
পরির গল্প
অন্নদাশঙ্কর রায়
সূচিপত্রঃ—
ছেলেবেলায় রঙ্গন ও তার দিদি কাঞ্চন যে পথ দিয়ে পায়ে হেঁটে ইস্কুলে যেত সে পথের দুই ধারে লোক দাঁড়িয়ে যেত। আর বলাবলি করত—
এরা কারা হে?
এরা নতুন পোস্টমাস্টারবাবুর মেয়ে। কলকাতা থেকে এসেছে।
বল কী? দুই বোন? কই, দেখতে তো দুই বোনের মতো নয়!
একেবারেই না। বোধহয় দুই মা।
হতে পারে দুই মা, হতে পারে দুই।
চুপ চুপ, শুনতে পাবে।
শুনতে পেলে রঙ্গনের ও কাঞ্চনের কানের গোড়া লাল হয়ে উঠত। কিন্তু কী করবে? তখনকার দিনে ইস্কুলের বাস তো হয়নি আর ইস্কুলটাও হাই স্কুল হয়ে ওঠেনি। মেয়েদের ইস্কুলে মেয়েরা পড়াবে না বুড়োরা পড়াবে তাই নিয়ে তর্ক চলছিল তখনও। রাজপথে আট-দশ বছর বয়সের মেয়েদের চলাফেরা একটা দেখবার মতো ব্যাপার ছিল।
তারপর ইস্কুলে পা দিয়েও দুই বোন আবার তেমনি লোকজনের দৃষ্টি টেনে আনত। সহপাঠিনীরা ফিসফিস গুজগুজ করত—
দেখেছিস কেমন সুন্দরী! যেন ডানাকাটা পরি!
পরি না ফরি, না ফরফরি।
না ফুরফুরি।
ওর নাম কাঞ্চন। ওর ছোটোবোনের নাম রঙ্গন।
রঙ্গন না বেঙ্গন।
বেঙ্গন না ব্যাং।
আমি বলি ডানাকাটা বানরী।
ধুর বোকা! বানরী কখনো ডানাকাটা হয়। বানরের কি ডানা আছে?
তাহলে ও ডানাকাটা ময়না।
না না, অতটা কালো নয়।
তবে ডানাকাটা ময়ূর।
না না, অতটা কুৎসিত নয়।
তবে ও ডানাকাটা পাতিহাঁস।
আসলে হয়েছিল কী, তাদের দুই বোনের চেহারায় বেশ কিছু বৈষম্য ছিল। এতখানি বৈষম্য বড়ো-একটা দেখা যায় না। তা বলে কোথাও যে দেখা যায়নি তা নয়। রাজশাহি জেলার একটি বিশিষ্ট জমিদার বংশে দেখা গেছে। ভাই আর্য, বোন দ্রাবিড়। বোনের বিয়ে আটকায়নি। রূপের অভাব পুষিয়ে দিয়েছে রুপো।
পোস্টমাস্টারমশায়ের কিন্তু রুপোর ঘরে শূন্য। সেইজন্যে একদিন তাঁর মা বলেছিলেন তাঁর স্ত্রীকে, ‘বউমা, তুমি আমার লক্ষ্মী। তুমি রত্নগর্ভা। তোমার বড়োমেয়ের বড়ো ঘরে বিয়ে হবে। ও-মেয়ে বেঁচে থাকলে হয়। কিন্তু…’ তাঁর স্বর সহসা নেমে এল—‘ছোটোমেয়েকে পার করতে ঘড়া ঘড়া সোনার মোহর লাগবে। ব্রজ অত টাকা পাবে কোথায়? শেষে কি ডাকঘরের তহবিল ভেঙে হাতে হাতকড়া পরবে?’
পৃথিবীতে সবচেয়ে ভালোবাসত যাকে সেই মানুষের মুখে এই উক্তি! রঙ্গন তাহলে কার কাছে সহানুভূতি পাবে? তখন তার বয়স এগারো কি বারো। বোঝে সবই কিন্তু মেনে নিতে পারে না। কেন একযাত্রায় পৃথক ফল হবে? দিদি আর সে দুজনেই স্বর্গ থেকে এসেছে। ভগবান তাদের পাঠিয়েছেন। তাহলে একজনকেই রাজ্যের সমস্ত রূপ উজাড় করে দিলেন কেন? একটুও পড়ে থাকল না আর একজনের জন্যে। বেচারি দু-বছর পরে এসেছে বলে কি রূপলাবণ্যের তলানিটুকুও পাবে না?
দিদির সঙ্গে একসঙ্গে বেরোতেও তার লজ্জা করত। কাঞ্চন ওই অঞ্চলের সেরা সুন্দরী। যেমন তার রূপ তেমনি তার রং। তেমনি তার গড়ন পাতলা ছিপছিপে দিঘল সরল, রজনিগন্ধার মতো শুভ্র, গোলাপের মতো পেলব, আঙুরের মতো স্বচ্ছ, শিরীষের মতো ফুরফুরে। খয়েরি চুল তার মতো আর কার আছে? নীল চোখের তারা তার মতো আর কোন মেয়ের? দিন দিন তার সৌন্দর্যের সৌরভ ছড়িয়ে পড়ছে। কত লোক আসছে তাকে দেখতে। কত বাড়িতে তার জন্যে আদরের আসন পাতা! ধন্য মেয়ে কাঞ্চন।
আর রঙ্গন? অমন যার দিদি সে কিনা বেঁটেখাটো মোটা শ্যামল শুকনো খসখসে ভারী। এত ভারী যে ডানা থাকলেও সে উড়তে পারত না, পাতিহাঁসের মতো আস্তে হেঁটে বেড়াত। মনের দুঃখে সে খাওয়া একরকম ছেড়ে দিয়েছে। তবু তার ওজন কমতে চায় না। খেলাধুলা করলে কমত। কিন্তু তার বয়সের মেয়েদের খেলাধুলা বারণ। ছাড় কেবল ঘরে বসে দশ-পঁচিশ খেলা বা তাস খেলা। তখনকার দিনে মেয়েদের বাইরের খেলা কোথায়?
রঙ্গনদের ইস্কুলের পড়া শেষ হয়ে গেছল। ওটা মাইনর স্কুল। বাড়িতে বসে থাকতে তো কেউ দেবে না, সংসারের কাজে রাতদিন খাটাবে—যাতে হয় সে গৃহকর্মনিপুণা, সূচিশিল্পদক্ষা। বিয়ের বিজ্ঞাপনের ভাষায়।
ব্রজদুর্লভ কলকাতার লোক। ছুটি নিয়ে বড়োমেয়ের বিয়ের সম্বন্ধ করতে গেলেন ও কলকাতাদুর্লভ জামাতা লাভ করলেন। ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদি মুতসুদ্দি বংশ। বনেদি বলে বনেদি! এখনও কলকাতার একটা রাস্তার দু-ধারে যতগুলো বাড়ি সব ক-টাই ওদের। ভদমহিলারা ওপথ দিয়ে যান না, ভদ্রলোকেরা যান সন্ধ্যার পরে। দেহভাড়া হিসেবে যে-টাকাটা দেন তার সিংহের হিস্সা যায় বাড়িভাড়া হিসেবে।
ওরা কুবের আর ওদের ছেলেটা কার্তিক। কাঞ্চনের সঙ্গে রাজযোটক। এ বিবাহে সকলের মনে আনন্দ, কেবল রঙ্গন প্রাণ খুলে প্রফুল্ল হতে পারে না। ছেলেমানুষ হলেও সে এইটুকু বোঝে যে দুনিয়ায় সুবিচার কোথাও নেই, ন্যায়ধর্ম নেই। যারা ভালো তারা খেতে পায় না, তাদের মেয়েদের ভালো বিয়ে হয় না। যারা খারাপ তাদের অঢেল টাকা। তারা সুন্দরী মেয়েদের বিনা পণে বিয়ে করে নিয়ে যায়। তাদের ছেলেরাও তাই সুপুরুষ হয়। তাদের মেয়েরাও বিদ্যাধরী।
কিন্তু এর থেকে ওর সিদ্ধান্ত হল অদ্ভুত। যেমন করে হোক ওকে রূপসি হতেই হবে। রূপ যদি আসে তবে ধনসম্পদও আসবে। অভাবের ঘরে ওর বিয়ে হবে না, হবে ঐশ্বর্যের ঘরে। যার সঙ্গে হবে সে হয়তো কার্তিক নয়। কাজ নেই অমন কার্তিকে। কিন্তু সে যেন দিদির বরের চেয়ে দীনহীন না হয়। লোকে যেন বলতে পারে যে, হ্যাঁ, রঙ্গনেরও ভালো বিয়ে হয়েছে। হবে না কেন? ও-মেয়ে কি কম সুন্দর নাকি?
ঠাকুরের ওপর ওর বিশ্বাস টলেছিল। ও তাই একমনে ডাকতে লাগল পরিকে। যে-পরির গল্প ও ছেলেবেলায় পড়েছে। ও যেন সিণ্ডেরেলা। একদিন ওকেই ভালোবাসবে অচিন রাজপুত্র। পরি ইচ্ছা করলে কী-না পারে! পরির বরে রূপসি হওয়া এমন কী অসম্ভব!
রঙ্গন তাই পরিকে ডাকে। দিনরাত ডাকে। ডাকতে ডাকতে মাস কেটে যায়। বছর কেটে যায়। কেউ জানে না ওর এই গোপন কথাটি, সমবয়সিনি সখীরাও না। ওর স্থির বিশ্বাস ওর ডাক ব্যর্থ হবে না। পরির আসন টলবে। বলবে, যাই দেখি কে আমাকে ডাকছে। এসে দেখবে—রঙ্গন।
ওদিকে ওর বিয়ের কথাবার্তা চলছিল। কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যদি-বা কেউ কালেভদ্রে দেখতে আসছিল রঙ্গনকে, অচল টাকার মতো বাজিয়ে দেখে বলে যাচ্ছিল ফিরে গিয়ে খবর দেবে। খবর আর আসেই না। রিপ্লাই পোস্টকার্ড লিখলেও না। বয়স গড়াতে গড়াতে আঠারোয় ঠেকল। ঠাকুমা বলেন তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। এখন যদি না ফোটে তো আর কোনোদিন বিয়ের ফুল ফুটবে না।
অগতির গতি কলকাতায় নিয়ে গিয়ে সং সাজিয়ে দেখানো হল। কিন্তু ভবি ভোলে না। ভায়রাভাই শিবপদবাবু বললেন, ‘দাদা, তোমাকে একটা পরামর্শ দিই শোনো। তোমার মেয়ের যত ওজন ঠিক তত ওজনের তামার পয়সা জড়ো করে তাই দিয়ে ডার্বির টিকিট কেনো। একরাশ টিকিট কিনলে একটা লেগে যাবেই। তোমার ঘোড়া যদি ডার্বি জেতে তাহলে তোমার মেয়ের ভেড়া হতে দশ-বিশ জন বাঙালির ছেলে এগিয়ে আসবেই। তখন তুমি করবে স্বয়ংবর সভার আয়োজন।’
সমান ওজনের তামার পয়সা বলতে কয়েক হাজার চাঁদির টাকা বোঝায়। ব্রজদুর্লভ কোথায় পাবেন অত! তাঁর মেয়ে যদিও দুটি, ছেলে তো অনেকগুলি। তাদের মানুষ করতে হবে না? ভদ্রলোক কোনোরকম সুরাহা না দেখে অবশেষে ঠিক করলেন যে ডাকঘরের কেরানি শরদিন্দুর গলায় রঙ্গনের মালা পরিয়ে দেবেন।
ছেলেটি ভালো। অতি সচ্চরিত্র। অতীব সাধু। ব্রজদুর্লভবাবুর ওপর তার অগাধ শ্রদ্ধা। রঙ্গনকেও দেখে আসছে বহুদিন থেকে। তার কোনো দাবি নেই। তার দোষের মধ্যে সে পিতৃমাতৃহীন। গ্রামে পৈতৃক ভদ্রাসন আছে, কিন্তু জমিজমার শরিক একাধিক। চাকরিই ধরতে গেলে সম্বল। আর চাকরি তো শেষপর্যন্ত পোস্টমাস্টারি।
কোথায় কাঞ্চনের বর ঘর ধনদৌলত দাসীবাঁদি নফর মোটর আর কোথায় রঙ্গনের ভিখারি দিগম্বর। বিয়ের পরে থাকতে হবে কেরানিবাবুর আধখানা চালাঘরে, রাঁধতে হবে আধখানা ঝির সাহায্যে। ষষ্ঠীর কৃপাও তো হবে একদিন। তখন ছেলের জন্যে দুধ ঘি জুটবে না। সরু চালের ভাত জুটবে কি না কে জানে, যদি বিধবা বোনটোন এসে জোটে।
রঙ্গন প্রাণপণে পরির নাম জপে। ওই তার হরির নাম। পরি ইচ্ছা করলে কী-না সম্ভব! কেন তবে সে শরদিন্দু কেরানির বউ হয়ে দিদির দাসীবাঁদির সমান হতে যাবে! না, সে বিয়ে করবে না।
পরি একদিন সত্যি দেখা দিল। স্বপ্নে।
এই তো সেই পরি। সেই রূপকথার পরি। কেতাবের ছবির সঙ্গে হুবহু মিলে যায়। দেখছ না কেমন বড়ো বড়ো দুটি ডানা! এমন ডানা কি মানুষের হয়!
পরি বলল, ‘বাছা রঙ্গন, তুমি কী চাও? কেন আমাকে অত করে ডাকছিলে?’
রঙ্গন হাঁটু গেড়ে বসে হাতজোড় করে বলল, ‘পরি, আমার বড়ো দুঃখ।’ আমার রূপ নেই বলে এরা আমাকে ঝি-এর মতো খাটায়। বিয়ে দিলে যার হাতে দেবে তার ঘরেও ঝি-এর মতো খাটতে হবে। আমার দিদির কেমন বড়োলোকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। পায়ের উপর পা দিয়ে বসে থাকে, কিচ্ছু করতে হয় না। সব কাজ করে দেয় এক কুড়ি ঝি-চাকর। দিদির বাড়ির কুকুর-বেড়ালও আমাদের চেয়ে ভালো খায়, ভালো পরে। তাদেরও গরমজামা আছে, শীতকালে গায়ে দেয়। পরি, দিদির আমার এক-গা গয়না। সিন্দুকে আরও কত আছে তার লেখাজোখা নেই। আর আমার দেখছ তো? এই পারসি মাকড়ি আর সরু সরু চুড়ি। পরি, আমার তিনখানা মাত্র শাড়ি, বাইরে বেরোব কী পরে? একখানাও কি রেশমের! আর ওদিকে দেখো গিয়ে দিদির কত বড়ো বড়ো আলমারি আর তোরঙ্গ শুধু শাড়িতে পোশাকে ঠাসা। পরি, দিদির ছেলে-মেয়েদের দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। যখন যা চায় তখন তা পায়—ক্ষীর, সর, ননী, মাখন, সন্দেশ, রসগোল্লা। আর আমার যদি ছেলে হয় সেকি এক ফোঁটা দুধ খেতে পাবে ভেবেছ?’
পরি হেসে বলল, ‘তাহলে তুমি কী চাও তাই বলো।’
রঙ্গন বলল, ‘কী-না চাই! সব চাই। বর চাই ঘর চাই ধন চাই। কিন্তু সকলের আগে চাই রূপ, দিদির মতো রূপ। তোমার পায়ে পড়ি, ঠাকুর আমাকে যা দিলেন না তুমি আমাকে তা দাও। রূপ দাও। বর দাও। ঘর দাও। ধন দাও। জন দাও। সুখ দাও।’
পরি বলল, ‘তুমি যে আমাকে মহা বিপদে ফেললে রঙ্গন। আমি কি ভগবান না ভগবানের সমান! আমি তোমাকে সব কিছু দেব কী করে? দিলে দিতে পারি একটি জিনিস। সেটি কোন জিনিস তা তুমি ভেবেচিন্তে বলো। মনে রেখো, একটির বেশি নয়। ওই একটি নিয়ে তোমাকে সন্তুষ্ট হতে হবে। আর আমাকে ডাকতে পারবে না।’
রঙ্গন বলল, ‘বেশ, তবে আমাকে রূপ দাও। দিদির মতো রূপ।’
পরি বলল, ‘তথাস্তু।’ এই বলে আকাশে মিলিয়ে গেল।
রঙ্গন জেগে দেখল, কেউ কোথাও নেই। ওটা নেহাতই একটা স্বপ্ন। স্বপ্ন কি সত্যি হতে পারে! সে একটু একটু করে ভুলে গেল স্বপ্নের সব কথা।
মাস কয়েক পরে তার পিসি পশ্চিম থেকে এলেন ভাইয়ের অসুখ শুনে। ঘোড়ার গাড়ি থেকে নেমেই বললেন, ‘ও কে! কাঞ্চন! তুই কবে এলি? তোর শাশুড়ি আসতে দিল? কিন্তু ও কী! তোর সিঁথিতে সিঁদুর নেই কেন?’
রঙ্গন প্রণাম করে বলল, ‘আমাকে চিনতে পারছেন না পিসিমা? আমি যে রঙ্গন।’
পিসি বিশ্বাস করলেন না। রঙ্গন কখনো এত সুন্দর হতে পারে! ভিতরে গিয়ে বললেন, ‘রঙ্গনকে দেখছিনে কেন? আয় রে রঙ্গন, তোর জন্যে কী এনেছি দ্যাখ।’
এমন সময় রঙ্গনের মা ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন, সত্যিই তো! কাঞ্চন! আরও কাছে গিয়ে চিবুকটি তুলে ধরলেন। না কাঞ্চন নয়, কিন্তু কাঞ্চনের দোসর। ‘ওমা, আমার কী হবে গো! ঠাকুরঝি তুমি জাদু জান? আমার রঙ্গন কেমন করে কাঞ্চন হল? তোমরা কে কোথায় আছ গো, দেখবে এসো।’
অসুস্থ শরীরে উঠে এলেন ব্রজদুর্লভ। ঠাকুরঘর থেকে ছুটে এলেন তাঁর মা। বাড়ির ছেলেরা যে যেখানে ছিল হইচই করে এল। সবাই দেখল রঙ্গন কেমন করে কাঞ্চন হয়ে গেছে। অবশ্য বেমালুম এক নয়। বোঝা যায় এ রঙ্গন। এর বয়স কম, এ কুমারী।
তখন সে যে কী উল্লাস তা বলবার নয়। ঠাকুমা বললেন, ‘আমিই তোদের সকলের আগে লক্ষ করেছি! করেছি অনেক দিন। ও যা হয়েছে একদিনে হয়নি। তাহলেও মানতে হবে এমনটি আমার জীবনে আমি দেখিনি।’
পিসিমা বললেন, ‘এ যেন গুটিপোকা থেকে প্রজাপতি।’
মা বললেন, ‘থাক থাক, বলতে নেই। মেয়ের যা কপাল, সইলে হয়!’
বাপ বললেন, ‘ওকে আমি কলকাতা নিয়ে যেতে চাই। ওর উপযুক্ত বর এখানে বসে থেকে মিলবে না। ছুটির দরখাস্ত লিখে দিচ্ছি। ওরে, একটা টেলিগ্রামের ফর্ম নিয়ে আয় তো রে!’
কলকাতায় রঙ্গনের জন্যে চেষ্টা চলতে লাগল। একদিন খুব মজা হল। কাঞ্চন তাকে নেমন্তন্ন করে নিয়ে গেছে। সে তার দিদির খোকাখুকুদের সঙ্গে খেলা করছে। এমন সময় জামাইবাবু এসে ডাকলেন, ‘কাঞ্চি, শোনো তো।’
রঙ্গন বলল, ‘বা! আমি কাঞ্চি হতে গেলুম কবে! আমি যে রঙ্গন।