Home
বিড়াল

বিড়াল

বুদ্ধদেব গুহ

বিড়াল

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

এঘরটার অবস্থা শোচনীয়। মাঝে মাঝেই দেওয়াল থেকে পলেস্তারার চাপড়া খসে পড়ে। বর্ষার দিনে পশ্চিমের দেওয়াল জুড়ে ড্যাম্প, ভেজা ভেজা স্যাঁতসেঁতে সবসময়। শীতের দিনে রুখু উত্তরে বাতাস পাশের নতুন ওঠা মাল্টিস্টোরিড বাড়ি হয়ে গোঁত্তা মেরে ঢুকে পড়ে পশ্চিমের জানলা দিয়ে।

পঁচিশ বছর আগেও শোচনীয় ছিল। এখন অবস্থা আরও খারাপ হয়েছে। এই ঘরেই ‘ঘোষ অ্যাণ্ড দাশগুপ্ত’ কোম্পানির ক্যাশিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, বিল ক্লার্ক ও টাইপিস্টদের বসার জায়গা। বছর পনেরো আগে এঘরে সিনিয়ার পার্টনার ঘোষ সাহেব বসতেন। পাশেই তাঁর বাথরুম ছিল।


তারপর সব বদলে গেছে, ঘর পালটাপালটি হয়েছে।


মেশিনে নতুন করে কার্বন চাপালেন খেয়ালবাবু। বড়োসাহেব হাতে লেখা ড্রাফট-এর ওপর ছোট্ট করে লিখে দিয়েছেন, ওয়ান প্লাস ফোর, অন লার্জ প্যাড।


কার্বনটা চাপাতে চাপাতে, আড়চোখে হাতঘড়িটা দেখলেন একবার উনি। সাড়ে সাতটা বাজে। আজ মনোর মাকে নিয়ে গায়নোকোলজিস্টের কাছে যাওয়ার কথা ছিল।


এমনসময় ছোকরা বিল ক্লার্ক সমীরণ একটা সিগারেট ধরিয়ে বলল, খেয়ালদা, আজ সাহেবদের কাছে একজন লোক এসেছিলেন। তাঁর কাছে শুনলাম আজকাল বিদেশে একরকম কাগজ বের হয়েছে তাতে কপি করার জন্যে কার্বন পেপারের আর দরকারই হচ্ছে না। নীচে রেখে টাইপ করলে এমনিতেই কপি হয়ে যাচ্ছে।


খেয়ালবাবু হাত থামিয়ে বললেন, বলো কী? সত্যি?


—সত্যি নয় তো মিথ্যা! তবে, তবুও টাইপিস্টদের দরকার হচ্ছে। কিন্তু ফোটোকপি বা জেরক্স মেশিনের এদেশে যদি তেমন চল হয় তবে টাইপিস্টরা তো সব না খেয়েই মরবে।


খেয়ালবাবুর বুকটা ধক করে উঠল। খেয়ালবাবু ম্যাট্রিক পাশ। জোতদার ছিলেন। দেশ ভাগের পর তাই টাইপ শিখে এই লতায়-পাতায় আত্মীয়ের অফিসে ঢুকেছিলেন। পুরোনো লতায় আর জোর নেই। ছিঁড়ে গেছে অনেক জায়গাতেই।


সমীরণকে ধমক দিয়ে বললেন, হ্যাঁ। সকলেই যেন জেরক্স আর ফোটোকপি বসাচ্ছে। তাহলে তো আর কথাই ছিল না। ওসব বিদেশেই চলে। যে দেশে এত লোক বেকার, সেদেশে চলবে না।


সমীরণ সিগারেটে বড়ো একটা টান দিয়ে বলল, তা কুকুর-বেড়ালের মতো মানুষ পয়দা হলে আর বেকারত্ব ঘুচবে কী করে?


সে যাই-ই হোক।


বলেই খেয়ালবাবু কথাটা ঘুরিয়ে নিলেন, কারণ সমীরণের এই জেনারেল স্টেটমেন্টে ওঁর প্রতি একটা কটাক্ষ ছিল। খেয়ালবাবুর ছেলে-মেয়ে ছয়। অবশ্য একটি নেই। আর বড়োমেয়ের বিয়ে হয়ে গেছে। এক ছেলে চাকরি করছে। বাকি তিন জন।


বললেন, ওসব বসাতে পয়সাও তো লাগে। ওসব বড়ো কোম্পানিই বসাতে পারে। টাটা বিড়লারা। তোমার এই ছাতার ঘোষ অ্যাণ্ড দাশগুপ্তের এত টাকা কোথায়? মাসের দশ-বারো তারিখের আগে তো মায়নাই হয় না কোনোদিন, তার আবার ফোটোকপি!


উষ্মার সঙ্গেই বললেন কথাটা খেয়ালবাবু।


বলেই, ঘাবড়ে গেলেন।


ওই সমীরণ ছোকরা, দাশগুপ্ত সাহেবের কীরকম যেন আত্মীয় হয়। যদিও মাখামাখি নেই। রাজা-প্রজারই সম্পর্ক। কিন্তু তবুও ছোকরা কুচুটে আছে। যদি বলে দেয়?


তারপর আবার বললেন, বসায়ও যদি কোম্পানি, তাহলেও আমাদের জীবদ্দশায় বসাবে না।


সমীরণ অনেকক্ষণ একদৃষ্টে খেয়ালবাবুর দিকে চেয়ে রইল।


তারপর হেঁয়ালি করে, সিগারেটের ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে বলল, কে বলতে পারে?


দুই


খেয়ালবাবুর ভালো নাম অদ্বিজা রায়। আদিবাড়ি বরেন্দ্রভূমি। পাবনা জেলায়। ছোটোখাটো জোতদারি ছিল একটা চলন বিলের কাছাকাছি। ছোটোবেলায় মাথায় কাঁসার জামবাটি উপুড় করে গামছা দিয়ে কষে বেঁধে নিয়ে হেলমেটের কাজ চালিয়ে কত চিতাবাঘ মেরেছেন। চলন বিলে পাখিশিকার। খাওয়াদাওয়া। দোল-দুর্গোৎসব। তখন একটা টইটম্বুর ভুঁড়িও ছিল। জমিদারি আছে এবং থাকবে এই শাশ্বত বিশ্বাসে ভুঁড়িটাকে বর্ধমান হতে বাধা দেননি। কিন্তু হঠাৎ দেশ ভাগ হয়ে যাওয়ায় সর্বনাশ হয়েছিল।


জোতদারি চলে গেছিল; ভুঁড়িটা রয়ে গেছিল।


এই গল্প, খেয়ালদা সকলকে বেশ রসিয়ে করেন, মানে আগে করতেন। আজকাল রসের গল্প করার মতো মন বা শারীরিক অবস্থা আর তাঁর নেই। আগের তুলনায়, অনেক কষ্টে থাকেন এবং এই কষ্টতেই অভ্যস্ত হয়ে-যাওয়া সত্ত্বেও রসবোধ এবং রসিকতা করার ক্ষমতা তাঁর অনাবিল ছিল বহুদিন।



একসময় নামকরা খেয়ালি ছিলেন তিনি। তাঁর গলায় ধ্রুপদ-ধামারও যাঁরা শুনতেন, তাঁরাও মুগ্ধ হতেন। তবে খেয়ালেই তাঁর নাম বেশি ছিল। অফিসের সহকর্মীরা এবং অন্যান্য জানাশোনা অনেকেই বলতেন যে, খেয়ালদা গান ছেড়ে না দিলে কী হতেন আর কী হতেন না; তা বলা মুশকিল। বয়সে তিনি বড়ে গোলামের চেয়ে ছোটো এবং আমির খাঁর চেয়ে বড়ো ছিলেন। প্রাচুর্য, অবকাশ, ভাবনাবিহীন এবং ক্লেশহীন আয়ের জগৎ থেকে হঠাৎই নির্বাসিত হয়েছিলেন। এই ঘোষ অ্যাণ্ড দাশগুপ্তের টাইপিস্টের চাকরিটা পেয়ে মরতে মরতে বেঁচে গেছিলেন। সে কারণেই, এই পঁচিশ বছর কোনোক্রমে বেঁচে আছেন এখনও না মরে। অতিকষ্টে সংসার প্রতিপালনের গ্লানিতে ন্যুব্জ হয়ে না পড়লে খেয়ালদা গান-বাজনার জগতে সত্যিই হয়তো একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হতেন।


খেয়ালবাবু ঘড়িটা আর একবার দেখলেন, তারপর বেয়ারা হিতেনকে বললেন, ‘ছোটোসাহেবকে একবার জিজ্ঞেস করে আয় আর কোনো কাজ বাকি আছে কি না। এই, হিতেন!’


খেয়ালবাবু বাঙালত্ব প্রায় বিসর্জন দিয়েছেন কিন্তু এখনও উত্তরবঙ্গের, বিশেষ করে পাবনা জেলার এই চন্দ্রবিন্দুর প্রতি পক্ষপাতিত্বকে বিসর্জন দিতে পারেননি।



হিতেন একটু পরে ফিরে এসে বলল, আছে বাকি। আজ গদাধরবাবু আসেননি তো!


খেয়ালবাবু দাঁত কিড়মিড় করলেন।


হিতেনটা বহুদিনের লোক। সমানে ইয়ার্কি করে ওঁর সঙ্গে।


গদাধর এ অফিসের পার্টটাইম স্টেনোগ্রাফার। সরকারি অফিসে কাজ করে, সেখানে মাইনে, প্লাস ডি.এ., পি.এফ., গ্র্যাচুইটি; পেনশন। কাজের বেলা কিছু নয়। এদিকে সন্ধের পর এখানে ঘণ্টা দেড়-দুই ঘুরে গিয়েও মন্দ হয় না।


খেয়ালবাবু প্রায়ই ভাবেন যে, জীবনে একটা বেসিক মিস্টেক হয়ে গেছে। মাঝবয়সে চাকরিতেই যখন ঢুকতে হল তখন সরকারি চাকরির চেষ্টা করাই উচিত ছিল। কিন্তু ফর্মাল এডুকেশন যে তেমন ছিল না। তখন তো মধ্যবিত্তরাই বি.এ.—এম.এ. পাশ করত কেরানি হবার জন্যে। জমিদারের ছাওয়াল! কেডা আবার চাকরির জন্যে পড়াশুনো করত? যাই হোক, খেয়ালবাবু ভাবলেন যে, এদেশে সরকারি কেরানির মতো সুখের চাকরি বোধ হয় আর কোথাওই নেই!


ম্যাটারটা টাইপ করা শেষ করে সবে একটা বিড়ি ধরিয়েছেন। তাঁর রংচটা ‘সাইমা’ হাতঘড়িটাতে তখন পৌনে আটটা বেজে গেছে। এমন সময় হিতেন এসে বলল, ‘খেয়ালবাবু, তলব।’



আধফোঁকা বিড়িটা তাড়াতাড়ি অ্যাশট্রের ওপর ব্যালান্স করে রেখে তিনি দৌড়ে করিডর পেরিয়ে ওঘরে গেলেন। তারপর ঘর পেরিয়ে ছোটোসাহেবের চেম্বারে। দু-দুটো এয়ার কণ্ডিশনার চলছে দু-পাশে। ঠাণ্ডায় জমে যাওয়ার জোগাড়। ছোটোসাহেব সত্যিই সাহেব মানুষ।


ছোটোসাহেবের সামনে সুট পরা এক ভদ্রলোক বসেছিলেন।


খেয়ালবাবুকে ছোটোসাহেব হাত দেখিয়ে বসতে বললেন।


ভদ্রলোক ছোটো একটা পকেট-ক্যালকুলেটর বের করে কীসব অঙ্ক কষছিলেন। হঠাৎ মুখ তুলে বললেন, নো প্রবলেম।


নো প্রবলেম? ছোটোসাহেব উজ্জ্বলমুখে শুধোলেন ভদ্রলোককে।


আই সেইড সো। গো অ্যাহেড। ভদ্রলোক বললেন।


ছোটোসাহেব দাঁড়িয়ে উঠে ভদ্রলোকের সঙ্গে হ্যাণ্ডশেক করলেন।



বললেন, ইটস আ ডিল দেন।


ইয়া! ডিল! ভদ্রলোক বললেন।


তারপর দু-জনেই বেরিয়ে গেলেন। বোধ হয় ভদ্রলোককে লিফট পর্যন্ত পৌঁছে দিতে গেলেন ছোটোসাহেব।


খেয়ালবাবু ভাবছিলেন যে, এত ঠাণ্ডায় মানুষ বসে থাকে কী করে? হারেম-টারেম আছে বোধ হয় ছোটোসাহেবের, নয়তো রোজ আণ্ডেকা রোশান হালুয়া এবং বিরিয়ানি পোলাও খান। তাও তো ছোটোসাহেবের বয়স চল্লিশ-টল্লিশ হবে। কিন্তু বড়োসাহেব? বড়োসাহেব তো তাঁর নিজের চেয়েও অনেক বড়ো হবেন বয়সে। কিন্তু তাঁর ঘর যেন আরও ঠাণ্ডা। ষাট বছরের লোকের পক্ষে চেহারাটা যথেষ্ট ইয়াং রেখেছেন বলতে হবে। সিলভার-টনিকে জরা-ভরা আতুরেরাও নবীন হয়ে ওঠে বোধ হয়। খেয়ালবাবুও হতেন। জোতদারি থাকলে।


এমন সময় ছোটোসাহেব দরজা খুলে ঘরে ঢুকলেন।


খেয়ালবাবু উঠে দাঁড়ালেন। যেমন করে খেয়ালবাবুকে দেখে চরের মুসলমান প্রজারা, হিন্দু প্রজারা উঠে দাঁড়াত! আজকে দেশে জাতিভেদপ্রথা উঠে গেছে। শিডিউলড কাস্ট আর শিডিউলড ট্রাইবরা কত সুযোগসুবিধা পাচ্ছে। খুবই আনন্দের কথা। কিন্তু নতুন জাতিভেদ তৈরি হয়ে গেছে, যার শিকড় চলে গেছে অনেক গভীরে। যেখানে উঁচু-নীচু সব জাত একাসনে। ছোটোসাহেব বড়োসাহেব এখন ব্রাহ্মণ, এবং খেয়ালবাবু, সমীরণ, হিতেনরা সব ছোটোজাত। এক দলদের দেখে অন্যদের তখনও উঠে দাঁড়াতে হত; এখনও হয়। খেয়ালবাবু যে উঠে দাঁড়িয়েছিলেন তো দাঁড়িয়েই রইলেন।



ছোটোসাহেব বড়ো অন্যমনস্ক। এই তো সেদিন হায়দরাবাদে বেলে-ভিস্তাতে দশহাজারি ম্যানেজমেন্ট কোর্স শেষ করে এলেন। তারপর থেকে অফিস মডার্নাইজেশন, খরচ কমানো, সিমপ্লিফিকেশন অফ অপারেশন্স, টাইম ম্যানেজমেন্ট, এসব নিয়ে বুঁদ হয়ে আছেন। মাথায় যে কতশত ক্রিয়েটিভ ভাবনা ঘুরছে, তা বলার নয়।


অনেকক্ষণ পর ছোটোসাহেবের খেয়াল হল। বললেন, বসুন বসুন। একটা ডিকটেশান নিন তো।


খেয়ালদা খাতাটা বাগিয়ে ধরলেন। তিনি তো আর স্টেনোগ্রাফার নন, তবু। পেনসিলটাও ঠিকঠাক করে নিলেন।


ছোটোসাহেব বললেন, দি এজেন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.। হাই কোর্ট ব্রাঞ্চ।


খেয়ালবাবু হাই কোর্টে এসে পেনসিল ভেঙে ফেললেন। পটাং করে আওয়াজ করে শিষটা তিন টুকরো হয়ে গেল।


সব বাঙালেরই হাই কোর্টের নামের হয়তো ভীতি থাকে।


ছোটোসাহেব বললেন, ওয়ার্থলেস।



খেয়ালবাবু বাঁ-হাতের তর্জনী দিয়ে বাঁ-চোখের অঞ্জনিটাকে একটু ঘষে নিলেন। কুটকুট করছে বড়ো।


ছোটোসাহেব বললেন, একদিনও কি একটু কাজটা চালিয়ে নিতে পারেন না? আপনারা সব আউট-ডেটেড, ইউসলেস হয়ে গেছেন। একেবারে ফসিল। যান, বাড়ি যান।


খেয়ালবাবু আগে আগে ছেলেমানুষ অবস্থায় উত্তেজিত হতেন। শনৈ: শনৈ: জেনেছেন যে, বেসরকারি অফিসে উত্তেজনা মানে ব্লাডপ্রেসার বৃদ্ধি, মালিকের কুদৃষ্টি এবং বরখাস্ত। যেসব সরকারি, আধা সরকারি ও ব্যাংক ইনসিওরেন্স ও বড়ো বড়ো মার্চেন্ট অফিসের কর্মচারীরা মিছিল করে লাল শালুর ওপর বক্তৃতা লিখে ডালহাউসি-চৌরঙ্গি গমগম করে ফেলে, তারা যা মাইনে ও সুযোগসুবিধা পায়, তা পেলেও খেয়ালবাবু বর্তে যেতেন। তার ওপর খেয়ালবাবু জানেন যে, তাদের চেয়ে কাজও চারগুণ বেশি করেন খেয়ালবাবু। ওইসব মিছিলকারী মানুষগুলো—মদনার, মানে খেয়ালবাবুর নকশাল ছেলের ভাষায় ছিল, পাতি বুর্জোয়া।


ছোটোসাহেবের ঘর থেকে বেরিয়ে আসতে আসতে খেয়ালবাবু ভাবছিলেন, ওই মদনারাই ওষুধ ছিল এদেশের। সব অসুখের ওষুধ। মদনার কথা মনে হল খেয়ালবাবুর। মদনাকে একটা রাজনৈতিক দলের ছেলেরা প্রায় তার বাড়ির ওপরেই কুড়ি-জন মিলে রেকটামে ছুরি দিয়ে কুপিয়ে মেরেছিল। আত্মীয়স্বজন, অফিসের প্রায় পনেরো-জন লোক রক্ত দিয়েও মদনাকে বাঁচাতে পারেননি। ওখানে স্টিচ থাকে না। রক্ত, সকলের রক্তই বেরিয়ে গেছিল। মাঝে মাঝে অফিসফেরত লাস্ট ট্রাম কী বাসের জানলায় হাত রেখে বসে, হাই তুলতে তুলতে শ্যামবাজারের দিকে যেতে যেতে হঠাৎ মদনার মুখটা ভেসে ওঠে। ওকে যখন মারে ওই ছেলেগুলো, তখন ওর বয়স ষোলো।



আটটা ষোলো। সমীরণ বলল।


খেয়ালবাবু তাড়াতাড়ি মেশিনটা গোছগাছ করে রাখলেন, ছাতাটা কোনা থেকে তুলে রবারের জুতোটা দেওয়ালে হেলান দিয়ে কসরত করে পরতে লাগলেন। জুতোটা একজন তাঁকে দান ক

**********
No Review
Related Books
Loading books…