বইটই গুছিয়ে নিয়ে মন্টু বেরোবার উদ্যোগ করছে, এমন সময়ে দাদামশাই ডেকে বললেন—‘আজ আর স্কুল যেতে হবে না। তোর শুঁড়ওয়ালা বাবা আসচেন, দুপুরে এসে পৌঁছোবেন তার পেয়েচি। আজ আবার মেল ডে, আমার তো আপিস কামাই করা চলবে না। বাড়ি থাকবি তুই।’
স্কুলে যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হল, কিন্তু সেবেশ ভাবনায় পড়ে গেল। শুঁড়ওয়ালা বাবা আবার কীরকম বাবা?