
গোপেন্দ্রকৃষ্ণ বাগচী
বুদ্ধদেব গুহ
বাগচীবাবুকেই দুর্গাকাকু আমাদের কাছে নিয়ে এসেছিলেন না বাগচীবাবুই দুর্গাকাকুকে নিয়ে এসেছিলেন আজ আর মনে নেই। বাগচীবাবুর অনেক মোটর বোট—এর একটির ওপরের ডেকে মোটের ‘সুকান’ ধরে বসে আছি। ‘সুকান’ মানে, স্টিয়ারিং। ওপরের ডেক থেকে একটি দড়ি নেমে গেছে ইঞ্জিন রুমে। সারেঙ দড়ি ধরে টান দিয়ে সংকেত দিলে ইঞ্জিনম্যান গিয়ার বদলাবে। ইঞ্জিন রুমে গেলে ডিজেলের ধোঁয়ার গন্ধে চোখ জ্বালা করে।
শীতের নির্মেঘ নীল আকাশ ওপরে। কাচের মতো জলে বনের কালো ও আকাশের নীল ছায়া পড়েছে। একজোড়া কার্লু ধীরে ধীরে ডানা নেড়ে এই চওড়া খালের এপার থেকে ওপারে উড়ে যাচ্ছে। তাদেরও ছায়া পড়েছে নিস্তরঙ্গ জলে। গুট গুট গুট গুট শব্দ করে জলের শান্ত ছবিকে দু’ভাগ করে চিরে দিয়ে বোট চলেছে। সারেঙ আর বাগচীবাবু এবং কখনও বাবাও পাশে বসে আছেন। হু হু করে শেষ বিকেলের মাঘী হাওয়া এসে ঢুকছে আগলহীন ওপরের ডেকে। আগল যে একেবারেই নেই তা নয়, ত্রিপলের পর্দা আছে। এখন গোটানো। তা রাতের বেলা এই ডেকে ঘুমোবার সময়ে অথবা অন্য সময়ে বৃষ্টি হলে ফেলে দেওয়া হয়।
বোট যে বেশিক্ষণ চালাতাম তা নয়। কোনচৌকিতে বাবার খামারে রাশ্যান ট্রাঙ্কটরও চালাতাম, চালানোর আনন্দেরই জন্যে। হয়তো কখনও সেই ইচ্ছার কথা প্রকাশ করেছি কোথাও যে আমার এক অভিলাষ ছিল এয়ারফোর্সের পাইলট হওয়ার। তাই হয়তো দুধের সাধ ঘোলে মেটানো।
সারেঙ ঘণ্টুবাবু ক্যানিং থেকে বোট ছাড়তেই বলেছিলেন, ‘বোঝলেন কি না লালাবাবু, ইকানে খাদ্য—খাদকের বড়ই অভাব। কাল সকালে একটা হরিণ কিন্তুক মেইরে দেতেই হবেক।’
খাদ্যর অভাব হয়তো ছিল কিন্তু খাদকের অভাব কখনও ছিল না। বৈয়াকরণ পবিত্র সরকারের প্রগাঢ় পাণ্ডিত্য। তাঁরা বাংলা ভাষাকে গুলে খেয়েছেন। কিন্তু বাংলা ভাষা সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে ব্যবহৃত হয় এবং যে ভাষাতে ভাব আদান—প্রদানে কোনও অসুবিধেও হয় না, ব্যাকরণে তা অশুদ্ধ হলেও, এ কথা হয়তো তাঁর ও তাঁদের জানা নেই। তাছাড়া, নিজের অভিজ্ঞতাতেও জেনেছি দেবীর পায়ে নিবেদিত নৈবেদ্যর ফুল অধিকাংশ ক্ষেত্রেই দেবীর পদযুগল অবধি না পৌঁছে পুরোহিতের টাকে গিয়েই পথভ্রষ্ট হয়।
অন্য প্রসঙ্গে চলে গেলাম। বাগচীবাবুর কথাতে ফিরি।
উজ্জ্বল গৌরবর্ণ মাঝারি উচ্চচতার পুরুষ। উত্তরবঙ্গের বরেন্দ্রভূমির ব্রাহ্মণদের নিশানানুযায়ী তীক্ষ্ন নাসা, প্রশস্ত ললাট, চন্দ্রবিন্দু সহকারে নানা শব্দ ব্যবহারকারী, তীক্ষ্নবুদ্ধিধারী সত্তর ছুঁইছুঁই মানুষ। পরনে সব সময়ই ধুতি তার সঙ্গে বাড়িতে কাচা ইস্ত্রিবিহীন পাতলা কাপড়ের খাকি ফুলশার্ট, পায়ে মোকাসিন পরা, এক সুরসিক ভদ্রলোক। গাড়ি নিজে চালান। বাড়িতে শিকারের বইয়ের ভাণ্ডার। আগ্নেয়াস্ত্র বিশারদ। ওঁর কাছেই ‘ওভার—আন্ডার’ এবং ‘প্যারাডক্স’ বন্দুক প্রথম দেখি। বাগচীবাবু প্রায় ত্রিশ বছরেরও বেশি গত হয়েছেন আজ কবুল করা উচিত যে তাঁর লাইব্রেরি থেকে পৃথিবীবিখ্যাত আফ্রিকান হোয়াইট হান্টার ‘জন টেইলর’—এর, যাঁকে সকলে ‘পন্ডোরো’ বলে জানতেন, লেখা একটি প্রামাণ্য বই নিয়ে এসে আর ফেরত দিইনি এবং কালের অমোঘ নিয়মে আমিও কোনও শিকারি বন্ধুকে তা ‘ভালবেসে’ পড়তে দেওয়ার পরে সে ‘ভালবেসে’ মেরে দিয়েছে। কোনও ভাল বইই, কোনও ভদ্রলোকের মালিকানাতে শেষ পর্যন্ত থাকে না, কোনও না কোনও ভালবাসার জন তা মেরে দেনই। চৌর্যবৃত্তি প্রশংসার নয়, কিন্তু বইচুরি অবশ্যই ক্ষমার্হ অপরাধ বলে গণ্য হওয়া উচিত। কোনও—না—কোনও বই প্রত্যেক জ্ঞান—পিপাসু মানুষই চুরি করে থাকেন এবং সেই মানুষেরও কোনও—না—কোনও প্রিয়জনে চিরদিনই পড়তে নিয়ে মেরে দেন। ভাল বই ও ভাল রেকর্ড একা পড়ে বা শুনে সুখ হয় না। দশজনে মিলে পড়তে এবং শুনতে হয়।
বাগচীবাবুর মোটর বোট তৈরির কারখানা ছিল গঙ্গার তীরে কোথাও। সেই কারখানায় দুর্গাকাকুর সঙ্গে বাবার নিত্য যাতায়াত ছিল। কোম্পানির নাম ছিল ক্লেব্যাক বোট কোম্পানি। তাছাড়া ক্যানিং গোসাবা এবং সুন্দরবনের বাদা অঞ্চলে ওঁর লঞ্চ সার্ভিস ছিল। নানা লঞ্চ চলত নিয়মিত এবং লঞ্চ ওনারস অ্যাসোসিয়েশনের তিনি সভাপতিও ছিলেন। সর্বমান্য মানুষ। আমরা যখন সুন্দরবনে শিকারে অথবা ওঁর ভাষাতে ‘যাত্রা’ করতে যেতাম তখন লাইন থেকে প্রয়োজনানুসারে একটি বোট তুলে আমাদের দিতেন। অবশ্য বাগচীবাবু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সঙ্গী হতেন। খেতে খুব ভালবাসতেন এবং তাঁর অননুকরণীয় ভঙ্গিতে গল্প বলতেন শিকারের এবং শিকারিদের। সুন্দরবনের সব নদী, খাল নিজের হাতের রেখার মতো মুখস্থ ছিল তাঁর। যাঁরাই সুন্দরবনের গভীরে গেছেন তাঁরাই জানেন যে সুন্দরবন কত বড় ধাঁধা। হাতের রেখার মতো না জানলে সেই ভয়াবহ এবং সুন্দর বনে পথ হারিয়ে ফেলা অত্যন্ত স্বাভাবিক। মাতলা, গোসাবা, হাড়িয়াভাঙা, ওদিকের বিদ্যা এবং অন্যান্য নদী এবং দুর্গাদোয়ানি খাল এবং অগণ্য নাম জানা ও না—জানা খাল বাগচীবাবুর যেন চিরচেনা ছিল।
ওঁর সঙ্গে আমরা যে কতবার চামটা, বড় বালি, ছোট বালি হয়ে বঙ্গোপসাগরের মুখ অবধি গেছি তা বলার নয়। এক এক ট্রিপে চার—পাঁচদিন করে থাকতাম। বঙ্গোপসাগরের বুকের কাছে পৌঁছে বোট নোঙর করে বাংলাদেশের নানা দ্বীপও দেখা যেত। প্রতিবারের বর্ষাতে ঝড়ের তাণ্ডবে বন যে কীভাবে তছনছ হত তা শীতে গিয়েও প্রত্যক্ষ করতাম আমরা। নানা দ্বীপের মধ্যে ছেলেরা উলু দিতে দিতে বনের মধ্যে খালপাড় থেকে অদূরে মিষ্টি জলের ছোট ছোট জলাশয় থেকে খাবার ও রান্নাবান্নার জন্যে মিষ্টি জল তুলে নিত। তা বাগচীবাবুই দেখিয়েছিলেন। সেই জল নিতে গিয়ে অনেক সময়ে তাদের প্রাণও যেত। আমাদের লঞ্চে, বাবার কৃপায় খাদ্য—পানীয়র বা ঘণ্টুবাবুর ভাষাতে ‘খাদ্য—খাদকের’ কোনওই অভাব থাকত না। বড় বড় ড্রামে করে আমরা খাওয়ার জল নিয়ে যেতাম।
সুন্দরবনে টাকার কোনও মূল্য নেই, সেখানে বার্টার সিস্টেম এখনও চালু যেমন চালু গভীর এবং প্রায় অগম্য নানা মহারণ্যের ভেতরে আদিবাসীদের হাটে। মাছ—বিলাসী বাবা পানীয় জল, নুন, কিছু তরিতরকারির বিনিময়ে জেলে নৌকো থেকে মাছ নিতেন। মাছবিলাসী বলে বাবার বদনাম হত কিন্তু বাগচীবাবু এবং দুর্গাকাকুর বঙ্কিমী ভাষায় ‘সৈন্যদলের’ কারও খাবার উৎসাহ কিছু কম ছিল না। যে পরিমাণ খাদ্যদ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং গুলি—গোলা আমাদের সঙ্গে থাকত, তা দিয়ে সহজেই বাংলাদেশের কোনও দ্বীপ আমরা জয় করে আনতে পারতাম।
কত সাহেব—সুবো রাজা—মহারাজা এবং নবাবদের নিয়ে যে বাগচীবাবু সুন্দরবনে এসেছেন ত্রিশের দশক থেকে তার লেখাজোখা ছিল না। কত যে মজার সব কাহিনি!
একবার আমাদের সঙ্গে জলপাইগুড়ির তরুণ নবাব গেছিলেন শিকারে। ওড়িশাতে এবং ঝাড়খণ্ডে পকেটমারের মতো বা রাক্ষসের মতো দেখতে অনেক রাজা দেখেছি ছোট ছোট রাজ্যের। কিন্তু সেই নবাবের আপাদমস্তক কল্পনার নবাবের সঙ্গে মিলে গেছিল। ছ ফিট লম্বা, অত্যন্ত সুদর্শন এবং রহিস ছিলেন সেই নবাব। এবং নবাবের সঙ্গে তাঁর একজন ‘ভ্যালো’ গেছিলেন—তিনি যে কী সুদর্শন এবং সপ্রতিভ তা কী বলব। নবাব ও দুর্গাকাকু এবং সামসিং চা—বাগানের ম্যানেজার আর ম্যাকেঞ্জি স্কচ—হুইস্কি দিয়ে সন্ধ্যা আহ্নিক সারার পরে নবাব ঠিক দশটাতে শুয়ে পড়লেন। ভ্যালে তাঁরা সাদা সিল্কের স্লিপিং স্যুট বের করে নবাবের বেশ পরিবর্তনে সাহায্য করলেন। সঙ্গে করে একটি পেটমোটা হোল্ডঅল এনেছিলেন নবাব। সেটি খুলে ভ্যালে তাঁর জন্য বিছানা পেতে দিলেন। সেই হোল্ডঅল থেকে একটি অবিশ্বাস্যরকম মোটা কোলবালিশ বেরিয়ে ছিল। আমরা সবিস্ময়ে নবাবি হরকত দেখেছিলাম। মাথার বালিশ, কোলবালিশ এবং বিছানার চাদর থেকে অম্বর আতরের গন্ধ উড়ছিল। অম্বর ইস্তেমাল করতে হয় শীতকালেই।
তবে আমার অভিজ্ঞতাতে বলে, রাজা মহারাজা নবাব বাদশারা সকলেই ওইরকম প্রকাণ্ড বড় কোলবালিশ ব্যবহার করেন। জলপাইগুড়ির রায়কত রাজবাড়িতে এক রাত ছিলাম। কিরণকাকু নিজে হাতে রেঁধে অতি সুস্বাদু ইলিশ মাছের ঝোল খাইয়েছিলেন আর যে ঘরে শুয়েছিলাম সে ঘরের খাটে উঠতে জলচৌকি ব্যবহার করতে হয় এবং সেই খাট বিরাট চওড়াও বটে। আর বিছানাতে যে কোলবালিশটি ছিল সেটি দেখে বহুদিন আগে বাগচীবাবুর জলপাইগুড়ির নবাবের কোলবালিশের কথা মনে পড়ে গেছে। কোলবালিশের ওপাশে যদি নববিবাহিত দম্পতিও শুয়ে থাকে তাদের প্রাইভেসির কোনও ব্যাঘাত ঘটার আশঙ্কা ছিল না।
বম্বেতে একটি সুইস মাল্টিন্যাশনাল কোম্পানির আয়করপরামর্শদাতা ছিলাম একুশ বছর। মাসে দু—তিনবার যেতে হত। প্রতিবারই তাজমহল হোটেলের ওল্ড উয়িং—এই থাকতাম। তাজই আমার বাড়িঘর ছিল বম্বেতে। একবার কী এক কনফারেন্স ছিল কোনও বড় গ্রুপের। রাতের ফ্লাইটে বম্বে পৌঁছে হোটেলের রিসেপশনে গিয়ে শুনি কোনও ডাবল—রুম এমনকী স্যুইটও খালি নেই। অনেক ক্ষমাটমা চেয়ে আমাকে লবিতে দশ মিনিট বসিয়ে রেখে ফ্রন্ট অফিসের মেয়েটি জানাল যে, আমি ওদের নিয়মিত অতিথি এবং আমার মক্কেল পৃথিবীবিখ্যাত মাল্টিন্যাশনালড। তাই আমাকে ওঁরা ডাবল—রুমের টারিফেই পেন্ট—হাউসে প্রেসিডেন্সিয়ার স্যুইটটি দিচ্ছেন। সেই স্যুইটে রাজা—মহারাজা, কেন্দ্রীয় মন্ত্রীটন্ত্রীরা থাকেন। স্যুইটের লাগোয়া প্রাইভেট সেক্রেটারির স্যুইট। সে এক অভিজ্ঞতা। স্যুইটের বাইরে একজন ইংরেজি ও ফরাসি জানা ভ্যালে ডিউটিতে আছে চব্বিশ ঘণ্টা। বেডরুমে ঢুকে দেখি জলপাইগুড়ির রাজবাড়ির মতো খাট, জলচৌকি দিয়ে তাতে উঠতে হয় এবং বেডশিটের ওপরে ওইরকম একটি কোলবালিশ। দুটি চানঘর। একটিতে শাওয়ার অন্যটিতে বাথটাব। দুটিতেই কমোড এবং ‘বিদে’।
‘বিদে’ প্রথমবার দেখি প্যারিসের হোটেলে বহু বহু বছর আগে। সে কথা অবান্তর। কোলবালিশের প্রসঙ্গেই এত কথা টেনে আনতে হল।
বাগচীবাবু একবার গ্রেগরি নামের এক ইংরেজকে নিয়ে সুন্দরবনে এসেছিলেন। একটি বড় মার্কেন্টাইল কোম্পানির মেজ সাহেব। তাঁর খুব ইচ্ছে সুন্দরবনে বাঘ মারবেন। গ্রেগরি সঙ্গে করে একটি পাঁঠা নিয়ে এসেছিলেন। পাঁঠা বেঁধে বাঘকে আকর্ষণ করাবেন বলে। বাগচীবাবু প্রস্তাব শুনেই বলেছিলেন, শুয়োর বাঁধলেই ভাল হয়, সুন্দরবনের বাঘ পাঁঠা তো দেখে অভ্যস্ত নয়, শুয়োরের সংখ্যা কমে গেলেও, দেখে।
ছোটবালিতে এমনিতেই বাঘের আড্ডা। বালিতে নেমে একটু ভেতরে ঢুকলেই দুপাশের বড় বড় গাছে বাঘের পায়ের নখ আঁচড়ানোর অজস্র চিহ্ন এবং বালিতেও বাঘের প্রসেশনের দাগ। সেখানে পাঁঠা না বেঁধে কোনও বুদ্ধিমানকে বাঁধলেও বাঘ আসত। কিন্তু গ্রেগরি নাছোড়বান্দা। কলকাতা থেকে বয়ে এনেছে, তার সদ্গতি সে করবেই। সুরসিক বাগচীবাবু বিড়বিড় করে বললেন, বাঘকে না খাইয়ে নধর পাঁঠাটাকে নিজেরা খেলেই ভাল হত।
চাঁদনি রাত ছিল। ঘাসীবনে পাঁঠা বেঁধে তার পাশে মাচা বেঁধে গ্রেগরি বিকেল বিকেল উঠে বসল। সন্ধে লাগার একটু পরেই যখন চাঁদের আলোতে চরাচর উদ্ভাসিত হল, তখন বাঘ এল। বাঘ, পাঁঠা না দেখলেও পাঁঠারা জন্ম—জন্মান্তর থেকে বাঘ দেখে আসছে, বড় বাঘ ছোট বাঘ সব বাঘই। বাঘ দেখেই পাঁঠা ভয়ে ব্যাঁ—এ—এ করে উঠতেই বাঘ অদৃষ্টপূর্ব সেই বোঁটকাগন্ধ জানোয়ার দেখে এক লাফে পগারপার।
এই গল্প ‘জঙ্গল মহল’—এ লিখেছিলাম চল্লিশ বছর আগে। গল্পের নাম ছিল ‘অজ মাহাত্ম্য’।
বাবা ও বাগচীবাবু দুই জিনিয়াসে মিলে ডিজাইন করে বাগচীবাবুর কারখানাতে এক বিরাট অ্যালুমিনিয়ামের বোট বানালেন। তাতে এয়ার ট্যাঙ্ক ছিল সামনে ও পেছনে, যাতে জলে উল্টে গেলেও ডুবে না যায়। বাবার ইঞ্জিনিয়ারিং ব্রেইন অত্যন্ত ক্ষুরধার ছিল। ছিলেনও বিজ্ঞানের ছাত্র। পরে অ্যাকাউন্টেন্সি পড়েন। বাগচীবাবুর কারখানাতে বাবার খামারের খালে চলবার জন্য বেশ কয়েকটি প্যাডলিং বোটও বানানো হয়েছিল। খামারে পিকনিকে আজ মানুষজন যে রোয়িং করতেন সেই সব নৌকোতে। কিন্তু অ্যালুমিনিয়ামের নৌকো বানানো হয়েছিল ওড়িশার চিলিকা হ্রদে পাখি শিকারের জন্য। তখন প্রতি বছরই শীতের শেষে আমরা চিলিকাতে যেতাম কালুপাড়াঘাট নয়তো বালুগাঁ হয়ে চিলিকা হ্রদে পৌঁছতাম।
অগণ্য শিকারির দৌরাত্ম্যে চিলিকার নানা জাতের পরিযায়ী পাখিরা শিকারিদের বন্দুকের রেঞ্জের বাইরেই থাকত সব সময়ে। নৌকো এক হাত এগোলে তারাও এক হাত পেছিয়ে যেত। নৌকোতে আমেরিকান আউট—বোর্ড ইঞ্জিন লাগিয়ে দুরন্ত বেগে সে অ