
হ্রেষাধ্বনি
সমরেশ বসু
শনিবারের সকাল বেলা। বেলা এখন সাড়ে দশটা প্রায়। একটু একটু করে গরম পড়তে আরম্ভ করেছে। ফায়ূন মাস। আবার রাত্রের দিকে একটু ঠাণ্ডাও পড়ে। ভোরবেলা ঘাসে এবং গাছের পাতায় এখনও শিশিরবিন্দু চিকচিক করে। রোদ উঠতে না উঠতেই উবে যায়।
কলকাতার পঁচিশ মাইলের উপকণ্ঠে, এই শহরে, রাত্রি পোহায় অন্ধকার থাকতেই। শিল্পাঞ্চল, কারখানার বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শ্রমিক কর্মচারীদের সাড়া জাগে। শহর জেগে ওঠে। দোকানপাটও তাই তাড়াতাড়ি খোলে। তারপরে আর এক শ্রেণীর লোকের কাজের তাড়া পড়ে যায়। যারা এখান থেকে কলকাতায় দৈনিক যাত্রী, চাকরি করতে যায়, তারা তাড়াহুড়ো করে বাজার দোকান করে। কোনওরকমে স্নান-খাওয়া সেরে ইস্টিশনের দিকে দৌড়।
তারপরে শহরের নিজের সঙ্গে, নিজের যতটুকু লেন-দেন, ততটুকুই চলে। সেই সন্ধের দিকে, শহর আবার সরগরম হয়। কারখানার লোকজনদের চলাচল কেনাকাটা বাড়ে। কলকাতার যাত্রীরাও ফিরে আসতে থাকে।
এখন বেলা সাড়ে দশটায়, শহরে কোনও চঞ্চলতা নেই। খানিকটা নিঝুম ভাব। বিশেষ করে, বাজার দোকানপাট সীমানার বাইরে, পাড়া ঘরে। প্রাচীন ঠাকুরবাড়িতে প্রত্যহ যা ঘটে, তা-ই ঘটছে। অশোক ওর বন্ধুদের সঙ্গে, মন্দির সংলগ্ন বাইরের রোয়াকে বসে আড্ডা দিচ্ছে। ওদের প্রাচীন বাড়ির বাইরের মহলে অনেকগুলো ঘর। এক সময়ে এই ঠাকুরবাড়ি রীতিমতো জমজমাট ছিল। তথাকথিত আমোদ-প্রমোদ না; বহুতর ধর্মসভা, নানা পাণ্ডিত্যের আলোচনা বিতর্ক চলত। ন্যায় স্মৃতি, নানান দার্শনিক কূট তর্কে যোগদান করার জন্য এ ঠাকুরবাড়িতে নানা দেশের পণ্ডিতেরাও এক সময়ে থাকতেন মাসের পর মাস। সে হিসাবে এ বাড়ি জমজমাট ছিল, নাম ছিল।
এখন এ বাড়ির তিন বংশধর অবশিষ্ট। শহরের লোকে বলে তিন পাগলের বাড়ি। তিন ভাই, অশোক তার মধ্যে সর্বকনিষ্ঠ। ওর বড় দাদা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই বয়স। বিয়ে-থা করেনি। করবেও না কোনওদিন। এখন শোনা যাচ্ছে, বাইরের কোনও এক ঘরে, তারস্বরে সে ধ্রুপদ সাধনা করছে। তানপুরা বাজছে, তার সঙ্গে হারু মুচি পাখোয়াজ সঙ্গত করছে।
আর একটি ঘরে যে প্রচণ্ড চেঁচামেচি চলেছে, অনেকে একসঙ্গে কথা বলছে, তা মোটেই ঝগড়া-বিবাদ না। একটু কান পাতলেই শোনা যাবে সেখানে রাহু এবং মঙ্গলের অবস্থিতি, শুক্রের গতি, শনির দৃষ্টি, পঞ্চমে বৃহস্পতি, কেতুর আগমন ইত্যাদি নানাবিধ কথা, এবং তার সঙ্গে যাবতীয় রাশি লগ্নের নাম ঘন ঘন উচ্চারিত। অর্থাৎ ও ঘরে চলছে জ্যোতিষ শাস্ত্রের চর্চা। অশোকের মেজদা হল প্রধান। বয়স তিরিশের উর্ধ্বে। বিয়ে করেনি, করবেও না কোনও দিন।
এই সংগীত জ্যোতিষী বাদ দিলে, অশোককে তেমন বাতিকগ্রস্ত মনে হয় না। ট্রাউজার শার্ট পরে, দামি সিগারেটের প্যাকেট নিয়ে, বেকার কয়েকজন বন্ধুর সঙ্গে গল্প করছে। অন্তঃপুরে এক দূর সম্পর্কের প্রৌঢ়া আত্মীয়া, তিনি রান্নাবান্না করেন। সেখানে ঘন ঘন চা চেয়ে পাঠানো যায় না। অতএব চায়ের দরকার হলে, রাস্তার মোড়েই চায়ের দোকানে খবর দেওয়া হয়, একটা ছেলে এসে মাটির ভাঁড়ে চা দিয়ে যায়। ইতিমধ্যেই বার দুয়েক তা এসে গিয়েছে। দূপুর পর্যন্ত চলবে।
কিন্তু অশোকের দাদাদের যদি বেকার না বলা যায়, অশোককেও যাবে না। এ শহরে, ইতিমধ্যেই জানাজানি আছে, কোথাও কোনও হত্যা খুন বা বড় রকমের জালিয়াতি হলে, অশোক সঙ্গে সঙ্গে সজাগ হয়ে ওঠে। তখন ও প্রায় কুকুরের মতোই শুঁকে শুঁকে অপরাধের সূত্র এবং অপরাধীকে খোঁজে। এ শহর এবং তার আশেপাশে কয়েকটি খুনের ঘটনায় অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ ওর সাহায্য পেয়েছে বেশি। সেজন্য ডি, এম. এস. ডি. ও. এবং ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওকে যথেষ্ট খাতির করে, চিঠি দিয়েও ওকে সম্মানিত করা হয়েছে। যদিও এখানকার থানার ও. সি. শ্যামাপদর ধারণা, অশোক একটি ধাপ্পাবাজ, প্রাচীন ধনী বাড়ির বেকার, সিগারেট ফুকে, দামি পোশাক পরে, দশটা ক্লাব নিয়ে মেতে থাকে। সে মনে করে, অশোক নিজেই একজন অপরাধী–সেইজন্যই সে অপরাধের ঘটনায় জড়িয়ে পড়ে। অশোক নিজেই বলেছে, নিজেকে অপরাধী ভেবেই ও অপরাধের সূত্র খোঁজে। অতএব শ্যামাপদর ধারণা, অশোক নিজেও একজন অপরাধী, নিজেকে বাঁচাবার জন্যই ও আগে থেকে ইনভেস্টিগেট শুরু করে দেয়। অথচ, এ শহরের অন্তত তিনটি মারাত্মক খুনের ঘটনায় খুনি আসামিদের সন্ধান ও-ই দিয়েছে, খুনের কারণ খুঁজে বের করেছে। শ্যামাপদ মুখে যা বলে মনে মনে নিজে তা কতখানি বিশ্বাস করে কে জানে। তবে বড় রকমের কোনও ঘটনা ঘটলেই, সে আগে অশোকের সন্ধান করে। কখনও কখনও মনে হয়, পঁচিশ-ছাব্বিশ বছরের অশোকের প্রতি বোধহয় তার কিঞ্চিৎ স্নেহ-ভালবাসাও আছে। তবে তা ধরা খুবই মুশকিল। অশোককে সে ধমকে ছাড়া কথা বলে না। অশোক মিটিমিটি হাসে। শ্যামাপদ চল্লিশ ছাড়িয়েছে। আজও বিয়ে করেনি, চা সিগারেট কিছুই খায় না, সাত্ত্বিক ধরনের এবং রক্ষণশীল দারোগা। চেহারাটা জবরদস্ত। সেই তুলনায় অশোক একটি ছিপছিপে, লম্বা, রোমান্টিক ছেলে।
.
বেলা সাড়ে দশটায়, ঠাকুরবাড়ি যখন ধ্রুপদে পাখোয়াজে, জ্যোতিষশাস্ত্রের আদ্যশ্রাদ্ধতে এবং লিগের খেলা ও রাজনীতি আলোচনায় ঘর ও রোয়াক সরগরম, তখনই শ্যামাপদর জিপ এসে দাঁড়াল বাইরের বোয়াক ঘেঁষে, একেবারে অশোকদের আড্ডার সামনে। ড্রাইভারের সিটে স্বয়ং শ্যামাপদ। আর কেউ নেই।
অশোক ডেকে বলল, আরে দারোগাবাবু যে। আসুন।
অশোক জানে, ওর মুখে দারোগাবাবু শুনলেই শ্যামাপদ চটে যায়। শ্যামাপদ গাড়ির ইঞ্জিন বন্ধ করে, তার ঈষদার চোখে একবার অশোককে দেখল, তারপরে ওর বন্ধুদের প্রতি। বেকার দেখলেই শ্যামাপদ খাপ্পা। তার ওপরে তাদের যদি আবার রকে বসে আড্ডা দিতে দেখে, তবে তো কথাই নেই। শ্যামাপদ গাড়ি থেকে নেমে বলল, রকবাজি বেশ ভালই চলছে দেখছি। তা কটি মেয়েকে দেখে শিস দেওয়া আর টিজ করা হল?
অশোক বলল, যে মহিলাকে দেখে আমরা হিড়িক দিই, তিনি তো সন্ধের আগে সেজেগুজে বেরোন না। ওইসময়েই তো উনি রিফুজি মেয়েদের উদ্ধার করতে বেরোন।
অশোকের বন্ধুরা হেসে উঠল। শ্যামাপদ ধমকে উঠল, থাক, তোমার মুখ থেকে আমি ও সব কথা শুনতে চাই না। এখন দিলালি গল্প আর বন্ধুদের ছেড়ে আমার সঙ্গে একটু যেতে পারবে?
অশোক জিজ্ঞেস করল, কোথায়? থানায় নাকি?
শ্যামাপদ বলল, না, রেললাইনের ধারে, মালীপাড়ায়।
সেখানে কী ব্যাপার?
শ্যামাপদর ভ্রুকুটি চোখে সন্দিগ্ধ জিজ্ঞাসা। বলল, শোনোনি কিছু?
অশোক বলল, না তো।
শ্যামাপদ অশোকের বন্ধুদের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তোমার এ সব বেকার বন্ধুরাও কিছু বলেনি?
অশোক বলল, ওরা বোধহয় জানে না।
শ্যামাপদ তার মোটা ঠোঁট উলটে, একটু হাসির ভাব করে বললে, কিংবা ইচ্ছে করেই বলেনি, কারণ নিজেরাই কেউ হয়তো অপরাধ করে এসেছে।
অশোক হেসে উঠে, সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, দারোগাবাবু, সিগারেট খান। আপনি ৬৭৮ কি রকে বসে একটু চা খাবেন?
শ্যামাপদ হুমকে বলল, আমি ও সব কিছুই খাই না।
তা হলে আমার বন্ধুদের খাওয়াই।
বলে ও ওর বন্ধুদের দিকে সিগারেট বাড়িয়ে দিল। ওর বন্ধুরাও নীরবে হাসছে। হুমকানো দারোগা শ্যামাপদকে ওরাও খানিকটা চেনে। জানে, অশোক আর শ্যামাপদর মধ্যে এখন মান সম্মানের লড়াই চলছে। সকলেই সিগারেট ধরাল।
শ্যামাপদ আবার হাঁকল, কী তুমি যাবে কি যাবে না?
অশোক সিগারেট ধরিয়ে বলল, কী ব্যাপার কিছুই তো বললেন না। মালীপাড়ায় কী হয়েছে?
ওহ্, না শুনলে বুঝি যাওয়া যায় না? গাড়িতে যেতে যেতে শুনলে হবে না?
অশোক বলল, আপনি যদি তা-ই বলেন, হবে না কেন? তবে আপনি আমার বন্ধুদের দোষারোপ করতে চাইছিলেন, তাই ঘটনাটা শুনতে চাইছিলাম।
শ্যামাপদ আবার সকলের দিকে একবার ভ্রুকুটি চোখে দেখে নিয়ে বলল, মালীপাড়ার পান্না গোয়ালার পাঁচ বছরের মেয়েকে কে বা কারা খুন করে, একটা ভাঙা শিবমন্দিরে ফেলে রেখেছে।
অশোক ভুরু কুঁচকে উচ্চারণ করল, পাঁচ বছরের মেয়ে?