
বন্ধুর মতো
সমরেশ মজুমদার
ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে রঞ্জন বলল, এই বাড়ি। দিশা মুখ তুলে তাকাল। পাঁচতলা ঝকঝকে। বাড়ি, সামনে গেট, নিচে কার-পার্কিং। বেশ সমৃদ্ধ চেহারা। আসার সময় দেখে বুঝেছে পাড়াটাও বেশ সমৃদ্ধ। অতএব ফ্ল্যাটের ভাড়া নিশ্চয়ই কম হবে না। রঞ্জন বলল, চলো।
বাড়িটা পাঁচতলা হলেও লিফট আছে। দারোয়ান জানতে চাইল তারা কার কাছে যাবে। জেনে লিফট দেখিয়ে দিল। স্বয়ংচালিত লিফট বারো তলায় উঠে বাঁ-দিকের দরজার বেল টিপল রঞ্জন, যার পাশে লেখা রয়েছে আর সামন্ত। কয়েক মিনিট পরে কি-হোলে চোখের তারা, দরজা ঈষৎ খুলে চেনে আটকে গেল, কি ব্যাপার? এক মহিলার গলা।
আমি রঞ্জন। আপনাকে ফোন করেছিলাম।
চেন খুললেন যিনি তাঁর বয়স সত্তর পেরিয়ে গিয়েছে পরনে হাউসকোট, কাঁধ-ছোঁয়া চুলে রুপোলি ছোপ। হাত নেড়ে বললেন, আসুন।
সোফায় মুখোমুখি বসার পর মহিলা জিজ্ঞাসা করলেন, অপু আপনার কথা আমাকে বলেছে। তবু, আপনার প্রফেশন কি?
আমার একটা অ্যাড এজেন্সি আছে। রঞ্জন বলল।
আপনি আর অপু একসঙ্গে পড়তেন?
হ্যাঁ। আমরা প্রেসিডেন্সিতে একসঙ্গে পড়েছি।
এখন কোথায় আছেন?
আমার পৈতৃক বাড়ি গড়পারে। বেশ অসুবিধা হচ্ছে ওখানে। রঞ্জন বলল।
আপনি?
আমি দিশা। কলেজে পড়াই।
কি সাবজেক্ট?
ইকনমিক্স।
আমি আপনাদের চা অফার করতে পারছি না, কারণ কাজের মেয়েটি এখনও আসেনি। উনি চলে যাওয়ার পর অনেকদিন ঠেকিয়ে রেখেছিলাম অপুকে, আর পারলাম না। ওর কাছে যেতেই হচ্ছে। অবশ্য বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে অক্ষমতাও চেপে ধরছে। যাক গে। অপু যখন আপনাকে রেফার করছে তখন আমার আপত্তি নেই। কিন্তু একটা ব্যাপারে সমস্যা হতে পারে। বৃদ্ধা তাকালেন।
বলুন।
প্রতি বছর যে কবছর বাঁচব, আমার স্বামীর মৃত্যুদিনে আমি এই ফ্ল্যাটে থাকব। সেজন্যে বছরে দিন দশেকের জন্যে কলকাতায় আসব। মুশকিল হল, আমি কারও সঙ্গে শেয়ার করে থাকতে। পারি না। অপু ওর লং আইল্যান্ডের বাড়ির আউট হাউস আমার জন্যে ছেড়ে দিচ্ছে। তাই আমি এলে–। বৃদ্ধা আচমকা চুপ করলেন।
কোনও সমস্যা হবে না। এই ফ্ল্যাট যেমন আছে ঠিক তেমন রেখে আমরা দিন পনেরোর জন্যে বাইরে বেড়াতে যেতে পারি।রঞ্জন হাসল।
তাহলে তো কোনও সমস্যা নেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, পুরো ফ্ল্যাটই সাজানো। বেডরুম চারটে। আপনারা তো দুজন, এত লাগার কথা নয়। একটি ঘর, যেখানে আমার স্বামী থাকতেন, আমি লক করে যাব। চলুন, ফ্ল্যাটটা দেখে নিন। বৃদ্ধা উঠলেন। রঞ্জন বলল, আপনি আমাদের তুমি বলুন।
ওটা আমার জিভে চট করে আসে না।
বৃদ্ধার ফ্ল্যাট দেখে দিশা খুব খুশি। অন্তত আড়াই হাজার স্কোয়ার ফিট। সর্বত্র রুচির ছাপ। কিচেনটা বিশাল। তাতে সব আছে। বৃদ্ধা বললেন, এখানে থাকলে আপনাদের কিছুই আনতে হবে না। পছন্দ হয়েছে?
খুব। দিশা হাসল।
আমি একটা অনুমতিপত্র লিখে রাখব। ওটা থাকলে কোনও প্রশ্ন উঠবে না। হ্যাঁ, আমি কিন্তু আঠারো তারিখে চলে যাচ্ছি।
দশদিন বাকি। রঞ্জন হিসেব করল, কিন্তু–
বৃদ্ধা তাকালেন।
রঞ্জন ইতস্তত করল, আসলে অপুর সঙ্গে আমার টাকাপয়সা নিয়ে কথা হয়নি।
টাকা-পয়সা কেন? আমি তো আপনাকে ভাড়া দিচ্ছি না। আপনি আমার ছেলের বন্ধু, তাই আপনাকে কেয়ারটেকার হিসেবে থাকতে দিচ্ছি। এরমধ্যে টাকাপয়সার কথা উঠছে কেন? উলটে আপনি টেক কেয়ার করবেন বলে আপনাকেই আমার কিছু দেওয়া উচিত। হ্যাঁ, এমন হতে পারে, আমি মন পালটালাম, ছয় মাস পরে ঠিক করলাম কলকাতায় চলে আসব, তাহলে অন্তত এক মাস আগে আপনাকে জানাব। ভদ্রমহিলা জানিয়ে দিলেন।
রঞ্জন দিশার দিকে তাকাল। দিশা কি বলবে ভেবে পেল না। তাই দেখে বৃদ্ধা মাথা নাড়লেন, না। এক বছরের মধ্যে সেরকম কিছু ঘটবে বলে মনে হয় না। আপনি রবিবার বিকেলে আমার সঙ্গে দেখা করুন।
বিদায় নিয়ে ওরা বেরিয়ে এল বাইরে। রঞ্জন জিজ্ঞাসা করল, কীরকম লাগল?
খুব খারাপ। দিশা হাঁটতে-হাঁটতে বলল।
কেন?
উনি ভাড়া নেবেন না, মনে হবে কারও অনুকম্পায় আমরা থাকছি। দিশা জানাল।
অনুকম্পা বলছ কেন? ওঁর প্রয়োজনের সঙ্গে আমাদের প্রয়োজন মিলে যাচ্ছে বলেই থাকছি। অপু আমার বন্ধু। ওর সঙ্গে ফানে এ ব্যাপারে কথা হয়েছে আমার। ইলেকট্রিক, টেলিফোন তো ব্যবহার করব আমরা, তার বিল আমরাই দেব। রঞ্জন বোঝাল।
রঞ্জনের বয়স এখন বিয়াল্লিশ। এতদিন ইচ্ছে হয়নি বলে বিয়ে করেনি। ওর দুই ভাই বিবাহিত, একজন মুম্বাইতে থাকে, দ্বিতীয়জন একই বাড়িতে। মা মারা গিয়েছেন গত বছর। এবং তারপরেই ওর আলাপ হয় দিশার সঙ্গে। মাথার ওপর কোনও অভিভাবক নেই, আলাপ ঘনিষ্ঠ হলে বিয়ের প্রসঙ্গ আসবেই। এবং ওখানেই সমস্যার শুরু।
ইকনমিক্সে এম এসসি করার পর পরীক্ষা-টরীক্ষা দিয়ে দিশা চাকরি পেয়ে গিয়েছিল দমদমের একটা কলেজে। ওর বাবা-মা থাকতেন সিউড়িতে। ছাত্রী জীবন কেটেছে হোস্টেলে। এখনও সে থাকে ওয়ার্কিং গার্লস হোস্টেলে। এক ঘরে একা। তার এই আটত্রিশ বছরের জীবনে বার তিনেক রোমান্সের ছোঁয়া লাগতে-লাগতে লাগেনি স্রেফ নিস্পৃহতার জন্যে। শুরুর দিকে যে ভালোলাগা তৈরি হত তা খানিকবাদে ভয়ে রূপান্তরিত হত। ওর ভাগ্য সুপ্রসন্ন ছিল কারণ ওই তিনজন পুরুষই ছিল উড়ে আসানীড়ের পাখির মতো, নীড় বাঁধবার ইচ্ছে কারও ছিল না। তারপর। নিজেকে গুটিয়ে নিয়েছিল দিশা। ছাত্রীদের পড়ানো, লাইব্রেরিতে বই ঘাঁটায় সময়টা কাটিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছিল। হঠাই রঞ্জনের সঙ্গে আলাপ। একটি ভদ্র মানুষের সঙ্গে ক্রমশ। মানসিকভাবে জড়িয়ে গিয়েছে সে। এই এক বছরে ওরা কোথাও এক রাতের জন্যে বেড়াতে যায়নি। কোনও রেস্তোরাঁর ঘেরাটোপে সময় কাটায়নি। পথ চলতে গিয়ে হঠাৎ সামান্য ছোঁয়াছুয়ি আকস্মিকভাবে হওয়া ছাড়া কেউ কারও হাতে হাত রাখেনি। কিন্তু যেই বিয়ের কথা মনে এল অমনি সন্ত্রস্ত হল দিশা। প্রায় অচেনা একটি মানুষের সঙ্গে চব্বিশ ঘণ্টা থাকতে হবে, এই বয়সে মানুষটির প্রয়োজনে বিছানায় বিবস্ত্র হতে হবে ভাবতেই কীরকম শীতল হয়ে যাচ্ছিল শরীর। আর এই সময়, মাত্র মাস খানেক আগে বিয়ের কথা উঠল। দিশা মুখ নিচু করেছিল, এই তো ভালো, ভালো না?
তার মানে? চোখ কপালে তুলেছিল রঞ্জন! তুমি কি আমার সঙ্গে বাকি জীবন থাকতে চাও না?
মাথা নেড়েছিল সম্মতিতে, কিন্তু মুখে কিছু বলেনি দিশা।
রঞ্জন গলা নামিয়েছিল, কি ব্যাপার বলো তো?
আমায় ভয় করে।
ভয়, কেন?
যদি বিয়েটা ভেঙে যায়। এই বয়সে বিয়ে করার পর সেটা হলে মুখ দেখাতে পারব না। মাথা নাড়ল দিশা, যেন ভবিষ্যতে যেটা ঘটবে সেটা চোখের সামনে দেখতে পেল।
রঞ্জন অবাক। বলল, আমার মধ্যে কি এমন কিছু দেখেছ যে মনে হচ্ছে বিয়ে ভেঙে যাবে?
দূর! তা না। আসলে নিজেকে ভয় করে।
কথাগুলো দিশা বললেও দেখাশোনা বন্ধ হল না। সপ্তাহে অন্তত চারদিন দেখা না করলে বুকে। ভার জমে। যে দিন দেখা হওয়ার কথা সে দিন সকালে ঘুম ভাঙতেই অদ্ভুত ভালোলাগা ছড়িয়ে পড়ে মনে।
শেষপর্যন্ত সে জিজ্ঞাসা করেই ফেলল, তোমার এমন হয়?
হুঁ। হয়। রঞ্জন মাথা নেড়েছিল।
শেষপর্যন্ত ওরা সিদ্ধান্তে এল, একসঙ্গে থাকবে। দুজন পুর্ণবয়স্ক মানুষ একসঙ্গে থাকতে গেলে বিয়ে করতেই হবে তার কোনও মানে নেই। বিয়ে করার পর স্বামী-স্ত্রীরা খেয়োখেয়ি করেও একসঙ্গে থাকছে, পরস্পরের প্রতি অবিশ্বাস, সন্দেহ নিয়েও বিয়ের বাঁধনটাকে ছিঁড়তে পারছে না, এরকম দৃষ্টান্ত চারপাশে ছড়িয়ে। সে দিন একটা কাগজে সমীক্ষা পড়েছিল, আশি শতাংশ। দম্পতির সম্পর্ক সুখের নয়। বিয়ে না করে একসঙ্গে থেকে যদি সেই পরিস্থিতি তৈরি হয় তাহলে বন্ধুত্ব রেখেই আলাদা হওয়া যেতে পারে। এখন তো বিবাহ বহির্ভূত একসঙ্গে থাকাকে আইন। স্বীকৃত দিয়েছে। বিচ্ছেদের জন্য তো কোর্টে যেতে হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে দুজনের কেচ্ছা শোনাতে হবে না।
কিন্তু আত্মীয়স্বজন? দিশার মনে তখনও অস্বস্তি।
কৈফিয়ত দেওয়ার দরকার কি?
প্রশ্নের মুখ কি দিয়ে চাপা দেব?
বলবে আমরা ভালোবেসে একসঙ্গে থাকছি।
যদি না থাকতে পারি, তাহলে তো হাসাহাসির পাত্র হব।
তা হব। হয়তো ওদের সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পাব না।
না পাই, ও নিয়ে আমি মোটেই ভাবিত নই। আচ্ছা, যদি বলি বিয়ে করেছি, রেজিস্ট্রি করেছি। তাহলে সব মুখ বন্ধ হয়ে যাবে।
মিথ্যে কথা?
যুধিষ্ঠিরও বলেছিলেন। দিশা বলল, লোকে জানুক কিন্তু ছাড়াছাড়ি যদি হয় তাহলে তো উকিলের কাছে ছুটতে হবে না। তাই না?
কিন্তু তুমি যদি প্রথম থেকেই কু গাও–।
কু গাই মানে?
ওই যে এখনও একসঙ্গে থাকলাম না, আর তুমি ছাড়াছাড়ির কথা ভাবছ! এত বেশি ভাবলে তো সত্যি হয়ে যেতে পারে। রঞ্জন বলেছিল।
না। উলটো। ভাবছি বলেই ওটা যাতে সত্যি না হয় তার জন্যে সতর্ক থাকব আমরা। বিয়ের মন্ত্রের চেয়ে বিয়ে না করে থাকার অঙ্গীকারে অনেক বেশি দায়িত্ব এসে যায়। তাই না? দিশা সহজ হয়েছিল।
সিদ্ধান্ত নেওয়ামাত্রই তো কার্যকর করা যায় না। রঞ্জনের পক্ষে ছোট ভাই এবং তার স্ত্রীকে জানাতে সময় লাগল। জানার পর স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। এত দিন পরে দাদা বিয়ে করছে, পাত্রীটি তাদের অপরিচিতা, শাস্ত্র মেনে বিয়ে হবে না, এবং বিয়ের পর দাদা বউদি এ-বাড়িতে থাকবে না। তারা যে উপেক্ষিত এতে মনে ক্ষুণ্ণভাব এলেও ওরা যে এই। বাড়িতে থাকছে না তাতে এক ধরনের স্বস্তি এল। একটু দূরের আত্মীয়রা আশা করল, একটা উৎসবের আয়োজন করা হবে এবং সেখানেই তাঁরা স্বীকৃতি দেবেন। রঞ্জন জানিয়ে দিল, কোনও উৎসব করা হচ্ছে না। সবাই ভাবল বেশি বয়সের বিয়ে বলে রঞ্জন লজ্জা পাচ্ছে।
দিশা অবশ্য তেমন কোনও প্রশ্নের সামনে পড়েনি। দীর্ঘকাল একা থাকার ফলে সিউড়ির বাড়ির সঙ্গে সম্পর্ক তো শিথিল হয়েই এসেছিল। ভাইরা রোজগার শুরু না করা পর্যন্ত সে টাকা পাঠিয়ে দিয়েছে প্রতি মাসে। তখন বাড়ি গেলে যে আদরযত্ন পেত, ওরা প্রতিষ্ঠিত হওয়ার পর টাকা পাঠানো বন্ধ করলে সেটা দ্রুত কমে গেল। সে বিয়ে করবে না, বাকি জীবন একা থাকবে, এরকমটাই ধরে নিয়েছিল সবাই। অতএব ওরা যখন দিশার চিঠিতে ব্যাপারটা জানতে পারল তখন চুপচাপ মেনে নিল। ছোট ভাই জানত দিশার প্রভিডেন্ট ফান্ডের নমিনি হিসেবে তার নাম আছে। দিদি কি সেটা বদলে দেবে? কৌতূহলটা সে প্রকাশ করতে পারল না।
রবিবারে গিয়েছিল রঞ্জন। বন্ধুর মায়ের সঙ্গে দেখা করে কাগজপত্র নিয়েছিল। ওই ফ্ল্যাটের টেলিফোন এবং ইলেকট্রিকের টাকা ওঁর ব্যাঙ্ক থেকেই দিয়ে দেওয়া হয়। প্রতিমাসে রঞ্জনকে সেই অ্যাকাউন্টে বিলের টাকা জামা দিতে হবে। কেয়ারটেকারকে ডেকে তিনি রঞ্জনের পরিচয় দিলেন আত্মীয় বলে। ওঁর অনুপস্থিতিতে রঞ্জন সস্ত্রীক এখানে থাকবে, ফ্ল্যাটে ঢোকার একটি চাবি তিনি রঞ্জনকে দিয়ে বললেন, অন্যটা আমার কাছে রইল।
আপনার ফ্লাইট কবে?কখন?
কেন? তুমি আমাকে দমদমে পৌঁছাতে যাবে নাকি?
আপনি যদি আপত্তি না করেন।
না-না। ও ব্যাপারে আমার কোনও অসুবিধে হয় না। তা ছাড়া তুমি তো তোমার বন্ধুর মায়ের খবর কোনওদিন নাওনি, এখন এসব করলে মনে হবে চক্ষুলজ্জায় করছ। ভদ্রমহিলা বলেছিলেন।
দিন ঠিক হল। মাসের প্রথম তারিখেই ওরা নতুন জীবন শুরু করবে। তবে দু-জনে আলাদা ভাবে ওই বাড়িতে যাওয়া ঠিক নয়। ওরা যে বিবাহিত নয় তা প্রচার করে লাভ কি! অতএব রঞ্জন ট্যাক্সি নি