
কাঠঠোকরা
সমরেশ মজুমদার
দপ্তর থেকে ইস্যু করা পাশ দেখিয়ে শেষ মুহূর্তেও একটা বার্থ পেয়ে গেল হরিপদ। এই ট্রেনের নাম দার্জিলিং মেল। আগে ছাড়ত সন্ধেবেলায়, এখন দশটার পরে। নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়। অর্থাৎ কাল ট্রেন থেকে নেমে আবার তাকে বাস ধরতে হবে।
বারোটা বছর যেন হুস করে চলে গেল।
চালসার মোড়ে ফটিকের মুদির দোকানে গিয়েছিল হরিপদ। লিস্ট অনুযায়ী জিনিস কিনতে হবে। লিস্ট ধরিয়ে দিয়ে বিড়ি বের করে কানের কাছে টিপতেই কথাগুলো শুনতে পেল, ‘আমার যদি স্বাস্থ্য ভালো থাকত তাহলে জলপাইগুড়িতে চলে যেতাম।’
দ্বিতীয়জন বলল, ‘দূর। অত কষ্ট আমাদের জন্যে নয়। মিলিটারিতে ঢুকবে পাঞ্জাবি, গোর্খারা। আমাদের জন্যে কেরানির চাকরি ভালো।’
দুজনকেই চেনে হরিপদ। কাজকর্ম নেই, দিনরাত মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারে। সে জিজ্ঞাসা করল, ‘কী ব্যাপার গোরাদা?’
প্রথমজন বলল, ‘আজ এগারটা থেকে জলপাইগুড়ির চাঁদমারির মাঠে মিলিটারিতে সেপাই-এর চাকরির জন্যে লোক নেবে। খাওয়া-থাকা ফ্রি, প্লাস মাইনে। তোমার তো চেহারা ভালো। যাও না, কপালে থাকলে চাকরি পেয়ে যেতে পারো। আর কতকাল লোকের বাড়িতে চাকর হয়ে থাকবে!’
কথাটা একটুও ভালো লাগেনি হরিপদর। তাকে চাকর হিসাবে দ্যাখে না বুড়ো কর্তা। বুড়ো কর্তার মেয়ে, যিনি বিয়ে-থা করেননি, স্কুলে দিদিমণির কাজ করেন, সবাই তাঁকে বড়দি বলে তাই হরিপদও বড়দি বলে ডাকে, খুবই স্নেহ করেন। সেই আট বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে পূর্ববঙ্গ থেকে সীমান্ত পেরিয়ে এপারে আসার সময় সে দলছুট হয়ে গিয়েছিল। আজ অবধি নিজের বাবা-মাকে খুঁজে পায়নি। চ্যাংড়াবান্ধা থেকে চালসা চলে এসেছিল বাসে চেপে। খিদের জ্বালায় এবং ভয়ে কাঁদছিল ও রাস্তায় দাঁড়িয়ে। লোকজন অনেক প্রশ্ন করেও হদিশ না পেয়ে বুড়ো কর্তার কাছে পৌঁছে দিয়েছিল। বুড়ো কর্তা বলেছিলেন, ‘দেখে-শুনে চোর-ছ্যাঁচোড় বলে মনে হচ্ছে না। প্রকৃতই উদ্বাস্তু। থাক এ-বাড়িতে।’ দিদিমণি-মেয়েকে ডেকে বলেছিলেন, ‘দ্যাখো, মানুষ করতে পারো কিনা।’
হ্যাঁ, নাম সই করা আর অ আ ক খ এবং এ বি সি ডি-র বেশি বিদ্যে মেরে-ধরেও শেখাতে পারেননি বড়দি। কিন্তু ফাইফরমাস খাটার ব্যাপারে দক্ষতা দেখাতে লাগল হরিপদ। তেরো চৌদ্দতে ওই বাড়ির অপরিহার্য হয়ে উঠল। সংসারের যাবতীয় কাজের দায়িত্ব তখন থেকে তার ওপর। সেই সঙ্গে তার স্বাস্থ্য বৃদ্ধি পেল। বুড়ো কর্তা তাকে ব্যায়াম করতে শেখালেন। চৌদ্দ বছরেই তাকে সতেরো বলে মনে হত। বিড়ি খাওয়া ছাড়া আর কোনও শখ নেই। বুড়ো কর্তা প্রত্যেক মাসের এক তারিখে তার হাতে দশটা টাকা দিতেন। বলতেন, ‘পরিশ্রম করছ তার বদলে পারিশ্রমিক তোমার প্রাপ্য।’ কিন্তু বড়দি সেটা নিয়ে পাঁচটা টাকা দিয়ে বলতেন, ‘এটা তোর নামে পোস্ট অফিসে জমাব।’
সে বড় সুখের দিন ছিল। পাঁচ টাকায় রাজার মতো থাকা যেত। দুটো টাকার বিড়িতেই মাস চলে যেত। বাকি তিনটে টাকা খরচ করার জায়গা পাওয়া যেত না। সবই তো বাড়িতে পাওয়া যেত। মাসে চারদিন সোওয়া পাঁচ আনার টিকিট কেটে সিনেমা দেখতে শুরু করল সে। আর সেখানেই বাসন্তীর সঙ্গে আলাপ।
সে সিনেমা দেখতে যেত প্রত্যেক শুক্রবার ম্যাটিনি শো-তে। ওই সময় বুড়ো কর্তা ঘুমোন। বড়দি স্কুলে থাকেন। হাতের কাজ শেষ। তাই পাজামা শার্ট পরে সিনেমা হলে পৌঁছে সোওয়া পাঁচ আনার লাইনে দাঁড়িয়ে যেত। কিন্তু সেদিন গিয়ে দেখল তেমন দর্শক নেই। সামান্য ভিড়। একজন মধ্যবয়সিনী আর তরুণী একপাশেদাঁড়িয়ে আছে। হরিপদর মনে হল সিনেমাটা ভালো নয় বলে লোকে দেখতে আসেনি। সে কী করবে ভাবছিল এই সময় ওই মধ্যবয়সিনী এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ‘আপনি কি টিকিট কিনবেন?’
সতেরো বছরের অভিজ্ঞতায় কেউ তাকে আপনি বলেনি। সে ঘাবড়ে গিয়ে মাথা নেড়েছিল, ‘না-না। আমি সোওয়া পাঁচ আনায় সিনেমা দেখি।’
‘আহা। আপনার কাছে টিকিটের দাম চাইছি নাকি! একটা টিকিট বেশি হয়েছে। কাউন্টার ফেরত নেবে না। কাকে বিক্রি করব, সেই লোক কেমন হবে, অন্ধকারে পাশে বসবে তো, তাই বাসন্তী আপনাকে দেখে বলল, বউদি, ওকে সরল বলে মনে হচ্ছে।’ মধ্যবয়সিনী বললেন। বিনা পয়সায় সিনেমা দেখার সুযোগ কে ছাড়ে! মধ্যবয়সিনী তার হাতে টিকিট গুঁজে দিয়ে
সঙ্গিনীকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। সোওয়া পাঁচ আনা যখন বেঁচে গেল তখন সিনেমা হলের পাশের দোকান থেকে একটা চারমিনার সিগারেট দুই পয়সা দিয়ে কিনে ফেলল হরিপদ। বিড়ির বদলে সিগারেট ধরিয়ে নিজেকে বেশ সম্ভ্রান্ত বলে মনে হল।
হলে ঢোকামাত্র আলো নিভে গেল। লোক হয়নি বলে যারা টর্চ জ্বেলে সিট দেখিয়ে দেয় তারাও নেই ধারে কাছে। সোওয়া পাঁচ আনায় নাম্বার থাকে না, যে যেখানে পারে বসে পড়ে। কিন্তু দশ আনার টিকিটে–
‘এই যে, এদিকে, এখানে।’
ডাক শুনে তাকাল হরিপদ। একেবারে প্রান্ত-সিটে বসে আছেন মহিলা, পাশে মেয়েটি। আধা অন্ধকারে হাতড়ে-হাতড়ে সিটে গিয়ে বসতেই নাকে পাউডারের গন্ধ পেল হরিপদ। গন্ধটা আসলে মেয়েটির শরীর থেকে। সে দু-হাত গুটিয়ে একটু সরে বসল যাতে মেয়েটির শরীর দূরত্বে থাকে।
এখন সরকারি খবর দেখাচ্ছে। ইংরেজিতে ধারাবিবরণী চলছে যার বিন্দুবিসর্গ সে বুঝবে না। মেয়েটি বলল, ‘আপনি ভালো ভাবে বসুন না।’
‘ঠিক আছি।’
মধ্যবয়সিনী হাসলেন, ‘একে ঠিক বলে বুঝি! মনে হচ্ছে আমাদের অসুখ আছে, ছোঁয়া বাঁচাচ্ছেন আপনি!’
সোজা হল হরিপদ।
মধ্যবয়সিনী জিজ্ঞাসা করলেন, ‘আপনার নাম?’
‘হরিপদ।’
‘ওর নাম বাসন্তী, আমি ওর বউদি।’
সিনেমা আরম্ভ হল। জঙ্গলের রাজার মেয়ে সখীদের নিয়ে গান গায়, খেলা করে। কিন্তু ছেলে দেখলেই খেপে গিয়ে তাড়া করে, শাস্তি দেয়। বাসন্তীর পাশে বসে হরিপদর বেশ লজ্জা করছিল, রাজকন্যার পরনের পোশাক যতটা না থাকলে নয় ততটা থাকায়। কোনও ছেলে তাকে প্রেম। নিবেদন করতে এলেই তাকে শাস্তি দিত রাজকন্যা।
‘কী নিষ্ঠুর!’ ফিসফিস করে বলেছিল বাসন্তী।
‘হুঁ।’ মাথা নেড়েছিল হরিপদ। ‘সব মেয়েই ওরকম না।’ বাসন্তী কানের কাছে মুখ এনে বলেছিল।
‘আমি জানি না।’
‘সেকি! জীবনে কোনও মেয়ে আসেনি?’
‘না।‘
বাসন্তী সেকথা তার বউদিকে জানাতেই চাপা হাসি শুনতে পেল হরিপদ। হঠাৎ বাসন্তীর ডান হাত অন্ধকারে হরিপদর বাঁ-হাত ধরল। ওরকম নরম তুলতুলে হাতের স্পর্শ জীবনে কখনও পায়নি। সে। ঠিক সেই সময় জঙ্গলের পাশের নদীতে কাঠ ধরে ভেসে আসা নায়কের জ্ঞানহীন শরীর আবিষ্কার করে ফেলল রাজকন্যার সখীরা। খবর পেয়ে রাজকন্যা এল। এই অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যায় না। ভেজা পোশাক খুলে নায়ককে জাগাতে চেষ্টা চলল। কিন্তু পোশাক খোলার পর নায়কের সুগঠিত শরীর দেখে রাজকন্যার মুখ-চোখ বদলে গেল। পাশে বসে সে বুকে ঠোঁট ছোঁয়াতেই নায়কের জ্ঞান ফিরে এল। সঙ্গে-সঙ্গে বাসন্তী হরিপদর হাত টেনে তুলে নিজের বুকে ছুঁইয়ে আবার নামিয়ে আনল পায়ের ওপর। হরিপদর কান ঝাঁঝাঁ করে উঠেছিল। শরীরের সব রক্ত তখন তার মুখে। ওদিকে জ্ঞান ফিরে আসার পরে নায়ক রাজকন্যার প্রেম প্রত্যাখ্যান করল। সে দ্বীপ থেকে চলে যেতে চায়, কিন্তু রাজকন্যা তাকে ছাড়তে নারাজ।
‘বাসন্তী! উঠে আয়। উঠে আয় বলছি।’
অন্ধকারে কেউ একজন চাপা গলায় গর্জন করতেই বাসন্তী স্প্রিং-এর মতো উঠে হনহন করে বেরিয়ে গেল হল থেকে। সেই লোকটাও চলল ওর পেছন-পেছন।
হরিপদ খুব ঘাবড়ে গেল। সে যে মেয়েটার হাত ধরেনি, মেয়েটাই তার হাত ধরেছিল একথা। নিশ্চয়ই লোকটা জানবে না। কিন্তু অন্ধকারে কি লোকটা দেখতে পেয়েছিল? নিশ্চয়ই বাসন্তীর বাবা জানত না মেয়ে সিনেমা দেখতে এসেছে। লোকটা যদি তাকে চিনতে পারে তাহলে নিশ্চয়ই দিদিমণির কাছে নালিশ করবে। হাত-পা শিরশির করতে লাগল তার। সে চটপট হল থেকে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই মধ্যবয়সিনী বললেন, ‘চিন্তার কিছু নেই। তুমি এপাশে সরে বসো।’
‘লোকটা কে?’
‘বাসন্তীর মামা। হাড়ে বজ্জাত লোক। আমার ওপর খুব রাগ তাই ভাগনিকে ধমকে নিয়ে গেল।’ খুকখুক শব্দে হাসলেন মধ্যবয়সিনী।
‘আপনার ওপর রাগ কেন?’
‘বামন হয়ে চাঁদ ধরতে চাইলে আছাড় খেতেই হবে।’ মধ্যবয়সিনী হাসলেন, ‘আরে! এখনও তুমি ওখানে বসে আছ? লোকে কী ভাববে?’
অতএব বাধ্য হল হরিপদ। কানের কাছে মুখ এনে মধ্যবয়সিনী বললেন, ‘তুমি আমাকে বউদি বলে ডেকো।’
পুরো সিনেমা দ্যাখা হল না। হাফ টাইমে বউদি বললেন, ‘ভাল্লাগছেনা। তুমি কি পুরোটা দেখতে চাও?’
মাথা নেড়েছিল, ‘না।’
‘তাহলে চলো, বাড়ি যাই।’
বাইরে বেরিয়ে বউদি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বললেন, ‘চলো, আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। বেশি দূর নয়, আধঘণ্টা লাগবে।’
বাসে চেপে নাগরাকাটায় পৌঁছাবার আগেই বউদি নেমে পড়লেন। পাশেই ফরেস্টের কোয়ার্টার্স। বেশ নির্জন জায়গা। কোয়ার্টার্সের পাশে কাঠের বাগানওয়ালা বাড়ি।
গেট খুলে ভেতরে ঢোকামাত্র একটা টেকো লম্বা লোক বেরিয়ে এল, ‘কী ব্যাপার, সিনেমা দেখলে না?’
‘ইস! কী বিশ্রি ছবি! বসে থাকা যায় না।‘
‘এটি কে?’
‘হরিপদ। খুব ভালো ছেলে।’ বউদি বললেন।
‘হরিপদ কী?’ লোকটা জিজ্ঞাসা করল।
‘হরিপদ ভট্টাচার্য।’ জবাব দিয়েছিল সে।
‘ও বামুনের ছেলে। বয়স কত?
‘সতেরো।’
‘তাই। এখনও গোঁফ-দাড়ি ওঠেনি। শোনো, আমাকে এখনই মালবাজারে যেতে হবে। কাজ
আছে।’
‘বেশি গিলো না।’
‘না-না।’
লোকটা বেরিয়ে গেল।
বউদি হাসলেন, ‘কাঠের ব্যাবসা করে। মালবাজারে যায় মাল খেতে।’
বাইরের ঘরে বসে বউদি জিজ্ঞাসা করল, ‘তা বলো, বাসন্তীকে কেমন লাগল?
‘ভালো।’
‘প্রেম-প্রেম করে পাগল হয়ে গিয়েছে মেয়েটা অথচ কোনও ছেলেকেই ওর পছন্দ হচ্ছিল না। তোমাকে আজ দেখামাত্র আমাকে বলল আলাপ করিয়ে দাও। দেখলাম, তোমার সঙ্গে মানাবে।’ বউদি হাসলেন, ‘কী খাবে বলো?’
‘কিছু না। আমি এখন বাড়ি যাব।’ হরিপদ বলল।
‘বাড়িতে কে-কে আছেন?’
‘দিদিমণি, বড়বাবু।’
‘বড়বাবু?’ বউদি অবাক হলেন, ‘বড়বাবু মানে?’
‘ওঁকে সবাই বড়বাবু বলে। অনেক বয়স হয়েছে তো। আগে এদিকের জমিদার ছিলেন। দিদিমণি ওঁর মেয়ে। বিয়ে করেননি, স্কুলে পড়ান।’ হরিপদ বলল।
‘তোমার সঙ্গে কী সম্পর্ক?’ বউদির কপালে ভাঁজ পড়ল।
‘আমি ওঁদের সব। আমার ওপর ওঁরা নির্ভর করেন।’
‘তোমার বাবা-মা কোথায়?’
‘জানি না। পাকিস্তান থেকে আসার সময় আমি হারিয়ে গেছি।’
‘মেয়েটা মরল! এখন কী করি!’ বিড়বিড় করলেন বউদি, ‘শোনো, তোমার এই পরিচয় যেন বাসন্তী জানতে না পারে। ও তোমাকে বিয়ে করতে চাইবে কিন্তু তুমি খাওয়াবে কী? কাজকর্ম করো না, পেটেও বিদ্যে নেই। আমি ভেবেছিলাম তুমি কলেজে পড়ো। শুধু চেহারা থাকলেই কি হয়? বরং চেষ্টা করবে বাসন্তীকে এড়িয়ে যেতে।’
‘আমার সঙ্গে ওর দেখাই হবে না। কোথায় থাকে তাই জানি না।’
‘মেয়েমানুষের মনে প্রেম এলে ঠিক খুঁজে বের করে। একবার তো দেখলাম তোমার হাত তুলে বুকে ছোঁয়াল। আগে রোজগার করো, টাকা জমাও তারপর এগোবে।
‘ঠিক আছে।’ হরিপদ উঠে দাঁড়াল।
সে যখন বারান্দায় চলে এসেছে তখন বউদি পেছন থেকে ডাকলেন, ‘শোনো, সামনের রবিবারের দুপুরে এখানে এসো তো।’
‘কেন?’