
সাংসারিক
সমরেশ মজুমদার
পনেরো দিন বাড়িটা মিস্ত্রিদের হাতে ছেড়ে দিয়ে গেস্টহাউসে থাকতে হয়েছিল কমলেন্দুকে, সস্ত্রীক। স্ত্রী-র ইচ্ছা ছিল তার বোনের বাড়িতে গিয়ে থাকার। অনেক জায়গা, ওরাও চেয়েছিল কিন্তু কমলেন্দু রাজি হননি। স্ত্রী-র বাপের বাড়ি বলে নয়, আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে থাকাটা তাঁর পছন্দ নয়।
পনেরোদিন পরে একতলা বাড়িটার সবকটা ঘরের চেহারা পালটে নতুন করে মিস্ত্রিরা যখন বিদায় হল তখন ফিরে এলেন ওঁরা। বাড়ির যাবতীয় জিনিসপত্র ছাদের বিশাল ঘরে তুলে রাখা হয়েছিল। মিস্ত্রিরাই সেগুলো নামিয়ে দিয়ে গিয়েছে। সেগুলো যথাস্থানে সাজাতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন বনানী। কমলেন্দু যখন বাঁধানো ছবির প্যাকেট খুলছেন তখন বনানী বললেন, না। ওগুলো নিচে নামাবে না।
মানে?
এখন নিচের দেওয়ালগুলো কী দারুণ দেখতে লাগছে। সেখানে পেরেক পুঁতে ওই বিবর্ণ ছবিগুলোকে টাঙাতে হবে না। ওগুলো এখানেই থাক।
কী বলছ তুমি? এই বাড়ি বানিয়েছিলেন আমার ঠাকুরদা। বাবা এখানেই জন্মেছিলেন। তাঁদের ছবি দেওয়ালে টাঙাব না? কমলেন্দু প্রতিবাদ করেছিলেন।
ওগুলো আগের দেওয়ালের সঙ্গে মানাত। তা ছাড়া, সত্যি বলতে গেলে বলতে হয়, তুমি চলে গেলে ওগুলোর কোনও দাম থাকবে না। বনানী নিচে নেমে গেলেন।
স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইলেন কমলেন্দু। তুমি চলে গেলে–আজ কথাটা স্বচ্ছন্দে বলতে পারল বনানী! কিন্তু এই সেদিন পর্যন্ত বলত, আমি যেন তোমার আগে যাই! তুমি নেই অথচ আমি আছি এরকম শাস্তি ভগবান যেন না দেন।
ছবিগুলো কাগজের মোড়ক থেকে বের করলেন কমলেন্দু। ঠাকুরদার ছবি। লাঠি হাতে চেয়ারে বসে আছেন। গলাবন্ধ কোট। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তাঁর দিকে, স্কুলজীবন পর্যন্ত ওঁকে দেখেছেন কমলেন্দু। খুব রাশভারী মানুষ ছিলেন। পরের ছবিটা বাবার। কোট পরা। ভালোমানুষ-ভালোমানুষ চেহারা। ঠাকুরদা যতদিন ছিলেন ততদিন বাবা তাঁর ব্যক্তিত্বের আড়ালে চাপা পড়েছিলেন। তৃতীয় ছবিটা মায়ের। ঢলঢল মুখ। ঠোঁটে এক চিলতে হাসি। যে শাড়ি পরে এই ছবিটা তুলিয়েছিলেন সেটা এখনও আলমারিতে ভোলা আছে। চতুর্থ ছবি। পিসিমার। বাল্যবিধবা! অন্ধের মতো ভালোবাসতেন কমলেন্দুকে।
হাতুড়ি আর পেরেক জোগাড় করে ছবি চারটেকে দেওয়ালে তুললেন কমলেন্দু। ঠাকুরদা, বাবা, পিসিমা আর মা। কমলেন্দুর জন্ম হওয়ার পর যে চারজনকে দেখে এসেছে তাঁরা এখন ছাদের ঘরের চার দেওয়ালে। এই ঘরটির সংস্কার হয়নি। বনানী বলেছিলেন, দেওয়ালে যখন ক্র্যাক হয়নি আর বাইরের লোক তো ওই ঘরে যাবে না তখন মিছিমিছি পয়সা খরচ করার কী দরকার। ঠাকুরদার ছবির দিকে তাকিয়ে মাথা নামালেন কমলেন্দু। একটি পিতৃতান্ত্রিক পরিবার কী করে এমন মাতৃতান্ত্রিক হয়ে গেল!
নিচে নামবার সময় বনানীর চিৎকার শুনতে পেলেন তিনি, কী বললি? তিনকেজি ওজন এক একটার? তোর বাবা বাজারে গেলে এককেজির বেশি নিয়ে আসে না। কিন্তু শোন, তিন পিসের বেশি খাবি না। আর খাওয়ার আগে অ্যান্টাসিড খেয়ে নিবি তোরা। ইলিশমাছকে বিশ্বাস করবি না। টুকান কোথায়? হ্যাঁ দে। এইসময় স্বামীকে দেখতে পেয়ে তাঁর দিকে পেছন ফিরে দাঁড়ালেন বনানী, টুকান, শোনো, অত বড় ইলিশ একসঙ্গে রান্না কোরো না। কী বলছ?হ্যালো! বাড়িতে। পার্টি আছে। আটজন আসবে? স্বামী-স্ত্রী। তাহলে তো তোমার খুব পরিশ্রম হবে। বাবান কোথায়? ও যখন ঘুমায় তখন তোমরা কেন টেলিফোন করো? বাবা? হ্যাঁ, তিনি আছেন। ও। আবার পেছনে ফিরে ইশারায় ঘুরলেন বনানী, এক মিনিটের বেশি কথা বলবে না। আমার অনেক কথা আছে।
দ্রুত চলে এসে রিসিভার ধরলেন কমলেন্দু, হ্যালো!
ছেলের গলা, কেমন আছ বাপি?
ভালো। তোরা কেমন আছিস?
ভালো। শোনো, তুমি একটা গাড়ি কেনো। মারুতি জেন। আমি টাকা পাঠাচ্ছি।
গাড়ি। গাড়িতে কী হবে? হকচকিয়ে গেলেন কমলেন্দু।
সারাজীবন বাসে মিনিবাসে ঘুরেছ, এবার একটু আরাম করো। শুনেছি সাড়ে চারের মধ্যে হয়ে যাচ্ছে। কালই টাকা পাঠাচ্ছি।
দূর। পাগলামি করিস না। গাড়ির পেছনে কত খরচ জানিস?
জানি। ড্রাইভার, তেল, মবিল নিয়ে আট হাজারের বেশি হবে না। প্রত্যেক মাসে মায়ের টাকার সঙ্গে ওটা যোগ করে দেবে। বাবা, প্লিজ না বোলোনা।
ছেলের কথার মধ্যেই বনানী বললেন, দাও।
রিসিভার দিয়ে দিলেন তিনি। তারপর স্ত্রীর গলা শুনলেন, তুই যখন দিতে পারছিস তখন নেবে না কেন? তোর বাবা সারাজীবন পুতুপুতু করে বেঁচে থাকল। দিতে যেমন জানতে হয় তেমনি নিতেও শিখতে হয়। গাড়ি থাকলে ভালোই হবে। একটু দূরের কারও বাড়িতে যেতে পারি না। একা, এখন যাব। আমার কোনও আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার কথা বললে তোর বাবার মুখ তো হাঁড়ি হয়ে যায়। তুই গাড়ি দিলে–।
শ্রবণসীমার বাইরে চলে এলেন কমলেন্দু।
ব্যাপারটা তিনি মানতে পারছেন না। ওই পুতুপুতু করে বেঁচে না থাকলে, অবসর জীবনে দু-বেলা মাছ-মাংস খেয়ে থাকা সম্ভব হত না। তার মধ্যে একমাত্র ছেলেকে ইলেকট্রনিক্স পড়িয়েছেন, বিদেশে চাকরি করতে যাওয়ার সময় প্লেনের ভাড়া দিয়েছেন। এখন পর্যন্ত নিজের পয়সায় সংসার চালাচ্ছেন। ছেলের সাহায্য নেননি। যে টাকা পাঠায় তার মায়ের শখ, মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পরিমাণ কত হয়েছে তা জানতেও চান না তিনি। ছেলেকে বলেছেন, যেদিন আমি চালাতে পারব না সেদিন তোমাকে বলব, ততদিন আমার স্বাধীনতায় হাত দিও না। ছেলে প্রতি সপ্তাহে ফোন করে আর তার মা একঘণ্টা ধরে অবান্তর কথা বলে যান, একবারও ভাবেন না কত খরচ হচ্ছে। প্রথম দিন কথাটা বলে শুনেছিলেন, খরচটা আমার ছেলের হচ্ছে, তোমার গায়ে। লাগছে কেন? ও আয় করছে ভালো খরচও করছে। তোমার মতো লোকাল কল দু-মিনিটে শেষ করার জন্যে বিদেশে যায়নি!
এখন এই গাড়ি কেনার প্রস্তাবটা তিনি গ্রহণ না করলেও বনানী করবেন। ছেলেকে যদি বলেন তিনি গাড়ি কিনবেন না তাহলে সে তার মাকে কিনতে বলবে। সেই গাড়ি কেনা থেকে ড্রাইভার খোঁজার তদারকি তো তাঁকেই করতে হবে। কিছুতেই অস্বস্তি সরাতে পারছিলেন না কমলেন্দু।
বিকেলবেলার মধ্যে নৈহাটি থেকে বজবজের যাবতীয় আত্মীয়স্বজন জেনে গেল কিছুদিনের মধ্যেই বনানী গাড়ি নিয়ে তাদের কাছে পৌঁছে যাচ্ছেন।
কমলেন্দু বললেন, ছেলে ফোন করলে বলে দিও তোমার নামে যেন টাকা পাঠায়, গাড়ি তোমার নামেই কেনা হবে।
বলে দিয়েছি।
ও।
একবার যখন গোঁ ধরেছে তখন গাড়ি নেবে না বুঝে গিয়েছি। ওকে দুঃখ দিয়ে লাভ নেই। তাই বলে দিয়েছি আমার নামে টাকা পাঠাতে। বনানী জানিয়ে দিলেন। কথাটা শুনলেন কিন্তু অস্বস্তিটা তবু থেকেই গেল।
রাত সাড়ে নটার মধ্যে খাওয়াদাওয়ার পাট চুকিয়ে ফেলতে হয়। নটা পর্যন্ত বাংলা সিরিয়াল, সাড়ে নটা থেকে হিন্দি। বিশেষ করে শাঁস ভি না দেখলে বনানীর ঘুম আসবে না। ওইসময় কথা বলা দূরে থাক শব্দ করতেই বিরক্ত হন। পাশের ঘরে বই নিয়ে শুয়ে থাকেন কমলেন্দু। আজ হঠাৎ কী মনে হল চুপচাপ ছাদের ঘরে চলে গেলেন। ভেবেছিলেন ছাদে যাবেন কিন্তু বৃষ্টি নেমে গেল। ছাদের ঘরের আলো জ্বেলে একটা চেয়ার টেনে বসতেই ঠাকুরদার মুখোমুখি। এই মানুষটি তাঁকে সেই বাল্যকালে একটি গল্প শুনিয়েছিলেন। ক্লাস ফাইভ থেকে সিক্সে ওঠার রেজাল্ট বেরুলে আনন্দে নাচতে-নাচতে বাড়ি ফিরছিলেন। বাড়ির বারান্দায় অবিবাহিত জ্যাঠামশাই বসেছিলেন। বললেন, এদিকে এসো। এবার অঙ্কে কত পেয়েছ? গর্বিত ভঙ্গিতে উত্তর দিয়েছিলেন, একশোতে একশো।
ঠাস করে একটা চড় এসে পড়েছিল তাঁর গালে।
তিনি অবাক হয়ে তাকালেন। জ্যাঠামশাই বললেন, একশোর কম পেলে যে মার খেতে তা মনে
করিয়ে দেওয়ার জন্যে তার টেন পার্সেন্ট নমুনা দিলাম। যাও।
গল্পটি শেষ করে ঠাকুরদা বলেছিলেন, খারাপটা কী জানলে ভালো করার জন্যে প্রাণপণ চেষ্টা করবে।
হঠাৎ মনে হল তিনি এখন বসে আছেন তাঁর প্রিয়জনের মধ্যে। ছেলেবেলায় ঠাকুরদা এবং বাবা যখন কথা বলতেন তখন তিনি তাঁদের মাঝখানে এসে বসতেন। পিসিমা এসে দাঁড়ালেন। ঠাকুরদার পাশে, মা ভেতরের দরজায়। ঘোমটা দিয়ে। এখন যেন তেমনই হচ্ছে। পিসিমার ছবির দিকে তাকাতেই তিনি বলে উঠলেন, তোর বড্ড বেশি জেদ পুনা। ছেলেটা বিদেশে থাকে, বাপমায়ের জন্যে কিছু করতে ওর ভালো লাগে এটা বুঝিসনা কেন?
সঙ্গে-সঙ্গে ঠাকুরদা ধমক দিলেন, চুপ করো। ও আমার নাতির মতোই কাজ করেছে। কেন ছেলের কাছে হাত পাতবে? আমি কখনও পেতেছি ওর বাপের কাছে। কি পেতেছি?
শেষ প্রশ্ন বাবাকে করায় তিনি নীরবে মাথা নাড়লেন।
মা বললেন, তবে বউমাকে বাধা দেওয়া উচিত নয়। বেচারার এক ছেলে। বিদেশে থাকে, মন তো কেমন করবেই।
ঠাকুরদা বললেন, বউমা, তোমার বিবেচনা বুদ্ধির ওপর আমার আস্থা আছে। পুনার বউকে যখন তোমরা এনেছিলে তখন আমি পৃথিবীতে নেই। কিন্তু ইদানিং সে অকারণে পুনাকে অবজ্ঞা করে। ছেলের গর্বে যেন মাটিতে পা পড়ে না।
বাবা বললেন এবার, এ জন্যে এই হতভাগাই দায়ী। আমি যখন সম্বন্ধ করে বউমাকে এনেছিলাম তখন সে ছিল বড় কোমল। আমরা চলে আসার পর বউমাকে আঘাত দিয়ে-দিয়ে ওরকম করেছে, বেশিদিন অত্যাচারিত হলে বোবাও কথা বলতে শেখে।
চুপ কর। পিসিমা ধমকালেন, ছেলের নিন্দে করার সুযোগ পেলে তোর জিভ চুলবুল করে। চিরটাকাল দেখে এসেছি।
ঠাকুরদা বললেন, যাক গে, আমাদের তো ছাদের ঘরে পাঠিয়ে দিয়েছ?নিচে কী হচ্ছে দেখতে যাব না। গাড়ি এলে তুমি আবার গদগদ হয়ে তাতে বেরিও না পুনা।
বাবা বললেন, এ হয় না বাবা! বাড়ির বউ সর্বত্র একা হইহই করে ঘুরবে না। ও যাবে তবে ড্রাইভারের পাশে বসবে। বউমা একা পেছনে বসবেন।
কেন? তোর ছেলে কি বাড়ির কাজের লোক যে সামনে বসবে। পিসিমার কথা শেষ হওয়ামাত্র নীচ থেকে গলা ভেসে এল, তুমি ওপরে একা-একা কী করছ। নিচে এসো।
মা বললেন, যা পুনা। তাড়াতাড়ি যা নইলে বউমা আবার বিরক্ত হবে।
ঠাকুরদা বললেন, তুমি স্ত্রৈণ হয়ে গেলে পুনা!
কমলেন্দু সিঁড়িতে পায়ের শব্দ পাওয়ামাত্র উঠে পড়ল, দরজা খুলে নামতে লাগল। বনানী অনেকটা উঠে এসেছিলেন, বলল, কী করছিলে ওপরে?সতুদা এসে বসে আছে।
কে সতুদা? গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল কমলেন্দু।
ওমা! তুমি কী গোবিনতার ভাসুরের পো, ভুলে গেলে কী করে?
মনে পড়ল। বিনতা বনানীর মাসতুতো বোন। থাকে চেতলায়। তার ভাসুরকে কয়েকবার দেখেছেন বটে কিন্তু মনে রাখার মতো মানুষ বলে মনে হয়নি।
তিনি হঠাৎ এ বাড়িতে?
আমি আসতে বলেছিলাম। তোমার দ্বারা কতদূর কী হবে তাতে সন্দেহ আছে।
বাইরের ঘরে বসেছিলেন সতুদা। কোনও-কোনও মানুষকে বৃদ্ধ হলেও ঠিক বোঝা যায় না। আজকাল। চুলে কলপ এবং দাঁত বাঁধানো বলেই মনে হল। কমলেন্দু নমস্কার করলেন।
বনানী বললেন, সতুদা গাড়ির সব খবর রাখেন।
খুব রোগা, পরনে পাজামা পাঞ্জাবি, সতুদা বললেন, বাড়িটা বেশ সুন্দর হয়েছে এখন।
বনানী বললেন, নিজে দাঁড়িয়ে থেকে করালাম।
এখন এই বাড়ির সঙ্গে মানানসই গাড়ি চাই। তাই তো? সতুদা বললেন।
হ্যাঁ। ওর নামে। কমলেন্দু না বলে পারল না।
আরে ভাই, যে-কোনও বুদ্ধিমান পুরুষ নিজের নামে কিছু জমায় না। সব স্ত্রীর নামে, হ্যাঁ, গাড়ি তো এখন অনেক, বাজেট কত? সতুদা জিজ্ঞাসা করলেন।
কমলেন্দু স্ত্রী-র দিকে তাকালেন। বনানী বললেন, বেশিদামি নয়। মাঝামাঝি!
অ। তাহলে স্যান্টোস, ওয়াগনার, জেন। সতুদা মনে করার চেষ্টা করলেন।
জেন, জেন। বনানীর মনে পড়ল।
হয়ে যাবে। তবে দিন কুড়ি অপেক্ষা করতে হবে