Home
চকমকি

চকমকি

সঞ্জীব চট্টোপাধ্যায়


সন্ধ্যাদির সঙ্গে আমার পরিচয় হবার কোনো কারণ ছিল না। একই অফিসে চাকরি করতাম। কিন্তু আমি বসতাম নীচের তলায়, সন্ধ্যাদি ছিলেন অনেক উপরে—এগারো তলায়। লম্বা অফিসঘরের একপাশে দরজা ঘেঁষে বসতেন ছোটো টেবিলের সামনে বিশাল চেহারা। তাঁর কাজ ছিল সারাদিন ধরে রাজ্যের চিঠি ইত্যাদি রিসিভ করা। তারপর মোড়ক খুলে খুলে সেই সমস্ত চিঠি ‘ডাক’ লেখা বিভিন্ন কভারে ভরে অফিসারদের ঘরে পাঠানো। এই প্রচন্ড একঘেয়ে কাজ তিনি এমন নিষ্ঠা এবং আগ্রহের সঙ্গে করতেন মনে হত সারা অফিসে এমন গুরুত্বপূর্ণ কাজ বুঝি আর দ্বিতীয় নেই। উপরের ওই লম্বা অফিসে আমি কালেভদ্রে যেতাম। নীচের তলায় গাদা ভিজিটারের সঙ্গে গালগল্প করে কিংবা ঝগড়াঝাঁটি করে আমার দিন বেশ মজায় কেটে যেত। জনসংযোগ মানেই মিষ্টি মিষ্টি কথা বলে লোক হঠানো। ধুলো পায়েই বিদায় করে দাও। নেহাত নাছোড়বান্দা না হলে উপরে কোনো লোককে তুলো না। বড়কর্তা ভীষণ ব্যস্ত, সারাদিন কনফারেন্স ফাইলবাজি, প্ল্যানিং, এর মাঝে উটকো লোক এসে বারে বারে বিরক্ত করলে মেজাজ রাখা যায় না। সারাদিন বকবক করার পর আর উপরে যাবার সময় থাকত না। দেউড়ির পাশে বসে সারাদিন দেউড়ি আগলে, দিনের শেষে টুপ করে কেটে পড়তাম। কে সন্ধ্যা, কে আরতি, এ সব খবর রাখবার আমার কোনো প্রয়োজন ছিল না। অবশ্য আসা ও যাওয়ার পথের ধারে বসে হঠাৎ কোনো চটকদার মহিলা নজরে পড়লে একটু খোঁজখবর করার প্রয়োজন হত, কোন ফ্লোরে কাজ করেন কার সঙ্গে ঘোরেন ইত্যাদি। এ কৌতূহল আর কিছুই নয়, বয়সের দোষ।



সন্ধ্যাদি সম্বন্ধে কারুর কোনো কৌতূহল ছিল না। ভগবান পৃথিবীতে এক ধরনের মহিলা পাঠান যাঁদের দিকে তাকালেই সন্ন্যাসী হয়ে যেতে ইচ্ছা করে। সন্ধ্যাদি ছিলেন সেই জাতের মহিলা। অনেকটা ফোল্ডিং জাপানি ছাতার মতো দেখতে। বেঁটেখাটো চৌকো চেহারা, দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান। প্রায় টেলিফোন-রিসিভারের মতো রং। অসম্ভব গম্ভীর একটি মুখ, সবসময়েই অপ্রসন্ন চোখে মোটা লেন্সের চশমা। সব মিলিয়ে এমন একটা এফেক্ট, মনে হয় একটু বেচাল হলেই বুঝি নিলডাউন করিয়ে দেবেন। কী দরকার বাবা অমন মহিলার কাছাকাছি গিয়ে বিপদ ডেকে আনার। নেহাত বিপদে না পড়লে না যাওয়াই ভালো।


হাতদশেক দূরে রবিবাবু বসতেন। তাঁর কাজ ছিল চিঠি ডেসপ্যাচ করা। সন্ধ্যাদির দাপটে রবিবাবুও নিষ্প্রভ হয়ে পড়েছিলেন। পৃথিবীর কোনও অফিসে এমন পালোয়ান, খিস্তিবাজ, পত্র ভেজনেবালে আর একটি আছেন কিনা সন্দেহ। আমরা মাঝে মাঝে রবিদার পাঠশালায় খিস্তি শিখতে আসতুম। রবিদা ছিলেন মহিলা-বিশেষজ্ঞ, যদিও নিজে ছিলেন অবিবাহিত। অমন চেহারার মানুষ কেন যে বিয়ে করেননি, অবাক কান্ড। আসলে উনি একটা হারেম রাখতেও পারতেন। অন্তত আমরা তাই বলাবলি করতুম। তার বদলে রবিদা যা করেছিলেন তা একটা মিনমিনে, ঘিনঘিনে ব্যাপারের পর্যায়ে পড়ে। অনেকটা দূরে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একটি ডাঁসা মেয়ে টাইপিস্ট বসত, সেই মাধুরীর সঙ্গে রবিদার একটা অ্যাফেয়ার ছিল। মেয়ের বয়সী মেয়ে, রেলে কাজ করে এমন একটি ছেলেকে বিয়ে করে বসে আছে, তার সঙ্গে রবিদার যে কি করে নটঘট হল! ব্যাপারটা ইনটারেস্টিং। অফিসে ভদ্রমহিলার নিদারুণ গম্ভীর মুখ দেখে মনে হত ভাজা মাছটি উলটে খেতে জানেন না। অথচ রবিদা এই কোণে বসে রসিয়ে রসিয়ে আমাদের মাধুরীর অ্যানাটমি বোঝাতেন। পরে আমাদের কে যেন বলেছিল পৃথিবীর তাবৎ মহিলার রবিদার কাছ থেকে কোনো ভয় ছিল না। বাজির মধ্যে যেমন ফুলঝুরি একেবারে ইনোসেন্ট যে কেউ জ্বালাতে পারে, পুরুষের মধ্যে তেমনি রবিদা, যে কোনো মহিলার ট্যাঁকে ঘুরতে পারেন। ব্যাপারটার সত্যি মিথ্যে জানি না তবে জনশ্রুতি কবে কোন যৌবনকালে রবিদা নাকি পালোয়ানী করে কোমরে বারবেলের চাকা বেঁধে ওয়েট লিফট করতে গিয়ে ঢোঁড়া সাপ হয়ে গেছেন। সমস্ত শক্তি এখন জিভের ডগায়। কত রকমভাবে খিস্তি করা যায় তা রবিদার ঢালাও টেবিলের ধারে না বসলে অজানাই থেকে যাবে। সেই রবিদা পর্যন্ত সন্ধ্যাদি আসায় প্রায় বোবা। এমন কোনো মহিলা ছিলেন না যিনি রবিদার পাশ দিয়ে চলে গেলে কোনো না কোনো মন্তব্য বের করে আনতেন। একমাত্র সন্ধ্যাদিই ব্যতিক্রম। ওই মহিলা সম্পর্কে রবিদার কোনো কৌতূহল ছিল না। ছিল প্রচন্ড বিরক্তি। কথায় কথায় মার শালাকে বলতে পারতেন না। হঠাৎ মুখ ফসকে অশ্রাব্য কিছু বেরোলেই সন্ধ্যাদি খুব গম্ভীরভাবে বলতেন—এটা অফিস। রবিদা চুপসে যেতেন।



সেই সন্ধ্যাদির সঙ্গেও আমার পরিচয় হল। প্রথমত রবিদার চেলা হিসেবে সন্ধ্যাদির এলাকা আমাদের নিষিদ্ধ হওয়াই উচিত ছিল। আসলে প্রচন্ড একটা ঝগড়া করতে গিয়ে দুর্বল একটা জায়গায় ধাক্কা খেয়ে সন্ধ্যাদির সামনে বসে পড়েছিলাম। শুধু বসিনি ভবিষ্যতের পরামর্শ নিয়েছি, উঠে আসার সময় দিদি পাতিয়ে ফেলেছি। ভদ্রমহিলার চেহারা যেমনই হোক, তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি। ঝগড়া করতে গিয়েছিলাম খুবই একটা সামান্য কারণে। ওই সময়ে একটি মেয়ে আমাকে অফিসের ঠিকানায় নিয়মিত চিঠি লিখত। ব্যক্তিগত চিঠি রিসিভিং ক্লার্কের খুলে দেখার কথা নয়। আগে কখন কোনো চিঠি খোলা অবস্থায় পাইনি। সেইদিনই প্রথম চিঠি পেলাম শুধু খোলা অবস্থায় নয় বিশেষ বিশেষ কয়েকটি লাইন লাল পেনসিলে আন্ডারলাইন করা। স্বভাবতই অগ্নিশর্মা হবার কথা। সন্ধ্যাদিকেই দোষী সাব্যস্ত করে ফাটাফাটি করতে এসেছিলাম। করা গেল না। পাকা কেরানির মতো সন্ধ্যাদি ব্যাপারটাকে এমনভাবে খেলিয়ে দিলেন আমার আর কিছুই করার রইল না। আসলে চিঠিটা রিসিভিং সেকসানে আসেনি। অন্য কোনো হাতে পড়েছিল। চলেই আসছিলাম সন্ধ্যাদি হঠাৎ বললেন—আপনার খুব ভালো সময় আসছে। গায়ে পড়া এই কথা শুনে নতুন করে ঝগড়ার সুযোগ পেয়ে গেলাম—জ্যোতিষী জানেন নাকি, এখানে না বসে অন্য কোথাও বসলে ভালো করতেন। তবে ওসব বুজরুকি আমি বিশ্বাস করি না। ধন্যবাদ।


সন্ধ্যাদি ঠোঁটের কাছে জলের গেলাসটা ধরেছিলেন। এক চুমুকে খানিকটা খেয়ে বললেন—তবে একটু সাবধানে থাকবেন, ভালো সময় এলেও হঠাৎ কোনো কারণে বদনাম হতে পারে। বিবাহিত লোকের পক্ষে অন্য কোনো মেয়ের সঙ্গে গলাগলি না করাই ভালো। বিশেষত যে-সমস্ত মেয়েরা আপনাকে বিপদে ফেলতে পারে তাদের চেহারা হবে—ছিপছিপে, ফর্সা, ঠোঁট পাতলা, লম্বা, সামনের একটা দাঁত একটু ভাঙা, চুল অল্প কটা।



চমকে উঠতে হল, কী আশ্চর্য, যে মেয়েটির চিঠি হাতে ধরেছিলাম তার চেহারা অবিকল ওই রকম। আমার অবাক মুখের দিকে তাকিয়ে সন্ধ্যাদি বললেন—বসুন না, অত ভয় পাবার কী আছে? আপনার বৃহস্পতি খুব স্ট্রং, শেষ মুহূর্তে, ঠিক পা ফসকাবার আগে আপনি সামলে নেবেন।


বসে পড়লাম সন্ধ্যাদির সামনে। বিশাল মুখে কালো ফ্রেমের চশমার আড়ালে দুটো উজ্জ্বল চোখে কেমন একটা মাতৃসুলভ দৃষ্টি। পিয়োন অতুল দু কাপ চা সসম্ভ্রমে আমাদের সামনে নামিয়ে রেখে গেল। এই সব পিওনের আমাদের সামনে কী দাপট। এখানে একেবারে অন্যরকম চালচন। তটস্থ, ভয়ে যেন কেঁচো কিংবা শ্রদ্ধায় গদগদ।


—নিন চা খান।


—এর মধ্যে কখন চা বললেন? চায়ের প্রয়োজন ছিল। কথা না বাড়িয়ে চুমুক দিলাম। আরও প্রয়োজন ছিল, ভবিষ্যৎ যতটুকু উন্মোচিত হয়েছে সেই পথে আরও দূর ভবিষ্যৎকে জেনে নেওয়া। সন্ধ্যাদি বললেন—আপনার বউ তো বেশ ভালোই। বিয়ের পর আপনার উন্নতি হয়েছে, আরও হবে। ওইসব বাজে মেয়েকে পাত্তা দেন কেন? আসলে সঙ্গদোষ। ওই ভদ্রলোকের সঙ্গে আপনার অত কীসের ঘনিষ্ঠতা—বলে চোখের ইশারায় রবিদাকে দেখালেন। আপনার ও লাইন নয়। আসলে বাহাদুরি করতে গিয়ে কিংবা ছেলেমানুষী খেয়ালে বিপদ ডেকে আনবেন। আনকোরা সাদা কাগজেই হঠাৎ চোট লাগে।



এককথায় সন্ধ্যাদি যেন আমার মরাল গার্জেন হয়ে গেলেন। বর্তমানের ঘোলা জলের মধ্যে দিয়ে আমি যে পরিষ্কার ভবিষ্যতের চকচকে মুদ্রাটিকে দেখতে পাচ্ছিলাম না, সেই ভবিষ্যৎকে তিনি ডুবুরীর মতো জীবন-নদীর তলা থেকে তুলে এনে টেবিলের উপর ছড়িয়ে দিলেন। মহিলা পুলিস কিংবা কুস্তিগীর অথবা উকিল যেমন আমার কাছে বিস্ময়ের বস্তু ছিল এই মহিলা জোতিষীও আমার কাছে তেমনি বিস্ময় নিয়ে হাজির হয়েছিলেন। সামুদ্রিক বিদ্যায় যে তাঁর অগাধ দখল ছিল, সে শুধু ওই দিনই নয়, পরেও আমি বারবার নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছিলাম।


সন্ধ্যাদির সঙ্গে মেলামেশা নিয়ে পরে অনেকেই আমাকে ঠাট্টা করেছে। কেউ কেউ এমন কথাও বলেছিলেন ভদ্রমহিলা ক্ষুধার্ত, যেকোনো সময় আমাকে গিলে ছিবড়ে করে ফেলে দেবে। লক্ষ করেছি অফিসের যে-সমস্ত লোক ওই ভদ্রমহিলার কাছ থেকে সবচেয়ে বেশি উপকার পেয়েছেন তাঁরাই সবচেয়ে বেশি সমালোচনায় মুখর হয়েছেন, কুৎসা রটিয়েছেন, কাল্পনিক সমস্ত কাহিনি একের পর এক রসিয়ে রসিয়ে বলেছেন।


সন্ধ্যাদির ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো কৌতূহল ছিল না। একই অফিসে চাকরি করি। মাঝে মাঝে স্বার্থের খাতিরে আসি। সারা অফিসে যে কজন তাঁর কাছে আসতেন, সকলেরই কোনো না কোনো ধান্দা থাকত। কারুর মেয়ের বিয়ে, টাকা ধার চাই কী সাহায্য চাই। ছেলে স্কুলে ভর্তি হয়েছে, বই কিনতে হবে, টাকা চাই। বউয়ের টিবি. হয়েছে চিকিৎসা করাতে হবে। অন্য কিছু না থাক হাত অথবা কোষ্ঠী দেখে বলে দিতে হবে সময়টা কেমন যাবে। হঠাৎ ভাগ্যলক্ষ্মী ঝলসে উঠবে কিনা? সন্ধ্যাদির অফিসের সারাটা দিন এমনি অজস্র চিঠি আর অজস্র উমেদারে ভরা ছিল। অফিসের অন্যান্য মহিলারা তাঁর ধারে কাছে বড়ো একটা ঘেঁষত না। মাঝে মাঝে মনে হত তাঁর ব্যক্তিগত জীবনও হয়তো অজস্র কর্তব্যের সুতোর টানে পুতুল খেলায় পুতুলের মতোই সর্বদা নেচে বেড়ায়। হয়তো বুড়ো বাপ, বেকার ভাই, পড়ুয়া বোন, রুগ্ন মা প্রভৃতির মধ্যে জীবনকে ভাগ বাঁটোয়ারা করে দিয়ে সন্ধ্যাদির নিজের জন্যে আর কিছুই ছিল না।



আমি মাঝে মাঝে তাঁর কাছে এসে বসলে মনে হত তিনি খুশি হয়েছেন। এটা ওটা কথা বলতে তাঁর ভালোই লাগত। আসলে তিনি যে চাকরি করতেন তাতে কোনো স্ট্যাটাস ছিল না, আমি তাঁকে কিছু গুরুত্ব দিলে হয়তো ভাবতেন—যাক সারা অফিসে অন্তত এমন একজন আছে যে তাঁর মতামতের দাম দেয়। সন্ধ্যাদি অকৃতজ্ঞ ছিলেন না। জীবনের অনেক হতাশার দিনে যখন কোথাও কোনো আলোর সন্ধান পাইনি তখন এই নি:সঙ্গ মহিলা আমাকে সাহস দিয়েছেন। কখনো আমাকে ভগবৎমুখী করতে চেয়েছেন। বলেছেন শনিবার বিকেলে কিংবা রবিবার সকালে সোজা দক্ষিণেশ্বরে চলে যাবেন, মা-ই একমাত্র ভরসা। কখনো গ্রহ-নক্ষত্রদের চক্রান্ত ফাঁস করে দিয়ে বলেছেন—ভয় কি, ষষ্ঠে যার মঙ্গল একাদশে যার শনি আর রাহু, ধর্মগুরু বৃহস্পতি যার স্ব-ক্ষেত্রে, চাঁদ যার তুঙ্গে তার কীসের পরোয়া। অফিসে সাধারণত কারুর কোনো বন্ধু থাকে না। সন্ধ্যাদির মধ্যে কিন্তু প্রকৃতই আমি একজন বন্ধুকে পেয়েছিলাম। মাঝে মাঝে মনে হত একটি মায়ের মুখও বোধহয় উঁকি মারছে।


মানুষের সঙ্গে মানুষের মেলামেশায় নদীর জলের মতোই জোয়ার-ভাঁটা খেলে। প্রয়োজন না থাকলে আধুনিক মানুষ পরস্পরের খবর রাখতে চায় না। সামুদ্রিক কৌতূহল মিটে যাবার পর এগারো তলার সন্ধ্যাদির খবর আর তেমন রাখতাম না। রবিদার খিস্তির আখড়া তছনছ হয়ে গিয়েছিল। আখড়ার অনেক পাখি উড়ে গিয়েছিল। তারপর অফিসে অফিসে উগ্র রাজনীতি ঢুকে আমাদের পরস্পরের আপাত-সহজ সম্পর্কের মধ্যে তিক্ততা এনে দিয়েছিল। ইতিমধ্যে রবিদার মাধুরী রেলে ভালো চাকরি নিয়ে চলে গিয়েছিল। নন্দার সঙ্গে গোস্বামীর বিয়ে হয়ে গিয়েছিল। নন্দা ছিল বেশ লম্বা এবং সুশ্রী। বেশি লম্বা হবার ফলে বোধহয় একটু কোল-কুঁজো হয়ে গিয়েছিল। এই কুঁজো হওয়ার জন্যেই রবিদার গবেষণার অন্ত ছিল না। আর সেই আসরে প্রাক-বিবাহিত জীবনে গোস্বামীও হাজির থাকত। এখন ভাবলে যেন বিশ্রী লাগে—গোস্বামীর ভাবী স্ত্রীকে নিয়ে আমরা কি যা-তা কথাই না বলতাম। গোস্বামী পরে ট্রান্সফার নিয়ে অন্য অফিসে চলে গিয়েছিল। রবিদার জগৎ আস্তে আস্তে প্রমীলাশূন্য হয়ে গেল। কেবল সন্ধ্যাদি রয়ে গেলেন মুখোমুখি, যাঁকে দেখলেই রবিদার এলার্জি হত।



আমার জগৎ তখন অন্য আবর্তে পাক খাচ্ছে। সারাদিন অজস্র লোককে নানা ধরনের জ্ঞান দিতে দিতে সক্রেটিস হয়ে পড়েছি। বহু মানুষের ভিড়ে সন্ধ্যাদি ক্রমশ অস্পষ্ট হয়ে আসছেন। জীবনের সাময়িক ক্রাইসিস কেটে গেছে। সন্ধ্যাদি ছিলেন দুঃসময়ের গাইড, ফিলসফার, ফেণ্ড। সুসময়ে তাঁকে কে মনে রাখবে। মনে রাখার মতো তাঁর কিছু ছিল কি! জীবনে

**********
No Review
Related Books
Loading books…