Home
সাপলুডোর সিঁড়ি

সাপলুডোর সিঁড়ি

সুনীল গঙ্গোপাধ্যায়

সাপলুডোর সিঁড়ি

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color


এটা কি আগে এখানে ছিল, না ছিল না? একটা বেঁটে মতন গম্বুজ, তার সব দিকই নানারকম পোস্টারে মোড়া, একটা বড় ফিল্মের পোস্টারে এক যুবতি দু-চোখ দিয়ে হাসছে।

এক পাশে ছিল ধানখেত, আর জলা, রাস্তার অন্যপাশে দোকানপাট। হ্যাঁ, স্পষ্ট মনে আছে। অতনুর, ধানখেতের পাশে যে-অগভীর জলাভূমি, সেখানে গামছা দিয়ে মাছ ধরত কয়েকটি কিশোর, মাছ বিশেষ পাওয়া যেত না, ঝাঁপাঝাঁপি, কাদা মাখামাখিই সার, কখনও হয়তো পাওয়া যেত কিছু কুচো চিংড়ি, বেলে আর পুঁটি। একদিন অতনু দুটো খলসে মাছ পেয়েছিল। সব মিলিয়ে এতই কম যে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে বাড়িতে নিয়ে যাওয়া যায় না, তাই এক-একদিন এক-একজন সবটা, কম হোক বা বেশি হোক যার ভাগ্যে যেমন আছে। খলসে মাছের কথা বিশেষভাবে মনে থাকার কারণ, কই মাছের গরিব আত্মীয় হলেও এই মাছের গায়ে রামধনু রঙের ঝিলিক থাকত। সেই মাছদুটো রান্না করার বদলে একটা কাচের বয়েমে জল ঢেলে তার মধ্যে। রেখে দিয়েছিল অতনু। তিন দিনের বেশি বাঁচেনি। কই-মাগুর জাতীয় মাছ মরে গেলে খেতে নেই বলে মা ছোটো খলসে দুটো ফেলে দিয়েছিলেন। এই গল্প অতনু যাকেই বলতে গেছে, সবাই তাকে শুনিয়ে দিয়েছে যে, খলসে মাছ এখন আর পাওয়াই যায় না, খলসে এখন বিলুপ্ত প্রজাতি।


সেই ধান খেত আর জলাভূমিও অদৃশ্য। এখন সেখানে সার-সার এক ধরনের বাড়ি, চারতলা, মেটে রঙের, মনে হয় কোনও বড় সংস্থার কর্মচারীদের কোয়ার্টার্স। অদৃশ্য হওয়াই তো স্বাভাবিক, সীতারামপুর নামে পুর হলেও একসময় তো গ্রামই ছিল, এখন শহর হতে চলেছে, শহরের এত ধার ঘেঁষে কি ধানখেত থাকে নাকি? অতনুদের ছেলেবেলায় এখানে রেলস্টেশন ছিল, চার মাইল হেঁটে চকবাজারে যেতে হত। এখন স্টেশন হয়েছে বলেই ধাঁধাঁ করে বদলে যাচ্ছে গ্রাম।



পরিবর্তনগুলো ঠিক-ঠিক মিলিয়ে নিতে পারে না অতনু। অনেক দিনের ব্যবধান, সতেরো বছরে সে সীতারামপুর ছেড়েছিল, এখন তার বয়েস বেয়াল্লিশ। কিন্তু মাঝখানে কি সে আর কখনও আসেনি, তা তো নয়, বেশ কয়েকবার ঘুরে গেছে। কিন্তু স্মৃতির এমনই কারসাজি, কৈশোরের ছবিগুলি এখনও জ্বলজ্বল করে, মাঝখানে অনেক দিনের শূন্যতা। অবশ্য মাঝখানে এসে সে আগে দু-তিন দিনের বেশি থাকেনি, ভালো করে চারপাশটা তাকিয়ে দেখেনি।


শেষ এসেছিল সাত বছর আগে, মায়ের মৃত্যুর সময়। তখন আবার অতনুর ওদিকেও খুব। ব্যস্ততা। একটা প্রমোশন নিয়ে দর কষাকষি চলছিল, তবু মা বলে কথা, আসতেই হয়, শেষ দেখাও হয়নি, শুধুশ্রাদ্ধের জন্য তিনদিন। মাতৃশোকের চেয়ে মন বেশি অস্থির ছিল চাকরির জন্য, তখন এখান থেকে আফ্রিকায় টেলিফোন করারও সুবিধে ছিল না।


খালধারে একটা ছিল ভূতের বাড়ি। কৈশোরেরও আগে, বাল্যস্মৃতিতে একটা গা-ছমছমে ভাব। বেশ বড় তিনতলা বাড়ি, দেয়ালে-দেয়ালে বট-অশথ গাছ গজিয়ে গিয়েছিল, ভূত ছাড়াও সাপ খোপেরও অভাব ছিল না! আসলে হয়তো কোনও শরিকি গণ্ডগোলে পরিত্যক্ত বাড়ি, কোনও সমৃদ্ধ মুসলমানের সম্পত্তিও হতে পারে, দেশভাগের পর চলে গিয়েছিল ওপারে, এখনও ওখানে কাছাকাছি মুসলমানদের একটি পল্লি আছে। এখন সেই ভূতের বাড়ির জায়গায় একটি ঝকঝকে রিসর্ট, প্রচুর আলো ঝলমল করে, শহরের লোকেরা এখানে ছুটি কাটাতে আসে। ওরকম ভূতের বাড়ি আরও নানা জায়গায় ছিল, সবই হয়ে গেছে নিশ্চিহ্ন, হবেই তো, এরই নাম উন্নতি।



তবে, এই রিসর্টের দিকে তাকিয়ে এখনও অতনু কল্পনায় সেই ভূতের বাড়িটা দেখতে পায়। তার মনে হয়, গ্রামে-ট্রামে ওরকম দু-একটা হানাবাড়ি থাকা বোধহয় উপকারীই ছিল, ওই সব বাড়িতে বাচ্চা ছেলেমেয়েদের ভয় ভাঙার ট্রেনিং হত আস্তে-আস্তে। অতনুরা প্রথম-প্রথম ওই। বাড়ির আশেপাশে ঘুরে বেড়াত, একটা কিছু আওয়াজ শুনলেই দৌড়ে পালাত ভয়ে। একটু বয়েস বাড়লে সাহস করে পা দিয়েছিল বাগানে, বাড়িটার কাছ ঘেঁষত না, বাড়িটার মধ্যে সত্যি সত্যি মাঝে-মাঝে উৎকট শব্দ হত, কেউ-কেউ নাকি আগাগোড়া কালো সিল্কের বোরখায় ঢাকা এক মহিলাকে ধীরপায়ে দোতলার বারান্দায় হাঁটতে দেখেছে, কয়েক মুহূর্ত মাত্র, তারপরই তিনি মিলিয়ে যেতেন হাওয়ায়। উনি রাবেয়া বেগম, মারা গেছেন সাতাশ বছর আগে।


কী করে যেন হঠাৎ একদিন ভয় ভেঙে গেল। মধ্য কৈশোরে চার-পাঁচজন বন্ধুর সঙ্গে অতনু উঠে গিয়েছিল দোতলায়। গাঢ় দুপুরে, যখন চারপাশে কোনও শব্দ থাকে না, সে-সময় ভূতেরা এসে পেছন থেকে ঠেলা মারে। কই কিছুই তো হল না, কোনও ঘরেই দরজা-জানলা নেই, চতুর্দিকে প্রচুর ভাঙা কাচ ছড়ানো, আর ধুলোতে কিছু-কিছু পায়ের ছাপ, ভূতেরা পায়ের ছাপ ফেলতে পারে কি না, তা ঠিক জানা ছিল না তখন। অনেক পায়রার বাসা ছিল।


সে দিনটার কথা খুব ভালোই মনে আছে অতনুর। কারণ সেদিন সে শুধু ভূতের বাড়ি জয় করেনি। সেইদিনই জীবনে প্রথম সে সিগারেট খায়, তার বন্ধু রতন শিখিয়েছিল। সিগারেট টানার মতো অমন নিরিবিলি জায়গা আর পাওয়া যাবে কোথায়? লেবুপাতা চিবিয়ে বাড়ি ফিরলেও কী করে যেন ধরা পড়ে গিয়েছিল মায়ের কাছে। মা কি কোনও শাস্তি দিয়েছিলেন? মায়ের দেওয়া শাস্তি কোনও মানুষই মনে রাখে না। বাবা চুলের মুঠি ধরে মাথাটা দেয়ালে ঠুকে দিতেন, সেটা মনে আছে।



সেই দিনটায় তাদের দলে একটা মেয়েই ছিল না? কী যেন নাম তার, চিনু, চিনু, সে একটা গেছে মেয়ে, তাকে নেওয়া হবে না, তবু এসেছিল জোর করে। রোগা-প্যাংলা চেহারা, সেই তেরো চোদ্দো বছর বয়েসে তাকে মেয়ে বলেই মনে হত না, বুকেও বোধহয় ঢেউ খেলেনি, হাফ-প্যান্ট আর শার্ট পরে থাকত। সিগারেট টানার সময় সেও জেদ ধরেছিল, আমায় দাও, আমিও খাব, আমিও খাব, কিন্তু তাকে দেওয়া হয়নি, কে যেন একটা চড় মেরেছিল তাকে। কোথায় হারিয়ে গেছে সেই মেয়েটা!


এবারে তিন সপ্তাহের ছুটিতে এসেছে অতনু। সীতারামপুরে তার আর কোনও আকর্ষণ নেই, এখানে কয়েকটা দিন নষ্ট করার কোনও মানে হয় না, হঠাৎ মায়ের কথা খুব মনে পড়ছিল, এসেছে সেই নস্টালজিয়ায়। আসার পরই মনটা পালাই-পালাই করছে।


যৌথ পরিবার ছিল একসময়, তারপর অনেক ভাগ হয়েছে, মায়ের মৃত্যুর পর তার দাদা এসে নিজেদের অংশটা বিক্রি করে দিয়ে যায় এক কাকাকে। সেই কাকা অতনুর বাবার বৈমাত্রেয় ভাই, ছোটোবেলায় খুব ভালোবাসতেন অতনুকে। সেই স্মৃতিতে এখানে আসা, কাকার পরিবার বেশ খাতির-যত্ন করছে তাকে, তবু অতনুর অস্বস্তি কাটছে না। কাকা বুড়ো হয়ে গেছেন, অসুখের কথা ছাড়া আর কোনও কথা জানেন না। দুই খুড়তুতো ভাইকেই অচেনা মনে হয়, দুই ভাইয়ের স্ত্রী খুব ঝগড়া করে। কিছু চাষের জমি আছে, তার থেকে উপার্জন অনিশ্চিত, বাজারে একটা। জামা-কাপড়ের দোকানের সিকি ভাগ মালিকানা, সে আয়ও যথেষ্ট নয়।



মা যে-ঘরটায় থাকতেন, সে ঘরটা এখন বৈঠকখানা। কয়েকটা ছেঁড়া-ছেঁড়া বেতের চেয়ার, একটা তক্তাপোশ আর একটা টিভি। মায়ের কোনও চিহ্নই নেই। খুড়তুতো ভাইয়ের দুই স্ত্রীর মধ্যে একজন নিঃসন্তান, অন্যজনের তিনটি ছেলেমেয়ে। নিঃসন্তান মহিলারই দাপট বেশি। ছেলেমেয়ে তিনটির বয়েস নয়, বারো, চোদ্দো, মেয়েটিই বড়। অতনুর আর বিয়ে-থা করা হয়নি। ছোট ছেলেমেয়েদের সে ভালোবাসে। ওদের সঙ্গেই তার বেশি সময় কাটে। মাঝে-মাঝে অতনু মনে মনে ওদের সঙ্গে তুলনা করে তার বাল্য-কৈশোর বয়েসের। তখন এখানে প্রচুর ফাঁকা জায়গা ছিল, কিছু-কিছু বাগান আর পুকুর ছিল, অতনু তার বন্ধুদের সঙ্গে হুটোপুটি করে বেড়াত, বাঁদরের মতন লাফালাফি করত অন্যদের বাগানের গাছে, ফল-পাকুড় খেয়েছে, লাঠির বাড়িও খেয়েছে। সন্ধের পরেও দেরি করে বাড়ি ফিরলে বকুনি খেয়েছে বাবার কাছে। এখন তার খুড়তুতো। ভাইয়ের ছেলেমেয়েরা স্কুলে যায়, বাড়িতে কিছুক্ষণ পড়তে বসে, আর বাকি সব সময়টা টিভি দেখে। বাড়ির বাইরে কোথাও যায় না, খেলতেও যায় না, তাই তারা লক্ষ্মী ছেলেমেয়ে। অতনু বুঝতে পারে, এরা হয়তো সারাজীবন এই গ্রামেই থাকবে, আর কোথাও যাবে না।


অতনুকেও ওদের সঙ্গে টিভি দেখতে হয়। অতনু খানিকটা কৌতূহল নিয়েই টিভির অনুষ্ঠানগুলো, বিশেষত বিজ্ঞাপন দেখে। কোনও দেশের অনেকখানি সমাজের ছবি বিজ্ঞাপন। দেখলেই বোঝা যায়। এখানকার বিজ্ঞাপন দেখে সে প্রায় হতবাক। মনে হয় যেন ইন্ডিয়া নামের দেশটা পুরোপুরি ওয়েস্টার্নাইজড হয়ে গেছে। ছেলে-মেয়েদের কী সব চোখ-ঝলসানো পোশাক, কতরকম গাড়ি, কমপিউটারের দারুণ কেরামতি, আর কত টাকা খরচ হয় এক একটা বিজ্ঞাপনে! এসব দেখে হাসে অতনু! দূরে থাকলেও সে তো মোটামুটি খবর রাখে দেশের ইন্টারনেটেও পড়া যায় কলকাতার খবরের কাগজ।



টিভি-তে অনেকগুলো বাংলা চ্যানেল, তাতে সিনেমা দেখায়, আরও হরেক সিরিয়াল-কাহিনি, বিদেশের মতন। এসব একটা সিনেমারও সে নাম শোনেনি, এখনকার অভিনেতা-অভিনেত্রীদেরও সে চেনে না। উত্তমকুমার চলে গেছেন, সে জানে, কিন্তু বসন্ত চৌধুরী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, অরুন্ধতী, অনুপ, এঁরা কেউ নেই! পুরোনোদের মধ্যে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর একালের একজন নায়িকাকে কেন যেন তার চেনা-চেনা মনে হয়, যদিও তার একটা ফিল্মও সে আগে দেখেনি, অথচ কোথায় তাকে দেখেছে, তা মনে করতে পারছে না।


এই সীতারামপুরেও অতনুর পুরোনো কালের চেনা অনেকেই নেই। তার স্কুলের বন্ধুদের মধ্যে। চার-পাঁচজন এখানকার সঙ্গে সম্পর্ক চুকিয়ে চলে গেছে কলকাতায় বা বিদেশে। আর যারা রয়ে গেছে, তারা রাজনীতির কচকচি বেশ ভালোই বোঝে। কিন্তু অন্য কোনও বিষয়ে তারা প্রায় কিছুই খবর রাখে না। আফ্রিকা সম্পর্কে একেবারে অজ্ঞ। যাদের সঙ্গে তুই-তুই সম্পর্ক ছিল, তারা এখন তাকে তুমি বলে। এদের সবারই বিশ্বাস, বিদেশে যারাই থাকে, তারা সবাই খুব বড়লোক। এনআরআই-রা অনেক টাকা পকেটে নিয়ে দেশে বেড়াতে আসে।


অবশ্য এনআরআই বলতে ইউরোপ-আমেরিকার অনাবাসীদের কথাই সবাই ভাবে। তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী বা বড়-বড় বিদ্বান। অতনু এর কোনওটাই নয়। ছোটোবেলায় সে ভেবেছিল, ডাক্তার হবে। এখানে ক্লাস এইট পর্যন্ত পড়ার পর সে গিয়েছিল চকবাজারের। হাইস্কুলে। রেজাল্ট মোটামুটি ভালোই ছিল, কলকাতায় গিয়ে ডাক্তারি পড়া যেত অনায়াসেই, থাকতে হবে হস্টেলে। সব যখন প্রায় ঠিকঠাক, তখন একদিন রাত্তিরে খাওয়া-দাওয়ার পর তার বাবা একটা সিগারেট ধরিয়ে টানছেন বারান্দায় বসে, হঠাৎ প্রবল ভাবে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন মেঝেতে, বুকে ছুরি বিদ্ধ মানুষের মতন গড়াতে-গড়াতে আর্তনাদ করতে লাগলেন। একজন ডাক্তারকে ধরে আনা হয়েছিল দু-ঘণ্টা বাদে, ততক্ষণে বাবার সব শ্বাসপ্রশ্বাস খরচ হয়ে গেছে। সেই সঙ্গে শেষ হয়ে গেল অতনুর ডাক্তারি পড়ার স্বপ্ন।



দাদা তখন রেশনিং অফিসে কেরানির চাকরি পেয়ে বর্ধমানে পোস্টেড, ছোট বোনের বিয়ে হয়নি। অতনু পড়াশোনা বন্ধ করে এক বছর পড়ে রইল এখানে। তার পরেও থেকে যেতে পারত গ্রামের অন্য ছেলেদের মতন, সেই ষোলো বছর বয়েসেই সংসারের অনটন দেখে চেষ্টা করছিল। টুকটাক উপার্জনের। বাবা অনেক ধার রেখে গেছেন। কিছুদিন সে আরও প্রত্যন্ত গ্রাম থেকে হাঁস মুরগির ডিম কিনে এনে সাপ্লাই দিত বাজারের কাছের দুটো ভাতের হোটেলে। শুধু মা দুঃখ করে বলতেন, তোর আর পড়াশোনা হবে না রে তনু! আমার গয়না বিক্রি করে দেব, তুই তবু পড়। কখানাই বা গয়না মায়ের, তা বিক্রি করে শহরে গিয়ে বেশিদিন পড়াশোনা চালানো যায় না। তা ছাড়া ছোট বোনের বিয়ের সময় গয়নাগুলো লাগবে না?


মায়ের বড় ভাই থাকতেন পুনায়। তিনি সেখানে স্কুলশিক্ষিক। তিনি প্রস্তাব দিলেন, অতনুকে তাঁর কাছে পাঠিয়ে দিলে তিনি ওর পড়াশোনার দায়িত্ব নেবেন। অতনু চলে গেল পুনায়। এ সবই যেন সাপলুডোর ওঠা-নামা।


সংসারে আর একটি খাওয়ার পেট বৃদ্ধি পাওয়ায় বড় মামিমা প্রথম থেকেই অতনুকে পছন্দ করেননি। তাঁকে খুব দোষ দেওয়া যায় না, তাঁদেরও অভাবের সংসার আর বড়মামাও খানিকটা আলাভোলা মানুষ। তিনি অতনুকে ডাক্তারি পড়াতে পারেননি, তবে ঢুকিয়ে দিয়েছিলেন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইন্সটিটিউটে। সেখান থেকে পাস করার পরই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সে চাকরি পেয়ে যায় আফ্রিকার কিনিয়ায়। সীতারামপুর গ্রামের একটি ছেলে চাকরি করতে যাবে কিনিয়ার হোটেলে! নিয়তির নির্বন্ধ।



আফ্রিকা থেকে মাকে নিয়মিত টাকা পাঠিয়েছ

**********
No Review
Related Books
Loading books…