তাঘাটে ভিড় বেড়েছে। তাই এই পাশ কাটিয়ে যাওয়া। তবে আমার পক্ষে এমন নির্জন পথ আনন্দদায়ক। পথটা বারবার চড়াইয়ে উঠছে, আবার টিলা পাহাড়ের কাঁধের উপর দিয়ে এগিয়ে গিয়ে উতরাইয়ে নামছে। বাঁদিকে ভৈরবগড়ের সমৃদ্ধি উজ্জ্বল রোদে ঝলমল করছিল। ডানদিকে মাঝে মাঝে আদিবাসী বস্তি আর জঙ্গল চোখে পড়ছিল। জঙ্গলের পিছনে দূরে পশ্চিমে ঘন নীল পাহাড়ের রেঞ্জ। ক্যাপ্টেন সিংহ। এতক্ষণে একটু হেসে বললেন, এই রাস্তাটা দিয়ে আপনাকে নিয়ে এলুম কারণ খুব শিগগির আমার ফার্ম হাউসে পৌঁছানো যাবে।



এতক্ষণে আমি চুরুট ধরালুম। তারপর বললুম, এই রাস্তার শেষ দিকটা আমি চিনি মনে হচ্ছে।


ক্যাপ্টেন সিংহ বললেন, হ্যাঁ, সেবার আপনার সঙ্গে ঐদিকটায় অর্কিডের খোঁজে বেরিয়েছিলুম।


একটু হেসে বললুম, মনে পড়ছে আমাদের বেরুনোটা ব্যর্থ হয়নি। এনিওয়ে, আপনার ফার্ম হাউসের ঘটনা নিয়ে এখন কথা বলা কি ঠিক হবে?


ক্যাপ্টেন সিংহ ড্রাইভার রঘুবীরের দিকে চোখের ইশারা করে বললেন, কেসটা পুলিশের হাতে। আমি আপনাকে সেই অদ্ভুত প্রজাপতির একটা খবর দিতে পারি।


বলুন।


আমার ফার্ম হাউসের পুবে নদীর ধারেই এক ভদ্রলোক সম্প্রতি একটা বাংলো বাড়ি করেছেন। তাঁর সঙ্গে আমার পরিচয় আছে। একসময় তিনি ঐ এলাকায় খ্রিস্টান মিশনারি স্কুলে কীসব কাজ করতেন।



কী সব মানে, শিক্ষকতা নয়?


না। আমি তার সঙ্গে আলাপ করে যেটুকু বুঝেছিলুম তাতে আমার ধারণা উনি সায়েন্স সেকশনে ল্যাবে কাজ করতেন। তাছাড়া তিনি বাঙালি।


ভৈরবগড়ে তো একসময় অনেক বাঙালি থাকতেন।


আমার কথা শুনে ক্যাপ্টেন সিংহ কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, ইনি ভৈরবগড়ের বাসিন্দা নন। মিশন স্কুল থেকে রিটায়ার করার পর এখানে বাড়ি করেছেন। নাম নীলমাধব রায়। তো যা বলছিলুম, কাল বিকেলে খেয়াল হল একবার নদীর ধার

**********
No Review
Related Books
Loading books…