Home
ভালোবাসার দিনগুলি

ভালোবাসার দিনগুলি

সুনীল গঙ্গোপাধ্যায়

ভালোবাসার দিনগুলি

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color


২৪ মার্চ, ১৯৮৫

আজ রাঙাদাদু এসেছিলেন। ইস, মানুষটা কী বুড়োই হয়েই গেছেন। হঠাৎ একেবারে ফোকলা, ওপরের পাটিতে মাত্র দুটো দাঁত। আগেও মাথার চুল ধপধপে সাদা ছিল, কিন্তু এক মাথা সাদা চুল, এখন আর চুল নেই-ই বলতে গেলে! চার-পাঁচ বছর আগেও রাঙাদাদুকে কী ভালোই বাসতুম। উনি এ-বাড়িতে এলেই সবসময় আমি বসে থাকতুম ওঁর পাশ ঘেঁষে। সবাই ঠাট্টা করত। পিংকি মাসি বলত, মিলি, তুই কি তোর রাঙাদাদুকে বিয়ে করবি নাকি?


আমি বলতুম, হ্যাঁ, বিয়ে করবই তো!


রাঙাদাদু আমায় জড়িয়ে ধরে বলতেন, এইটা হবে আমার রাঙা বউ!


রাঙাদাদু কী একটা জরদা খেতেন, কী সুন্দর গন্ধ বেরুত ওঁর মুখ দিয়ে। আর কত মজার-মজার গল্প বলতেন।


একটা গল্প মনে আছে। উনি একবার দক্ষিণেশ্বর থেকে নৌকোয় চেপে আসবার সময় নৌকোটা ভুস করে ডুবে গেল। রাঙাদাদু সাঁতার জানেন না। তাই শুনে সবাই জিগ্যেস করল, তারপর কী হল? রাঙাদাদু বললেন, আর কী হবে, আমি ডুবে গেলুম! সবাই আবার জিগ্যেস করল তারপর? তারপর? রাঙাদাদু বললেন, জলে ডুবে গেলে কী হয়? মানুষ মরে যায়। আমিও মরে গেলুম! আমি সত্যি-সত্যি সে কথা বিশ্বাস করে কেঁদে ফেলতে যাচ্ছিলুম, আমার ছোটমাসি বলল, বাঃ, এই যে আপনি বসে আছেন, তা হলে কি আপনি ভূত নাকি? রাঙাদাদু বললেন, ভূত কি না আমায় ছুঁয়ে দেখো! ছোটমাসি যে-ই হাত বাড়িয়ে ছুঁতে এল, আমি সেই হাতটা ঠেলে সরিয়ে দিয়ে বললুম, না, না, আমি ছুঁয়ে দেখব। আমি দেখব! রাঙাদাদু হাসতে-হাসতে আমার মাথাটা বুকে টেনে নিয়ে বললেন, না রে, আমি সত্যি-সত্যি মরিনি। জলে ডুবে গেলুম ঠিকই, তারপর ভেসে উঠলুম কাশীতে! সেখানে একজন সাধু আমার চোখে ফুঁ দিতেই জ্ঞান ফিরে এল।



রাঙাদাদু আমার মায়ের মামা। ডায়মন্ড হারবার থেকে মাঝে-মাঝে বেড়াতে আসেন আমাদের বাড়িতে। এক সপ্তাহ না এলেই ছটফট করতুম আমি। মাকে বারবার জিগ্যেস করতুম, কবে আসবেন, রাঙাদাদু কবে আসবেন?


এর মধ্যে বাবা ট্রান্সফার হয়ে গেলেন বলে আমরা সবাই চলে গেলুম ডাল্টনগঞ্জ। সেই সময়টা আর রাঙাদাদুর সঙ্গে দেখা হয়নি। আমার খুব কষ্ট হত। কলকাতায় আমার কত বন্ধু, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হত রাঙাদাদুর জন্য। এক বছরে মানুষ এত বদলে যায়! মাঝখানে রাঙাদাদুর নাকি কী অসুখ হয়েছিল। শুধু চেহারা খারাপ হয়ে যায়নি, গলার আওয়াজটাও কেমন যেন খোলা-খোলা হয়ে গেছে।


আমাকে ডেকে পাশে বসালেন। মার আর ভালো লাগল না। ওর মুখে সেই মিষ্টি গন্ধটাও নেই, গায়ে বিচ্ছিরি ঘামের গন্ধ। সুদীপ একবার আমাকে ডাকল, আমি উঠতে যেতেই রাঙাদাদু বললেন, রাঙাগিন্নি, কোথায় যাচ্ছ? বসো-বসো।


আজ রাঙাগিন্নি ডাকটা আমার মোটেও পছন্দ হল না। সত্যি-সত্যি ওরকম বুড়ো লোককে কেউ বিয়ে করে নাকি?


রাঙাদাদু আমায় জড়িয়ে ধরলেন, আমি ছটফটিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে সুদীপের সঙ্গে চলে গেলুম বারান্দায়। সুদীপ জিগ্যেস করল, এই মিষ্টি, ওই বুড়ো লোকটা তোকে জড়িয়ে ধরে কেন



রে?


এতদিন আমি নিজেই রাঙাদাদুর গা ঘেঁষে বসেছি। আজ হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে এল, বাজে লোক!


১৬ জুন ১৯৮৫


মাধ্যমিকে সুদীপ প্রথম দশ জনের মধ্যে এসেছে।


সুদীপ পড়াশুনোয় এত ভালো, এ জন্য কেউ অবাক হয়নি। সুদীপের মা বললেন, ওর ফার্স্ট হওয়া উচিত ছিল।


ছোটমাসি সুদীপের মাকে বলল, অরুণাদি, তোমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, একদিন খাওয়াও সবাইকে।


অরুণা মাসি ঠোঁট উলটে বললেন, ভালো রেজাল্ট আবার কী! অন্তত ফাস্ট-সেকেন্ড হলেও কথা ছিল। মা বললেন, অরুণা, তোর মোটেই এরকম কথা বলা উচিত না! এবারে যে ফার্স্ট হয়েছে, তাকেও তো আমরা চিনি। অঞ্জনার ছেলে দীপঙ্কর! দীপঙ্করের সঙ্গে সুদীপের কোনও তুলনা হয়? সুদীপ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে। ইস্কুলের যে নাটক হল, তাতে কী দারুণ পার্ট করেছে। সুদীপ। স্কুল ডিবেটেও ফাস্ট। ওর সঙ্গে দীপঙ্করের তুলনা হয়? দীপঙ্কর তো লেখাপড়া ছাড়া আর কিছুই জানে না। আর সুদীপ যে এত কিছু করেও স্ট্যান্ড করেছে, ওর কৃতিত্বই বেশি।



মা তো ঠিক বলেছেন। সুদীপের সঙ্গে কারুর তুলনা হয় না।


২৭ নভেম্বর ১৯৮৫


আমি, অঞ্জনা আর মণিদীপা আজ স্বভূমিতে একটা গানের জলসা শুনতে গিয়েছিলুম। এমনিতে তো শুধু আমাদের তিনজনকে যেতে দিত না, সুদীপ আমাদের সঙ্গে যেতে রাজি হল বলেই আমরা পারমিশন পেলুম।


সুদীপ প্রথমেই বলল, ট্যাক্সি করে নিয়ে যেতে পারব না। বাসে চেপে যেতে হবে কিন্তু।


আমরা তাতেই রাজি। বাসে বেশ ভিড়। আমরা তিনজন তবু বসার জায়গা পেয়ে গেলুম, সুদীপকে আগাগোড়া দাঁড়িয়ে-দাঁড়িয়েই যেতে হল। বাসে আরও কত লোক, তাদের সকলের চেয়েই সুদীপ যেন আলাদা। কীরকম সোজা হয়ে দাঁড়ায়। চুল আঁচড়ায় না ভালো করে, জামার বোতাম লাগায় না, তবু সুদীপকে সবকিছু মানায়।


বাস থেকে নেমে সুদীপ বলল, আমার কাছাকাছি থাকবে সবাই। কেউ হারিয়ে গেলে কিন্তু আমি খুঁজতে পারব না। সে নিজের দায়িত্বে বাড়ি ফিরবে। অঞ্জনা বলল, আহা, আমরা কি কচি খুকি নাকি? হারিয়ে গেলে বাসে উঠে বাড়ি চলে যাব।



মণিদীপা বলল, একা-একা তো যেতেই পারি। তবে একা বাড়ি ফিরলে মা যে কতরকম প্রশ্ন করবে। উফ, ভাবলেই বিচ্ছিরি লাগে!


সুদীপ হাসতে-হাসতে আমার থুতনিটা ছুঁয়ে দিয়ে বলল, এই মিন্টিটা তো সত্যিই এখনও ছোট। ওকে আমার হাত ধরে থাকতে হবে।


সুদীপ কেন এই কথা বলল, আমি জানি। ছোট বলে নয়, সুদীপ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আর অঞ্জনাকে তবু কিছুটা পছন্দ করলেও মণিদীপাকে দেখতে পারে না। মণিদীপার সঙ্গে সব সময় ওর ঝগড়া হয়।


সুদীপ ওপরে এসে ঢোকার মুখেই আমাদের আইসক্রিম কিনে খাওয়াল। দোকানটার সামনে বেশ ভিড়, আমরা তিনজন দাঁড়িয়ে রইলুম একটু দূরে। সুদীপ এক সঙ্গে সবকটা আইসক্রিম নিয়ে এল। প্রথমটা দিল কাকে? অঞ্জনা নিজে থেকেই হাত বাড়িয়ে ছিল, তবু সুদীপ তাকে পাত্তা না দিয়ে প্রথমে আমাকেই তো দিল!


ফেরার পথে সুদীপ সবসময় আমার হাত নিজের মুঠোয় রেখে দিল।



এ মা, আমি কী করে ফেলেছি! ডায়েরি লিখতে গিয়ে অন্যমনস্কভাবে একটা পুরো পাতায় শুধু লিখে গেছি সুদীপ, সুদীপ, সুদীপ!


মা দেখলে কী বলবে। অবশ্য, আমার এই ডায়েরি কেউ দেখবে না। এমন লুকিয়ে রাখব। এটা আমার গোপন, গোপন, গোপন!


৬ অক্টোবর ১৯৮৭


গত এক মাস ধরে আমার দিনগুলো ফুরফুরে প্রজাপতির মতন কেটে যাচ্ছে। সুদীপ রোজ সন্ধেবেলা আমার পড়াশুনো দেখিয়ে দিতে আসে। রীতিমতন মাইনে দিয়ে তাকে রাখা হয়েছে।


সুদীপ আসে ঠিক সাড়ে ছটায়, সাড়ে আটটা পর্যন্ত থাকে। প্রত্যেকটা সাবজেক্ট বুঝিয়ে দেয় কী চমৎকারভাবে। আমি কোনওদিন ফার্স্ট হইনি, এবার বোধহয় আটকানো যাবে না আমাকে। কতজন যে হিংসে করবে।


সুদীপের আঙুলগুলো কী লম্বা-লম্বা। ফরসা মুখখানায় একটু-একটু গোঁফ উঠেছে। টানা টানা চোখ। কিছুতেই জামায় বুকের বোতাম আটকাবে না।



বারবার ওর বুকের দিকে আমার চোখ চলে যায়। ইচ্ছে করে ওর পুরো বুকটা দেখতে। পড়তে-পড়তে আমি অন্যমনস্ক হয়ে যাই। সুদীপ কিন্তু আমার দিকে বিশেষ তাকায় না। পড়ার সময় অন্য দিকে মন দেয় না।


মাঝে-মাঝে আমি ইচ্ছে করে ওর আঙুল ছুঁয়ে দিই।


৭ জানুয়ারি ১৯৮৮


আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন। হে ডায়েরি, তোমাকেও সব কথা বলা যাবে না।


৯ মার্চ ১৯৮৮


মা-বাবা বহরমপুরে গেল, আমার কিছুতেই যেতে ইচ্ছে করল না। এমনিতে আমার গাড়িতে দূরে কোথাও যেতে ভালো লাগে, আর ছোটমাসিদের বাড়িটাও ভালো, ছাদ থেকে গঙ্গা দেখা যায়, কিন্তু হঠাৎ এত গরম পড়েছে যে এখন আর কোথাও যেতেই ইচ্ছে করে না। বড্ড গরম! আমাদের গাড়ি তো এ সি নয়, জানলা বন্ধ রাখলেও খুব গরম, আর খোলা রাখলেও গরম হাওয়ায় খুব কষ্ট হয়।



মা বকুনি দিলেন সারাদিন ধরে। কিছুতেই আমাকে রেখে যেতে রাজি নন। আমি নাকি একা। থাকতে পারব না। আমি কি এখন কুচি খুকি নাকি যে একা থাকতে পারব না? আবার মা বলছে, ও বড় হয়ে যাওয়াটাই নাকি আমার দোষ! তা ছাড়া, একা কোথায়, শান্তিপিসি তো থাকছেই। রঘু থাকছে।


মা যত বকুনি দেয়, আমার ততই জেদ বাড়ে। যাব না, যাব না, কিছুতেই যাব না।


শেষ পর্যন্ত আমারই জয় হল।


মা-বাবাকে নিয়ে গাড়ি স্টার্ট দিল সকাল সাড়ে নটায়। তার এক ঘণ্টা পরেই শুরু হল ঝড়, তারপর অনেকক্ষণ বৃষ্টি। গরম কমে গেল অনেকখানি। এই রকম দিনে গাড়িতে বেড়াতে যাওয়া সত্যিই আরামের। রাস্তা এখন ভালো হয়ে গেছে, চার ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। একটু-একটু আফসোস হতে লাগল, আবার কবে বহরমপুরে যাব কে জানে।


কিন্তু আমি কি গরমের ভয়েই যেতে চাইনি? সত্যি কথা বলো তো? সন্ধেবেলা সুদীপ আসবে। বহরমপুর গেলে তিনদিন সুদীপের সঙ্গে দেখা হবে না। পড়াশুনোর কত ক্ষতি হবে!



বিকেলে যে-ই ছটা বেজে যায়, তারপর থেকেই একটা ছটফটানি শুরু হয়ে যায়। সুদীপ সাধারণত দেরি করে না। কিন্তু আজই এল সাতটা বাজিয়ে। সঙ্গে আবার একজন বন্ধু।


আমাদের একতলার বসবার ঘরটা পড়বার ঘর। আবার কোনও-কোনওদিন বাবার বন্ধুরা এসে পড়লে তিনতলায় আমার শোওয়ার ঘরেও চলে যেতে হয়। আজ বাবার বন্ধুরা কেউ আসবে না,


তবু তিনতলায় ঘরটা ঠিক ঠাক করে রেখেছিলাম। বেশ নিরিবিলিতে পড়াশুনো হবে। শান্তিপিসি তো সারা সন্ধে দোতলার ঘরে বসে টিভিতে পরপর সিরিয়াল দেখে। আর রঘুকে না ডাকলে তেতলায় আসবে না। এমনিতেই ডেকে-ডেকে পাওয়া যায় না।


আজই সুদীপ সঙ্গে একজন বন্ধুকে নিয়ে এল?


বসবার ঘরে এসে সুদীপ বলল, মিন্টি, আগে আমাদের দু-কাপ চা খাওয়াও তো! আমার এই বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি, এর নাম জীবনময় সেন, খুব ভালো কবি।


লোকটিকে দেখে প্রথমেই আমার অপছন্দ হল। কবি হোন আর যাই-ই হোন, দেখতে কেমন যেন অদ্ভুত! মুখে খোঁচা-খোঁচা দাড়ি। তেমন লম্বা নয়, অথচ বেশ ভুঁড়ি আছে। তা ছাড়া, এই লোক। সুদীপের বন্ধু কী করে, ওর থেকে অন্তত দশ বছরের বড় বলেই তো মনে হয়।



জীবনময়বাবু প্রথমেই আমাকে দুম করে জিগ্যেস করলেন, তুমি গান গাইতে পারো?


আমি গান গাইতে পারি কি না পারি, তা একজন অচেনা বাইরের লোককে জানাতে যাব কেন? আমি বললুম, না, গান জানি না।


তিনি বললেন, কিন্তু তোমার দুচোখে গানের সুর আছে। এখনও চর্চা করলে গাইতে পারবে।


চোখে আবার গানের সুর থাকে নাকি? কী সব অদ্ভুত কথা! এসব আমার ভালো লাগে না।


জীবনময় ঘুরে ঘুরে আলমারির বইগুলো দেখতে লাগলেন।


সুদীপ চা খেতে খেতে জিগ্যেস করল, বাড়িতে আর কেউ নেই? কীরকম ফাঁকা-ফাঁকা লাগছে।


বাবা-মায়ের বহরমপুর যাওয়ার কথা জানিয়ে আমি ওর দিকে চোখের ইঙ্গিত করলুম। মানে, এই লোকটাকে সঙ্গে নিয়ে এসেছ কেন?


সুদীপ আমার সে ইঙ্গিত বুঝল না।



একটু বাদে বলল, মিষ্টি, কিছু মনে কোরো না, আজ আর পড়ানো হবে না। আমার একটা কাজ পড়ে গেছে। লক্ষ্মীটি, আজ নিজে নিজে পড়ে নাও।


আমার বুকটা ধড়াস করে উঠল। বলে কী আজই ও চলে যেতে চায়? আমি এত আশা করে বসে আছি, আমার মুখ দেখে কিছুই বুঝতে পারল না?


একটাও কথা বললুম না, সুদীপ সত্যিই চলে গেল। শুধু একবার হাত রাখল আমার কাঁধে। আর ওই জীবনময় লোকটা এমন অভদ্র, যাওয়ার সময় কিছুই বলল না আমাকে। তারপর সারা সন্ধে…।


১০ মার্চ ১৯৮৮


আজ আবার বৃষ্টি নামল সন্ধেবেলা। বহরমপুরেও কি বৃষ্টি পড়ছে?


সুদীপ এল আধঘণ্টা দেরি করে। আমি আর নীচে নামিইনি, বসেছিলাম তিনতলার ঘরে। র

**********
No Review
Related Books
Loading books…