Home
তবু জীবন অগাধ

তবু জীবন অগাধ

সমরেশ মজুমদার

তবু জীবন অগাধ

সমরেশ মজুমদার
short story

Change color


তুমি ভুল বুঝলেই নিশ্বাস ভারী হয়।


বারোতলা বাড়ির এগারোতলার ফ্ল্যাটে বসে ঠিক দুপুরবেলায় এই লাইনটা লিখে ফেলল কল্পন। তার টেবিলের সামনে একটা বড় জানলা। চিলগুলো পাক খাচ্ছে জানলার বাইরে। মেঘগুলো বড় কাছে কিন্তু কাছাকাছি নয়। হলে ভালো লাগত না, যে মেঘের শরীর জলে ভেজা নয় তাদের সাহারায় চলে যাওয়া উচিত।


এখন দুপুর। ফ্ল্যাটে কেউ নেই। কল্পন অবাক হয়ে লেখাটার দিকে তাকিয়ে থাকল। সে কবিতা লেখে না। বাংলা গল্প-উপন্যাস পড়ে না। বাবা বলেন, ওগুলো ট্র্যাশ। ইংরেজিতে প্রকাশিত পৃথিবীর যাবতীয় সিরিয়াস লেখা নিয়মিত পড়ে বাবা। এ বাড়িতে কোনও বাংলা বই নেই।


মায়ের পড়ার অভ্যেস নেই। কাজ না থাকলে মা টিভির সামনে বসে থাকে। মায়ের প্রিয় চ্যানেল এম। মা কখনও নাচত কিনা কম্পন জানে না, কিন্তু অনবরত শরীর বেঁকিয়ে এবং দেখিয়ে। মেয়েগুলো লাফিয়ে গান গেয়ে যাচ্ছে, মায়ের দেখতে ভালো লাগে। যেদিন টি-এন-টি-তে ছবির বদলে বিকট চেহারার কুস্তিগিররা কুস্তির অভিনয় করে সেদিন মায়ের খুব ভালো কাটে।



কল্পন পড়াশুনা করেছে সেন্ট জেভিয়ার্সে, স্কুল এবং কলেজে। সে ইংরেজিটা ভালো বলে। ওইটেই তার অনার্সের বিষয়। পার্ট ওয়ানে ফার্স্ট ক্লাস ছিল বলে সবাই জেনে নিয়েছে। ফাইনালেও থাকবে। এরপর কল্পন কী করবে তাই নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই তর্ক চলে। বাবা তাকে লন্ডনে পাঠাতে চায় মা আমেরিকায়। ওর কোনও ভাইবোন নেই।


তুমি ভুল বুঝলেই নিশ্বাস ভারী হয়।


আচ্ছা, এটা কি বাংলা কবিতার লাইন হয়েছে? কল্পন তাকিয়ে দেখল চিলগুলো সামনের আকাশে নেই। সে অপেক্ষা করল। এখনই টানটান ডানায় ভেসে ফিরে আসবে ওরা। এক, দুই অনেক মুহূর্ত গেল, ওরা ফিরল না। অস্বস্তি হল। কল্পন চেয়ার ছেড়ে উঠে জানলায় গেল। সারা আকাশে একটাও চিল নেই। এই নগ্ন আকাশ দেখতে কুৎসিত লাগল। নিশ্বাস ভারী হল। সঙ্গে সঙ্গে সে ছুটে এল টেবিলে। লাইনটা পড়ল।


কাকে জিজ্ঞাসা করা যায়? ওর কলেজের বন্ধুদের মধ্যে খুব কাছাকাছি সন্দীপ। টেলিফোন পেয়েই সন্দীপ বলল, কী ব্যাপার?


শোনো। তুমি ভুল বুঝলেই নিশ্বাস ভারী হয়, এটাকে বাংলা কবিতার লাইন বলা যেতে পারে?



হয়তো। সন্দীপ একটু অবাক হল যেন।


তার মানে তুই জানিস না?


ইন ফ্যাক্ট ব্যাপারটা খুব সিলি লাগছে।


সিলি?


এখন ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না।


কেন?


প্রেম এখন অনেক আধুনিক হয়ে গেছে। ইনিয়ে-বিনিয়ে বলার দিন শেষ। ওর পেছনে কেউ সময় নষ্ট করে না।


সে কি রে? কয়েকদিন আগে টেলিগ্রাফে পড়লাম একটি ছেলে আত্মহত্যা করেছে কারণ তার প্রেমিকা তাকে রিফিউজ করেছিল।



দ্যাখ, উজবুকটা নিশ্চয়ই বাংলা উপন্যাস পড়ত। বাই!


মাথা নাড়ল কল্পন। সন্দীপকে ফোন করা ভুল হয়েছে। বাবার সঙ্গে ওর কোনও ফারাক নেই। সল বেলো পড়ে পাগল হয়ে গিয়েছিল।


খুব অস্বস্তি হচ্ছিল কল্পনের। একজন কবিকে যদি পাওয়া যেত তা হলে সে জিজ্ঞাসা করত। লাইনটায় কবিতা আছে কিনা। কিন্তু বাংলা ভাষায় যাঁরা কবিতা লেখেন তাঁদের নাম বা টেলি নম্বর তার জানা নেই।


জিনসের ওপর ফতুয়াটা চাপিয়ে চাবি নিয়ে ফ্ল্যাট থেকে বের হল কল্পন। যে-কোনও বাংলা বই এর দোকানে যেতে হবে তাকে।


এগারোতলা থেকে নামতেই সে মহিলাকে দেখতে পেল। এই বাড়িতেই থাকেন। বেশ মিষ্টি দেখতে। ছেলেবেলা থেকে এঁকে দেখছে সে। কিন্তু তার বেশি সম্পর্ক হয়নি। মা পছন্দ করে না ঘনিষ্ঠতায়।


মহিলা হাসলেন, ভালো?



কল্পন মাথা নাড়ল, হ্যাঁ।


তুমি যেন কী পড়ছ?


পার্ট টু দিয়েছি।


আ-চ-ছা! মহিলার চোখ বড় হল।


সঙ্গে-সঙ্গে প্রশ্নটা করে ফেলল কল্পন, আচ্ছা, আপনি বাংলা কবিতা, গল্প পড়েন?


নিশ্চয়ই। রোজ বই না পড়লে আমার ঘুম হয় না।


বাংলা বই?


হ্যাঁ, কেন বলো তো?



আপনি আমাকে একটু হেল্প করবেন?বাংলা ভাষায় এখনকার দুজন বড় কবির নাম এবং ফোন নাম্বার দিতে পারবেন?


ফোন নাম্বার তো জানি না, ওঁদের বই দিতে পারি। তুমি আসবে?


খুশি হয়ে মাথানাড়ল কল্পন।


চাবি ঘুরিয়ে দরজা খুলে ভদ্রমহিলা বললেন, এ ঘরে এসো।


পাশের ঘরে ঢুকে অবাক হয়ে গেল কল্পন, দেওয়াল জুড়ে স্টিলের ফ্রেমে বাংলা বই সাজানো। ভদ্রমহিলা বললেন, ওগুলো মেজর উপন্যাস, মাঝখানে গল্প, এপাশে কিছু প্রবন্ধ আর ক্লাসিক বই আর এদিকে কবিতা।


ক্লাসিক বই?


হ্যাঁ। রামায়ণ, মহাভারত, বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র–তুমি পড়োনি?


মাথা নাড়ল কল্পন, না। বাংলা বই আমাদের বাড়িতে নেই।



তুমি কী পড়ো? ইংরেজি?


হ্যাঁ।


তাহলে বাংলা কবিতার খোঁজ করছ কেন?


কবিতার খোঁজ করছি না। কবির সঙ্গে কথা বলতে চাই।


ভদ্রমহিলা অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কল্পন এখন যুবক কিন্তু তার মুখে কিশোরের সারল্য থেকে গেছে। তিনি একটা বই বের করলেন, রবীন্দ্রনাথ ছাড়া যাঁকে আধুনিক বাংলা কবিতার জনক বলা হয় তাঁর নাম জীবনানন্দ দাশ। এঁর শ্রেষ্ঠ কবিতা পড়লেই তুমি কিছুটা আন্দাজ পাবে!


এঁর টেলিফোন নাম্বার পাওয়া যাবে না?


ইনি অনেককাল আগে মারা গিয়েছেন।



ও। যাঁরা বেঁচে আছেন–। শেষ করল না কল্পন।


সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামীরা আছেন। এঁদের বই-এর প্রকাশকরা। নিশ্চয়ই টেলিফোন নাম্বার দিতে পারবেন। কিন্তু বাংলা না পড়ে বাঙালি কবির সঙ্গে কথা বলতে চাইছ কেন? কিছু দরকার? ভদ্রমহিলার গলায় বিস্ময় স্পষ্ট।


আসলে, মানে, আমি কখনও লেখার কথা ভাবিনি। এখন ছুটি। ফ্ল্যাটে একা ছিলাম। হঠাৎ একটা লাইন লিখে ফেললাম। মনে হল, কেউ যেন আমাকে দিয়ে লিখিয়ে নিল। তারপর থেকেই ভাবতে লাগলাম বাংলায় ওই লাইনটাকে কবিতা বলা যায় কি না? কল্পন খুব গম্ভীর ভঙ্গিতে কথাগুলো বলল।


কী লাইন লিখেছ?


আপনি হাসবেন। ব্যাপারটা হয়তো ছেলেমানুষি, পরিচিত কাউকে বলতে চাইনি। যে কখনও সাঁতার শেখেনি সে কী করে সাঁতার কাটবে?


তা তো ঠিকই। সব কিছুই শিখতে হয়, অনুশীলন করতে হয়। তোমার কাছে ইংরেজি থেকে বাংলা শব্দের অভিধান আছে? অথবা বাংলা থেকে ইংরেজির?



অভিধান?


ডিকশনারি।


ওঃ। না, নেই। স্কুলে আমার বাংলা বই ছিল না, হিন্দি পড়েছি।


তাহলে তোমার পক্ষে বাংলা লেখা সম্ভব নয়। তবু কথা দিচ্ছি হাসব না। কী লিখেছ শুনি। মহিলা সিরিয়াস ভঙ্গি করলেন।


কল্পন লাইনটা ভাবতে-ভাবতে দেখল মহিলা চোখ বন্ধ করলেন। সে আবৃত্তির মতো উচ্চারণ করল, তুমি ভুল বুঝলেই নিশ্বাস ভারী হয়।


কল্পন দেখল লাইনটা শোনামাত্রই মহিলার মুখের রং পলকের জন্যে বদলে গেল। অপূর্ব এক আলো খেলা করে গেল ওঁর গালে, ঠোঁটে, চিবুকে। চোখ খুললেন তিনি, এই লাইন তুমি। লিখেছ?


হ্যাঁ।



এর পরের লাইন কী?


তারপর কিছু ভাবিনি।


খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এইরকম ইংরেজি কবিতা কিছু পড়েছ?


না তো!


এই তুমিটা কে? কার কথা ভাবলে তোমার নিশ্বাস ভারী হয়?


কাউকে ভেবে লিখিনি তো!


তোমার কোনও গার্লফ্রেন্ড নেই?


না।



ভদ্রমহিলা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা আর দুটো অভিধান কল্পনকে দিয়ে বললেন, খুব ভালো লাগল। কিন্তু কবিতাটা শেষ করতে হবে তোমাকে। আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব।


নিজেদের ফ্ল্যাটে চলে এল কল্পন। টেবিলে বসতেই সে চিলটাকে দেখতে পেল। একলা একটা চিল টানটান ডানা মেলে মেঘেদের শরীর ছুঁয়ে যেন সাঁতার কেটে চলেছে। ওর সঙ্গীরা কোথায়?


কবিতা কী এ-জিজ্ঞাসার কোনও আবছা উত্তর দেওয়ার আগে এটুকু অন্তত স্পষ্টভাবে বলতে পারা যায় যে কবিতা অনেকরকম।


বই-এর শুরুতেই লাইনটা পড়ে কল্পনের মনে হল এমন সরল কবিতার ব্যাখ্যা কোনও ইংরেজি প্রবন্ধে পড়েনি সে। কিন্তু প্রথম কবিতা, যার শিরোনাম নীলিমা, পড়তে গিয়ে হোঁচট খেল সে। আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা লাইনটার অর্থ বোধগম্য হল না তার। এমন কঠিন বাংলা শব্দ সে কখনও শোনেনি। কষ্ট হল। যাঁরা কবিতা লেখনে এবং পড়েন তাঁরা নিশ্চয়ই খুব পণ্ডিত মানুষ। পাতা ওলটাল সে। হঠাৎই শরীরে বিদ্যুংছড়িয়ে গেল। যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ–কোনও সাধ নাই তার ফসলের তরে। উত্তেজিত অবস্থায়। অভিধান খুলল সে। অনুমানে যেটা ধরেছে সেটা যাচাই করতে গিয়ে খুশি হল। শিয়রে শব্দটা বড় কাছের হয়ে গেল। নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার। চোখের সামনে যেন ছবিটা আঁকা হয়ে গেল।



ঠিক-ঠিক। প্রথমটা যদি পণ্ডিতের, দ্বিতীয়টা তাহলে যার অনুভব করার ক্ষমতা আছে তার। কবিতা রসেরই ব্যাপার, কিন্তু এক ধরনের উৎকৃষ্ট চিত্তের বিশেষ সব অভিজ্ঞতা ও চেতনার জিনিস–শুদ্ধ কল্পনা বা একান্ত বুদ্ধির রস নয়।অভিধান খুলে উৎকৃষ্ট শব্দের মানে দেখল কল্পন।


চোখ তুলতেই কল্পন দেখতে পেল উড়তে উড়তে চিলটা জানালার বেশ কাছাকাছি চলে এসেছে। কখনও-সখনও ওদের বারোতলার কার্নিশে বসে থাকতে দেখা যায়। ওর সঙ্গীরা কী ক্লান্ত হয়ে কোনও কার্নিশে বিশ্রাম নিচ্ছে! হঠাৎই ডেকে উঠল পাখিটা, উড়তে-উড়তে ডাকল। চিলের ডাক বড় কর্কশ শোনায়।


পাতা ওলটাতে-ওলটাতে কবিতাটা চোখ কেড়ে নিল। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে/তুমি আর কেঁদোনাকো উড়ে-উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। বাঃ, সমস্ত পৃথিবীটা যেন আলোকিত হল। একেবারে ওই চিলটাকে নিয়ে লিখেছেন কবি। তাহলে একটু আগে যে ডাকটা সে শুনতে পেয়েছিল সেটা ডাক নয়, কান্না? তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে।


বেতের ফল কীরকম দেখতে?কল্পন পাশের ঘরে গিয়ে কর্ডলেসের বোতাম টিপল, সন্দীপ, তুই বেতের ফল দেখেছিস?


না। কেন?


ঠিক আছে। লাইনটা কেটে দিয়ে দ্বিতীয় নাম্বার টিপল সে। বাবার টেলিফোন বেজে চলেছে। অর্থাৎ ভদ্রলোক এখন তাঁর ঘরে নেই। তৃতীয় নাম্বার টিপে নাম বলতেই মাকে পেল কল্পন, মা, বাই এনি চান্স তুমি বেতের ফল দেখেছ?


হোয়াট?কী ফল?


বেত। কেন?


কোনও ইংরেজি উপন্যাসে পেয়েছ বোধ হয়। ওসব আফ্রিকানরা খায়। বাই!


ঠোঁট কামড়াল কঙ্কন। তারপর বই-এর পাতা উলটে প্রকাশকের নাম ঠিকানা দেখল।


নাভানা, সাতচল্লিশ গণেশ অ্যাভিনিউ। টেলিফোন গাইড খুঁজে কোনও হদিশ পেল না সে। তারপরেই খেয়াল হল। নিউ মার্কেটের যে দোকান থেকে মা ফলটল কেনে তারা বলতে পারে। বাবা একবার বলেছিল নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে চাইলে বাঘের দুধও পাওয়া যায়।


লিন্ডসে স্ট্রিট দিয়ে ঢুকে সেই দোকানে পৌঁছাতে সময় লাগল না। এখন পড়ন্ত দুপুর বলে ভিড় শুরু হয়নি। দোকানদার তাকে বেশ কয়েকবার দেখেছে মায়ের সঙ্গে আসতে। জিজ্ঞাসা করল, কী চাই বাবু?


বেতের ফল।


বেতের ফল? আমার কাছে নেই।


কোথায় পাব?


কেউ রাখে বলে শুনিনি।


কীরকম দেখতে হয় জানেন?


আমি তো কখনও দেখিনি।


আশ্চর্য! বিড়বিড় করল কল্পন।


আচ্ছা, আপনি বেতের ফল খুঁজছেন কেন?


প্রশ্নটা পাশ থেকে আসতেই

**********
No Review
Related Books
Loading books…