Home
জ্যোৎস্নাময়ী

জ্যোৎস্নাময়ী

সমরেশ বসু

জ্যোৎস্নাময়ী

সমরেশ বসু
short story

Posted byশেষ পৃষ্ঠা01-Mar-2025

Change color

প্রিয়লাল মুস্তফির বাড়িতে যেন আনন্দের ঝড় বইতে লাগল। বস্তুত এ আনন্দের ঝড়ের সূচনা করেছিল মহীতোষের চিঠি, পাবার দিন থেকেই। এক মাস আগে মহীতোষ, তারিখ দিনক্ষণ জানিয়ে, হামবুর্গ থেকে, বাবা প্রিয়লালকে চিঠি লিখেছিল, ও কলকাতায় আসছে। সেই চিঠিতেই মহীতোষ ওর ভীষ্মের প্রতিজ্ঞাভঙ্গের সংবাদটা জানিয়েছিল। লিখেছিল, ভেবে দেখলুম, মানব-জন্ম সত্যি দুর্লভ। কথাটা একদিন তোমার মুখ থেকেই শুনেছিলুম। তখন মনে মনে সত্যি হেসেছিলুম। বিশ্বে কয়েকশো কোটি মানুষ যদি সত্যি ভাবতে আরম্ভ করে, মানব জন্ম দুর্লভ, তা হলে তো সেটা একটা সমস্যা। আর মানব-জন্ম যদি দুর্লভই জ্ঞান করি, তার জন্যে বিয়ে করাটা কোনও অনিবার্য বিষয় নয়। তোমাদের–অর্থাৎ তোমার, মায়ের, অন্তু আর নীতুর মনে নানা রকম সন্দেহও ছিল, দীর্ঘকাল বিলেতে বাস করে আমি বোধ হয় কোনও শ্বেতাঙ্গিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছি। কথাটা লিখলুম, কারণ তোমার আর মায়ের কোনও কোনও চিঠিতে সে আভাস ছিল। সে রকম ঘটলে তোমাদের জানাতুম নিশ্চয়ই। তোমরা আমাকে সে রকম শিক্ষা দাওনি। আসলে এত কাল আমার বোধ হয় সাহসের অভাব ছিল। আর সেটার কারণও বোধ হয় এই প্রবাসী জীবনযাপন। ভুলেই গিয়েছিলুম, আমাদের সমাজ পরিবার বিয়ে ব্যাপারটার সঙ্গে এ দেশের কোনও মিল নেই। জার্মানদের ওপর আমার কোনও বিদ্বেষ নেই। কিন্তু এদের দাম্পত্য জীবন–বিশেষ করে এই জেনারেশনের যা চেহারা দেখছি, তাতে বীতশ্রদ্ধ বোধ। করছি। আমার মনের সেই বীতশ্রদ্ধ ভাবটাই আমার সাহসের অভাব কি না জানিনে। অথচ অন্তু আমার ছোট ভাই হয়েও, অনায়াসেই প্রেম করে সুনীতাকে বিয়ে করে নিয়ে এল। যাই হোক, অনেক আজেবাজে কথা লিখে ফেললুম। এ বার আসল কথাটা বলে ফেলি। আমি মন স্থির করে ফেলেছি, বিয়ে করব। যদিও চল্লিশ বছর পার করে দিয়েছি। তোমার মা’র অনেক অনুরোধ উপরোধ সত্ত্বেও, প্রত্যাখ্যান করেছি। তোমাদের মনে কষ্ট দিয়েছি। তোমরা আমার বিয়ের আশা ছেড়েই দিয়েছ। অনেক মেয়ের সঙ্গে সম্বন্ধ করেছ। কলকাতায় গেলে অনেক মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছ, ফটো দেখিয়েছ। উদ্দেশ্য গোপন করোনি। আমি এত কাল বাধা দিয়ে এসেছি। এ বার স্থির করেছি, বিয়ে করব। আমি দু মাসের ছুটি নিয়ে যাচ্ছি। তোমরা প্রস্তুত হও। শুধু একটা অনুরোধ, যে-মেয়ের সঙ্গেই সম্বন্ধ কর, তার সঙ্গে আগে আমাকে আলাপ করিয়ে দিয়ো। বুঝতেই পারছ, বয়স হয়ে গিয়েছে। যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, সে যেন কোনও ক্রমেই নিজেকে বঞ্চিত না ভাবে, সে যেন আমাকে বুঝতে পারে, আমিও যেন তাকে খানিকটা বুঝতে পারি, যাকে বলে পরস্পরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, সেই জন্যই তার সঙ্গে আমার আলাপ পরিচয় কথাবার্তা হওয়া উচিত। রূপের কথা তুলব না, কিন্তু বয়স যেন তিরিশের কম না হয়।


বাবা তোমার মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ আমি কেন এ সিদ্ধান্ত নিলুম। হ্যাঁ, হঠাৎই এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার সহকর্মী ছিল একটি বাংলাদেশের ছেলে। নাম জাহাঙ্গীর। আমার থেকে বয়সে অনেক ছোট। ভারী সুন্দর ছেলে, খাঁটি বাঙালি। জাহাঙ্গীর ছিল অত্যন্ত হাসি খুশি, দেখলেই মনে হত একটি তরতাজা ফুলের মতো ছেলে। বিয়ে করেনি। কিন্তু বিয়ের কথাবার্তা সব পাকা হয়ে গিয়েছিল। যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল, সে মেয়েটি ওর চেনা। মেয়েটি থাকে ঢাকায়। নাম আয়েশা। জাহাঙ্গীর রোজ এক বার করে আমাকে ওর আয়েশার কথা শোনাত। আয়েশাকে বিয়ে করে নিয়ে আসবে, সেই সুখী জীবনের স্বপ্ন দেখত ও। আমাকে বলত। আমাকে মহীদা বলে ডাকত। নেশা ভাং কিছুই করত, ধূমপান ছাড়া। এখানে মেয়েদের সঙ্গে ওকে কখনও তেমন মেলামেশা করতে দেখিনি। ও আয়েশার স্বপ্নেই ভোর হয়েছিল। হঠাৎ সেই জাহাঙ্গীর সেরিব্রাল থ্রম্বোসিস হয়ে মারা গেল। মৃত্যুর আগে জাহাঙ্গীর আমাকে একটা কথাই মাত্র বলেছিল, মহীদা, জীবনটা বড় ছোট।জাহাঙ্গীর আমার চোখের সামনে থেকে, আমার বুকের অন্ধকার থেকে যেন একটা কালো পরদা সরিয়ে দিয়ে গেল। জীবনকে আমি নতুন চোখে দেখলাম। অথচ এ কথাটা আগেও অনেক বার অনেক রকম করে শুনেছি। কিন্তু অনিবার্য মৃত্যুর গ্রাসে যে চলে যাচ্ছে, এমন মানুষের মুখ থেকে কখনও শুনিনি। সেই জন্যেই বোধ হয় কথাটা আমার জীবনে নতুন অর্থ বহন করে নিয়ে এসেছে। জাহাঙ্গীরের শেষ কথার মধ্যেই, তোমার সেই কথাটারই প্রতিধ্বনি যেন শুনতে পেলাম, মানব জন্ম দুর্লভ। তখনই সিদ্ধান্ত নিলাম, আমি বিয়ে করব। মানুষের চিরকালের প্রার্থনা তো পূর্ণতা। বিয়ে সেই পূর্ণতারই একটি অংশ, জাহাঙ্গীর আমাকে সেটাও বুঝিয়ে দিয়ে গিয়েছে…।

.

মহীতোষের রোজনামচা:

১৭ ডিসেম্বর: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান উড়ে চলেছে অনেক ওপর দিয়ে। আর ঘণ্টা তিনেক পরেই দমদম এয়ারপোর্টে পৌঁছে যাব। আশা করছি বাড়ির সবাইকেই সেখানে দেখতে পাব। আমাদের সংসার তেমন বড় নয়। বাবা, মা, ছোট ভাই অন্তু, অন্তুর স্ত্রী অনীতা আর একমাত্র বোন নীতু। ওর এখনও বিয়ে হয়নি।

মাসখানেক আগে বাবাকে যে চিঠি লিখেছিলুম, তার জবাবও পেয়ে গিয়েছি। বেশ অনুমান করতে পারছি, আমার বিয়ের সিদ্ধান্তের কথা জানানোর চিঠি পেয়েই বাড়িতে একটা উৎসবের সাড়া পড়ে গিয়েছে। স্বাভাবিক। আমার এখন চুয়াল্লিশ বছর বয়স চলছে। এঞ্জিনিয়ারিং পাশ করেছিলুম ভাল ভাবে। কিছুকাল কলকাতায় একটা চাকরি করেছিলুম বছর দুয়েকের জন্য। মাইনে পেতুম সামান্য। বাবা একজন জাঁদরেল আইনজীবী। এখন আর তার জীবিকা অ্যাডভোকেটের নয়। হাইকোর্টের একজন জজ। এঞ্জিনিয়ারিং পাশ করে প্রথম চাকরি পাবার পরেই মা আমার বিয়ের কথা তুলেছিলেন। আমি তো আপত্তি করেছিলুমই, বাবাও আপত্তি করেছিলেন আমার বয়স আর অর্থোপার্জনের কথা ভেবে। তিনি ভেবেছিলেন, আমি চাকরিতে আরও উন্নতি করলে বিয়ে দেবেন। দু বছর চাকরির পরে, আমি যখন হামবুর্গে চাকরি নিয়ে চলে যাই, বাবা তখনই আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন। আমি নানান অছিলায় বিয়ে করিনি।

বিয়ে না করার কারণ আমাদের পরিবারে বরাবর অজ্ঞাত থেকে গিয়েছে। আমি একটি মেয়েকে ভালবাসতুম। যাকে বলে প্রেমে পড়া, তাই ঘটেছিল আমার জীবনে। কিন্তু জীবন বড় বিচিত্র। আমি প্রেমে পড়েছিলুম আমার এক বন্ধুপত্নীর সঙ্গে। যদি কোনও অবিবাহিতা মেয়ের সঙ্গে প্রেম হত, তা হলে এত কালে আমার বিয়ে হয়ে যেত। ছেলেমেয়েও নিশ্চয়ই হত। তা হয়নি। আমার বন্ধু হীরক, একসঙ্গেই আমার সঙ্গে এঞ্জিনিয়ারিং পাশ করেছিল। পুরো নাম হীরক কুণ্ডু। ওদের আদি নিবাস ছিল যশোহরে। বৈষ্ণব পরিবার, পেশায় আত্যন্তিক ব্যবসায়ী। পরিবারটিকে ঠিক রক্ষণশীল বলা চলে না। কিন্তু ছেলেমেয়েদের বিয়ে অল্প বয়সেই হত। হীরক এঞ্জিনিয়ারিং পাশ করার তিন মাসের মধ্যে ওর বিয়ে হয়েছিল। অর্থোপার্জনের জন্য ছেলের বিয়ে ওদের পরিবারে আটকায় না। ছেলে এঞ্জিনিয়ারিং পাশ করেছে, সেটাই যথেষ্ট। অর্থের অভাব ছিল না। ছেলে কবে চাকরি কিংবা ব্যবসা করবে, তার জন্যে বিয়ে মুলতুবি রাখার কোনও প্রশ্নই ছিল না। ওর বিয়ে হয়েছিল এক পাঁচ পুরুষের অবাঙালি শেঠ পরিবারে। ওর শ্বশুরবাড়ির লোকেরা পুরোমাত্রায় বাঙালি হয়ে গিয়েছিল। ব্যবসায়ী পরিবার বটে, কিন্তু শেঠ পরিবারটি ছিল শিক্ষিত, উদার। যথার্থ আধুনিকতা বলতে যা বোঝায়, পরিবারে ছিল সেই আবহাওয়া। বাঙালি সংস্কৃতির সঙ্গে গড়ে উঠেছিল অচ্ছেদ্য সম্পর্ক। শিক্ষা সংগীত শিল্পচর্চা সবই ছিল সেই পরিবারে। সেই পরিবারের মেয়ে চন্দ্রা তখন সবে মাত্র ইংরেজিতে অনার্স নিয়ে বি.এ. পাশ করে কলকাতায় য়ুনিভার্সিটিতে ভরতি হয়েছিল। বিয়ে হয়ে গেল হীরকের সঙ্গে। হীরকদের বাড়ি থেকে বলা হয়েছিল, পুত্রবধূকে তার পড়া চালিয়ে যেতে দেওয়া হবে। চন্দ্রারও বিয়েতে সম্মতি দেবার এই একটাই শর্ত ছিল।


হীরকদের বাড়ির কোনও বউ কখনও কলেজে য়ুনিভার্সিটিতে পড়েনি। হীরকের মা চন্দ্রার য়ুনিভার্সিটিতে পড়তে যাওয়ায় আপত্তি তুলেছিলেন। সে আপত্তি তেঁকেনি। হীরকের বাবার পূর্ণ সম্মতি ছিল। হীরকও মোটে আপত্তি করেনি। আমি হীরকের বিয়েতে বরযাত্রী গিয়েছিলুম। সন্ধ্যালয়ে বিয়ের পরে, আমি হীরকের বাসরঘরে গিয়েছিলুম। একলা না, গিয়েছিলুম কয়েকজন বন্ধু একসঙ্গে মিলেই। ছাদনাতলায় অন্যান্য ক্রিয়াকাণ্ড দেখিনি। চন্দ্রা ঘোমটায় মুখ ঢেকে বসেছিল না। সেই ওকে আমার প্রথম দেখা। ওরও। কনের বেশে ওকে খুবই সুন্দরী দেখাচ্ছিল। এমনিতেও চন্দ্রা সুন্দরীই।

আমি নাস্তিক মানুষ। দেবদ্বিজে ভক্তি ছিল না। অতএব অলৌকিকতায় আমার বিশ্বাস নেই। কিন্তু আমি জীবন-রহস্যে বিশ্বাসী। জীবনের কোনও ছক নেই। আমাদের মনগড়া বিশ্বাস, সৌন্দর্যবোধ ইত্যাদি ব্যাপারগুলোতেও আমার কোনও বিশ্বাস নেই। কেন না, সেই সব বিশ্বাসের সঙ্গে আমাদের জীবনযাত্রার কোনও মিল নেই। হীরকের বাসরঘরে, প্রথম যখন চন্দ্রার সঙ্গে আমার দৃষ্টিবিনিময় হয়েছিল, সেই মুহূর্তে কি অলক্ষ্যে থেকে কেউ হেসেছিল?

চন্দ্রার মুখে ছিল সলজ্জ শালীন হাসি। হীরক আমাদের সঙ্গে চন্দ্রার পরিচয় করিয়ে দিয়েছিল। এক বন্ধু বাধা দিয়ে বলেছিল, পরিচয়পর্বটা এখানেই সেরে ফেলছিস কেন হীরক। ওটা তোর বাড়িতে বউভাতের দিনে হবে। নাকি বউভাতে আমাদের ফাঁকি দিবি? হীরক বলেছিল, তা কেন? তোরা সামনে রয়েছিস, তাই পরিচয় করিয়ে দিলাম। চন্দ্রার বোন ও বান্ধবীরাও ছিল। চন্দ্রা তাদের সঙ্গেও আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল।

সেই বাসরঘরে দেখার পরে, বউভাতের দিন আবার দেখেছিলুম। কিন্তু আমি চন্দ্রার সম্পর্কে কিছুই ভাবিনি। বন্ধুর স্ত্রী, এই পর্যন্ত। আমার তখন অল্প আয়। ভাল কিছু উপহার দেবার মতো সঙ্গতি ছিল না। আমার একটি প্রিয় বই, টমাস মানের হোলি সিনার। বইটি দুজনের নামে লিখে দিয়েছিলুম। হোলি সিনার আমার প্রিয় এই অর্থে নয় যে উপন্যাসটিতে ঐশ্বরিক ভাবনা আছে। জীবন যে আমাদের বাস্তবতা বোধ থেকে কত অপ্রাকৃত হতে পারে, এবং মানুষের পাপ ও আত্মত্যাগের গভীরতা কোন পর্যায়ে যেতে পারে, হোলি সিনার আমাকে সেই বোধ দিয়েছিল।

তারপরে তো সবই ভুলে গিয়েছিলুম। হীরক চন্দ্রাকে নিয়ে কাশ্মীর কোথায় গিয়েছিল, খেয়াল নেই। আমি আমার চাকরি, আড্ডা ইত্যাদি নিয়ে দিন কাটাচ্ছিলুম। বেশির ভাগ দিনই, ছুটির পরে সেন্ট্রাল অ্যাভিন্যুর কফি হাউসে যেতুম। বন্ধুরাও আসত সেখানে। এমন কোনও বিষয় ছিল না, যা আমাদের আলোচনার অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু আমার মনে থাকত একটা কথা। জীবনে উন্নতি।

কফি হাউসে একদিন হীরক এল। বিয়ের প্রায় দু মাস পরে ওর সঙ্গে দেখা। বন্ধুরা হইচই করল। হীরকের পকেট খসানো হল ভাল ভাবেই। কফি হাউস থেকে বেরিয়ে হীরক আমাকে বলল, চন্দ্রা তোকে যেতে বলেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলুম, হঠাৎ? হীরক একটু মুচকি হেসে বলেছিল, কী জানি। এখনই বাড়ি গিয়ে কী করবি?

**********
No Review
Related Books
Loading books…