Home
খেয়ালি

খেয়ালি

সমরেশ মজুমদার

খেয়ালি

সমরেশ মজুমদার
short story

Change color


জংশন স্টেশন থেকে দুপুর সাড়ে বারোটার ট্রেন ধরলে ঠিক পৌনে চারটের সময় গমনপুরে পৌঁছে যাওয়া যায়। অগ্রিম জানতে পারলে ভদ্রলোক স্টেশনে লোক রাখবেন। গমনপুর থেকে খেয়ালি গ্রাম গাড়িতে পনেরো মিনিটের পথ। ওই চিঠির উত্তরে জানিয়ে দিয়েছিলাম কবে যাচ্ছি। মুশকিল করল মেল ট্রেনটা। সারাটা পথ খুঁড়িয়ে-খুঁড়িয়ে যখন জংশন স্টেশনে ঢুকল তখন দুটো বেজে গেছে। গমনপুরের ট্রেন তার অনেক আগেই বেরিয়ে গিয়েছে।

কথা বলে জানা গেল ওই লাইনে দিনে দুবার ট্রেন যায়, আসে। দ্বিতীয় ট্রেনটি ছাড়বে পৌনে ছ’টায়, গমনপুরে পৌঁছবে ন’টায়। তা না হলে আজকের রাতটা ওখানেই কাটাতে হবে, সেক্ষেত্রে কাল সাড়ে বারোটার আগে ট্রেন নেই। স্থির করলাম সন্ধের ট্রেনই ধরব। রাত ন’টায় পৌঁছে পনেরো মিনিটের বাসপথ নিশ্চয়ই ম্যানেজ করা যাবে। ধরে নেওয়া যাচ্ছে অরুণেশ্বরবাবুর লোক। অত রাত পর্যন্ত অপেক্ষা করবে না।


ট্রেনের চেহারা এবং গতি ছ্যাকরা গাড়িকেও হার মানায়। যাত্রীরাও কোনও বিশেষ পরিচয়ের নয়। টুকরো-টুকরো কথাবার্তায় জানা গেল দিন দুয়েক খুব বৃষ্টি হওয়ায় এদিকের অনেক রাস্তা এখন প্লাবিত। জানা গেল, গমনপুরে কোনও হোটেল নেই।


ট্রেন ঠিকঠাক সময়ে স্টেশনে পৌঁছলে আবিষ্কার করলাম আমাকে নিয়ে মাত্র দুজন যাত্রী প্ল্যাটফর্মে পা দিল। টিমটিমে আলোর বাইরের পৃথিবীটায় ঘন অন্ধকার। একজন কর্মচারী গম্ভীর মুখে লুঙির ওপর ইউনিফর্ম পরে দাঁড়িয়ে এমনভাবে দেখছেন যেন ট্রেনটি তাঁর পৈতৃক সম্পত্তি। ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেলে ভদ্রলোকের সামনে গিয়ে বললাম, ‘নমস্কার’।



ভদ্রলোক এমনভাবে মাথা উঁচু করে তাকালেন যে তাঁকে ঐতিহাসিক চরিত্র বলে মনে হল।


‘আমি খেয়ালি গ্রামে যেতে চাই। কোথায় বাস পাওয়া যাবে?’


‘কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কোনও হোটেল নেই, ধর্মশালা নেই, স্টেশনের ওয়েটিং রুমের অবস্থা খুব খারাপ। তাই হাঁটতে শুরু করুন। দু-ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন।’ ভদ্রলোক তাঁর অফিস ঘরের দিকে লম্বা পা ফেলে চলে গেলেন।


স্টেশনের বাইরে এলাম। দুটো দোকান দেখতে পাচ্ছি তারার আলোয়, যাদের ঝাঁপ বন্ধ। লোকজন নেই। পাশেই রেল কোয়ার্টার্স। সেখানে রেডিওতে হিন্দি গান বাজছে। ওই ভদ্রলোক সম্ভবত ওখানেই থাকেন। এই সময় একটা সাইকেল দ্রুত চলে এসে ব্রেক কষল, ‘ট্রেন চলে গেল?’


আমার উদ্দেশ্যে নয়, তবু উত্তর দিলাম, ‘হ্যাঁ।’


‘যাঃশালা! আজও সটকে গেল। রাস্তার যা অবস্থা কিছুতেই জোরে আসতে পারলাম না।’



‘আপনি এখানে থাকেন?’ জিজ্ঞাসা করলাম।


‘এখানে মানে, আরামপুরে। চার মাইল দূরে। আপনি?’


‘ওই ট্রেন থেকে নেমেছি। যেতে চাই খেয়ালি গ্রামে।’ বিনীত ভঙ্গিতে বললাম।


‘ভদ্রলোক বলে মনে হচ্ছে। এত রাত্রে হাঁটতে পারবেন?


‘রাস্তাটা যদি বলে দেন–’


‘উঠুন, পেছনে বসুন। এক মাইল এগিয়ে দেব, তারপর আমি বাঁদিকে আপনি ডান দিকে। খেয়ালিতে কার বাড়িতে যাবেন?’


ততক্ষণে স্যুটকেশ নিয়েই ক্যারিয়ারে উঠে বসেছি। বললাম, ‘অরুণেশ্বরবাবু, অরুণেশ্বর বিশ্বাস।’


‘ও। ভদ্রলোকের জলজ্যান্ত ছেলেটা হুট করে মরে গেল। তা খবর দেননি কেন? দিলে নিশ্চয়ই লোক পাঠাতেন স্টেশনে!’ প্যাডেল ঘোরাতে-ঘোরাতে জিজ্ঞাসা করল লোকটা। জবাব দিলাম না। দিলে অনেক কিছু বলতে হত। আমি অন্ধকার দেখছিলাম। শহরে বসে এই অন্ধকার কল্পনা করা যাবে না। লক্ষ করলাম একটু-একটু করে মেঘ ছড়াচ্ছে আকাশে, ফলে তারার আলো নিভতে শুরু করেছে। খারাপ রাস্তায় চাকা পড়ায় শরীর লাফাচ্ছে। লোকটা একসময় থামল, ‘এবার আপনি ডান দিকের রাস্তা ধরে চলে যান। খেয়ালির আগে কোনও গ্রাম নেই।’



আমি নেমে দাঁড়াতেই সে নিমেষের মধ্যে হারিয়ে গেল অন্ধকারে। চারপাশে একটা পাক দিয়ে দেখলাম কোথাও আলো নেই। যেটাকে রাস্তা বলে গেল লোকটা সেটা মাটির। যা কাদা হয়ে আছে এবং পাঁচ হাত দূরের কিছু দেখা যাচ্ছে না, এর চেয়ে প্ল্যাটফর্মে বসে থাকা অনেক বেশি স্বস্তির ছিল।


হাঁটা শুরু করলাম। প্রায়ই কাদায় জুতো ডুবে যাচ্ছে। প্রথম দিকে জুতোর জন্যে যে মায়া হচ্ছিল পরে তা থাকল না। যা হচ্ছে হোক, পৌঁছতে যখন হবে তখন এসব ভেবে লাভ নেই। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আওয়াজটা কানে এল। দু-পাশের মাঠ অন্ধকারে ঢাকা। ডান দিকের মাঠে একটি ব্যাং প্রবল আর্তনাদ করছে। ব্যাঙের ডাক শুনেছি, আর্তনাদ এই প্রথম। সম্ভবত সাপের পেটে যাচ্ছে ওটা। তখনই খেয়াল হল এই অন্ধকারে পায়ের সামনে সাপ পড়লেও তো বুঝতে পারব না। দ্রুত হাঁটলে ছোবল মারার সুযোগ পাবে না সাপ। সেই চেষ্টা করলাম। তারপরেই চলে এলাম বড়-বড় গাছের মাঝখানে। ওগুলো কী গাছ এখন চেনা সম্ভব নয়। তবে বেশ ঝাঁকড়া। গাছের নিচে আসতেই কান্না কানে এল। যেহেতু ওটা ওপর থেকে ভেসে আসছে তাই পাখির কান্না বলেই বোধ হল। পাখিও যে মানুষের গলার কাছাকাছি গলায় কাঁদতে পারে তা আগে। জানতাম না। শরীরে কাঁটা ফুটল।


আমি ভূতপ্রেত নিয়ে কখনও মাথা ঘামাবার প্রয়োজন অনুভব করিনি। ভূত এবং ভগবান, দুটোই দুর্বলচিত্ত মানুষের কল্পনায় তৈরি। কিন্তু পরিবেশ কখনও-কখনও এদের অস্তিত্ব তৈরি করতে সাহায্য করে। এই অন্ধকারে ওই গোঙানি, পাতার খসখস শব্দ, পায়ের তলার কাদা মাটি একত্রিত হয়ে ছেলেবেলা থেকে শুনে আসা ভূতের গল্পগুলোকে মনে আনতে সাহায্য করল। আমি দ্রুত হাঁটতে আরম্ভ করলাম। কিন্তু কানের পরদা থেকে গোঙানির আওয়াজটা কিছুতেই দূর হচ্ছিল না।



শেষ পর্যন্ত কিছু ঘরবাড়ি চোখে পড়ল। বুঝলাম আমি একটি গ্রামে ঢুকেছি। এই গ্রামের নাম খেয়ালি হলেও হতে পারে। কিন্তু বাড়িগুলোর দরজা-জানলা বন্ধ। আলো জ্বলছে না। এখন রাত বারোটার কাছাকাছি। গ্রামের মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন! বিস্তর ডাকাডাকির পর সাড়া মিলল। দুজন বেরিয়ে এলেন। একজনের হাতে হ্যারিকেন, দ্বিতীয়জনের লাঠি। আমার অবস্থা। দেখে বোধহয় ওঁরা বুঝতে পারলেন আমি দুবৰ্ত্তনই। হ্যাঁ, গ্রামের নাম খেয়ালি। আর অরুণেশ্বরবাবু থাকেন দক্ষিণপাড়ায়। সামনের মোড় থেকে ডান দিকে হাঁটলেই দক্ষিণপাড়া। সবচেয়ে বড় বাড়িটাই তাঁর। ওঁর পিতামহ জমিদার ছিলেন। সেইসঙ্গে ওঁরা আমার পরিচয় জানতে চাইলেন। ফাঁপরে পড়লাম। বানিয়ে বললাম, ‘আমি ওঁর সঙ্গে ইনসিওরেন্সের ব্যাপারে কথা বলতে এসেছি।’ ওঁরা আমাকে বিদায় দিয়ে ভেতরে ঢুকে গেলেন। লক্ষ করেছিলাম, কথা বলার সময় দুজনই চোখ ঘুরিয়ে-ঘুরিয়ে চারপাশে দেখছেন। সেই দৃষ্টি স্বাভাবিক ছিল না।


দক্ষিণপাড়ায় ঢুকেও একই দৃশ্য। কোনও বাড়িতেই আলো জ্বলছেনা। বই-এর পাতায় ভূতুড়ে গ্রামের যে বর্ণনা থাকে হুবহু তাই। শেষপর্যন্ত অন্ধকারেও বিশাল বাড়িটাকে ঠাওর করলাম। কোথাও কোনও আলো নেই। ছাদের দিকে তাকাতেই একটা সাদা বস্তুকে নড়তে দেখলাম। তার মাথামুণ্ডু বুঝতে পারছি না। শুধু ছাদের এক পাশ থেকে সেটা অন্য পাশে চলে যাচ্ছে, ফিরে আসছে। আমি দ্রুত বাড়ির গেটে আওয়াজ করতে লাগলাম, ‘বাড়িতে কেউ আছেন? দরজা। খুলুন।’



বেশ কয়েকবার চিৎকার করার পর হঠাৎই দোতলা থেকে একটা টর্চের তীব্র আলো আমার ওপর এসে পড়ল। আমি চোখের ওপর হাতের আড়াল রেখে দেখার চেষ্টা করতেই গলার স্বর শুনতে পেলাম ‘কে? কে ওখানে?কী চাই?’


‘আমি শহর থেকে আসছি। অরুণেশ্বরবাবু আমাকে আসতে লিখেছিলেন!’ চেঁচিয়ে বললাম।


‘নাম বলুন!’


বললাম। তারপরেই হুকুম হল, ‘কার্তিক, দরজা খুলে ওঁকে ভেতরে নিয়ে আয়।


মিনিট দুয়েক বাদে দরজা খুলল। একটা হ্যারিকেন এগিয়ে এসে গেটের তালা খুলে সরে দাঁড়াতে আমি ভেতরে ঢুকলাম। আবার তালা লাগিয়ে লোকটা হাত বাড়াল, ‘ওটা দিন।’


এতটা পথ যখন বইতে পেরেছি তখন এটুকু পারব। বললাম, ‘থাক।’


‘না। কর্তার হুকুম। ওর ভেতরে অস্ত্র থাকতে পারে।’ তর্ক না বাড়িয়ে লোকটা আমার স্যুটকেশ হস্তগত করল। কেউ এই বাড়িতে লুকিয়ে অস্ত্র নিয়ে আসবে এমন সম্ভাবনা আছে নাকি?



ভেতরে ঢোকার পর হ্যারিকেনের আলোয় বাঁধানো উঠোন চোখে পড়ল। দু-পাশে বারান্দা। যে ভদ্রলোক দরজায় দাঁড়িয়ে তাঁর পরনে ফতুয়া এবং ধুতি। বয়স ষাট পেরিয়েছে। হাত বাড়িয়ে। বললেন, ‘আমার চিঠিটা কি সঙ্গে আছে?’


ছিল, দিলাম। সেটার ওপর চোখ বুলিয়েই ভদ্রলোকের গলার স্বর বদলে গেল, ‘ও হো! আমার লোক গিয়েছিল স্টেশনে। দুপুরের ট্রেনে আসার কথা, না দেখে ফিরে এসেছে। আপনি এই অন্ধকারে কাদাভরা রাস্তায় কী করে এলেন?’


অল্প কথায় ঘটনাগুলো জানালাম। স্টেশনে বসে রাত না কাটিয়ে হেঁটেই আসতে পারব ভেবে এগিয়েছিলাম। রাস্তার অবস্থা জানলে পা বাড়াতাম না।


‘আপনার খুব ভাগ্য ভালো তাই সশরীরে পৌঁছতে পেরেছেন। যাক, এখন পোশাক পালটে থিতু হয়ে বসুন। রাতের খাবার পাঠিয়ে দিচ্ছে, খেয়ে শুয়ে পড়ুন। কাল সকালে কাজের কথা হবে। কার্তিক, বাবুকে স্নানঘর দেখিয়ে দে।’ ভদ্রলোক আর দাঁড়ালেন না। ওঁর জুতোর শব্দ মিলিয়ে যাওয়া মাত্র বাড়িটা কী ভয়ঙ্কর চুপচাপ হয়ে গেল!


পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর আমার জন্যে খাবার নিয়ে এল কার্তিক। মাছভাজা গোটা তিনেক, রুটি, ডাল বেগুনভাজা আর সামান্য ক্ষীর। কার্তিক বিনীত ভঙ্গিতে বলল, হেঁশেল তুলে দিয়েছিল, সবার খাওয়া তো শেষ হয়ে গেছে, এইটুকু কোনওরকমে–আপনার খুব অসুবিধে হবে!’



‘আমাকে তো সারারাত মাঠেঘাটে বসে থাকতে হত। এ তো অমৃত পাওয়া!’


‘আপনি খুব ভাগ্যবান বাবু।’


‘কেন?’


‘এত রাত্রে কুলকুলির মাঠ ভেঙে সশরীরে এলেন–!’


‘কেন? ওখানে কী হয়?’


‘আত্মারা থাকেন।’


‘ও। না, তাদের সঙ্গে আমার দেখা হয়নি।’ খাওয়া শুরু করলাম, ‘আচ্ছা কার্তিক, তোমাদের গ্রামের মানুষরা এত তাড়াতাড়ি দরজা-জানালা বন্ধ করে শুয়ে পড়েছে কেন বলো তো? মনে হচ্ছে, বাইরের কাউকে ভয় করছে সবাই?’ জিজ্ঞাসা করলাম।


‘আপনি এসব বড়বাবুর মুখে শুনবেন!’ কার্তিক নড়ে উঠল, ‘আপনি খাওয়া হয়ে গেলে দরজাটা বন্ধ করে দেবেন। থালাবাসন কাল সকালে নিয়ে যাবে। হ্যারিকেনটা অসুবিধে হলে জ্বেলে রাখবেন। আচ্ছা!’ কার্তিক চলে গেল।



ঘুম ভাঙল বেশ বেলা করে। অতটা কাদাজলে হাঁটাহাঁটি করে শরীর বোধহয় আরাম চাইছিল। দেখলাম, বেশ রোদ উঠেছে। বাথরুমে গিয়ে তৈরি হয়ে নিলাম। কথাগুলো যদি সকালেই হয়ে যায় তাহলে দুপুরের ট্রেন ধরে ফিরে যাব।


ঘোমটা দেওয়া এক কাজের মহিলা চা নিয়ে এল ট্রেতে। শুধু চা নয়, সঙ্গে ফুলকো লুচি, বেগুন ভাজা আর ক্ষীর। বুঝলাম এ-বাড়িতে দুধের কোনও অভাব নেই। কিন্তু সকালে প্রথম কাপ চায়ের সঙ্গে এত ভাজাভুজি খাওয়া অভ্যেস আমার নেই। তাই ফিরিয়ে নিয়ে যেতে বললাম। স্ত্রীলোকটি একটু ইতস্তত করছিল। বললাম, ‘এখন আমি ওসব খাই না।’


‘বউদিমণি রাগ করবেন।’


বউদিমণি কে আমি জানি না। বললাম, ‘তাঁকে বুঝিয়ে বলো।’


অনিচ্ছা নিয়ে সে চায়ের কাপ নামিয়ে ট্রে তুলে চলে গেল।


চা শেষ হতেই কার্তিক দরজায় এল, ‘বড়বাবু বাগানে অপেক্ষা করছেন।’



বাগানটি ফুলের নয়। নানান ধরনের সবজি চারপাশে। তার মধ্যে দুটো বড় বেঞ্চি যার একটায় বসে ছিলেন অরুণেশ্বরবাবু। আমায় দেখে জিজ্ঞাসা করলেন, ‘ঘুম হল?’


‘হ্যাঁ। খুব ক্লান্ত ছিলাম, তাই–’


‘বসুন। হ্যাঁ, প্রথমে আপনার পরিচয় একটু বিশদে শুনি।‘


‘আমি যা লিখেছি তার বেশি তো কিছু বলার নেই।’ বললাম।


‘আপনার বয়স উনচল্লিশ। এতদিন বিয়ে করেননি কেন?’


উদ্যোগ নেওয়ার কেউ ছিল না, নিজেরও ইচ্ছে হয়নি।’


‘বাড়িতে কে আছেন?’


‘বাড়ি নয়, ফ্ল্যাট। একজন কাজের লোক, অবশ্য তাঁকে কাজের লোক বলা চলে না। আ

**********
No Review
Related Books
Loading books…