
সুন্দরী লেন
সঞ্জীব চট্টোপাধ্যায়
‘এত রাত হল?’
‘রোজই তোমাকে এক কৈফিয়ত দিতে আমার ভালো লাগে না। আমি পারব না দিতে।’
শেষ কথাটা যতটা সম্ভব কর্কশ গলায় বললে শিখা। পাশের বাড়ির ঘড়িতে রাত বারোটা বাজছে। সারা পাড়া নিস্তব্ধ। একটু আগে রাতের শান্তি ইঞ্জিনের শব্দে, হেডলাইটের রেখায় চিরে দিয়ে গেছে একটা ট্যাক্সি। আবার ধীরে ধীরে অন্ধকার জোড়া লেগে এসেছে। অন্ধকারে এর ওর রকে শুয়ে থাকা গোটা কয়েক ধামসা কুকুর মাঝে মাঝে গুমরে উঠছে। অন্ধকারের শূন্যতায় সময় সময় ওরা প্রেতের উপস্থিতি টের পায়।
উত্তর কলকাতার বুকের ওপর পড়ে আছে এক চিলতে লাজুক গলি। মোটেই সুন্দর নয়। তবু কোথাও এক জায়গায় রসিকতা করে নাম লিখে রাখা হয়েছে ‘সুন্দরী লেন’। বাবু কলকাতার রমরমার দিনে এই গলি যেখানে বাঁক নিয়ে বিডন স্ট্রিটে পড়ছে, সেই বাঁকের মুখে বিশাল এক বাড়ি ছিল। সেই বাড়িতে বসবাস করতেন সুন্দরী দাসী নামে এক বদান্য মহিলা। দান, ধ্যান, পূজাপাঠ, হরিনাম সংকীর্তন, মন্দির প্রতিষ্ঠা, দরিদ্র-সেবা ইত্যাদি পুণ্যকর্মের অক্ষয় স্মৃতি রেখে শতাব্দীর প্রথম দিকেই বিদায় নিয়ে চলে গেছেন। প্রথম জীবনে সেকালের কোনো এক উদারবাবুর রক্ষিতা ছিলেন। তিনিই তাঁর প্রাণের মানুষটিকে এই ইমারত উপহার দিয়েছিলেন। তখন এই অঞ্চলে এত বাড়িঘর ছিল না। গোটা তিন বাগানবাড়ি ছিল। সেসব এখন আর নেই। মাঠময়দান করে খুপরি খুপরি বাড়ি হয়েছে গায়ে গায়ে। আলো ঢোকে না। বাতাস ঢোকে না। সুন্দরী সুন্দরী দাসী একটি গলি। সেই বিশাল ইমারতের লাগোয়া। রাধামাধবের মন্দিরটি আজও আছে। টিং টিং করে আরতি হয়। সেবিকা মধ্যবয়সী একজন মহিলা। মহিলার অতীত নেই। বর্তমানে তিনি রাধামাধবের পদাশ্রিতা। এই মন্দিরের এক পাশেই সেবিকার বসবাসের ব্যবস্থা।
শিখা প্রথমে ডান পা তুলে ডান পায়ের উঁচু হিল জুতো উঁচু র্যাকে রাখল। একটা চেয়ারে বসে রুদ্র শিখাকে লক্ষ করছে। বাঁ-পায়ের ওপর ভর রেখে বাঁ-হাতে ঘরের দরজার ফ্রেম ধরে শরীরের টাল সামলাচ্ছে। ডান পা-টা উঁচু করার সময় বাঁ-পায়ের ওপর শায়া সমেত শাড়ির অনেকখানি ওপরে উঠে গেছে। ধবধবে সাদা পা বেরিয়ে পড়েছে। সুন্দর সুগঠিত পা। যে পা বাজনার তালে তালে রাতের পর রাত মঞ্চে নাচে। পায়ের ওপর যে দেহকান্ডটি সেটি নানা ছন্দে দোলে, দোমড়ায় মোচড়ায়। ডান পা নামিয়ে শিখা বাঁ-পা তুললে জুতো রাখার জন্যে। মেঝেতে শক্ত কাঠের গোড়ালির খট-খট শব্দ হল! আজ চার-পাঁচ বছর হল এই দেহ আর এই মনের সঙ্গে রুদ্র ভীষণ পরিচিত। তবু শিখার এইভাবে জুতো রাখার ভঙ্গিতে রুদ্র কাবু হয়ে গেল। বুকের আঁচল সরে গেছে একপাশে। একটা হাত তোলা থাকায় পাতলা ব্লাউজের আবরণ ভেদ করে একপাশের বুক বিদ্রোহী হতে চাইছে। ভরাট কাঁধে টান টান হয়ে আছে ভেতরের জামার ফিতে। রুদ্র জানে শরীরটাকে শিখা খুব যত্নে রাখে। শরীরটাই তার নেশা। রোজ সকালে ঘণ্টা দুই ব্যায়াম করে। আসন, ফ্রি হ্যাণ্ড, দোমড়ানো মোচড়ানো। মাঝে মাঝে কোমর আর নিতম্বের মাপ নেয়, ওজন নেয়। মুখের জন্যে আবার বিশেষ পরিচর্যার ব্যবস্থা। গরম জল, ঠাণ্ডা জল, গোলাপ জল, নানারকমের প্রলেপ। হরেক রকম দেশি-বিদেশি বইয়ের দামি দামি উপদেশ।
শিখা ঘরে এসে টেবিলের সামনে আয়নার বিপরীতে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে কান থেকে পাথরের দুল খুলছে একে একে। মুখটা একবার ডানদিকে ফিরল, একবার বাঁ-দিকে। রুদ্র একই মুখ দুটো দেখছে। একবার আসল মুখ আর আয়নায় তার প্রতিফলন। একটা সোজা দিক আর একটা উলটো দিক। ধারালো সুন্দর মুখ। টানা টানা চোখ। সব সময় একটু রাগি রাগি। যখন হাসে তখনও যেন রাগ যায় না। প্রেমের চরম মুহূর্তেও রুদ্র লক্ষ্য করেছে কেমন যেন উদাস ভাব। ভেতরে এমন একটা কঠিন প্রাণী আছে যে ভাঙে না, গলে না, টলে না। সমর্পণ জানে না। নিবেদন জানে না। শিখার দেহের ওপর সব কিছু খেলা করে এক সময় ক্লান্ত হয়ে তারা নিজেরাই সরে পড়ে। উদাসীনতা যেন শিখার হাত ধরা। রুদ্র লক্ষ করেছে, একমাত্র শিখা যখন নিজেকে নিয়ে নিজের শরীরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন তার মুখে কোমল ছায়া ঘন হয়ে আসে। দৃষ্টিতে প্রেম আসে। হাতের আঙুল দেখছে। পায়ের গোড়ালিতে পাথর ঘষছে। বুকের খাঁজে তোয়ালে চেপে ধরছে। চুল উঁচু করে ঘাড় মুছছে। চোখে সরু করে কাজল টানছে। আড়াল থেকে দেখছে রুদ্র, তখন তাকে প্রেমিক বলেই মনে হয়। চোখের মণিতে হাসির ঝিলিক।
শিখা ঘরে এসেছে। গুনগুন করে গান গাইছে। ঘরের বাতাসে ভাসছে দামি বিলিতি সুবাস। শিখাকে দেখে রুদ্রর মনে হচ্ছে মাইকেল এঞ্জেলোর তৈরি প্লাস্টার অফ প্যারিসের একটি ভাস্কর্য নীল সিল্কের শাড়ি পরে এই মধ্যরাতে মধ্য-উত্তর কলকাতার একটি ফ্ল্যাটে হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। রুদ্রর হিংসে হচ্ছে, ঘৃণা হচ্ছে। আবার ভীষণ ভাবে কাছে পেতেও ইচ্ছে করছে। বিয়ের আগে আর বিয়ের পরে যেভাবে পেয়েছিল কয়েক বছর। এখন আর উপায় নেই। দিন বদলে গেছে। প্রতিযোগিতা বেড়ে গেছে। অনেক বড়ো উমেদার জুটে গেছে এখন। আম কাটলে বা কাঁঠাল ছাড়ালে যে ভাবে নীল নীল ডুমো ডুমো মাছি ছেঁকে ধরে শিখার এখন সেই অবস্থা।
রুদ্র জিজ্ঞেস করলে, ‘আজ কে ছিল সঙ্গে?’
শিখার সংক্ষিপ্ত উত্তর, ‘কেউ একজন ছিল নিশ্চয়।’
‘ভালোভাবে কথার উত্তর দিতে পার না?’
‘না পারি না।’
‘দিন দিন খুব বেড়ে যাচ্ছ তুমি।’
‘দিন দিন সব কিছুই বাড়ে। বয়স বাড়ে। লোক বাড়ে।’
‘আজ খেয়েছ?’
‘খেয়েছি।’
‘কতটা?’
‘ঠিক ততটা যতটায় গা গরম হয়।’
রুদ্র চিৎকার করে উঠল, ‘শিখা!’
শিখা ঠাণ্ডা গলায় বললে, ‘ওঘরে যাও। আমি কাপড় ছাড়ব।’
‘কেন, আমার সামনে লজ্জা করছে?’
‘লজ্জা নয়। তোমাকে আনন্দ দেবার সামান্যতম ইচ্ছা আমার নেই। তুমি পাশের ঘরে যাও।’
‘যে হাজারখানেক দর্শকের সামনে উলঙ্গ হতে পারে সে আমার সামনেও পারবে।’
‘মুখ সামলে কথা বলবে।’
‘এতদিন হাত আর পা সামলে রেখেছিলুম, এবার সেটাও চলবে।’
‘চালিয়ে দেখতে পার।’
রুদ্র ঘর থেকে বেরোতে বেরোতে বললে, ‘চরিত্রহীন।’
শিখা সঙ্গেসঙ্গে বললে, ‘নপুংসক।’
একটা বড়ো ঘর, একটা বসার ঘর ছোটো মতো, রান্নাঘর আর তার সঙ্গেই চৌকো মতো একটা জায়গা যেটাকে ইংরেজিতে ডাইনিং স্পেস বলে বাড়িওয়ালা গৌরব বাড়াবার চেষ্টা করেছেন। বসার ঘরে তিনটে কোচ একটা সেন্টার টেবিল। টেবিলের তলায় দু-হাত বাই তিন হাত মাপের এক চিলতে কার্পেট। সংসারে শান্তি না থাক ঘর সাজাবার কেতায় যেন ত্রুটি না থাকে। আধুনিক জীবনের এই হল ধর্ম।
রুদ্র একটা কোচে বসে পা দুটো জোড়া করে সামনের সেন্টার টেবিলের ওপর টানটান করে ছড়িয়ে দিল। কী একটা ম্যাগাজিন ছিল নীচে মুখ থুবড়ে পড়ল। রুদ্র গ্রাহ্যই করল না। দু-কান দিয়ে উত্তাপ বেরোচ্ছে তার। শিখা আজকাল সুযোগ পেলেই পুরুষত্বের খোঁটা দেয়। ব্যঙ্গ করে পৌরুষ নিয়ে। এ এক নতুন কায়দা। অপদস্থ করার নতুন পদ্ধতি। মনস্তাত্ত্বিক নিপীড়ন। এই একটা জায়গায় রুদ্র হেরে যায়। শিখার সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না। প্রেমিক রুদ্র ডাকাত হতে পারে না। তার ভেতরে একটা মেয়েলি ভাব আছে। নরম, কোমল। কথা বলে ধীরে। মানুষের সঙ্গে অভদ্র আচরণ করতে পারে না। শিখা এক সময় তাকে ভালোবেসেছিল এই সব গুণের জন্যেই। বলতো তোমার মুখটা কী মিষ্টি। চোখ দুটো কী সুন্দর। কোনো পাপ নেই। সেই সব দিন কোথায় চলে গেল। কত তাড়াতাড়ি সব বদলে যায়। দিনের সঙ্গেসঙ্গে মানুষের মনটাও কোথায় চলে যায়।
রুদ্র শুনতে পাচ্ছে শিখা বাথরুমে ঢুকেছে। জল পড়ার শব্দ হচ্ছে। তখন থেকেই কী একটা গান গাইছে গুনগুন করে। আজ ভীষণ ফুর্তিতে আছে। পয়সাওয়ালা প্রোডিউসার ধরেছে। মঞ্চ থেকে বাংলা ফিলম। বাঙলা থেকে হিন্দি। স্বপ্ন দেখছে শিখা। টাকা থাকলে অনেককে স্বপ্ন দেখানো যায়। রুদ্রর পয়সা থাকলে রুদ্রও দেখাতে পারত। তবে শিখাকে নয়, অন্য কাউকে। স্বামী-স্ত্রী, মা-মেয়ে, বাপ-ছেলে, পৃথিবীতে এই ধরনের কিছু সম্পর্ক আছে যার চেয়ে তিক্ত সম্পর্ক আর নেই। খুব কাছের অথচ গরলে ভরা!
শিখা বাথরুম থেকে বেরিয়েছে। ওপাশ থেকে বহুরকমের খুটখাট শব্দ ভেসে আসছে। শিখা ভুলেও একবার এ-ঘরে আসছে না। শোবার ঘরের দরজা বন্ধের শব্দ হল। রুদ্র উঠে দাঁড়াল। অসহ্য। অসহনীয় ব্যাপার। ভেবেছে কি?
ঠেলতেই দরজা খুলে গেল। পায়ের পাতায় আর গোড়ালিতে ক্রিম ঘষছে শিখা। সংক্ষিপ্ত বেশবাস। অন্য সময় হলে, দু-বছর আগে হলেও রুদ্র কী করত বলা শক্ত। তবে ঘরের আলো হয়তো নিবে যেত। একটা হুটোপাটির শব্দ। মাঝে মাঝে খিল খিল হাসি। আদরের তিরস্কার— আঃ কি হচ্ছে।
শিখার এই সব ভাবভঙ্গি আর ছলাকলা তার আর ভালো লাগে না। যখন প্রেম ছিল, ভালোবাসা ছিল তখন শিখার সব কিছু ভালো লাগত! তার তাকানো, কথায় কথায় মাইরি বলা। আচমকা পিঠে চড় মারার অভ্যাস। রুদ্র হয়তো চিঠি লিখছে আচমকা এসে হাত নাড়িয়ে দিয়ে খিল খিল হাসি। পিঠের ওপর ঝুলে পড়ে কুট করে কান কামড়ে দেওয়া।
রুদ্র বললে, ‘কী হল? খাওয়া-দাওয়া হবে না?’
গুনগুন গানের ফাঁকে শিখা খুব তাচ্ছিল্যের সঙ্গে বললে, ‘আমার খাওয়া হয়ে গেছে।’
‘অ, তোমার হলেই হয়ে গেল, আমার কী হবে?’
‘খেয়ে নাও। মনুর মা তো সব চাপা দিয়েই রেখে গেছে।’
‘সব তো ঠাণ্ডা জল।’
‘গ্যাস আছে। জ্বেলে গরম করে নাও। তোমার তো পক্ষাঘাত হয়নি।’
‘কীভাবে কথা বলছ শিখা?’
‘তোমার সঙ্গে এর চেয়ে ভালোভাবে কথা বলা যায় না।’
‘আমি এতই ঘৃণ্য!’
‘অনেকটা কেঁচোর মতো।’
‘তুমি কী চাইছ শিখা?’
‘তোমার ভাষায় একটু বেশিরকম উড়তে চাইছি। হয়েছে? উত্তর পেয়েছ! যাও এখন নিজের জায়গায় যাও। আমাকে আর বিরক্ত কোরো না। আমার ঘুম পেয়েছে।’
শিখা মাথার ওপর দু-হাত তুলে শরীর মুচড়ে হাই তুলল। ইচ্ছে করে এমন একটা ভঙ্গি করল যাতে রুদ্রর শরীরে আগুন জ্বলে ওঠে।
শিখা আজকাল এইরকম করে। রুদ্র যাতে দগ্ধে দগ্ধে মরে। ঈর্ষায় জ্বলে পুড়ে যায়। অপমানে কুঁকড়ে থাকে। সেই দিনগুলোর কথা শিখার মন থেকে মুছে যাওয়া শক্ত। নিজের উন্নতির জন্যে, তরতর প্রমোশনের জন্যে রুদ্র শিখাকে বহুবার টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। অফিসের বড়োকর্তাকে ডেকে এক কাজের অছিলায় নিজে সরে পড়ত। খুব সোজা হিসেব। কত নোংরামিই না শিখাকে সহ্য করতে হয়েছে। তখন বড়ো অসহায় ছিল। আজ আর সেদিন নেই। আজ সে ওই নীচ, নোংরা লোকটাকে লাথি মারতে পারে। নোংরা ব্যাধিতে ভুগছে। দেহের ক্ষিদে দিন দিন বাড়ছে। মেটাবার ক্ষমতা নেই। শয়তান। শয়তান এখন সতীপনার উপদেশ দিতে আসে। চাকরি বাকরি সব খুইয়ে বসে আছে। চার-শো বিশ করে দু-এক-শো রোজগার করে। মাঝে মাঝে অপমানিত হয়, ঝাড় খায়। রুদ্রই তাকে খেলতে শিখিয়েছে। খেলাতে শিখিয়েছে। বহু পুরুষকেই সে খেলায়, রুদ্র তাদের মধ্যে একজন। আয়নার দিকে ঘুরে বসে শিখা বুকে পাউডার ছড়াতে লাগল! রুদ্র কুকুরের মতো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুক। চেনে-বাঁধা কুকুর। লোকটা এত বড়ো পাজি শিখাকে বিয়ের পর মা-বাবাকে ভুলে গেল। ছেড়ে চলে এল। মা যখন মৃত্যুশয্যায় রুদ্র তখন শিখাকে নিয়ে গোপালপুরে ফুর্তি করছে। বৃদ্ধা যখন মারা যাচ্ছেন রুদ্র তখন প্রচন্ড মদ্যপান করে শিখার নগ্ন বুকে মুখ ঘষছে। বৃদ্ধ পিতা এখনও জীবিত। রুদ্র ভুলেও সে পথ মাড়ায় না।
রুদ্র শিখাকে আয়নায় দেখতে দেখতে বললে, ‘আজও তুমি খেয়েছ?’
‘কেন আজ ড্রাই ডে না কি?’
রুদ্র প্রচন্ড ধমক দিল, ‘শিখা!’
শিখা সুর করে বললে, ‘বাবা, বিষ নেই তার কুলোপনা চক্কর!’
‘তুমি তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ।’
‘এক সময় তুমিই তো আমার মাত্রা ঠিক করে দিয়েছিলে গুরু। দুটো বড়ো, অ্যাণ