পুণাতে আমার বাড়ির সামনে রাস্তার ওপারে একটা বড় গোছের মাঠ আছে। এবড়োখেবড়ো খানাখন্দ-ভরা মাঠ; বর্ষাকালে যখন মাঠে কচি সবুজ ঘাস গজায় এবং খানাখন্দ জলে ভরে ওঠে, তখন একটা ছেলে একপাল মোষ নিয়ে এখানে চরাতে আসে।
হাতির মতো প্রকাণ্ড দশ-বারোটা মোষ। যে-ছেলেটা চরাতে আসে তার গায়ের রঙ মোষের মতোই কালো। তার শরীরের খাড়াই দেড় হাত, কোমরে ঘুন্সি ছাড়া লজ্জা নিবারণের আর কোনও উপকরণ নেই, হাতে প...