
গল্পসম্ভার
আব্দুর রউফ চৌধুরী
সোমবার, সাতাশে শ্রাবণ
বর্ষার শেষ।
আকাশ থেকে যত জল ঝরে পড়ার কথা ছিল সবটুকুই হুড়মুড় করে পড়তে শুরু করেছে। বাদামকালো ছনগুলো বৃষ্টির জলে ঢলঢল, কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে— সকাল নেই, সন্ধ্যা নেই, শুধু বর্ষণ; আবার মাঝেমধ্যে তুফানও— ক্রুদ্ধগর্জনে, বিষাক্তনিশ্বাসে ছোবল মারছে ছনের চালে, একইসঙ্গে সাপের মতো বিদ্যুতের দলও নেচে উঠছে মেঘের আড়ালে, বজ্রপাতের মাঝেও যেন শোনা যায় ইস্রাফিলের হুংকার, বীণার টংকার। মাফিক মনে মনে ভাবে, সারা গ্রামের ওপর দিয়ে বোধ হয় অদৃশ্য নিয়তির ক্রুর অভিশাপ পড়েছে; তবুও সে সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্তে পৌঁছতে পেরে সে অবাক, শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি যাবে। মাফিকের মা’রও প্রথম পুত্রবধূ দেখার সাধ অনেক, তাই তিনি ছেলের পাশে বসে তার সিদ্ধান্তের কথা শুনে শান্তির একটি নিশ্বাস ফেললেন। মা’র বুকভরা নানারকম আহ্লাদ, শখ তো বটেই, হাজার স্বপ্নও, শুধু কখনও কখনও ঠোঁটদুটো দুঃখের ভারে কেঁপে ওঠে। তিনি খড়বাঁশের দেয়ালে পিঠ ঠেকিয়ে, মন ও শরীর সামল নিয়ে, মাফিকের স্কুলজীবনের বন্ধু বাহারকে বললেন, দ্যাখ বাবা, বউমাকে ফেলে কিন্তু আসবে না।
মাফিক সঙ্গে সঙ্গে তার নির্লিপ্তভাব ভেঙে, মনের কথা গোপন রেখে, বলল, তার বাবা না দিলে বাহারের বয়ে গেছে।
মাফিকের মা আশ্চর্য হলেন না, আশ্চর্য হওয়ার কারণও আছে; মনে মনে বললেন, মানুষের চাওয়ার মধ্যে কত ভুল থাকে, অহস্র, তবুও আর্থিক অসুবিধে দূর করা গেল না। তিনি তার সন্তানদের জীবনের প্রয়োজনে নিজের সুখশান্তি ত্যাগ করতে সবসময়ই প্রস্তুত, কিন্তু আজ, কী হওয়ার কথা ছিল, আর কী হলো; এইমুহূর্তে, মৃদু অস্বস্তির কাঁটা খচখচ করছে তার মনের মধ্যে, তিনি আর তার ত্যাগের সার্থকতা উপলব্ধি করতে পারছেন না, কেউই হয়তো পারে না, তাই নিজেকে দোষি মনে করে অন্তরের ব্যথাকে নিশ্চুপে মাথা নিচু করে খুঁটতে থাকেন, জোর করে হৃদয় থেকে না-বলা যন্ত্রণাগুলো উড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু পারছেন কোথায়, তাই হয়তো বাহারের দিকে অসহায় মুখে তাকিয়ে বললেন, ওর কথায় কান দিস্ না বাবা।
কথাটি বলে বাহারের দিকেই স্থিরদৃষ্টিতে তাকিয়ে রইলেন, চোখগুলো কি নিজের অক্ষমতায় ছলছল করছে, না অভিমানে জ্বলজ্বল করছে, বাহার ঠিক বুঝতে পারছে না, তাই হয়তো তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নিল; তবে সে জানে, জীবনে যা করা উচিত, সবার মঙ্গল যাতে হয়, তা সবসময় প্রতিষ্ঠা করতে না পারলেও অনেক কিছুই করতে হয়, অন্যায় অবিচারের যন্ত্রণাও মুখ বন্ধ করে মেনে নিতে হয়, মনের মধ্যে শত দ্রোহ উদয় হোক-না কেন, এই পরিবারের অবস্থা ও অর্থশক্তির পরিমাণ-পরিমাপ বছরের-পর-বছর একইভাবে অপরিবর্তন থাকবে হয়তো, যা ভগ্নস্তূপের মতো, চারপাশে শুধু ধ্বংসের আবহ চলবে। সে দীর্ঘনিশ্বাস ফেলে, শান্তনার স্বরে বলল, না চাচিমা১, ভাববেন না। আপনার বউমাকে কাঁধে করে হলেও নিয়ে আসব, তবুও একা ফিরব না।
বাহারের কথা শেষ হতে-না-হতেই প্রকৃতি আবার মেতে উঠল, বাতাস ঝকঝকে তলোয়ার যেন, সামনে যা পাচ্ছে কচুকাটা করে যাচ্ছে, মেঘের সঙ্গে হাতাহাতি-মাতামাতি করতে ভয় পাচ্ছে না।
মঙ্গলবার, আটাশে শ্রাবণ
সকাল।
ফজরের পর ধরণী যেন সদ্যস্নাতা বিধবার হাসির মতো করুণরাগে রঞ্জিত হয়ে উঠল। সুপুরিগাছের বাবুইবাসাটি যদিও তছনছ, তবুও শাবকের শুশ্রূষায় নতুন উদ্যোগে বাবুইপাখি আবার বাসা বুনতে ব্যস্ত হয়ে উঠেছে। সেদিকে চোখ রেখে মাফিক ট্রাউজার্স পরে, একটি লুঙ্গি ব্যাগে পুরে, মাথাভাঙা ছাতাটি হাতে নিয়ে, মা’কে প্রণাম করে, চৌকাঠের অন্যপাশে পা রাখতেই তার মা’র বুকটি যেন হঠাৎ দমাক হাওয়ার ছুবল মারার মতো ধকধক করে উঠল। ছেলের মুখে সামান্য চিন্তারেখা দেখা দিলেই তিনি বজ্রপাতের শব্দের মতো চমকে ওঠেন, মাফিকের মা জানেন, তার ছেলে নিজের বুকে মুখ গুঁজে পরিবারের চাওয়া-পাওয়ার কথা ভাবে, নিজের ইচ্ছা-অনিচ্ছা, সুখ-দুঃখ, মান-অভিমান কাউকে জানতে দেয় না; একা একা একটু কেঁদে নিজেকে হালকাও করতে পারে না, এমনকি বাহারের কাছেও তার ব্যথাবেদনা, লাঞ্ছনাবঞ্চনার কথা বলতে পারে না। তার মনের মাঝখানটি যেন সবসময়ই ফাঁকা থাকে। দিনদিন সেই শূন্যতা বেড়েই চলেছে। তার চারপাশ যেন এক ঘোর লাগা অবাস্তব জগতে পরিণত হয়েছে। মাফিকের মাও যেন বাস্তবে কি ঘটছে তা বুঝতে পারছেন না, যদিও প্রাণপণ তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, পারছেন কোথায়, শুধু অভিনয় করেই চলেছেন; তবে তিনি ঠিকই টের পাচ্ছেন, চৌকাঠ পেরিয়ে যাওয়া ছেলের মুখ দেখে, তার বুকজুড়ে যেন গোপনগহন ব্যথা গুমরে বেড়াচ্ছে, তাই বললেন, হে আল্লাহ, তুমি নেগাবান, আমার বাপধনকে ছহিসালামতে আমার কাছে ফিরিয়ে দিয়ো।
ঈশ্বর যেন তার আহ্বানে একেবারে ছিদ্রওয়ালা ছনের চালের ওপর এসে আসন পেতেছেন। মাফিকের মা শূন্যদৃষ্টিতে বাইরে তাকালেন। কাঁধ থেকে আঁচল কখন যে খসে পড়েছে সেদিকে তার খেয়াল নেই। তার কণ্ঠার দুটো হার প্রকটভাবে প্রকাশিত। ছেলেকে নিয়ে এত ভাবার কি প্রয়োজন? ছেলে তো আর অচেনা, অজানা জায়গায় যাচ্ছে না, যাচ্ছে তার শ্বশুরবাড়ি; তবুও কেন যেন তার ভয় হচ্ছে, ভীষণ একা একা লাগছে, দুশ্চিন্তায় মন ভারাক্রান্ত। তিনি স্তব্ধ হয়ে চৌকাঠ ধরে দাঁড়িয়ে রইলেন, তবে তার কান ঝাঁ-ঝাঁ করছে এক গোপন উত্তেজনায়। একপলকে তিনি দেখতে লাগলেন, দূরে, হাতে-ধরা মাথাভাঙাওয়ালা ছাতায় ভর দেওয়া ছায়াটি ও ছাতাবিহীন প্রতিচ্ছায়াটি এগিয়ে চলেছে। তারা চলেছে বাড়ির সামনের ঘাসজ্বলা, তবে জলেভিজে, একটুকরো জমিন মাড়িয়ে; তারপর কবরের ধসে পড়া পাঁচিল ঘেরা পাতাবাহারের ঝোঁপ গলিয়ে। হঠাৎ তারা তার দৃষ্টির আড়াল হয়ে গেল, তবে তারা ঠিকই এগিয়ে চলেছে। চলেছে— অর্জুন গাছের নিচ দিয়ে, আলোছায়ায় ষোলোকটির নকশা আঁকা ঘাস মাড়িয়ে। চলেছে, পুকুরের পাড় ঘেঁষে, যে কুঠার তার কঠিন হাতে ঝড়ে ভেঙে-পড়া আমগাছটিকে তছনছ করছে, উলটপালট করছে, তাকে পাশ কাটিয়ে। চলেছে— ছায়ারেখাচ্ছন্ন গ্রামের জানা পথটি ধরে, যদিও গ্রামের বাতাসে একরকম অচেনা ঘ্রাণ বইছে। দুজন পথিক তাদের পাশ কেটে চলে গেল, ওদের গায়ের বর্ষার গন্ধটি শুধু টের পেল ছাতাবিহীন প্রতিচ্ছায়টি; কারণ ছাতা ধরে-থাকা ছায়াটি ভেবে চলেছে অন্যকথা— বাহারকে আমার সঙ্গে আনার দুটো কারণ। প্রথমত, শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আমার শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটির তিক্ততা তিরোহিত হয়নি আজও দুজনের মন থেকেই, কাজেই তার উপস্থিতিতে সূচনা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, যদি উদ্দেশ্য সফল না হয়, তাহলে মা’র দোষারূপ থেকে বাঁচার জন্য একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন রয়েছে, বিয়ে তো তার উদ্যোগেই সংঘটিত হয়েছিল। মা’র একজন বিত্তশালী বেয়াই অত্যাবশ্যক হয়ে পড়ে; তখন দেশজুড়ে দুর্ভিক্ষ, আর তার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য টাকাকড়ির প্রয়োজন পড়ে। আমার অমতে পুনরায় তিনি স্বামীগ্রহণ করায় তিনটে মুখ বেড়েছে, মুখ দেন যিনি, আহার দেন তিনি— এরকম কথার তিনসিকিভাগই যে পরীক্ষার অন্তর্গত— তা আমার মা’র আর বোঝার বাকি নেই, কিন্তু সময় শেষ হয়ে গেল শুধু থেকে যায় আফসোস, চেনানোর সময়ই ছাগিকে ধরতে হয় অন্যথায় দুর্ভোগ; পূর্বাহ্নে সতর্কতা ও সংযম দারিদ্র্যতাকে দূরে সরিয়ে রাখে, একমাত্র দুর্দশাগ্রস্ত লোকই ভাগ্যের ওপর নির্ভর করে।
দুপুর।
শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে মাফিকের শ্বশুরবাড়ি আট মাইল, বেশিরভাগই বাসে, শুধু হবিগঞ্জ সদর থেকে গয়না নৌকায় মাইল খানেক। অন্যমনস্কভাবে বন্ধুসহ মাফিক বাসে উঠল। দুপুরের বাস, যাত্রীর ভিড়। বেশিরভাগই মজুর, কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ীও। পথের দুধারের ক্লান্তজীবন হাই তুলে বিশ্রাম নিচ্ছে। দু-একটি খাবারের দোকান থেকে উনুনের ধোঁয়া মাঝেমধ্যে উড়ে এসে যাত্রীদের চোখেমুখে ধাক্কা খাচ্ছে। অতঃপর দুপুরের ক্লান্তিময় রহস্য মিলিয়ে যাওয়ার আগেই গয়না নৌকা করে বন্ধুসহ শ্বশুরবাড়ির ঘাটে এসে মাফিক নামল। সামনেই তার চিরপরিচিত বাংলাঘর, এরই সংলগ্নে, স্বল্পপরিসরে, গোপাটের পূর্বপাড়ে ও খালের পশ্চিমপাড়ে খালি জায়গা খরিদ করে মাফিকের শ্বশুর যে নতুন বাড়িটি নির্মাণ করেছেন তা দৈর্ঘে প্রস্থে অসমান, আটে-বাইশে, যা পূর্ব-পশ্চিমে দাঁড়িয়ে আছে। নতুন উঠোন ভরাট করার সময় গোপাটটিও ভরাট করে উঠোনের সঙ্গে একাকার করে দিয়েছেন মাফিকের শ্বশুর। নতুন বাড়ির পূর্বপ্রান্তে অপেক্ষাকৃত বাঁশখুঁটির ছোটো একটি গোয়ালঘর গড়া করা হয়েছে, খালের দিকে পেছন ফেরা। তারই দক্ষিণে, খালের পাশ ঘেঁষে, মসজিদে যাতায়াতের জন্য একটি ছোটো রাস্তা রাখা হয়েছে; তারই উত্তরপাশে একটু খালি জায়গা, সেখানে একটি গোলাপ ও দুটো গন্ধরাজের গাছে ফুটে থাকা ফুলগুলো পাশের গোবরের ঢিপির গন্ধকে প্রশমিত রাখার ব্যর্থ প্রয়াসে ব্যস্ত। গোয়ালঘরে ছয়টি বলদ ও দুটো গাভী পচা কচুরিপানার ওপর দাঁড়িয়ে তাজা কচুরিপানা খাচ্ছে, ছয়টির মধ্যে একটি ভীষণ কালো, বিদেশি হবে, দেহের শক্ত বাঁধনের ওপর মস্তবড়ো এক ঢিবি, আর পরিচ্ছন্ন লম্বা লেজটি মাছি তাড়াতে ব্যস্ত, কিন্তু দেশীয় গরুগুলোর ওপর সচ্ছন্দে মাছির মেলা জমে উঠেছে, তাদের সংখ্যা গৃহস্থের সচ্ছ¡লতার পরিচয়। গোয়ালঘরের ঠিক পশ্চিমে হাতলভাঙা টিউবওয়েলে হাতমুখ ধুয়ে মাফিক বন্ধুকে নিয়ে এগিয়ে এলো বাংলাঘরের দিকে, তখন বেলা আড়াইটা।
বিকাল।
বাংলাঘর। একটি মেহনতি ছেলে দস্তরখান হাতে নিয়ে এসে হাজির হলো। মাফিকের মন অজানা আশঙ্কায় মুষড়ে উঠল, স্ত্রীর সঙ্গে মোলাকাত মুশকিল মালুম হোতা হ্যায়। চার বছর মাত্র ছাতুখোরদের সঙ্গে বসবাস করে উর্দুতে ভাবতে শিখেছে মাফিক, একথা ভাবলেই সে অবাক হয়। পাকিস্তানির সঙ্গে সম্পর্ক কোনও দিনই গলাগলির পর্যায়ে পৌঁছোয়নি, অনেক ক্ষেত্রে গালাগালিতেই পর্যবসিত হয়েছে। পাকিস্তানের সঙ্গে পূর্ব-বাংলার সংযুক্তির সাধ প্রথম মিলনেই মিটে গেছে, ওদের আত্মম্ভরিতার আকস্মিকতায়; তেমনই আজ বিয়ের সাধও মিটে যাবে ম্যাটিনি-শো’র শুরুতেই, এসব ভাবতেই মাফিকের অভিমানী মন ব্যথিত হয়ে উঠল। ছেলেটি বলে যাচ্ছে অনেক কিছু, সেদিকে মাফিকের খেয়াল নেই, তবে ছেলেটি যখন বলল, আপনার হউর২, তখন তার চমক ভাঙল, সে বলে চলল, কোঁচ দিয়া মাছ শিকার করাত৩ ওস্তাদ। গতকল্য ইয়াবড়ো একটা কাতলা কাবু করছইন। দেখইন কেমন তেলতেলা চেপটা পেটি।
মেহনতি ছেলেটি যখন মাফিকের থালায় কাতলার একটি পেটি তুলে দিতে যাচ্ছে তখন সে খেঁকিয়ে উঠল। ছেলেটি হতভম্ব! পরিস্থিতি বুঝতে পেরে বাহার বলল, আমার থালায় তুলে দ্যাও।
ছেলেটি নিশ্চুপে নির্দেশ পালন করল, কোনও কথা বলল না। দস্তরখান গুঁটানো পর্যন্ত নিশ্চুপ থাকে, কিন্তু রান্নাঘরে পৌঁছেই অপেক্ষারত জায়েদাকে বলল, আপা, তোমার সোয়ামির মেজাজ বড়ো কড়া। খাড়াক্খাড়া৪ খারাপ অইয়া৫ যায়। ব্যাপার কিতা৬?
উত্তর শোনার আগেই ছেলেটি পানদান নিয়ে দৌড় তুলল বাংলাঘরের দিকে। জায়েদা মনে মনে বলল, শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের ঘটনায় বাবাই বড্ড বাড়াবাড়ি করেছিলেন। তার দোষ কি! না নেই। চার বছর পর দেশে এসে মা’র আশীর্বাদ না নিয়ে স্ত্রীকে দেখতে আসা কি বেমানান নয়! এখন বাবা বেঁকে বসেছেন। বিয়ের পর মেয়ে কি আর তার বাপের থাকে, সেকথা কি তিনি বোঝেন না! এমন সময় তার বাবার কণ্ঠ শোনা গেল, জায়েদা যেন রান্নাঘরের পাঁচিলের বাইরে না যায়।
জায়েদার মা উত্তরে কী বললেন তা শোনা গেল না, তবে জায়েদার অন্তর জপতে লাগল, নানি৭ আসলেই দেখা যাবে তার দামান্দকে৮ দাব দিয়ে বশ মানাতে পারেন কিনা! জায়েদার বাবার শাসনের সুর মাগরেবের আজানের ধ্বনিকেও দমাতে পারল না, রয়ে গেল বাদ-মাগরেব পর্যন্ত।
সন্ধ্যা।
তলব এলো মাফিক ও বাহার যেন শীঘ্রই ভেতর বাড়িতে এসে উপস্থিত হয়। মাফিকের শ্বশুর বড়োঘরের প্রধান দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ানো। কদমবুচি— পা ছোঁয়া সালাম— করে উঠে দাঁড়াতেই উভয়কে তিনি গুরুগম্ভীর স্বরে বললেন, বেশ।
মাফিক ও বাহার দুজনই চুপ। মাফিকের শ্বশুর পালঙ্কে পাতা একটি বিছানা দেখিয়ে, মুখে ম্লান হাসি টেনে আনার ব্যর্থ চেষ্টা করে বললেন, বোসো।