Home
ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো

ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো

বুদ্ধদেব গুহ

ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো

বুদ্ধদেব গুহ
juvenile literature

Posted byবেলা 07-May-2025

Change color

০১.

ঋজুদার সঙ্গে এ পর্যন্ত দেশ-বিদেশের অনেকই জঙ্গলে গেছি কিন্তু এইরকম প্রচণ্ড গরমে কখনও আসিনি কোথাওই। আর গরম বলে গরম? মধ্যপ্রদেশের গরম। তার ওপরে মে মাসের শেষ।

ঋজুদা বলে, যখনই মনে হবে খুব গরম বা শীত লাগছে অমনি মনে করার চেষ্টা করবি এর চেয়েও বেশি গরম আর শীত কোথায় পেয়েছিস এর আগে। আর যেই সে কথা মনে করবি অমনি মনে হবে যে এ গরম বা শীত সেই তুলনাতে কিসসুই নয়।


ঋজুদার এই টোটকা অন্য জায়গাতে যে কাজে লাগেনি তা বলব না কিন্তু মধ্যপ্রদেশের এই সিধি জেলার গহন অরণ্য আর পাহাড়ঘেরা বনে সেই ধন্বন্তরী টোটকাও পুরোপুরি বিফল হয়েছে।


তবে একথা ঠিক যে, ঋজুদা বা আমি কেউই শখ করে এখানে আসিনি। সিধি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো বটেই, মধ্যপ্রদেশের চিফ সেক্রেটারি শর্মা সাহেব এবং প্রিন্সিপাল কনসার্ভেটর পরিহার সাহেবের সনির্বন্ধ অনুরোধেই এই পাহাড় জঙ্গলের কালাপানি’ অঞ্চল এই ব্যয়রান’-এর মধ্যের একটি অখ্যাত জায়গার ফরেস্ট-বাংলোতে ডেরা করেছি আমরা ঝিঙ্গাঝিরিয়ার কুখ্যাত মানুষখেকো বাঘটি মারবার জন্যে। রেওয়ার মহারাজ আগেকার দিনে এই সব অঞ্চলে খুনি ও অন্য অপরাধীদের নির্বাসন দিতেন, ইংরেজরা যেমন দিতেন আন্দামানে। তাই এই ‘ব্যয়রান’ও কালাপানি হিসেবে বিখ্যাত।



বাঘের সঙ্গে ঋজুদার যেরকম প্রেম তা সম্ভবত নয়না মাসির সঙ্গেও ছিল না। যখন ঋজুদার সঙ্গে প্রথমবার ওড়িশার টিকরপাড়াতে যাই, নয়না মাসি, মেসোর সঙ্গে সেখানে দু’দিনের জন্য বেড়াতে এসেছিল। তখন আমি খুবই ছোট ছিলাম, ঋজুদা যদিও বলে, তুই এখনও ছোটই আছিস। ছোট হলেও ঋজুদার মধ্যে নয়না মাসি সম্বন্ধে ভারি আশ্চর্য এক আচ্ছন্ন ভাব লক্ষ করেছিলাম। হয়তো তাকেই ভালবাসা বলে। জানি না। সেই ভাবটির কার্যকারণ পরে আরও বড় হয়ে হয়তো বুঝব।


বাঘের সঙ্গে গভীর প্রেম বলেই ‘The wide hearted gentleman বাঘকে ঋজুদা এমনি কখনওই মারতে চায় না। মানুষখেকো বাঘও নয়। বলে, আরে! বেচারি তো আর শখ করে মানুষখেকো হয়নি! মানুষের অত্যাচারেই হয়েছে। পাপ করলে মানুষকে তার প্রায়শ্চিত্ত তো করতে হবেই। খাকই না কিছু মানুষ। মানুষের মতো বংশবৃদ্ধি তো আজকাল গিনিপিগ বা নেংটি ইঁদুর বা শুয়োরেরাও করে না। তোক কিছু মানুষের বংশনাশ।


তবে সুন্দরবনের বাঘেদের উপরে কিন্তু ঋজুদার একটুও দরদ নেই। ঋজুদা বলে, পশ্চিমবঙ্গের বনবিভাগ যতই বাতেল্লা করুন না কেন সুন্দরবনের বাঘমাত্রই যে মানুষখেকো সে বিষয়ে আমার কোনওই সন্দেহ নেই। ওই সব মানুষখেকো বাঘ বাঁচাবার জন্যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড যে কী পরিমাণ অর্থ ব্যয় করেছে গত কয়েক বছর ধরে সরকারের মাধ্যমে এবং ক’ বছরে বাঘ কত বেড়েছে সুন্দরবনে তা সঠিক কারও জানা না থাকলেও অসমসাহসী সব মউলে, জেলে, বাউলে গরিবস্য গরিব কত মানুষেরা ওই কয়েক বছরে যে সুন্দরবনের মানুষখেকো বাঘেদের পেটে গেছে তা নিয়ে একটি গবেষণা হওয়া দরকার। ভবিষ্যতে হয়তো হবেও। তখন যেসব মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে এত মানুষ ‘খুন’ হয়েছে তাদের যথাযোগ্য শাস্তিবিধানও হবে হয়তো। ওয়ার্লড ওয়াইল্ড লাইফ ফান্ডের উচিত তাঁদের দেয় টাকার কিছু অংশ এই গরিব মানুষদের বেঁচে থাকার জন্যে বরাদ্দ করা।



এখন বিকেল সাড়ে চারটে। রোদের তাপ এখনও প্রচণ্ড। গত রাতে প্রায় পাঁচ ঘণ্টা সন্ধে সাতটা থেকে বারোটা জিপে করে আমরা ঘুরছি স্পটলাইট নিয়ে রাইফেল-বন্দুক রেডি পজিশনে ধরে। যদি মানুষখেকোর সঙ্গে অচানক মোলাকাত হয়ে যায়, এই আশাতে। কিন্তু হয়নি।


প্রায় ছ’দিন অন্তর একজন করে মানুষ মেরে চলেছে এই ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো। সবসুদ্ধ, আজ অবধি, যে সব মৃত্যু বনবিভাগ এবং জেলাপ্রশাসনের খাতাতে নথিবদ্ধ হয়েছে, তাতে জানা গেছে যে বত্রিশ জন মানুষ খেয়েছে বাঘটা। বনের গভীরতম জায়গার অনেক মৃত্যুর খবর নথিবদ্ধ হয়ওনি। মানুষই চলে গেলে, তা খাতায় লিখিয়ে কী লাভ তা ভেবে পায়নি এই গরিব-গুরবোরা।


আমরা গতকালই সকালে রেনুকুটে ট্রেন থেকে নেমে এখানে এসে পৌঁছেছি দুপুরবেলাতে। আজ দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে সারারাত জাগতে হবে জেনে বিকেল চারটেতে এককাপ চা খেয়ে বেরিয়ে পড়েছি নিজের নিজের জলের বোতল, রাইফেলবন্দুক, গুলি, এবং টর্চ নিয়ে।


আজই একেবারে শেষরাতে একটি রায়শোয়র মেয়েকে ধরেছিল বাঘটা। মেয়েটির নাম সুখমন্তি। সে প্রাকৃতিক আহ্বানে সাড়া দিতে দরজা খুলে বাইরে বেরিয়েছিল। মেয়েটির ডানদিকের বুক এবং পেছনের বাঁদিকের কিছুটা খেয়ে তাকে বয়ে নিয়ে গিয়ে একটা আলগা পাথরে ভরা ছোট টিলার অগভীর গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল বাঘটা যাতে শকুনেরা ওপর থেকে না দেখতে পায়।



মেয়েটির বয়স হবে আঠারো-উনিশ। বিয়ে হয়েছিল নাকি তিন বছর। একটি ছেলেও আছে এক বছরের। তার স্বামী ও বিধবা মা কাকুতি-মিনতি করেছিল ওর অর্ধভুক্ত শবটি নিয়ে যাবার জন্যে। তাকে কবর দেবে ওরা। দুর্ঘটনা অথবা ওইরকম অপমৃত্যু ঘটলে অধিকাংশ আদিবাসীরাই মৃতদেহ কবর দেয়, পোড়ায় না। তাই। কিন্তু ঋজুদা নিষ্ঠুরের মতো তাদের ফিরিয়ে দিয়েছে। কাল সকালে তাদের বনবাংলোতে আসতে বলেছে শবটি ওদের হাতে তুলে দেবে বলে। বলেছে, তোমাদের কপালে যদি থাকে তবে তোমাদের মেয়ে আর বউ-এর শবের সঙ্গে তাকে যে খুন করেছে তার শবকেও দেখতে পাবে। আজকের দিন আর রাতের জন্যে ওকে দাও আমাদের। ও তো চলেই গেছে। যাতে অন্য আরও অনেককে বাঁচানো যায় ওই বাঘের হাত থেকে তারই একটা চেষ্টা করে দেখি আমরা।


এই রুখু জায়গাতে মে মাসের শেষে প্রকৃতি যেন তৃষিত তিতিরের মতো হাঁফাচ্ছে। তার প্রতিটি শ্বাসে-প্রশ্বাসে, তার হাঁ করা মুখ, গলার শিরা-ফুলানো আর ঠেলে বাইরে বেরিয়ে-আসা চোখ দুটিতে তীব্র তৃষ্ণা যেন বিকিরিত হচ্ছে। লাল পোড়া মাটি, পর্ণমোচী বনের পাতাঝরা, প্রায় বিবস্ত্র, কালো, রোদ-পোড়া শরীর থেকে এমন একটা ঝাঁঝ উঠছে যে সে ঝাঁঝ আমার প্রশ্বাসের সঙ্গে ব্রহ্মতালু পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর মনে হচ্ছে, মাথা ঘুরে পড়েই যাব বুঝি। ছাতার, তিতির, কালতিতির, বটের, ময়ূর, মুরগি সবাই একটু ছায়া খুঁজে বসে বড় বড় শ্বাস নিচ্ছে। তিতির আর মুরগিরা গরম লাগলে কুকুরদের মতোই মুখ হাঁ করে শ্বাস নেয়।



এখন বাঘটা ধারেকাছে নেই। আমরা মেয়েটির রক্তের ছিটে আর বাঘের তাকে মাটিতে, পাথরে, পুটুসের ঝোপের আর ঝাঁটি-জঙ্গলের ভিতর দিয়ে হেঁচড়ে টেনে নিয়ে যাবার দাগ দেখে মৃতদেহের হদিশ করেছি।


টিলাটার পায়ের কাছে কিছুটা জায়গার মাটি নরম ঝুরঝুরে। হয়তো শুয়োর বা শজারু স্বল্পদিন আগে মুল খুঁড়ে খেয়ে গেছে অথবা শিঙাল হরিণ বা শম্বর মারামারি করেছে নিজেদের মধ্যে। তাই মাটি আলগা হয়ে গেছে। তারই ওপরে বাঘের থাবার দাগ দেখতে পেলাম আমরা। অন্য সব জায়গাতেই শক্ত মাটি। তাই দাগ নেই। থাবার দাগ বাঘেরই, বেশ বড় বাঘ।


টিলাটার প্রায় গা ঘেঁষেই একটা গামহার গাছ উঠেছে। বেশ বড় ও ঝাঁকড়া গাছ। ঋজুদার শরীর, এই বয়সেও আমার শরীর থেকে অনেকই বেশি ফিট আছে।


মাচা-টাচা বাঁধা যায়নি। দুটি ডালের মাঝে ঋজুদা বসেছে, মাটি থেকে হাত দশেক ওপরে। মানুষখেকো বাঘ মারতে এসে আরও উপরে বসতে পারলে আমার মতো শিকারি নিশ্চিন্ত হতাম কিন্তু ঋজুদার ভয়-ডরটা কম। কিন্তু আমার মনে হল গাছটা টিলাটার এতই কাছে যে, ধূর্ত বাঘ যদি ঋজুদার অবস্থান বুঝতে পেরে টিলার অন্যদিক থেকে গিয়ে টিলার মাথায় উঠে আসে তবে সহজেই গামহার গাছের মোটা ডাল বেয়ে সামান্য নামলেই ঋজুদাকে ধরে ফেলতে পারে। চিন্তাটা যখন আমার মাথাতে এল তখন আর কথা বলার উপায় নেই। কাল সকালের আগে দু’জনের মধ্যে কোনও কথাবার্তা হবে না। একে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে হলে দিনে বুলবুলির আর রাতে পেঁচার ডাক ডেকেই তা করতে হবে। এমনই ঠিক হয়েছে।



আমি বসেছি একটি মস্ত চাঁর বা চিরাঞ্জিদানার গাছে। বাঘটা মেয়েটিকে টিলার গুহাতে লুকিয়ে রেখে যে পথ দিয়ে ফিরে গেছে তার ডেরার দিকে, মানে, আমাদের যা অনুমান, সেই পথেরই বাঁ পাশে পড়ে এই মস্ত চাঁর গাছটি। ঋজুদা নিজে হাতে, আমরা যখন দুপুরে এখানে এসেছিলাম, দূর থেকে দু-তিনটি অন্য গাছের ডাল সাঙ্গোপাঙ্গদের দিয়ে কাটিয়ে এনে আমার বসার জন্যে সেই গাছে একটি শক্তপোক্ত মাচা বানিয়ে দিয়েছিল। তাতে বসে, একটি মোটা ডালে হেলান দিয়ে আরাম করার বন্দোবস্তও ছিল। কিন্তু আরামের আধিক্য হলে ঘুমিয়ে পড়া এবং গাছ থেকে বাঘের মুখে খসে পড়ার ভয়ও ছিল। যাই হোক, বাঁ পাশে ভিজে ফ্ল্যানেল জড়ানো তামার তৈরি সেনাবাহিনীর জলের বোতল আর ডানদিকে পয়েন্ট থ্রি ফিফটি সিক্স ৯.৩ ম্যানলিকার শুনার রাইফেলটি শুইয়ে আমি মোটা ডালে হেলান দিয়ে বসেছিলাম।


বাঘ দিনমানেই আসুক কি রাতে, বনের পশুপাখি তার আগমন বার্তা আমাদের জানিয়ে দেবেই যে, সে বিষয়ে কোনও সন্দেহই ছিল না আমার। তা ছাড়া অন্ধকার নামতে এখনও ঘণ্টাদুয়েক বাকি। এমনকী সূর্যও হেলেনি এখনও পশ্চিমে। এত তাড়াতাড়ি এসে বসার কী দরকার ছিল আমি জানি না। আরও একটু ঘুমিয়ে নিয়ে তারপরই এলে হত। সারাটা রাত তো জাগতেই হবে। বাঘ আসুক আর না আসুক মানুষখেকো বাঘের হেডকোয়ার্টারে কৃষ্ণপক্ষের রাতে গাছ থেকে নেমে হরজাই জঙ্গলে ভরা কাঁচা বনপথ দিয়ে দেড় কিমি মতো হেঁটে ‘মারা’র বনবাংলোতে পৌঁছবার চেষ্টা করা নেহাত দায়ে না পড়লে, আত্মহত্যারই নামান্তর হবে। অতএব পা এবং কোমর যতই ব্যথা করুক, যত ঘুমই পাক, সারারাত ওই চিরাঞ্জিদানা গাছের ডালে বাঁধা মাচার ওপরেই বসে থাকতে হবে।



বাঘটা যে এই টিলার গুহাতে এনে মেয়েটিকে রেখেছে তার আরও একটি কারণ আছে। ঝিঙ্গাঝিরিয়া নালার ব্যাকওয়াটারের মতো একটি জলা আছে ওই টিলার সামনে, আমি যে গাছে বসেছি তা থেকে পঞ্চাশ গজ মতো দূরে। তাতে জল যা আছে তা গভীর নয়। এখন আর বিশেষ প্রাধান্য নেই তবে বাঘ ও অন্যান্য প্রাণীদের পানীয় জলের তৃষ্ণা এতেই মিটতে পারে। এবং মেটেও। এইখানে যখন জল বেশি ছিল তখন হরিণ, শম্বর সব জলে শরীর ডুবিয়ে বসে থাকত। বাঘও অনেক সময়ে বেশি গরম লাগলে এমনি করে গা ডুবিয়ে বসে থাকে। যদিও সাধারণত জলকে বিড়াল-পরিবার বিশেষ পছন্দ করে না। কিন্তু হলে কী হয়! ঠেলার নাম বাবাজি! গরম, বলে গরম। তবে বাঘ যখন জলে শরীর ডুবিয়ে বসে থাকে, যাকে ইংরেজিতে বলে ‘wallowing’, তখন বলাই বাহুল্য, শম্বর বা হরিণদের যতই গরম লাগুক তারা ওই জলের ত্রিসীমানাতেও আসে না।


ব্যাকওয়াটারের জলটা যেখানে, সে জায়গাটা আমার এবং ঋজুদার দু’জনেরই আগ্নেয়াস্ত্রর পাল্লার মধ্যে। ঋজুদার ধারণা যে, বাঘ গুহাতে রাখা মেয়েটির দিকে যাবার আগে ওই জলে তার তৃষ্ণা মিটিয়ে যাবে এবং খাওয়া শেষ হবার পরেও আবার ওখানেই জল খেতে আসবে। ওই জলের তিনপাশে ঝোপঝাড় বিশেষ নেই। ছোট গাছ-গাছালিও বলতে বিশেষ কিছু নেই তাই বাঘ যদি সত্যিই জলে আসে তবে নিশানা নিয়ে গুলি করতে সুবিধা হবে।


কৃষ্ণপক্ষের রাত। সপ্তমী কি অষ্টমী হবে। চাঁদ উঠবে। তবে দেরি করে। চাঁদের বা তারার আলো জলে প্রতিফলিত হয় বলে জলা জায়গাকে অন্য জায়গা থেকে অনেক বেশি আলোকিত করে। চাঁদ যদি নাও ওঠে তবুও তারার আলোতেও গুলি করা যাবে ও টার্গেট দেখা যাবে। যদি হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় তবে মুশকিল। গতকালও সন্ধের পর অনেকক্ষণ ঝড়ের তাণ্ডব চলেছিল। মে মাসের শেষ, বর্ষা বুঝি তড়িঘড়িই এসে গেল। এমনিতেই সারা পৃথিবীর আবহাওয়াই তো ওলট পালট হয়ে গেছে। ঋতুচক্র আর নিয়ম মেনে আদৌ ঘোরে না।



দেখতে দেখতে ঘণ্টা দেড়েক সময় কেটে গেল। আলো একটু নরম হয়েছে। ভাবছি, পাটা খুব আস্তে আস্তে একটু ছড়িয়ে দিই এমন সময়ে চোখ পড়ল জলের দিকে। মিশকালো, অত্যন্ত লম্বা একটি সাপ, প্রায় তিনমানুষ লম্বা হবে, জলের দিকে চলেছে জল খেতে। তার মিশকালো গায়ের ওপরে সাদা কালো পটি দেওয়া। পেটের দিকে কালো রং হালকা হয়ে প্রায় সাদাটে হয়ে গেছে। সাপটা জলের কাছাকাছি পৌঁছে হঠাৎ ফণা তুলে দাঁড়াল। মাটি থেকে প্রায় তিন সাড়ে তিন ফিট মতো উঁচু ফণা। ফণার উপরে ইংরেজি v চিহ্নকে উলটে দিলে যেমন দেখায় তেমনই একটা চিহ্ন। কেন অমন করল, কে জানে। কোনও কিছু তাকে বিরক্ত করেছে কি? ঠিকই তাই। যা ভেবেছিলাম। একটা বিরাট বিরাট দাঁতওয়ালা শ

**********
No Review
Related Books
Loading books…