Home
হঠাৎ হয়ে যায়

হঠাৎ হয়ে যায়

সমরেশ মজুমদার

হঠাৎ হয়ে যায়

সমরেশ মজুমদার
short story

Change color


দক্ষিণের বারান্দায় বেতের চেয়ারে শরীরটাকে ছেড়ে দিয়ে রবিবারের সকালটা কাটিয়ে দেওয়ার বিকল্প আর কিছু নেই ইন্দ্রজিতের কাছে। সারা সপ্তাহের পরিশ্রমের পর এই সময়টা তার নিজস্ব, আরাম করার সময়। যোধপুর পার্কের এই বিরাট ফ্ল্যাটটার বাসিন্দা ছয়জন। ওরা তিনজন আর কার্মচারী তিনজন। কর্মজীবনের প্রথম দিকে এটা মেনে নিতে পারত না ইন্দ্রজিৎ, এখন এটাকেই স্বাভাবিক বলে মনে হয়। এখন ইন্দ্রজিতের চোখ বন্ধ, পাশের টুলের ওপর তিন তিনটে খবরের কাগজ, পায়ের তলায় সুন্দর বেঁটে মোড়া।


একটা ঘর পেরিয়ে ছোট লাইব্রেরি রুমে তখন সুনেত্রা। ইন্দ্রজিতের পড়ার অভ্যেস এবং সময় না থাকলেও সুনেত্রার আছে। টিভি দেখতে ওর মোটেই ভালো লাগে না। কখনও কোনও বিশেষ অনুষ্ঠান দেখালে সামনে গিয়ে বসে। সেই ছেলেবেলা থেকে যেসব বই পড়ে এসেছে তাদের একত্রিত করে রাখার ব্যাপারে সে সচেষ্ট। যে বইটি পনেরো বছর বয়সে পড়েছিল তার। বিষয়বস্তুর আকর্ষণ তেমন না থাকলেও সেটি স্পর্শ করলে সেই দিনটিতে ফিরে যেতে পারে অনায়াসে। বাবার কিনে দেওয়া বইটিতে পনেরো বছরের হাতে লেখা নামটা এখন ওর কাছে বড় আদরের। বইগুলোতে ধুলো জমার কোনও সুযোগ নেই তবু ঝাড়ন বোলাচ্ছিল সুনেত্রা, এই। সময় দরজায় এসে দাঁড়াল ছেলে, মাম।


ছেলের বয়স উনিশ। ফরসা, সুন্দর চেহারা, ছয় ফুট এক ইঞ্চি লম্বা। কথা বলতে গেলে মুখ তুলে তাকাতে হয়। যাদবপুরে পড়ছে কম্পিউটার বিজ্ঞান। জয়েন্টে প্রথম পঞ্চাশ জনের মধ্যে ছিল।



কিছু বলবি? সুনেত্রা পথের পাঁচালিটা বের করল।


আই অ্যাম ইন প্রব্লেম! ছেলে বেঁকে দাঁড়াল।


কি ব্যাপার? মুখ তুলে তাকাল সুনেত্রা।


কাঁধ নাচাল ছেলে, ঠোঁট বেঁকাল, শি হ্যাজ মিসড হার মান্থ!


কি? চেঁচিয়ে উঠল সুনেত্রা।


ইটস নট আওয়ার ফল্ট। হয়ে গেছে। টিলা খুব আপসেট। প্লিজ হেল্প হার। আমি সুইমিং-এ যাচ্ছি। বাই। ছেলে বলে গেল।


কয়েক সেকেন্ড শরীর অসাড়, শুধু বুকের ভেতরটা দুমড়ে উঠেছে। ব্যাপারটা বোধগম্য হতেই কয়েক সেকেন্ড লাগল। তারপর মাথা খারাপ হয়ে গেল সুনেত্রার। পথের পাঁচালিকে যথাস্থানে না রেখে সে দ্রুত বেরিয়ে এসে কমলাকে দেখতে পেল, বাবি কোথায়?



ছোটবাবু তো বেরিয়ে গেল!


সুনেত্রা নিশ্বাস নিতে পারছিল না। এত বড় কাণ্ড করে কীরকম নির্লিপ্ত গলায় বলে গেল, সাহায্য করো। মাথা ঝিমঝিম করছিল সুনেত্রার। বেডরুমে গিয়ে সে শুয়ে পড়ল। মাস তিনেক আগে ডাক্তার বলেছিল, আপনার প্রেসারটা গোলমাল করছে ম্যাডাম, এখন থেকে রোজ অ্যামটাফ ফাইভ আর ইকোস্পিন সেভেন্টি ফাইভ খেয়ে যেতে হবে যতদিন বাঁচবেন। ওই ওষুধ দুটো। ব্রেকফাস্টের পর খেয়ে সে বেশ ভালোই ছিল। এখন মনে হচ্ছে পায়ের তলা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে। মিনিট দশেক চুপচাপ শুয়ে থাকতে-থাকতে টিলার মুখ মনে পড়ল। মেয়েটাকে মাত্র একদিন দেখেছে সে। ছেলের সঙ্গে পড়ে। খুব ভালো মেয়ে। প্রায় পুতুলের মতো দেখতে। ছেলের থেকে তিন নম্বর বেশি পেয়েছিল জয়েন্টে। জনা চারেক ছেলেমেয়ে আধঘণ্টার জন্যে এসেছিল, তখন আলাপ হয়েছিল টিলার সঙ্গে। খুব মিষ্টি আর শান্ত বলে মনে হয়েছিল ওকে। ব্যস এটুকুই।


সুনেত্রা উঠল।


দক্ষিণের বারান্দায় যেতেই ইন্দ্রজিৎ ইজিচেয়ারে অর্ধশায়িত অবস্থায় বিরক্তি প্রকাশ করল, ইটস টু মাচ। তোমার ছেলেকে আমি বারবার বলেছি গাড়িতে হাত না দিতে কিন্তু ওটা ওর কানে ঢুকছে না। একটু আগে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল!



চাবিটা তোমার কাছে রাখলে কী অসুবিধে হয়!


আশ্চর্য! আমার বাড়িতে আমি চোরের ভয়ে জিনিস লুকিয়ে রাখব? ও যে কথা শুনছেনা সেটা। তোমার নজরে পড়ছে না? সোজা হল ইন্দ্রজিৎ, এইজন্যেই বলে বেশি আদর দিলে মাথায় চড়ে বসে। আমার বাবা কোনও নিষেধ করলে আমি সেটা অমান্য করার কথা ভাবতেই পারতাম না। গায়ে হাত তোলা যাবে না, বলে লাভ হচ্ছে না, এখন শুধু গিলে যেতে হবে।


হ্যাঁ, গেলা ছাড়া আর উপায় কি? দ্বিতীয় চেয়ারটিতে বসল সুনেত্রা।


গত রবিবার দু-দুটো অ্যাকসিডেন্ট করেছে। বললেই বলে অন্য গাড়ির দোষ। কিন্তু আমার। পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে গ্যারাজের বিল মেটাতে। তাও যদি পুরোনো অ্যাম্বাসাডারটা নিত গায়ে লাগত না, ওর এস্টিম ছাড়া নবাবি দেখানো চলবে না। তা ছাড়া আজকাল ওর কথাবার্তা শুনেছ?


শুনেছি।


স্ত্রীর দিকে তাকানোয় গলার স্বর বদলে গেল ইন্দ্রজিতের, তোমার কী হয়েছে?



কিছু না।


চেপে যাচ্ছ কেন? প্রেসার বেড়েছে?


জানি না। আমার মাথায় কিছু ঢুকছে না।


কি ব্যাপার বল তো?


সুনেত্রা চুপচাপ সামনের রাস্তার দিকে তাকাল। বুকের ভেতরটা কীরকম করছিল তার। তারপর বলল, একটা কথা রাখবে?


আশ্চর্য! কথাটা কী তা বলবে তো?


না। আগে তোমাকে কথা দিতে হবে।


অস্বস্তিতে মাথা নাড়ল ইন্দ্রজিৎ। তারপর মেনে নিতে বাধ্য হল, ঠিক আছে।



আমি যা বলব তা শুনে তুমি উত্তেজিত হবে না। সুনেত্রা নিশ্বাস ফেলল, এখন আমাদের যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে।


ইন্দ্রজিৎ চোখ বড়-বড় করে স্ত্রীর দিকে তাকিয়েছিল। সুনেত্রার কথা বলার ধরন তার ভালো লাগছিল না। খুব বড় রকমের কাণ্ড না হলে সুনেত্রা এমনভাবে কথা বলবে না।


তুমি তো টিলাকে চেনো না। সুনেত্রা বলল।


টিলা? কে টিলা?


বাবির সঙ্গে পড়ে।


অ। তো কি হয়েছে তার?


টিলা সম্ভবত কনসিভ করেছে। নিচু গলায় বলল সুনেত্রা।


সে কি! নিশ্চয়ই বিয়ে হয়নি?



আশ্চর্য! এই তো স্কুল থেকে বেরিয়ে জয়েন্ট দিয়ে বাবির সঙ্গে পড়ছে।


দ্যাখো, কী অবস্থা! এইটুকু মেয়ে কোথায় নেমে গেছে। ভাগ্যিস তোমার মেয়ে নেই, ছেলেকে নিয়ে একরকম সমস্যা, মেয়ে থাকলে তো! ওর বাবা-মা জানেন? ইন্দ্রজিৎ প্রশ্ন করল।


জানি না। বোধহয় জানে না।


কিন্তু তুমি জানলে কী করে?


বাবি বলল।


বন্ধুকে জানিয়েছে অথচ নিজের বাবা-মাকে জানায়নি! তা এ নিয়ে তোমার এত আপসেট হওয়ার কী কারণ আছে। এটা ওর মা-বাবার সমস্যা, তোমার নয়।


আমাদেরও।



তার মানে? ইন্দ্রজিতের গলা আচমকা শুকিয়ে গেল।


তোমার ছেলে বলল, ইটস নট আওয়ার ফল্ট, হয়ে গেছে।


হোয়াট? চিৎকার করে উঠল ইন্দ্রজিৎ।


চিৎকার কোরো না।


কী বলছ তুমি? ওইটুকুনি ছেলে, উনিশ বছর বয়স, জুতো মেরে ওর মুখ ভেঙে দেব আমি। কোনওদিন গায়ে হাত দিইনি বলে–। ওছ হারামজাদা আমাকে পাগল করে দেবে। কোথায় গিয়েছে সে, জানো?


কেন? সেখানে যাবে?


হ্যাঁ যাব। আমি ওকে এমন শাস্তি দেব যা জীবনে ভুলবে না। আমার ছেলে ব্রিলিয়ান্ট, হান্ডসাম, স্মার্ট শুনতে-শুনতে কান ঝালাপালা হয়ে গেল। ছেলে যে একটি অবাধ্য বাঁদর তাই এতদিন জানতাম। কিন্তু কোথায় গেছে সে? উঠে দাঁড়াল ইন্দ্রজিৎ। তার মুখের চেহারা বদলে গেছে।



বোসো!


সুনেত্রা!


আমি তোমাকে অনুরোধ করেছি উত্তেজিত না হতে।


আরে, এই কথা শোনার পর আমাকে তুমি শান্ত হতে বলছ? ওইটুকুনি ছেলে, সবে স্কুল ছেড়েছে, কখন ক্রিমিনাল হয়ে গেল! আমার ছেলে রেপ করেছে আর আমি শান্ত হয়ে বসে থাকব? ইন্দ্রজিৎ আবার বসে পড়ল।


রেপ বলছ কেন? নিচু গলায় বলল সুনেত্রা।


ওই হল! মাথা নাড়ল ইন্দ্রজিৎ, এই সেদিন জন্মাল, চোখের ওপর বড় হতে দেখলাম, সে কি না–তোমার কাছে সোজাসুজি বলল?


হ্যাঁ। এটাই প্লাস পয়েন্ট, লুকোয়নি।



আশ্চর্য! আমি খুনটুন করে এসে লুকোলাম না, আমার সাত খুন মাপ হয়ে যাবে? আমাদের তখনই বোঝা উচিত ছিল।


কখন?


একটা বাচ্চা, কোনও ভাইবোন নেই, এদের বেশিরভাগই শয়তান হয়। এই যে মুখার্জির ছেলেটা, ব্রিলিয়ান্ট বয়, কিন্তু নিজের ক্যারিয়ারের জন্যে বাপমাকে ফেলে চলে গেল। এখন শুনেছি ফোন পর্যন্ত করে না।


অন্যের কথা না ভেবে কী করা যায় চিন্তা করো।


মেয়েটা কে?


ওর সঙ্গে পড়ে।


কীরকম ফ্যামিলির মেয়ে? তোমার ছেলেকে নিশ্চয়ই কলেজে ঢোকার পর চিনেছে, এর মধ্যেই এতটা এগিয়ে গেল? বাপ-মায়ের কোনও শিক্ষা নেই?



সেটা তোমার ছেলের ক্ষেত্রেও তো বলা যায়।


আমার ছেলে বলবে না।


ছেলে তো আমার একার হতে পারে না।


ইন্দ্রজিৎ কিছুক্ষণ কথা বলল না। সুনেত্রাও চুপ করে বসে রইল। ইন্দ্রজিতের মনে হচ্ছিল বুকের ভেতরটা কীরকম হুঁ-হুঁ ফাঁকা হয়ে গেছে। শেষপর্যন্ত সে কথা বলল, ব্যাপারটা হয়েছে কোথায়?


আমি জানি না। বলেনি।


এই বয়সে হোটেলে ঢুকেছে। ভাবো। ভেতরে-ভেতরে কত বড় ক্রিমিন্যাল হয়ে উঠেছে। উঃ। কখন আসবে কিছু বলে গেছে?


না। সুনেত্রা বলল, শুধু বলেছে মেয়েটাকে সাহায্য করতে।


সাহায্য করতে? আমরা কী সাহায্য করব? যাদের মেয়ে তারা করবে। মেয়েটার বাবা-মা জানে?



আমি কিছু জানি না। বললাম তো কথাটা শুনে এমন হতভম্ব হয়ে পড়েছিলাম যে–! তা ছাড়া বলেই ও সুইমিং-এ চলে গিয়েছিল।


সুইমিং? আমি ক্লাবে ফোন করছি।


দাঁড়াও। ও তো ব্যাপারটা নাও বলতে পারত।


না বলে উপায় নেই। বিয়ে করে খাওয়াতে হলে বাপের হোটেলে বউকে নিয়ে আসতে হবে। অতএব বলতে বাধ্য। অতএব ওই উনিশ বছরের ছেলের বিয়ে দাও। বাকি জীবনটাই বরবাদ হয়ে যাক।


বিয়ে ছাড়া কি অন্য কোনও উপায় নেই?


অন্য উপায়? অ। সেটার জন্যে তোমাকে বলার কি দরকার? নিজেরা যখন অতটা এগিয়েছে তখন বাকিটাও পারবে। কলকাতা শহরের অলিতে-গলিতে এখন ওসবের ব্যবস্থা আছে।


বিরক্তিতে স্থির হতে পারছিল নাইন্দ্রজিৎ।


নিশ্চয়ই সাহস পায়নি। পেলে বলত না, আমরা জানতেও পারতাম না। তুমি ওকে ক্রিমিন্যাল বলছ, পুরোপুরি তাই হলে আমাদের জানাত না।


সুনেত্রার বক্তব্য অস্বীকার করতে পারল না ইন্দ্রজিৎ। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মেয়েটা ওর সঙ্গে পড়ে। তার মানে সমান বয়স। বড়ও হতে পারে। না হলেও সমবয়সি ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ম্যাচিয়োর্ড হয়। ওই মেয়েটা ইন্টেনশনালি করেনি তো?


সুনেত্রা উঠে দাঁড়াল, তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে!


ছেলে ফিরল ঘণ্টা দুয়েক পরে। স্নান সেরে ঝকঝকে হয়ে। ড্রইংরুমে ঢুকে দেখল বাবা তার দিকে তাকিয়ে আছে। কপালে ভাঁজ পড়ল তার, কিছু বলবে?


ইন্দ্রজিৎ হতভম্ব হয়ে গেল। এতবড় একটা কান্ড করার পর এই গলায় প্রশ্নটা করে কি করে? এই সময় সুনেত্রা ঘরে ঢুকল, বোস, কথা আছে।


ছেলে বলল, তাড়াতাড়ি বলো, কুইজটা শুনতে হবে।


সুনেত্রার গলার স্বর বদলাল, তোমাকে এখন এখানেই বসতে হবে।


কাঁধ ঝাঁকিয়ে বসল ছেলে, ইন্দ্রজিতের উলটো দিকে।


তুমি যা বলে গেলে সেটা সত্যি? সুনেত্রা জিগ্যেস করল।


বাঃ, মিথ্যে বলব কেন?


তো-তোর লজ্জা করছেনা এইভাবে কথা বলতে। ইউ-ইউ! ইন্দ্রজিতের কথা জড়িয়ে গেল। সুনেত্রা বলল, প্লিজ, আমাকে কথা বলতে দাও।


ছেলে বলল, আমি বুঝতে পারছি না। মিথ্যে কথা বলব কেন! বলে আমি কি খুব অন্যায় করেছি। বাবা এত এক্সাইটেড হয়ে পড়েছে কেন?


সুনেত্রা হাত তুলল, তোমার কি একবারও

**********
No Review
Related Books
Loading books…