
নীললোহিতের অন্তরঙ্গ
সুনীল গঙ্গোপাধ্যায়
১
সেই গল্পটা আশা করি সবারই মনে আছে? সেই মহাভারতে, যুদ্ধের পর— ভীষ্ম শরশয্যায় রয়েছেন, যুধিষ্ঠির এসে তাঁকে রোজ নানারকম প্রশ্ন করেন— একদিন প্রশ্ন করলেন, দাদামশাই, নারী এবং পুরুষ—এদের মধ্যে কার জীবন বেশি সুখের? (কী সময় কী প্রশ্ন! তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, ভীষ্ম মরতে বসেছেন, তার ওপর পিঠে অতগুলো তীর বেঁধানো—এ—সময় তিনি বললেন নারী-পুরুষের সুখের কথা! তাছাড়া ভীষ্ম, যিনি সারাজীবনে কখনো কোন নারীকে স্পর্শ করেননি, তিনি ওদের সম্পর্কে কী জানবেন?)
কিন্তু দমলেন না ভীষ্ম। বললেন, প্রশ্নটা খুব জটিল বটে, কিন্তু এ-সম্পর্কে একটি আখ্যান আছে—তার থেকেই এর উত্তর পাওয়া যায়। পাঠকরা গল্পটা নিশ্চয়ই জানেন। আমি সংক্ষেপে আবার মনে করিয়ে দিচ্ছি। পুরাকালে ভঙ্গস্বন নামে এক রাজা ছিলেন (হাতের কাছে মহাভারত নেই, নামটাম একটু ভুল হতে পারে—কিন্তু তাতে কিছু যায় আসেনা।)—একদিন তিনি শিকারে বেরিয়ে গভীর অরণ্যে হারিয়ে গেলেন। তারপর তৃষ্ণার্ত হয়ে খুঁজতে-খুঁজতে এক জলাশয়ের কাছে এলেন—সেই পুকুরটা ছিল অপ্সরাদের স্নানের জায়গা—পুরুষের সেখানে আগমন নিষিদ্ধ, রাজা তো জানেননা—তিনি যেই পুকুরে নেমেছেন, অমনি তিনি স্ত্রীলোক হয়ে গেলেন। পুরোনো সব কথাও তাঁর মন থেকে মুছে গেল। অনুচররা রাজাকে খুঁজে না-পেয়ে ফিরে গেল, রাজা ভঙ্গস্বন এক রূপসী রমণী হয়ে থেকে গেলেন বনে। ক্রমে এক ঋষিকুমারের সঙ্গে দেখা হল তাঁর, দর্শন থেকে প্রণয়, প্রণয় থেকে বিবাহ। ঋষির বউ হয়ে আশ্রমে অরণ্যে সুখে দিন কাটাতে লাগলেন তিনি। কয়েকটি ছেলেমেয়েও হল।
একদিন মহর্ষি নারদ খুঁজতে খুঁজতে এসে দেখতে পেলেন। তাঁকে নারদ চিনতে পারলেন দিব্যদৃষ্টিতে। তিনি রাজাকে (এখন ঋষিপত্নী) বুঝিয়ে বললেন যে, তাঁর অভাবে রাজ্য ছারখারে যাচ্ছে—তাঁর আগের পক্ষের ছেলেরা ঝগড়াঝাঁটিতে মত্ত, সুতরাং তাঁর ফিরে যাওয়া উচিত। নারদ মন্ত্রপূত জল ছিটিয়ে তাঁকে আবার পুরুষ করে দিলেন।
আশ্রম ছেড়ে, এ-পক্ষের ছেলেমেয়ে ও স্বামীকে ছেড়ে, রাজধানীতে ফিরে এলেন রাজা। রাজ্যের সুবন্দোবস্ত করলেন। কিন্তু মনে সুখ নেই তাঁর। নারদকে ডেকে রাজা বললেন,—আমাকে আবার রমণী করে দিন, রমণী অবস্থায় আমি যে সুখ ও আনন্দ পেয়েছি—তার তুলনায় পুরুষের জীবন তুচ্ছ! আমি আবার সেই ঋষির আশ্রমেই ফিরে যেতে চাই। সত্যি-সত্যিই, রাজ্য ছেড়ে আবার সেই ঋষির বউ হয়ে চলে গেলেন ভঙ্গস্বন। প্রমাণিত হল, নারীর জীবনই বেশি সুখের।
আমি প্রায়ই ভাবি—এখনকার দিনেও নারী-পুরুষের মধ্যে কে বেশি সুখী? এই নিয়ে যদি একটা বিতর্ক প্রতিযোগিতা আরম্ভ করা যায়, তাহলে বুঝতে পারছি, মেয়েরা জ্বালাময়ী বক্তৃতা দিয়ে আসর সরগরম করে রাখবেন। প্রায়ই তো মেয়েদের মুখে অনুযোগ শুনি, আপনাদের ছেলেদের কী মজা! যখন যা খুশি করতে পারেন! জানি, সেই বিতর্কসভায় মেয়েরা প্রমাণ করে ছাড়বেন—তাঁদের জীবন নিতান্ত বিড়ম্বনাময়, পুরুষেরা তাঁদের স্বাধীনতা খর্ব করে রেখেছে ইত্যাদি। পুরুষদের জীবনের সুখের প্রমাণ হিসেবে—তাঁরা বলবেন, পুরুষরা যখন যেখানে খুশি যেতে পারে, পুরুষরা টাকা উপার্জন করে, তারা দেশ শাসন করে, ইত্যাদি—ইত্যাদি। এর সবকটার উত্তরই আমি দিতে পারি—মেয়েদের সামনাসামনি দাঁড়িয়ে পারবনা, আড়াল থেকে।
আমার ধারণা, সব সভ্যতাই মাতৃতান্ত্রিক। পুরুষরা ক্রীতদাসমাত্র। তারা নির্বোধের মতন খেটে-খেটে মরছে, কিন্তু কৃতিত্ব ও মজাটুকু সব নিয়ে নেয় মেয়েরা। পুরুষরা টাকা উপার্জন করে ঠিকই, কিন্তু সেই টাকা খরচ করে মেয়েরা, অবহেলায়, বিলাসিতায় যা খুশি। পুরুষরা অকারণে যুদ্ধবিগ্রহ করে মরে, দুরন্ত নদীর ওপর ব্রিজ বানানো থেকে শুরু করে প্রাণ তুচ্ছ করে সিংহের সঙ্গে লড়াই পর্যন্ত— পুরুষদের এ-সবকিছুই কোন-কোন মেয়েকে খুশি করার জন্য। মেয়েরা এতেও খুশি হয়না, অবশ্য ঠোঁট উল্টে বলে, এ আর এমন কী, এ তো অনেকেই পারে। তুমি নিজে আলাদা বেশি কী পারো—তাই দেখাও! এই আলাদা হবার নেশা ধরিয়ে দেওয়াও মেয়েদের অন্যতম কৌশল। বেচারা পুরুষরা নদীতে ব্রিজ বানাবার পরেও আবার সমুদ্রে বাঁধ দিতে যায়, সিংহ হত্যা করার পর মানুষ হত্যায় মেতে ওঠে। ফরাসিরা বলে, ‘শ্যারশো লা ফাম্’, মেয়েটাকে খুঁজে আনো—সব দুর্ঘটনার আড়াল থেকে সেই মেয়েটাকে খুঁজে আনো। দিল্লিতে থাকবার সময় একজন হাইকোর্টের বিচারপতিকে দেখেছিলাম আদালতে কী দোর্দণ্ডপ্রতাপ তাঁর—কিন্তু বাড়িতে তিনি পাঞ্জাবি না ড্রেসিং গাউন পরবেন—স্ত্রীর অনুমতি ছাড়া সেটুকু নির্বাচনের স্বাধীনতাও তাঁর নেই। মেয়েরা ইচ্ছেমতন যেখানে-সেখানে যেতে পারেনা বটে, কিন্তু ইচ্ছেমতন যখন-তখন যেখানে-সেখানে পুরুষদের পাঠাবার ক্ষমতা তাদের আছে। যাও, পার্ক সার্কাস থেকে নিয়ে এসো মাংস, বাগবাজার থেকে ইলিশ, বড়বাজার থেকে জর্দা—এসব হুকুম অবলীলাক্রমে বেরুবে তাদের মুখ থেকে। পুরুষদের চিন্তাভাবনা পরিকল্পনা এক নিমেষে বদলে দিতে পারে মেয়েরা। স্বামী ঠিক করেছেন ময়দানে মিটিং শুনতে যাবেন— স্ত্রী এসে বললেন, ওমা সেকি, আজ যে আমি সেজো মাসির বাড়িতে যাব—তাঁকে কথা দিয়ে ফেলেছি। এক বন্ধুর বাড়িতে ভিয়েতনামের যুদ্ধ নিয়ে আমরা তর্কে মত্ত, দেশ ও পৃথিবীর দুঃসময় নিয়ে বন্ধুটি অত্যন্ত চিন্তিত—বন্ধুপত্নী খানিকটা শুনলেন, বিরক্তভাবে হাই তুললেন, তারপর বললেন, দ্যাখো তো, অমুক হলে কী সিনেমা হচ্ছে? তোমার বন্ধু তো ওখানকার ম্যানেজার, ফোন করে দ্যাখো -না -এখন টিকিট পাওয়া যাবে কিনা! নিমেষে পৃথিবীর দুঃসময়ের কথা ফুৎকারে উড়ে গেল, আমরা ডুবে গেলাম, হিন্দি সিনেমার জগতে।
অন্যকথা থাক্। আমি মেয়েদের কয়েকটি বিশেষ সুবিধের কথা উল্লেখ করতে চাই। প্রথমেই বলা যায়, মেয়েদের দাড়ি কামাতে হয়না। এটা যে একটা কতবড়ো সুবিধে—মেয়েরা তা ৰুঝবেনা। ঝড়-বৃষ্টি-রোদ, ছুটির দিন, কাজের দিন—এই যে প্রত্যেকদিন দাড়ি কামাবার অসহ্য একঘেয়েমি—এর হাত থেকে নিস্তার নেই পুরুষদের। আমি পারতপক্ষে আয়নার সামনে যেতে চাইনা—কিন্তু দাড়ি কামাবার সময় আয়নার সামনে মুখ আনতেই হয়—তখন নিজেকে ভেংচি কাটি রোজ। ঠিক সময় ব্লেড কিনতে ভুলে গেলে পুরোনো ব্লেডে গাল ঘষার সময় ইচ্ছে করে নিজের গলায় এক কোপ বসিয়ে দিই। দাড়ি রাখব, মাত্র দু-তিনদিন দাড়ি না কাটলেই মেয়েরা এমন বিশ্রীভাবে মুখ ঘুরিয়ে নেয়। আর মেয়েরাই যদি—দেখে মুখ ঘুরিয়ে নেয়—তাহলে আর সে মুখের মূল্য কী?
মেয়েদের আর-একটা সুবিধে তাদের শাড়ির কোন সাইজ নেই। যে-যার শাড়ি যখন-তখন পরতে পারে—নিত্যনতুন সাজপোশাকের অভাব হয়না তাদের। অথচ, বাড়ি থেকে বেরুবার আগে প্যান্ট-সার্ট নিয়ে আমার প্রতিদিন দুশ্চিন্তা। প্যান্ট কাচা আছে তো জামা ইস্তিরি নেই। প্রতিমাসে একবার নাপিতের কাঁচির নিচে মাথা পেতেও দিতে হয়না মেয়েদের—অথচ এই ব্যাপারটা আমার কাছে অসীম বিরক্তিকর।
আর থাক্! তবে অবশ্য আমাকে আরও যতবার জন্ম নেবার সুযোগ দেওয়া হবে—আমি পুরুষই হতে চাইব। কারণ, একটি জিনিশ মেয়েরা একেবারেই পারেনা—কিন্তু পুরুষদের সে-ক্ষমতা আছে। মেয়েরা মেয়েদের ভালোবাসতে পারেনা, আমরা পারি। মেয়েদের দোষ মেয়েদেরই শুধু চোখে পড়ে, আমরা ও-ব্যাপারে একেবারেই অন্ধ।
২
আমি ভাবছিলাম আমি কোন দলে? কোলিয়ারির অফিসঘরে বসে আছি। সকালবেলা ভারী ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। চৌধুরি সাহেব খুব অতিথিবৎসল, তাঁর বাড়িতে খাওয়াদাওয়ার এলাহি বন্দোবস্ত। সকালেই চায়ের সঙ্গে টোস্ট, বেকন, মার্মালেড আর খাঁটি ক্ষীর খাওয়ালেন, তারপর বললেন, চলুন আমার সঙ্গে। খনির মধ্যে নামবেন তো!
খনিতে নামার ব্যাপারে আমার খুব উৎসাহ। খনি অঞ্চলে বেড়াতে এসে একবার অন্তত ভূগর্ভের অন্ধকার না-দেখার কোন মানে হয়না। মৃত্যুর পর তো নরকে যাবই, সুতরাং তার আগেই একবার পাতালের কাছাকাছি ঘুরে আসা যাক।
চৌধুরি সাহেব এখানকার চারটে খনির এজেন্ট অর্থাৎ এই বিস্তীর্ণ এলাকার দণ্ডমুণ্ডের বকলম অধিকর্তা। মালিকের অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে তিনিই এখানকার সব। একদিন আমার এক বন্ধুকে কথায়-কথায় বলছিলাম, আমার কিছুদিন খনি অঞ্চলে গিয়ে থাকতে ইচ্ছে করে খুব। বন্ধুটি সঙ্গে-সঙ্গে বলেছিলেন, চলে যা না। আমার এক মাসতুতো দাদার আণ্ডারে চারটে খনি আছে, চিঠি লিখে দিচ্ছি, চলে যা।
সেই চিঠি নিয়েই এখানে আসা। চৌধুরি সাহেব ব্যস্ত মানুষ, কোলিয়ারি ছেড়ে বাইরে প্রায় যাওয়াই হয়না—অনেকদিন পর শহরের লোক পেয়ে তিনি খুশি হয়ে ওঠেন। অমায়িক, হাসিখুশি মানুষ—সাহিত্য-শিল্পেও উৎসাহ আছে, শরীরটাও মজবুত।
খাদে নামব সব ঠিকঠাক মাথায় সাদা রঙের হেলমেট পরে নিয়েছি, কোমরেও চওড়া বেল্ট লাগানো, ব্যাটারি—হাতে জোরালো টর্চ—চৌধুরি সাহেব নিজে আমার সঙ্গে নামবেন, এমন সময় একটা পাল্লার টেলিফোন এলো। চৌধুরি সাহেব বললেন, তাহলে আর-একটু বসুন, আর-এককাপ চা খেয়ে নিন বরং, আমি টেলিফোনটা সেরে নিচ্ছি।
সেই থেকে আরও দেরি হয়ে গেল। টেলিফোন শেষ হয়েছে, এমন সময় আর্দালি এসে খবর দিল, সেই চারজন লোক আবার দেখা করতে এসেছে। ‘সেই চারজন’ শুনেই বিরক্তিতে চৌধুরি সাহেবের মুখ কুঁচকে গেল, বিড়বিড় করে কী যেন বললেন, আর্দালিকে কিন্তু বললেন, যাও ডেকে নিয়ে এসো! আমার দিকে চোখের এমন একটা হতাশ ইঙ্গিত করলেন, যার অর্থ, আরও খানিকক্ষণ বসতেই হবে।
ভেবেছিলাম, হোমরাচোমরা কেউ হবে, কিন্তু সেই চারজনকে দেখে আমি হতাশ হলাম। চারজন অতি সাধারণ গেঁয়ো লোক—একজন ছোকরা আর তিনজন বুড়ো, বুড়োদের মধ্যে একজনের গায়ে ফতুয়া আর চোখে গোল চশমা—নিকেলের ফ্রেম, বাংলা নাটক এবং সিনেমায় গ্রাম্য কুচক্রী বদমাইশদের চেহারা যেমন থাকে —সেইরকম। তারা এসে বলল, স্যার সেই জমির ব্যাপারটা নিয়ে কথা বলতে এলাম।
চৌধুরি সাহেবের মুখের বিরক্ত ভঙ্গি তখন সম্পূর্ণ অন্তর্হিত হয়ে গেছে, হেসে বললেন, হ্যাঁ, হ্যাঁ, বসুন বসুন, এই রঘুয়া, বাবুদের চেয়ার দে। চা খাবেন তো? গোল-চশমা-বুড়োটি বিগলিতভাবে বলল, না স্যার। আপনি ব্যস্ত লোক, বেশি সময় নষ্ট করবনা—আমাদের সেই জমিতে জল ঢোকার ব্যাপারে….
চৌধুরি সাহেব বললেন, হ্যাঁ, হ্যাঁ, সেসব কথা হবে। আগে চা খান। চা খেতে আপত্তি কী! এই রঘুয়া——
আমি একপাশে চুপ করে বসে সিগারেট ধরালাম। লক্ষ করলাম দিনকাল সত্যিই অনেক বদলে গেছে। চৌধুরি সাহেব তিন হাজার টাকার মতন মাইনে পান, ফুলবাগান সমেত বিশাল কম্পাউণ্ড নিয়ে তাঁর বাড়ি, ব্যক্তিগত ব্যবহারের জন্য দুখানি মোটর গাড়ি। তাঁকে কেউ চৌধুরিবাবু বলবেনা, বলবে চৌধুরি সাহেব। এইসব সাহেবরা তো চিরকালই ঐধরনের গেঁয়ো লোকদের তুইতুকারি বলে কথা বলেছেন, হারামজাদা, শুয়োরের বাচ্চা—এইসব আদরের সম্বোধন করেছেন। চেয়ারে বসানো? চা খাওয়ানো? স্বপ্ন বলে মনে হয়। শুধু যে চৌধুরি সাহেবই ওদের চেয়ারে বসিয়ে চা খাওয়ানোর জন্য ব্যস্ত, তাই নয়, ঐ হেঁজিপেঁজি গেঁয়ো লোকগুলোও কিন্তু চেয়ারে বসতে একটুও আড়ষ্ট বোধ করলনা, অবলীলাক্রমে চুমুক দিল চায়ের কাপে—একজন আবার আর্দালির দিকে চেয়ে বলল, আর-একটু চিনি দাও হে! ঠিক মিঠা হয়নি।
ধীরেসুস্থে চা শেষ করে তারা বক্তব্য শুরু করল। গাঁয়ের অশিক্ষিত অর্ধনগ্ন লোক হলেও তেমনটি আর হাবাগোবা নেই, বেশ গুছিয়ে কথা বলতে জানে —এমনকী দু-চারটে ইংরেজি শব্দও ব্যবহার করে।
বৃত্তান্তটি এই। ওরা কোলিয়ারি সংলগ্ন গ্রামের চাষা। কোলিয়ারির বয়লার থেকে বিষাক্ত গরমজল ওদের জমির ওপর দিয়ে গড়িয়ে গেছে, তাতে জমির ফসলই শুধু নষ্ট হয়নি। জমি একেবারে চাষের অযোগ্য ঊষর হয়ে গেছে। সেইজন্য ওরাঁ কমপেনসেশন চায়। সেই জল পুকুরে পড়ায় পুকুরের মাছও মরে গেছে। সুতরাং ওদের মহাসর্বনাশ, ওরা খাবে কী? ওরা ক্ষতিপূরণ চায়— তার অঙ্কও নেহাৎ কম নয়।
চৌধুরি সাহেবের বক্তব্য, গরমজল গড়িয়ে গেছে ঠিকই, সেই জল ফসলের গোড়ায় লাগলে ফসলও মরে যেতে পারে—কিন্তু ঐ জল মোটেই বিষাক্ত নয়, জল শিশিতে ভরে ডিস্টিল্ড ওয়াটার হিসেবে বেচা যায় পর্যন্ত। সুতরাং জমি নষ্ট হয়ে যাওয়ার কথাটা বাজে, পুকুরে মাছ মরে যাবার কথাটা গুজব—এখন ক্যানাল কেটে দেওয়া হয়েছে—এখন সমস্ত জমির ওপ